শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার। বিশ্রামে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন লিটন।
বাংলাদেশ স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

বিএনপি ফের আগুন সন্ত্রাসের পথে হাঁটছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি ফের আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। এ আগুন সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঘটনাগুলো ভোর রাতে ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী সব দলের। সরকারের বিরোধিতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এ সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্ক-ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশকে উন্নত করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন বক্তব্য রাখেন।

এবার হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান সাইফার মামলায় জামিন পেতে ইসলামাবাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন। এর দুইদিন আগে একটি বিশেষ আদালত তার জামিন আবেদন বাতিল করে দেয়।

জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী আইনজীবীর মাধ্যমে জামিনে মুক্তির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। বর্তমানে ইমরান খান অ্যাটক জেলে বন্দি রয়েছেন।

আবেদনে বলা হয়েছে, প্রসিকিউশন মিথ্যা ও বানোয়াট মামলা করেছে। এতে বলা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সম্পর্কিত মামলাগুলোর শুনানির জন্য তৈরি বিশেষ আদালত প্রসিকিউশনের বেশ কয়েকটি অনিয়ম ও বিতর্কিত বিষয়কে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। যদিও এই মামলায় জামিনের পরই সাইফার মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়।

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়া ও সিংগাপুর সফর শেষে ঢাকায় এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও তিন বাহিনী প্রধানসহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করেন।

পরে আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দলের প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দলের প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যে কোনো অন্যায়-অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি। স্বাধীনতাবিরোধীদের বিচার হলে বিএনপির আঁতে ঘা লাগে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির আইনের শাসনের প্রতি আস্থা বা বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরে তিনিই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তিন বছর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের পক্ষ থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে। চার কোটি মানুষকে বিভিন্ন ধরনের সুবিধার আওতায় আনা হয়েছে, যাতে অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৯৮

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ২৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১৭ জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭২ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯২ হাজার ১৭৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন। ঢাকায় ৬৭ হাজার ৬২৪ এবং ঢাকার বাইরে ৮৫ হাজার ৮০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮০৪ জনের মৃত্যু হয়েছে।

ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো আর পড়াশোনার উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের বহু মানুষ যুক্তরাজ্যে যান। এখন থেকে যারা দেশটিতে যাবেন তাদের ভিসার জন্য বাড়তি অর্থ গুনতে হবে।

বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী ৪ অক্টোবর থেকে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) শনিবার এক প্রতিবেদনে বলেছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যে ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি প্রায় ১৬ হাজার টাকা)। আর স্টুডেন্ট ভিসার জন্য গুনতে হবে ৪৯০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৬৭ হাজার টাকা)।

আগে যুক্তরাজ্যে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে— ভিসা আবেদনকারীরা যে ফি ও ‘রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) যে স্বাস্থ্য সারচার্জ’ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার দুই মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

তিনি বলেছিলেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি ১ বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে। ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নিজ দেশের নাগরিকদের ওপর করের বোঝা কমায়।

যুক্তরাজ্যের বর্ধিত ফি কার্যকর হবে প্রবেশ ছাড়পত্র এবং যুক্তরাজ্যে অবস্থান ও ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও। যার মধ্যে কাজ ও পড়াশুনা ফির বিষয়টিও রয়েছে। এছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি এবং কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি -এর ফিও এতে সংযুক্ত হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে, এরপর এটি আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

সূত্র: পিটিআই।

অতীতের কোনো সরকার শিক্ষকদের এতটা মূল্যায়ন করেনি : শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকারের সময় শিক্ষার যত প্রসার ঘটেছে বিগত কোনো সরকারের আমলে তা ঘটেনি। শিক্ষকরা যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা কিংবা মর্যাদা পেয়েছে অতীতের কোনো সরকার এ মূল্যায়ন করেনি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যত বিশ্ববিদ্যালয় হয়েছে, যত বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ল্যাব চালু হয়েছে এটা অতীতে কখনো ছিল না। কারণ শেখ হাসিনা বিশ্বাস করেন শিক্ষাহীন একটি জাতি ভালোভাবে গড়ে উঠতে পারে না।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে পিরোজপুর জেলা শাখার সভাপতি মাস্টার সুখরঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বাওয়ালীর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রশান্ত কুমার হালদার ও সদস্য সচিব শংকর কুমার মিস্ত্রী।

নতুন সিনেমা ‘ডাংকি’ মুক্তির দিন ঘোষণা করলেন শাহরুখ

২০২৩ সাল শাহরুখ খানের জন্য স্মরণীয় কিছু হয়েই থাকলো। এক বছরেই বক্স অফিসে পরপর ৫০০ কোটি রুপির দুইটি ছবি উপহার দিলেন কিং খান।

