শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে চায় পাকিস্তান

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। ১৯৯২ সালের পর ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে কখনওই জিততে পারেনি পাকিস্তান। যে কোনভাবে এবার হারের বৃত্ত ভাঙ্গতে মরিয়া পাকরা। অন্যদিকে বিশ্ব মঞ্চে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে বদ্ধপরিকর ভারত।
এক লাখ ৩২ হাজার ধারণক্ষম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্লকবাস্টার এ ম্যাচকে ঘিরে স্টেডিয়াম এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে ১১ হাজার নিরাপত্তারক্ষী।
দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারণে শুধুমাত্র আইসিসি তথা ইন্টারন্যাশনাল ইভেন্টেই মুখোমুখি হয় দল দুটি। এই দুই দলের ম্যাচ নিয়ে সব সময়ই সারাবিশ্বের লাখ-লাখ ভক্তদের মধ্যে বিরাজ করে উত্তেজনা। সেই সাথে ব্রডকাস্টার এবং স্পনসরদের মধ্যে বাড়তি প্রতিযোগিতা শুরু হয়।
দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচ দেখতে মরিয়া সমর্থকদের চাপে ইতোমধ্যেই আহমেদাবাদে সব হোটেলের রুম শেষ হয়ে গেছে। এমনকি হোটেল ভাড়া ১০ গুণ বেড়ে যাবার কারণে স্বাস্থ্য পরীক্ষার নামে বাধ্য হয়ে শহরের হাসপাতালগুলোতে ওয়ার্ড নিয়ে রাত পার করছেন ভক্ত সমর্থকরা।
ভারতের প্রধানমন্ত্রীর নামে নাম করা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলই মাঠে নামছে টুর্নামেন্টে এ পর্যন্ত অপরাজিত থেকে।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে রেকর্ড ৩৪৫ রান তাড়া করে ম্যাচ জিতে পাকিস্তান। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ১৩১ এবং আব্দুল্লাহ শফিক ১১৩ রান করেন।
হায়দারাবাদে ম্যাচ সেরা হওয়া রিজওয়ান বলেন, ‘আমরা এখন জয়ের ধারায় আছি। তারাও একটা পরিকল্পনা নিয়েই খেলতে নামবে, আমরাও পরিকল্পনা নিয়ে খেলবো।’
বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের শক্তিশালী পেস বোলিং অ্যাটাকের বিপক্ষে ৩৪৪ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলংকা।
আহমেদাবাদের হিন্দু ধর্মাম্বলীদের প্রধান উৎসব থাকায় নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি প্রথমে নির্ধারিত তারিখ থেকে এক দিন এগিয়ে আনা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রতি ১১ জন দর্শকের জন্য থাকছে একজন পুলিশ সদস্য।
ম্যাচের সব টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আট গুণ বেশি দামে বিক্রি হয়েছে ম্যাচ টিকিট।
আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করে ভারত। নিজেদের প্রথম ম্যাচেই পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সপ্তম সেঞ্চুরি করে ভারতের ৮ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক রোহিত শর্মা।
কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ নিয়ে ঠান্ডা মেজাজে আছেন রোহিত। দিল্লিতে ১৩১ রানের ইনিংস খেলার রোহিত বলেছিলেন, ‘আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বাইরের বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করি না এবং আমরা যেসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোতে মনোযোগ দিয়ে থাকি।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের মেলে ধরতে এবং ভালো খেলতে হবে। উইকেট কেমন হবে, আমরা কেমন একাদশ নিয়ে খেলতে পারি, সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বাইরে কি ঘটবে, আমরা সেগুলো নিয়ে উদ্বিগ্ন হবো না।’
ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি আইসিসি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৫ এবং ১০ রান করেন তিনি।
১৯৯২ সাল থেকে বিশ্বকাপে সাত দেখায় ভারতের বিপক্ষে কখনওই জয় পায়নি পাকিস্তান। বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের সর্বশেষ হারটি ছিলো ২০১৯ সালে। ঐ আসরে ম্যানচেষ্টারে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৮৯ রানে হেরেছিলো পাকিস্তান।
দুই দলের মোকাবেলায় ওয়ানডে ক্রিকেটে জয়ের দিক দিয়ে পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ভারত। এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারত।
গেল মাসে এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে হারিয়েছিলো ভারত। শেষ পর্যন্ত আসরের শিরোপাও জিতেছে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে বড় অবদান রাখেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কোহলি ৮৫ ও রাহুল অপরাজিত ৯৭ রান করেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে অপরাজিত ৫৫ রান করেন কোহলি।
শনিবারের ম্যাচের আগে ভারতীয় বোলারদের অনুপ্রেরণা যোগাচ্ছে আফগানিস্তনের বিপক্ষে পেসার জসপ্রিত বুমরাহর ৩৯ রানে ৪ উইকেট।
ভিসা পেতে বিলম্ব হবার কারণে পাকিস্তানে প্রথম দুই ম্যাচ মিস করেন পাকিস্তানের সাংবাদিকরা। তবে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ভারতে পৌঁছেছেন তারা।
ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

