শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

ইসরায়েলকে লক্ষ্য করে ফের রকেট ছুড়ল হামাস

ইসরায়েলে হামলা চালানোর প্রথম দিনই কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জবাবে গাজায় ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ছয় দিন ধরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এতে হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েল যখন ভূমি থেকে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন ফের রকেট হামলা শুরু করেছে হামাস।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেড জনিয়েছে, বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত ও লক্ষ্যবস্তু করার প্রতিক্রিয়ায় ইসরায়েলের আশকেলন শহরের দিকে ১৫০টি রকেট ছোড়া হয়েছে।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের রাজধানী বাগদাদ ও জর্ডানে বিক্ষোভ হয়েছে। শিয়া নেতা মোক্তাদা সদর এর আহ্বানে বাগদাদের তাহরির স্কায়ায়ে হাজার হাজার মানুষ হাজির হয়ে বিক্ষোভ করে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয়।
একইভাবে ইসরায়েল সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল করেছে শত শত জর্ডান নাগরিক। এর আগে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছে।
ইসরায়েল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছে। আরও তিন লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
খবর আল-জাজিরা

ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভালো : শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা টাকা গিলে খান না, তিনি দেশের উন্নয়ন করেন। বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না। আইএমএফ এর একটি প্রতিবেদন টেনে তিনি বলেন, সেখানে উল্লেখ করেছে- চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভালো।
আজ শুক্রবার জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাজাহান খান এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপি ৬ শতাংশ যা ২০২৮ সালে ৭ শতাংশে উন্নীত হবে। এটা আইএমএফের ভবিষ্যৎ বাণী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকান্ড যেভাবে করে যাচ্ছেন-এটা উন্নয়নের রোলমডেলই নয়, এটা উন্নয়নের স্বর্ণমডেল বলে অভিহিত করেন তিনি।
শাজাহান খান আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে। লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আজকে বিএনপি সেই তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দেবে, নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম চালাবে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে শাজাহান খান বলেন, খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টির মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাসসহ আর অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার মতো আদর্শ জীবন যাপন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে সমাজের সকলকে কাজ করতে হবে। সৎ ভাবে জীবন যাপন করে সমাজের নেতৃত্ব দিতে হবে। কেননা, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ ও মহামানব। দেশের স্বাধীনতার তিনিই এক মাত্র মহানায়ক।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের গাওখালী কলেজিয়েট স্কুল মাঠে যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, যুগ্মসাধারন সম্পাদক মো. জিয়াউল আহসান জিয়া, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। তিনি উন্নয়নের যাদুকর। তাই যখনই আওয়ামীলীগ দেশের শাসন ক্ষমতায় থাকে তখনই দেশের ব্যাপক উন্নয়ন হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের উন্নয়নের নামে লুট-পাট হয়েছে। দেশের টাকা লুটের অভিযোগে দন্ডিত হয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এটা কোন আদর্শ দেশপ্রেমিক রাজনৈতিক নেতার নীতি হতে পারে না। শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি নিজের ঘুম সহ সকল প্রকার আরামকে হারাম করে দেশের উন্নয়ন ও মানুষকে ভালো রাখার জন্য কাজ করেন। তাই দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) তৃতীয় চালান পৌঁছেছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা স্বাগত জানান।