‘পাঠান’-এর পরে ‘জওয়ান’ দিয়ে বলিউডের অতীতের সকল রেকর্ডই ভাঙলেন শাহরুখ। তাই সিনেমার দূর্দান্ত এই সাফল্য উদযাপনে সংবাদ সম্মেলন করলেন তিনি।

যেখানে শাহরুখ ছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতিসহ আরও অনেকে। ‘জওয়ান’ সিনেমায় কাজ করা অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘দীপিকা সহ ছবির প্রত্যেক নায়িকাই ভীষণ সুন্দর…। বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং, সুনীল গ্রোভার দারুণ।’ এরপর মজা করে হেসে নিজস্ব স্টাইলে কিং খান বলেন, ‘আর আমার তো জবাব নেই!’

‘জওয়ান’ ছবির সাথে দীপিকা কীভাবে যুক্ত হলেন সে কথা জানিয়েছেন অভিনেত্রী। জানান, হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’র জন্য শুটিং করছিলেন তিনি। সেই সময় অ্যাটলি এবং শাহরুখ তার সঙ্গে দেখা করতে যান এবং এই চরিত্রটির বর্ণনা দেন। অনেকেই প্রশ্ন করেছেন, এত স্বল্প সময়ের একটি চরিত্রে অভিনয় করতে কী ভাবে রাজি হলেন দীপিকা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্র কতটা স্ক্রিন টাইম পেল তা বড় নয়। তা কতটা প্রভাব ফেলল সেটাই বড় কথা।’

সংবাদ সম্মেলন থেকে শাহরুখ খান ঘোষণা করলেন ‘ডাংকি’ ছবির মুক্তির দিন। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন ছবির মুক্তি। শাহরুখ জানালেন, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাংকি’।

তাহাজ্জুদ-ফজর পড়ে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করেন। তাহাজ্জুদের নামাজ পড়েন। সকালের নামাজ পড়ে কাজ শুরু করেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিকেএমইএ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য ধর্মের প্রতি রয়েছে প্রধানমন্ত্রীর অগাধ বিশ্বাস। সবাইকে তিনি আগলে রাখেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। আমরা সেই জায়গায় রয়েছি। আমাদের অঙ্গীকার ছিল কাউকে গৃহহীন থাকতে দেবো না। আমরা গৃহহীনদের ঘর দিচ্ছি। কাউকে না খেয়ে মরতে হবে না।

তিনি বলেন, কোভিডের সময় প্রধানমন্ত্রী কীভাবে সহযোগিতা করেছেন। তিনি শুধু আমাদের নেতা নন। তিনি বিশ্বের নন্দিত নেতা। কখনও তিনি মাদার অব হিউম্যানিটি কখনও তিনি ভ্যাকসিন হিরো। তিনি এদেশের জনগণকে ভালোবাসেন বলেই আমরা এ জায়গায় আসতে পেরেছি। আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কোনো পেশিশক্তিতে বিশ্বাস করি না। আমরা চাই জনগণের ভালোবাসা। আবারও নির্বাচন আসবে। সারাদেশেই একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগে হতদরিদ্রের মিছিল ছিল। সবাই ঢাকা চলে আসতো। এখন কিন্তু দাওয়াত দিয়েও খাওয়ানো যায় না। আমরা যখন ক্ষমতায় আসছি তখন ২৮ পার্সেন্ট ছিল হতদরিদ্রের সংখ্যা। এখন ৫ পার্সেন্ট। ২০৪০ সালে আমরা জিরোতে নিয়ে আসবো এ আলোকিত বাংলাদেশের যাত্রা এগিয়ে যেতে হলে সবার সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অনেক দূরদর্শী নেত্রী। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে তিনি যা ওয়াদা করেছিলেন একে একে সব করতেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ২০ বছরে যা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। শূন্য থেকে সাড়ে তিন বছরে বাংলাদেশের ধারা বদলে দিয়েছেন। সবকিছু পরিকল্পনা নিয়েছিলেন এবং যথার্থভাবে বাস্তবায়ন করে যাচ্ছিলেন। তারই কন্যা শেখ হাসিনা আজ দেশ পরিচালনা করছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আইসিটি উপদেষ্টা বঙ্গবন্ধুর দৈহিত্র আইসিটি সেক্টরকে উপড়ে নিয়ে আসছেন। সেখানেও বিস্ফোরণ ঘটছে। বিরাট সম্ভাবনার জায়গায় চলে আসছে আইসিটি খাত। এটিই হলো দূরদর্শী নেতৃত্বের পরিচয় দক্ষ নেতৃত্বের পরিচয়। তার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন অনেকেই হাসছিলেন। আজ কোথায় নিয়ে গেছে আমাদের দেশকে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান এমপির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও বিকেএমইএ নির্বাহী সভাপতি এম এ হাতেমসহ ব্যবসায়ী নেতারা।