শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

নারীর ক্ষমতায়নে অভাবনীয় উন্নয়ন করেছে সরকার: পলক

নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং সুপরিকল্পনার ফলে মাত্র সাড়ে ১৪ বছরে নারীর ক্ষমতায়নে শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে সরকার। ফলে বাংলাদেশ এখন বিশ্বে এক্ষেত্রে রোল মডেলে পরিণত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ‘ট্রেইনিং অব ট্রেইনারস (টিওটি)’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, নারীদের আইটি দক্ষতা বাড়াতে ‘হার পাওয়ার প্রকল্প’র নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দিয়েছেন। প্রথম থেকেই গুরুত্বসহকারে এ প্রকল্প বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন। অর্থনীতিতে নারী-পুরুষ সমতা আনতে এ পদক্ষেপ ছাড়াও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট উদ্যোক্তা তৈরির সফলতা নির্ভর করছে প্রশিক্ষকদের সততা ও সফলতার প্রতি। স্মার্ট অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতেই প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ শেষে অংশগ্রহণকারীদের ল্যাপটপ দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রকল্প পরিচালক রায়হানা ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল ও পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার প্রকল্প’ হাতে নেওয়া হয়। এ প্রকল্পের অধীনে ২৪ ভেন্ডর প্রতিষ্ঠানের ২০০ নারী আইটি সেবাদাতাকে (ট্রেইনিং অব ট্রেইনার) প্রশিক্ষণ দিচ্ছে আইসিটি অধিদপ্তর। সাতটি ব্যাচে টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা দেশের ৪৩ জেলার ১৩০ উপজেলায় ২৫ হাজার ১২৫ নারীকে পাঁচ মাসের প্রশিক্ষণ দেবেন।

অনলাইনে এরই মধ্যে আবেদন নেওয়া হয়েছে। প্রায় ৫৪ হাজার আবেদন জমা পড়েছে। সেখান থেকে প্রতিটি উপজেলায় ১৬০ জন নারী এ প্রশিক্ষণ পাবেন। সদর উপজেলা থেকে অংশ নেবেন ১৮৪ জন। প্রশিক্ষণ শেষে তাদের দেওয়া হবে একটি কোরআই-৫ ল্যাপটপ।

মেয়াদ শেষের আগের ৩ মাসের মধ্যে হবে সিটি নির্বাচন

মেয়াদ শেষ হওয়ার আগের ৬ মাস নয় ৩ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দিতে হবে। এমন ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

এখন কোনো ওয়ার্ড কাউন্সিলরের পদ ফাঁকা হলে পাশের অন্য ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইন অনুযায়ী এক্ষেত্রে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে (তিনটি ওয়ার্ড মিলে একজন কাউন্সিলর) দায়িত্ব দেওয়া হবে।

‘ফিলিস্তিন ইউক্রেন নয়, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা’

ইসরায়েল-হামাস সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এই হুঁশিয়ারি দিলো লেবাননভিত্তিক সংগঠনটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহর মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন ইউক্রেন নয়। যুক্তরাষ্ট্র যদি (ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে) সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এ অঞ্চলের সব মার্কিন অবস্থান প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে। এবং সেই দিন কোনো লাল রেখা (রেড লাইন) থাকবে না।

এর আগে, হামাস হামলা শুরুর একদিন পর গত রোববার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরায়েল।

লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, তারা মাউন্ট ডভ অঞ্চলে ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

গত শনিবার থেকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন প্রায় আটশ জন। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি।

খালেদাকে বিদেশে পাঠানো আদালতের এখতিয়ার: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়টি আদালতের এখতিয়ার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ সমাপ্তি ও দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ বলেছে তার লিভার প্রতিস্থাপন করা দরকার, তার মৃত্যুঝুঁকিও রয়েছে। এ অবস্থায় বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিত কি না- জানতে চাইল তথ্যমন্ত্রী বলেন, আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, বারংবারের মতো। অতীতেও যখন খালেদা জিয়া অসুস্থ হয়েছেন তখনো বিএনপি বলেছিল বেগম জিয়ার মৃত্যুঝুঁকি রয়েছে, তাকে বাঁচানো যাবে না যদি বিদেশে না নেওয়া হয়। তখনো মেডিকেল টিম এ ধরনের ব্রিফ করেছিল। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসাসেবায় তিনি প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। তিনি যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে।

ড. হাছান বলেন, দেশের সবচেয়ে ভালো একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি বাইরের ডাক্তার আনার প্রয়োজন পড়ে তারা আনতে পারেন। আর বিদেশে পাঠানো সেটি আদালতের এখতিয়ার। তাদের সেটি করতে হলে আদালতের শরণাপন্ন হতে হবে।

চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব অস্থিতিশীলতা বাড়াতে পারে: পিটার হাস

চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেছেন, চীনের এ নিয়ন্ত্রণহীন প্রভাব সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়াও সম্মিলিতভাবে আমরা যে সমৃদ্ধি চাই তা বাধাগ্রস্ত করতে পারে।
সোমবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলনে ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

পিটার হাস বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীনতা ও উন্মুক্ততার ভিত্তিতে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি এ অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার এবং সমৃদ্ধির প্রচারেও বিশ্বাস করে। তবে চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব এ অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং আমরা সম্মিলিতভাবে যে সমৃদ্ধি চাই সেটিকেও বাধাগ্রস্ত করতে পারে।

তিনি বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি গণপ্রজাতন্ত্রী চীনের প্রভাবে আমাদের এই দৃষ্টিভঙ্গি যেন আমরা না হারাই।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ অঞ্চলে একটি নতুন যুগের ইঙ্গিত দিয়েছে। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটিকে কৌশলগত চ্যালেঞ্জ ছুড়েছে। কর্তৃত্ববাদী শক্তি আন্তর্জাতিক বিষয়ে মৌলিক নিয়ম পরিবর্তনের চেষ্টা করছে৷ আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

যুক্তরাষ্ট্র সংঘাত বা শীতল যুদ্ধ চায় না উল্লেখ করে পিটার হাস বলেন, ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালিয়েছে তাতে বিশ্ব জেগে উঠেছে। আমরা শুধু ইন্দো-প্যাসিফিক অঞ্চল নয়, গোটা বিশ্বে স্থিতিশীলতা চাই।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন পেছাল

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ২০ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে।

এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন। এরপর ২৯ ডিসেম্বর সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

চলতি বছরের ৭ জুলাই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।

উল্লেখ্য, সরকার মেট্রোরেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩ সালের ৩ জুন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠা করে। ২০১৬ সালের ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মেট্রোরেলের লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) নির্মাণ কাজের উদ্বোধন করেন।

নির্বাচনের আগে বাণিজ্য নিষেধাজ্ঞার শঙ্কা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা তো অনেক দূরের কথা আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার শঙ্কা কিংবা বাস্তবতা বা প্রেক্ষাপট নেই।

সোমবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বিদেশি বাণিজ্যবিষয়ক স্টেট সেক্রেটারি ডিয়ানা জেনসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই দপ্তরে ১০ বছর কাজ করে যদি কিছু বুঝে থাকি, এ ধরনের কোনো শঙ্কা নেই। মানুষের মধ্যে ভয় তৈরি করতে এটা করা হয়েছে। সেই ভয়ভীতি কাজে লাগিয়ে একটা গোষ্ঠী ফায়দা লুটতে পারে। আমি অনুরোধ করব, আপনারা (সাংবাদিক) আপনাদের মেধা দিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে, সেই সঙ্গে বিদেশি, তা যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন হতে পারে, সেসব রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কাজগুলো করবেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে ডিয়ানা জেনস জানতে চেয়েছেন। আমি তাকে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগের দুবছর তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, সেই সময়ের প্রেক্ষাপট, ২০০৮ সালের অভিজ্ঞতা, ২০১৪ সালে কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন বয়কট ও বানচালের অপচেষ্টার ঘটনাপ্রবাহ, জ্বালাও-পোড়াও, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, ২০১৮ সালে সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে এলেও নেতৃত্বের সংকটের কারণে তারা সেই নির্বাচনে পুরো সময় থাকেনি, এ ছাড়াও তাদের অপচেষ্টা এখনও যে অব্যাহত আছে- সেগুলো জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনে সবার অংশগ্রহণে আমাদের চেষ্টার কথাও জানিয়েছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই সুইডেন আমাদের স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের খাদ্য ও শিক্ষা নিয়ে তৃণমূল পর্যায়ে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সিডা ও সুইডিশ দূতাবাস বহু বছর ধরে কাজ করে যাচ্ছে। গত এক দশকে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশের বাণিজ্য, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সুইডেন আমাদের কী সহায়তা করতে পারে, তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালে প্রধানমন্ত্রীর টেলিফোন সত্ত্বেও তারা নির্বাচনে আসেনি। না এসে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। সেসময় নিউইয়র্ক টাইমসে এ বিষয়ে প্রচ্ছদ প্রতিবেদনও হয়েছে। আমি বিষয়টি ডিয়ানা জেনসকে জানিয়েছি। বাংলাদেশের নির্বাচন এদেশের সংবিধান অনুসারে হবে। কেউ তা বানচালের চেষ্টা করলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবাধ, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ( ৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী মিসেস ডায়ানা জানসে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