বিদ্যুৎকেন্দ্রের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে তৃতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। শুক্রবার ইউরেনিয়াম সড়কপথে ঢাকা থেকে রূপপুর প্রকল্পে আনা হয়। পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরও চারটি চালান দেশে আসবে।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ কুমার স্যানাল বলেন, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের তৃতীয় চালান সড়কপথে রূপপুরে আনা হয়েছে। সড়কে ইউরেনিয়ামের চালানবাহী গাড়ি বহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে ২৮ সেপ্টেম্বর ইউরেনিয়ামের প্রথম চালান রাশিয়া থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছানোর পর ২৯ সেপ্টেম্বর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। এরপর ৫ অক্টোবর রাশিয়া থেকে ইউরেনিয়াম দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছার পর ৬ অক্টোবর ঢাকা থেকে থেকে রূপপুরে আনা।
২০২৪ সালের মার্চে প্রথম ইউনিটে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। পরের বছর ২০২৫ সালের মাঝামাঝি দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিটে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা পেয়েছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২২ হাজার ৩৫৮টি ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ২৪৩.৫ গ্রামে ৩০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল ও ১০টি ইনজেকশন জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকাতে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়া। প্রায় ২ হাজার সেনাসদস্য, কয়েক ডজন সাঁজোয়া যান এবং যুদ্ধ বিমান নিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, গত ২ দিন ধরে আভদিভকা এবং আশেপাশের এলাকায় একের পর এক হামলা পরিচালনা করছে রুশ সেনারা। এর মধ্যে বেশ কিছু হামলা প্রতিহতের দাবিও করেছে কিয়েভ।
ইউক্রেনের ওদেসা বন্দরের শস্য সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কিছু শস্য নষ্ট হয়েছে।
এদিকে ইসরায়েল এবং ইউক্রেন উভয় দেশে অস্ত্র সহায়তার প্রশ্নে মুখ খুলেছে বাইডেন প্রশাসন। উভয় দেশকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারবে বলে জোর দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ওটামেন্ডির গোলে প্যারাগুয়েকে হারালো আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে জয়ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি শুরুর একাদশে না থাকলেও পরে নামেন বদলি হিসেবে। দারুণ দুটি সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেননি তিনি। নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে তাই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ শুক্রবার ভোরে রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। ৪-৩-৩ ছকে আকাশী-সাদাদের ফরোয়ার্ড লাইন সামলান লাওতারো মার্টিনেজ, নিকোলাস গনজালেস এবং হুলিয়ান আলভারেজ। মিডফিল্ডে যথারীতি আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পল। রক্ষণে ছিলেন নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনা। আর তিন কাঠির নিচে এমিলিয়ানো মার্টিনেজ।
প্রথমার্ধে মেসির অভাব মোটেও টের পায়নি আর্জেন্টিনা। মাঝমাঠ পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টাইন মিডফিল্ডাররা। সেই নিয়ন্ত্রণ নেওয়ার আগেই গোলের দেখা পায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের তৃতীয় মিনিটেই ডি পলের নেওয়া কর্নার থেকে ভেসে আসা বল দুর্দান্ত এক ভলিতে জালে পাঠান মেসির অবর্তমানে নেতৃত্ব দিতে থাকা ওটামেন্ডি।
শুরুতেই এগিয়ে যাওয়ার পর বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ সাজাতে থাকে আর্জেন্টিনা। তবে কখনো প্যারাগুয়ে গোলরক্ষক, কখনো আবার গনজাসেল-মার্টিনেজের ভুলে গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।
আলভারেজের বদলি হয়ে মেসি মাঠে নামেন ৫২ মিনিটে। শুরুতে কিছু গা ছাড়া দেখালেও, সময় নিতেই জ্বলে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থদের দেন দারুণ কিছু পাস। ৭৯ মিনিটে গোল পেতে পারতেন তিনি। তবে তার নেওয়া কর্নার কিক অল্পের জন্য দেখেনি গোলের মুখ। মেসির স্কোরশিটে নাম তোলার সুযোগ পেয়েছেন ম্যাচের যোগ করা সময়েও। তবে কপাল খারাপ তার। ২০ মিটার দূর থেকে তার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকটি পোস্টে লেগে ফেরত আসে।
ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো আলবিসেলেস্তেরা।

