রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আজ রাজধানীতে ৩টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার কার্যক্রম জোরদার করেছে জামায়াতে ইসলামী।

রোববার (জানুয়ারি) রাজধানী ঢাকার তিনটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের সমর্থনে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, রোববার সকাল ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াত আমির ছাড়াও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেবেন।

দুপুর ২টায় গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি জনসভা।

এছাড়া বিকাল ৪টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহর পক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।

এসব জনসভাতেও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা বক্তব্য দেবেন। তিনটি জনসভা সফলের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের সমাবেশের কারণে বাতিল হলো জবির ফুটবল ম্যাচ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় চলমান আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার মাঝেই জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এই সমালোচনার প্রেক্ষাপটে শনিবার(২৪ জুলাই) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটি রোববারের সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

ফুটবল প্রতিযোগিতা চলমান থাকা অবস্থায় একই মাঠে রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

বিষয়টি আরও আলোচনায় আসে, যখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম ফেইসবুকে জামায়াতে ইসলামীর সমাবেশসংক্রান্ত একটি প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন।

পোস্টে তিনি লেখেন, “রোববার দুপুর ২টায়, ইনশাআল্লাহ।” এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, জকসুর একজন প্রতিনিধি হয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি ফেইসবুকে লেখেন, “ক্রীড়া কমিটি ও বিশ্ববিদ্যালয়ের পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের ক্রীড়া সম্পাদক জামায়াতের সমাবেশের প্রচারণা করছেন। কোনো লিখিত অনুমতি ছাড়া খেলা পেছিয়ে সমাবেশ করা কি ক্ষমতা প্রদর্শনের চেষ্টা নয়?”

আরেক শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন লেখেন, “একই মাঠে আগামীকাল আন্তঃবিভাগীয় খেলা হওয়ার কথা থাকলেও সেখানে জামায়াতের স্টেজ বানানো হচ্ছে। মাঠের অবস্থা বা খেলোয়াড়দের কথা না ভেবে ক্রীড়া সম্পাদক সমাবেশের প্রচারণায় ব্যস্ত।”

সমালোচনার বিষয়ে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম গণমাধ্যমকে বলেন, তার পোস্টকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা কষ্ট পেয়েছেন। তিনি বলেন, “আমার সর্বোচ্চ প্রাধান্য শিক্ষার্থীরাই।”

খেলা স্থগিত প্রসঙ্গে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এক দিনের বেশি যেন খেলা বন্ধ না থাকে সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন।

বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সূচি অনুযায়ী রোববার দর্শন বনাম মনোবিজ্ঞান, আইন ও ভূমি প্রশাসন বনাম রসায়ন এবং লোকপ্রশাসন বনাম পরিসংখ্যান বিভাগের ম্যাচগুলো হওয়ার কথা ছিল।

অন্যদিকে, একই দিন দুপুর ২টায় ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মান্নানের নির্বাচনি সমাবেশ আহ্বান করা হয়। এতে জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই পরিস্থিতিতে রাত ১০টার দিকে রোববারের খেলাগুলো স্থগিতের তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সদস্য সচিব ও শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস।

তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচি থাকায় রোববারের খেলাগুলো স্থগিত রাখা হয়েছে এবং সব দলকে জানানো হয়েছে।”

এর আগে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক রইছ উদ্দিন আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতা শেষ করার পরিকল্পনা থাকলেও খেলা বন্ধ থাকলে তা অনিশ্চয়তায় পড়তে পারে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ ও রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমালোচনার পর রাতে ফেইসবুকে দেওয়া আরেক পোস্টে জকসুর ক্রীড়া সম্পাদক দাবি করেন, ধূপখোলা মাঠ ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের লিখিত অনুমতি না থাকলেও মৌখিক সম্মতি রয়েছে এবং মাঠের পূর্ণ কর্তৃত্ব সিটি করপোরেশনের। তার ভাষ্য অনুযায়ী, উপাচার্যের নির্দেশেই খেলা পেছানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবাহওয়া অফিস।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

এর আগে শনিবার ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী ২ বন্ধু নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- কলেজশিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে খাইরুলকে মৃত ঘোষণা। আর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান ইয়াসিন।

পথচারী মো. মাহাদী ইসলাম বলেন, ‘রাতে শনির আখড়া ওভারব্রিজের নিচে জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি দু’জন আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাদের দু’জনকে সিএনজি যোগে হাসপাতালে নিয়ে এলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে আছে।’

