সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

বরিশাল-৫ আসন থেকে জামায়াতে ইসলামী দল বা জোট থেকে কোনো প্রার্থী দিবে না বলে জানিয়েছেন। বরিশাল এ আসনটি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের জন্য ছেড়ে দিয়েছে বলে জানান জামায়াত।

রোববার ( ১৮ জানুয়ারি) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ তথ্য জানান।

তবে জামায়াতের এ সিদ্ধান্তকে আমলে নিতে নারাজ ইসলামী আন্দোলন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, এ ধরনের ছাড়ে এখন আর কিছু করার নেই। পরিস্থিতি অনেকটাই দেরিতে নেওয়া সিদ্ধান্তের মতো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, নির্বাচন নিয়ে আসন ভাগাভাগিতে সমঝোতা না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দিনের মাথায় জামায়াতের পক্ষ থেকে ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এল।

প্রসঙ্গত, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে বরিশাল-৬ আসনে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে বলে জানিয়েছে। ওই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে চলা মামলার শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল ১৮ জানুয়ারি।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আ.লীগে যেমন খুনি আছে, তেমন অনেক আদর্শিক সৈনিকও আছে: আসাদুজ্জামান

সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, কারো অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার। আমরা আদর্শিক রাজনীতি চাই। আওয়ামী লীগকে ’২৪-এর আগস্টের পরে নিষিদ্ধ করার জন্য জামায়াতে ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছিল। আওয়ামী লীগকে সারাজীবনের জন্য হাইকোর্ট যেন নিষিদ্ধ করে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম, যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসেছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার।

আসাদুজ্জামান আরো বলেন, আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে।

সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের। আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না।

ইরানের পাল্টা হামলা ঠেকানোর সক্ষমতা না থাকায়, ট্রাম্পকে হামলা না চালানোর অনুরোধ করে নেতানিয়াহু

গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যাসন্ন ছিল। তবে ওই সময় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন এখন ইরানে হামলা না চালান।

প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলার ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন।

ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে গুলোতে পাল্টা হামলা চালানো হবে।

মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল. মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে। কিন্তু সেটি আর হয়নি।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদেবার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আপনারা শুনেছেন শামীম ওসমান সাহেব বলেছিলেন একটি প্রোগ্রাম ইন্ডিকেট করে যে, `কালো গ্লাস দিয়ে নাকি কবে এসেছিলাম, আবার চোরের মতো নাকি পালিয়ে গিয়েছি।’

কেন ভাই আমরা তো এই দেশের নাগরিক। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠেও পড়াশোনা করেছি, কেন আমাদেরকে পালিয়ে যেতে হবে? এইযে একটা অতিষ্ট পরিবেশ দেশে কায়েম করে রাখা হয়েছিল। আমরা অতীতের মতো ওই কালো রাজনীতির পরিবেশ, আর বাংলাদেশে তৈরি করতে চাই না। দল মত নির্বিশেষে সকলে মিলেমিশে দেশকে গড়ে তুলতে চাই।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ফতুল্লার তল্লা রেল লাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তিনি বলেন, কঠিন সময়ে আমরা একজন ব্যক্তির আওয়াজ সবসময় পেয়েছি। লেখা-লেখি টকশো এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল ড. আসিফ নজরুল। অনেকে যদিও বলেন সে ভিপি নুরের লোক বা ভিপি নুর আসিফ নজরুলের লোক। কিন্তু আমরা একটা কথা বলতে পারি অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন সংগঠনের নামে দোকান দেখতে পাই। কিন্তু গণঅভ্যুত্থানের কঠিন সময়ে কয়জন শিক্ষক কথা বলেছে? বা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, চব্বিশের ৫ আগস্টের পরে এই আসিফ নজরুলের চরিত্র হনন করা হয়েছে এবং ভারতীয় দালাল বানানো হয়েছে। পাশাপাশি বিএনপির মির্জা ফখরুল, সালাউদ্দিন, রুমিন ফারহানা, আমির খসরু ও আমাদেরকে ভারতীয় দালাল ও ইসরাঈলের চর বানানোর চেষ্টা করছে। ওরা কারা? ৫ আগস্টের পূর্বে অনেকেই আমাদের পক্ষে ছিল এবং সরকারবিরোধী ভিডিও বক্তব্য দিয়েছে। তাই আমরা তাদেরকে গ্রহণ ও লাইক করেছি। কিন্তু এই কালপিটগুলো নির্বাচনকে সামনে রেখে কিনবা গত ১৫ বছর দেখেছেন দেশের মধ্যে নানান রকমের মব ভায়োলেন্স তৈরি করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচয় করাতে চায়। এবং রাজনৈতিক ফায়দা লুটার পাশাপাশি জুলাইয়ের মধ্যদিয়ে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য নষ্ট করার চেষ্টা করছে।