তিনি বলেন, তারা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সুইডেনের মন্ত্রী সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উত্থাপন করলে শেখ হাসিনা তার সরকারের অঙ্গীকার পুনরুল্লেখ করেন।

বাংলাদেশে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর এদেশের অর্থনীতিকে বদলে দেবে মন্তব্য করে সুইডেনের এই মন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশের একটি ভালো উন্নয়ন অংশীদার এবং এদেশে সুইডেনের ৫০টি কোম্পানি কাজ করছে। বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

তিনি বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং অবকাঠামো উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ যে অর্থ ব্যয় হচ্ছে তা বিশ্বব্যাপী মানব কল্যাণে ব্যবহার করা উচিত।

শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে খাদ্যশস্য পরিবহনে কোনো ধরনের অবরোধ আরোপ করা উচিত নয়। ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী মূল্যস্ফীতি হচ্ছে। তবে বাংলাদেশে কোনো খাদ্য সংকট নেই। বরং বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে সফল হয়েছেন।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছে না।

বৈঠকে প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব করে বলেন, সেখানে তারা পারস্পরিক স্বার্থে শিল্প-কারখানা স্থাপন করতে পারেন।

বৈঠকে সুইডিশ মন্ত্রী বাংলাদেশে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, সুইডেন রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত।

কাল ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন। সরকারি সূত্র এ কথা জানিয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ‘আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেল রুট উদ্বোধন করা হবে। তবে কিছুদিন পরেই এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে।’
মোংলা বন্দরকে যুক্ত করায় সদ্য চালু হওয়া এই রেলপথ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে উল্লেখ করে- তিনি বলেন, ‘আমরা পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো। রেলওয়ে সেক্টরের উন্নয়ন বিগত বিএনপি সরকার কোনো পদক্ষেপ নেয়নি।’
মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে এক অনুষ্ঠানে নতুন রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, মাওয়া রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ ট্রেনে পদ্মা সেতু পার হবেন।
প্রকল্পের বিবরণে আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেল ট্র্যাক নির্মাণ করছে। এর ৮২ কিলোমিটার অংশ ঢাকা ও ভাঙ্গাকে সংযুক্ত করে আগামীকাল খুলে দেওয়া হবে এবং এর যশোর সংযোগকারী অবশিষ্ট অংশটি আগামী বছরের জুনে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছরের জুনে যুগান্তকারী পদ্মা সেতু উদ্বোধনের এক বছর দুই মাস পর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে।
গত ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে বিশেষ ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়।
এর আগে, পদ্মা সেতুতে পাথরহীন রেললাইনের কাজ শেষ হওয়ার পর গত ৪ এপ্রিল ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পর্যন্ত ট্রায়াল ট্রেন চালায় বাংলাদেশ রেলওয়ে।
গত বছরের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্প’-এর আওতায় ঢাকা ও যশোরের মধ্যে রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯,২৪৬.৮০ কোটি টাকা। এতে চীনের এক্সিম ব্যাংক ২১,০৩৬.৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে।
প্রকল্পের বিশদ বিবরণে বলা হয়েছে, সমাপ্ত হওয়ার পর, রেল যোগাযোগ পদ্মা সেতুর মাধ্যমে দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী শহরের প্রবেশ পথ আরো বর্ধিত হবে- যা মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং নড়াইল জেলার নতুন এলাকাকে যুক্ত করবে।
প্রকল্পটি ঢাকা-যশোর-খুলনাকে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট দিয়ে বিকল্প রেলপথ সংযোগ স্থাপন করবে।
এটি বাংলাদেশে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের আরেকটি উপ-রুট স্থাপন করবে এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মালবাহী ও বিজি কন্টেইনার ট্রেন পরিষেবা চালু করবে। এই রুটটি কন্টেইনার বহনের জন্য গতি এবং লোড সীমাবদ্ধতা থেকে মুক্ত হবে।

গাজায় ১ লাখ ২৩ হাজার মানুষ গৃহহীন : জাতিসংঘ

ফিলিস্তিন যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, এ সংঘাতে ‘গাজায় অভ্যন্তরীণভাবে ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন বাস্তুচ্যুত হয়েছে। তাদের বেশির ভাগই প্রাণভয়ে এবং সুরক্ষা উদ্বেগের কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। আবার এদের মধ্যে অনেকের ঘরবাড়ি ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে।’
তারা আরও জানায়, সেখানে ৭৩ হাজারের বেশি মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।