খাইরুলের ভগ্নিপতি মো. মোহসীন জানান, খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামে। বাবার নাম মো. হারুন। বর্তমানে পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ কলোনিতে পরিবারের সঙ্গে থাকতো। তিনি ভাষানটেক সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

তিনি আরও জানান, সকালে খাইরুল ও তার বন্ধু ইয়াসিন মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে। মোটরসাইকেলটি ছিল ইয়াসিনের। সেখান থেকে ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

ইয়াসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামে। বাবার নাম মো. ফয়েজ উদ্দিন। বর্তমানে তিনিও ভাষানটেক এলাকায় থাকতেন। তার মোটরসাইকেলের ব্যবসা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আজ যেসব জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।

এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করে।

আজ রোববার চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

শনিবার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

দ্বিতীয় ধাপে আজ চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের প্রথম নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেলে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে।

এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমান অংশ নেবেন। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

আজ বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন।

নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে এ সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এ জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি সিলেট দিয়ে শুরু করেন তারেক রহমান। ওই দিন সিলেটের পর আরও ৬টি জেলায় সমাবেশ করে ঢাকায় ফেরেন তিনি।

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অংশ নেন।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনপি-আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় (নোয়াখালী-৬ আসন) গত দুদিনে বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী দশ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপিতে যোগদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালীস্থ এনসিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

​যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন এবং রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে এবং এলাকার স্বার্থে কাজ করতে আমি এই জোটে যোগদান করেছি।একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের বর্তমান সহ-সভাপতি মিল্লাত হোসেন বলেন, “হাতিয়াকে সন্ত্রাসমুক্ত করতে এবং আব্দুল হান্নান মাসউদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা এনসিপিতে শামিল হয়েছি।”

এনসিপিতে যোগদানকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- বুড়িরচর ইউনিয়ন মৎস্য দলের সদস্য সচিব মো. আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ছারোয়ার খান, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাহাদাত হোসেন এবং সাবেক যুবদল সভাপতি সম্রাট আকবর হোসেন।

​এছাড়াও বুড়িরচর ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস বাকের, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির জসিমউদ্দিন, মো. ইসমাইল হোসেন, নাইম উদ্দিন, কাউছার উদ্দিন, মো. আব্দুল্লাহ, মো. ইরান উদ্দিন, আব্দুর রহিম ও মো. সাহেদ উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী এদিন আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

​উপজেলা এনসিপি নেতৃবৃন্দ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদানের ফলে হাতিয়ায় জোটের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪৫৩টি।

এ ছাড়া ২৭৭০ রাউন্ড গুলি, ৭৮৬ রাউন্ড কার্তুজ, ১৩৭টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।

আমার পক্ষে গণজোয়ার অনেকের ভয়ের কারণ: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার পক্ষে যে একটা গণজোয়ার আছে; সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ভোট নিয়ে ফের শঙ্কা জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের মাঠে পেশি শক্তি, কালো টাকা কাজ করে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জেতার চেষ্টা থাকে।

তিনি আরও বলেন, আমি আমার নেতাকর্মীদের বারবার সাবধান করি যে হাঁসের কোনো অভাব নাই মাঠে। হাঁসগুলোকে যেন সন্ধ্যায় গুণে গুণে খোয়াড়ে তোলা হয়।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে রুমিন ফারহানা বলেন, আমাকেই বারবার জরিমানা দিতে হয়েছে। মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বড় বড় মঞ্চ করে বিএনপির সমর্থিত প্রার্থী সভা করেছে, ভোট চেয়েছে, যখন নির্বাচনি প্রচারণা শুরুর আগে থেকে তারা প্রচারণা করেছে। দোয়া মাহফিলের নামে আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটিয়েছে, তখন প্রশাসন নীরব, কানা-বোবার মতো আচরণ করেছে।

উল্লেখ, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। এ আসনে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

জামায়াতে ইসলামী বাতিল শক্তি

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান (জোহা) বলেন, জামায়াতে ইসলামী বাতিল শক্তি। তাদের অবস্থান আলেম-ওলামা ও ইসলামের পক্ষে না। দলটি আমাদের ঘাড়ে বন্দুক ফুঁটিয়ে ক্ষমতায় যেতে চায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেম-ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে রুখতে একমাত্র ওষুধ হচ্ছে আলেম-ওলামা। এ সময় তিনি জামায়াতে ইসলামীকে রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী, শিক্ষক খালিদ হাসান প্রমুখ।