নুর বলেন, আজকে আপনারা সচেতন, এই বিষয়গুলো বুঝতে হবে যে, মায়ের থেকে দরদ বেশি হলে বলে মায়া রাক্ষসী। মায়ের চাইতে সন্তানের প্রতি কারো বেশি দরদ থাকতে পারে না। আজকে আমরা দেশে থেকে লড়াই, সংগ্রাম ও রাজপথে রক্ত দিয়েছি। পরিবার পথে পথে ঘুরেছে, স্ত্রী স্বামীর সন্ধানে কেন পত্রিকার অফিসের নিচে ঘুরেছে, আমরা কি অপরাধী?

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফিন প্রমুখ।

ঢাকায় অবস্থিত গলাচিপা ও দশমিনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এতে বলা হয়েছে, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে রোববার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো—অক্সিজেন, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপূর, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ ও জাহানপুর।
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

এ ছাড়াও উল্লেখিত সময়ে বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহীদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদরাসা, নয়ারহাট, হিন্দুপাড়া, ভক্তপুর (আংশিক), নজরা পুকুরপাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদরাসা, মধ্যম মাদরাসা, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, চিনারপোল, ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে সোমবারও সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রামের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো—নগরীর বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পু স্ট্যান্ড, এম কে স্টীল, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সাংবাদিক সোসাইটি ও সমবায় আবাসিক এলাকা।

এ ছাড়াও সোমবার উল্লেখিত সময়ে মোহাম্মদ নগর, শান্তি নগর, শেরশাহ কলোনি, তারা গেইট, রাজামিয়া মার্কেট, আর্মড পুলিশ ব্যাট্যালিয়ান, পদ্মা প্লাস্টিক, ধূপ পোল, চক্রোশো কানন, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেঁতুলতলা, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, মধ্যম বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজার ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো—নগরীর গাউসিয়া আবাসিক এলাকা, গ্রিনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, দেলওয়ার কোম্পানির বাড়ি, হক ফুড গলি, ভান্ডারি গলি, বড়বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, আমিন জুট মিলস, আমিন টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিস্টান কবরস্থান, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ, আতুরার ডিপু পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা থেকে ফয়েজ টাওয়ার ও সংগীত সিনেমা রোড এলাকা।