ঘরের মাঠে ভেনেজুয়েলাকে হারাতে পারলো না ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার জয়ের দিনে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিল। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারালেও, ব্রাজিল তাদের ঘরের মাঠে এগিয়ে থেকেও ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। ড্র করার ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ওঠা হলো না ব্রাজিলের।
আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোরে কুইয়াবার অ্যারেনা পান্তানালে ভেনেজুয়েলাকে আতিথেয়তা দিতে নামে ব্রাজিল।
ফার্নান্দো দিনিজের অধীনে সবশেষ দুই ম্যাচ জেতা ব্রাজিল আজও দারুণভাবে শুরু করে ম্যাচ। প্রথমার্ধে দেখায় দাপট। একক আধিপত্য ছিল বল দখলে। কিন্তু ফাইনাল থার্ডে বারবার গোলমেলে ব্রাজিল গোল করতে পারেনি।
বিরতি থেকে ফিরেই অবশ্য জালের দেখা পায় ব্রাজিল। ৫২ মিনিটে নেইমার জুনিয়রের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালেস। জাতীয় দলের হয়ে এটিই আর্সেনালে খেলা এই সেন্টারব্যাকের প্রথম গোল। লিড নেওয়ার পর ভেনেজুয়েলাকে আরও চেপে ধরে ব্রাজিল। কিন্তু শেষ দিকে পাল্টা কিছু আক্রমণে ব্রাজিল রক্ষণে ভয় ধরান অতিথি ফুটবলাররা।
তারই ধারাবাহিকতায় ৮৫ মিনিটে ম্যাচে সমতয়া ফেরায় ভেনেজুয়েলা। দুই বদলির গোলে ব্রাজিল যায় চমকে। জেফারসন সাভারিনো ক্রস থেকে আচমকা এক বাইসাইকেল কিকে গোল করে বসেন এডুয়ার্ড বেল্লো। শেষ পর্যন্ত ওই গোলই হয় ম্যাচের ফল নির্ধারক গোল।
এ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানো ছাড়াও আরও একটি রেকর্ড হাতছাড়া হয়েছে ব্রাজিলের। দলটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে টানা ১৫ ম্যাচে অজেয় থাকার রেকর্ডে পড়েছে ছেঁদ।

গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১১ চিকিৎসাকর্মী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় স্বাস্থ্যসেবার ব্যবস্থাকে লক্ষ্য করে ৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কর্তব্যরত ১১ জন চিকিৎসাকর্মী নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় অবকাঠামোর ক্ষতির কারণে মাঠে জরুরি মেডিকেল টিমের কাজ বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েলের হামলায় স্বাস্থ্য সুবিধা দেওয়ার ১৯টি কাঠামো এবং ২০টি অ্যাম্বুলেন্সের ক্ষতি হয়েছে।

গাজায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির কাছে মাত্র কয়েক ঘণ্টার বিদ্যুৎ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে তাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। আর জ্বালানি ফুরিয়ে গেলে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে রোগীদের, বিশেষ করে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন, ইনকিউবেটরে বাচ্চা রেখে যত্নের প্রয়োজন।

এদিকে, গাজা উপত্যকা লক্ষ্য করে ৬ হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত এক হাজার ৫৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫০০টি শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৬১২ জন।

সূত্র : বিবিসি, আলজাজিরা

সিরিয়ায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : রাশিয়া

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলি পক্ষের এই পদক্ষেপগুলো সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন করেছে।’

বিবৃতিতে মন্ত্রণালয় এও বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার নিরাপরাধ মানুষের জীবন এবং আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে ও হুমকির মুখে ফেলেছে। এটি ‘পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা পুরো অঞ্চলজুড়ে সশস্ত্র ঘটনাকে উস্কে দিতে পারে’, এটি ঘটতে দেওয়া উচিত নয়।

বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল-ইকবারিয়া সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি।

ইরান-সংশ্লিষ্ট সিরিয়ার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলের সামরিক বাহিনী আলেপ্পো ও দামেস্কের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিরিয়ায় ইরানি সরবরাহ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দামেস্ক এবং আলেপ্পোর প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন জানানোর পর থেকে দেশটিতে তেহরানের প্রভাব বেড়েছে।

হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধ ঘিরে প্রতিবেশীদের সৃষ্ট উত্তেজনার মধ্যে দু’একদিনের মধ্যে সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুল্লাহিয়ান। তার সেই সফরের আগে সিরিয়ার প্রধান দুই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। বিমানবন্দরের কারিগরি দল ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

সূত্র : সিএনএন