এ ছাড়া মঙ্গলবার উল্লেখিত সময়ে নগরীর সংগীত আবাসিক এলাকা, জাংগালপাড়া, ওয়েলফুড গলি, সামাদপুর, মীরপাড়া, হাজিপাড়া গার্মেন্টস, সামারহিল, খ্রিষ্টান কবরস্থান, হাটহাজারী রোড, খন্দকিয়া বাজার, মাজার গেইট, ভুলিয়াপাড়া, খন্দকিয়া ট্যাম্পোস্ট্যান্ড, বাথুয়া, কুলগাঁও মাজার গেইট থেকে সাদ মুছা গার্মেন্টস, নতুন পাড়া, কাঠাঁল বাগান রোড, তুফানি রোড়, পূর্ব কুলগাঁও, কুলগাঁও আবাসিক এলাকা, চিকনদণ্ডী, বালুছড়া, বালুছড়া আবাসিক এলাকা, কাশেম ভবন, কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোল পোল, ভরাপুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, বড়বাড়ি, নেয়ামত আলী রোড, পূর্ব শিকারপুর, মদুনাঘাট বাজার, রশিদ বাড়ি, দক্ষিণ মাদ্রাসা, মধ্যম মাদ্রাসা, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাট ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক এই ভোগান্তি ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে বন্যায় নদী উপচেপড়া ও অবকাঠামো ভেঙে পড়েছে। এতে বহু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়া বাড়ির ছাদ ও গাছে আশ্রয় নেওয়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জিম্বাবুয়ের সীমান্তসংলগ্ন একটি চেকপোস্ট থেকেও নিরাপত্তা কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। কারণ চারদিক থেকে বন্যার পানি চেকপোস্টটিকে ঘিরে ফেলেছিল।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার লিম্পোপোর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, এক সপ্তাহেরও কম সময়ে সেখানে প্রায় ৪০০ মিলিমিটার (১৬ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। তিনি জানান, একটি জেলায় ৩৬টি বাড়ি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। লিম্পোপোর প্রিমিয়ার ফোফি রামাথুবা বলেন, প্রদেশজুড়ে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে চলতি বছরের শুরু থেকে বন্যায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। দেশটিতে এক হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বহু স্কুল, সড়ক ও সেতু পানির তোড়ে ভেঙে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া অস্বাভাবিক তীব্র বর্ষা মৌসুমে সেখানে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর মধ্যে রয়েছে বন্যা, বজ্রপাত, অবকাঠামো ধস এবং দূষিত পানির কারণে ছড়িয়ে পড়া কলেরাজনিত প্রাণহানি।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দেশজুড়ে দুই লাখের বেশি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং বহু মানুষকে সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, বন্যার পানিতে ৭০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে, যা দারিদ্র্য ও ঘূর্ণিঝড়পীড়িত দেশটিতে ছোট কৃষকদের খাদ্যসংকট আরও বাড়াবে।

যুক্তরাষ্ট্রের ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার অন্তত সাতটি দেশে বন্যা দেখা দিয়েছে বা আশঙ্কা রয়েছে, যা লা নিনা আবহাওয়া প্রভাবের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই প্রভাব সাধারণত অঞ্চলে বেশি বৃষ্টিপাত নিয়ে আসে।

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কেও বন্যার প্রভাব পড়েছে। সেখানে প্লাবিত ক্যাম্প থেকে প্রায় ৬০০ পর্যটক ও কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে নদী উপচেপড়ায় পার্কের বড় অংশ এখন যাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।

‘এলিট রেকর্ড’ গড়লেন ওয়ার্নার, তার আগে মাত্র দুজন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কার্যত পেশাদার ক্যারিয়ারের শেষপ্রান্তে আছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। দেশটির চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে তার ব্যাটে রীতিমতো আগুন ঝরছে। ৮ ম্যাচে ৮৬.৬০ গড় এবং ১৫৪.০৯ স্ট্রাইকরেটে তিনি এই মুহূর্তে লিগটির সর্বোচ্চ রান সংগ্রাহক। অথচ আর কেউই চারশ’র ধারেকাছে নেই। এরই মাঝে ওয়ার্নার একটি এলিট রেকর্ড গড়েছেন।

শুক্রবার সিডনি থান্ডারের এই ওপেনার বিগ ব্যাশের চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। সিডনি ডার্বিতে সিক্সার্সের বিপক্ষে ৬৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১০ রান করেন ওয়ার্নার। এ ছাড়া সিডনি থান্ডারের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে ১৯০ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও হারতে হয়েছে সিডনি সিক্সার্সের কাছে।

থান্ডারের বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে সিক্সার্সের স্টিভেন স্মিথ সেঞ্চুরি ও বাবর আজম ৪৭ রান করে জয়ের পথ সুগম করেন। মাঝে তারা কয়েকটি উইকেট দ্রুত হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি। ১৬ বল ৫ উইকেট হাতে রেখেই জিতেছে সিডনি সিক্সার্স। এর মধ্য দিয়ে থান্ডার পয়েন্ট টেবিলের তলানি (৮) এবং স্মিথ-বাবরের সিক্সার্স চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে।

দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ডেভিড ওয়ার্নার। সিক্সার্সের বিপক্ষে করা তার তিন অঙ্কের ম্যাজিক ফিগার টি–টোয়েন্টিতে দশম। এখন পর্যন্ত সবমিলিয়ে মাত্র তিনজন ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটে ন্যূনতম ১০টি সেঞ্চুরি করেছেন। এলিট এই লিস্টে নেতৃত্ব দিচ্ছেন ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল। সাবেক এই ক্যারিবীয় তারকা টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করেছেন। যেখানে গেইলের ধারেকাছে নেই আর কেউই। সর্বোচ্চ সেঞ্চুরি করাদের তালিকায় দুইয়ে আছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে তার সেঞ্চুরি ১১টি। এরপরের নামটি নতুন করে লেখালেন ওয়ার্নার। ৪৩২ টি-টোয়েন্টিতে তিনি ১০টি সেঞ্চুরি ও ১১৫টি হাফসেঞ্চুরি করেছেন। আর ক্রিস গেইল ৪৬৩ ম্যাচে ২২ সেঞ্চুরি এবং ৮৮ হাফসেঞ্চুরি, বাবর ৩৩৭ ম্যাচে করেছেন ১১ সেঞ্চুরি ও ৯৭ হাফসেঞ্চুর। এ ছাড়া সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এরপর আছেন করছেন– রাইলি রুশো ও বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে উভয়ের সেঞ্চুরি ৯টি করে। ৮টি সেঞ্চুরি রয়েছে ৭ ব্যাটারের।

এদিকে, একই ম্যাচে আরেকটি এলিট লিস্টে নাম লিখিয়েছেন ওয়ার্নার। তিনি বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪ হাজার রান করেছেন। এখন পর্যন্ত ৩৯ বছর বয়সী এই ব্যাটারের রান ১৪০২৮। এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন যথাক্রমে– ক্রিস গেইল (১৪৫৬২), কাইরন পোলার্ড (১৪৪৬২), অ্যালেক্স হেলস (১৪৪৪৯)।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের তথ্য ফাঁস হয়েছে। এতে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। অভিযানের পরও সেই যোগাযোগ বজায় রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কাবেলোর সঙ্গে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করেন। ওই সময় কাবেলোর নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো যেন বিরোধীদের লক্ষ্য করে সহিংসতায় না নামে তা নিয়ে তাকে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের জানিয়েছে, ৩ জানুয়ারির অভিযানের পর থেকে ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ওপর মূলত কাবেলোরই নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্র যে মাদক পাচার সংক্রান্ত অভিযোগপত্রকে মাদুরোকে গ্রেপ্তারের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিল, সেই একই অভিযোগপত্রে কাবেলোর নামও রয়েছে। তবে অভিযানের সময় তাকে আটক করা হয়নি।

সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই এই যোগাযোগ চলছিল এবং মাদুরোকে আটকের আগের কয়েক সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত ছিল। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পরও কাবেলোর সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন।

রয়টার্স লিখেছে, আগে কখনো প্রকাশ না হওয়া এই যোগাযোগ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনী মাঠে নামান, তাহলে দেশটিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও কাবেলোর আলোচনার পরিসর কতটা বিস্তৃত ছিল, কিংবা কাবেলো যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা মেনে চলছেন কি না তা স্পষ্ট নয়। কেননা কাবেলো প্রকাশ্যে দেলসি রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

দিওসদাদো কাবেলো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রয়াত প্রেসিডেন্ট হুগো স্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পরে নিকোলাস মাদুরোর অন্যতম প্রধান অনুগতে পরিণত হন। মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দিতে ২ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করলেও কাবেলো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবিমান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

বার্তা সংস্থা এএফপির বরাতে আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার উদ্ধার ও তল্লাশি সংস্থার কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান যোগ্যাকার্তা থেকে উড্ডয়ন করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানে তিন যাত্রী ও আট ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার উদ্ধার ও তল্লাশি সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে এই অনুসন্ধানে বিমানবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।

সংস্থাটির অপারেশন প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

এদিকে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সভিত্তিক এটিআর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বিমানের সঙ্গে ‘একটি দুর্ঘটনার’ বিষয়ে তারা অবগত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, ইন্দোনেশীয় কর্তৃপক্ষের নেতৃত্বে চলমান তদন্ত ও অপারেটরকে সহায়তা করতে এটিআরের বিশেষজ্ঞরা সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড বেশ দুর্বল অবস্থায় রয়েছে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমানতান প্রদেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। এর দুই সপ্তাহেরও কম সময় পর, পাপুয়ার প্রত্যন্ত ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।