এমবাপের জোড়া গোলে ইউরোর চূড়ান্ত পর্বে ফ্রান্স

আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবার রাতে অনুষ্ঠিত বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েই তারা চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ২-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারায় বিশ্বকাপের রানার্স আপরা। এ জয়ে ফলের গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে এমবাপেরা। ‘বি’ গ্রুপে ৬ ম্যাচে ৬ জয় তাদের। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে তারা।
সময়টা খারাপ যাচ্ছিল এমবাপের। চলছিল গোলখরা। একের পর এক ম্যাচে গোলহীন সময় পার করেলেন এমবাপে। ক্লাব ফুটবলে টানা চার ম্যাচে কোনো গোল পাননি ২৪ বছরের এ অধিনায়ক। কিন্তু জাতীয় দলের হয়ে মাঠে নামতেই গোলের দরজা খুলে ফেললেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শুরু হতে না হতেই গোল উৎসব করেন এমবাপের। ম্যাচের বয়স তখন মাত্র ৭ মিনিট। জোনাথন ক্লাউসের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন এমবাপে। ফলে বড্ড ম্যাড়মেড়ে অভিষেক হলো নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের। এ ম্যাচেই অভিষেক হয়েছে হল্যান্ডের এ গোলরক্ষকের।
এমবাপের এটা ছিল ৪১তম আন্তর্জাতিক গোল। এ গোলের মাঝ দিয়ে তিনি স্পর্শ করেছিলেন সাবেক কিংবদন্তী মিচেল প্লাতিনিকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা ওলিভার জিরুদ। কিন্তু গোল সংখ্যা বাড়াতে পারেননি ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলদাতা এ মারিক। ৫৪ গোলে আটকে আছেন তিনি।
এমবাপে দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। প্রথমার্ধে যেমন খেলার শুরুতে গোল পেয়েছিলেন দ্বিতীয়ার্ধে তেমনি। খেলা শুরুর অষ্টম মিনিটে গোলটি করেন তিনি। অদ্রিয়েন র্যাবিয়টের সঙ্গে বল দেওয়া নেওয়া করেই ভারব্রুগেনকে হতাশায় ডোবান।
নেদারল্যান্ডসের হয়ে এ ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো পুরো ম্যাচ খেলার সুযোগ পান হার্টমান। আর সুযোগ গোলদাতার তালিকায় নামও লিখিয়েছেন তিনি। তার গোলেই নেদারল্যান্ডস ব্যবধান কমায়। ছয় ম্যাচের বাছাই পর্বে এই প্রথম বিশ্বকাপের রানার্স আপ দলের জাল বলের স্পর্শ পেল।

গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে মার্কিন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের নিউইয়র্ক সিটির বাড়ির বাইরে বিক্ষোভ হয়েছে। এসময় সেখান থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে বলা জানা গেছে।
ইহুদি ভয়েস ফর পিস অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ নিউইয়র্কে একটি সমাবেশে যোগ দিয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রেস অফিস জানিয়েছে অনেককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।
এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইসরায়েল ও হামাসের মধ্যে যুুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এসময় তিনি চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।
এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

স্লোভাকিয়ার বিপক্ষে রোনালদোর জোড়া গোল

ইউরো বাছাই পর্বের ম্যাচে গতকাল রাতে পর্তুগাল মাঠে নামে স্লোভাকিয়ার বিপক্ষে। পর্তুগালের স্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে জে গ্রুপের সপ্তম রাউন্ডের ম্যাচে মাঠে নামার আগে মূলপর্ব অনেকটাই নিশ্চিত ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। ঘরের মাঠে ২০২৪ ইউরোর মূলপর্বে জায়গা নিশ্চিতের ম্যাচে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। জোড়া গোল করেছেন রোনালদো।
ঘরের মাঠে ম্যাচের আট মিনিটে রোনালদোর চমৎকার ব্যাকহিল ফ্লিক শেষ মুহূর্তে গোললাইন থেকে ফেরায় স্লোভাকিয়ার রক্ষণভাগ। খানিক বাদে বার্নাদো সিলভা গোলবঞ্চিত হন অফসাইডের খড়গে পড়ে। তবে ম্যাচের ১৮ মিনিটে পর্তুগালকে প্রথম সাফল্য এনে দেন গনসালো রামোস। তার গোলে এগিয়ে যায় সেলেকসাওরা।
এরপর ২৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন রোনালদো। প্রথমার্ধ্বে আর কোনো গোল না হলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যান রোনালদোরা।
বিরতি থেকে ফিরে আক্রমণ অব্যাহত রাখে পর্তুগাল। পর্তুগিজদের আক্রমণ সামলাতে খাবি খেতে হয় স্লোভাকিয়ার রক্ষণভাগকে। পুরো ম্যাচে ১২টি অন টার্গেট শট নিয়েছে পর্তুগাল। আক্রমণ সামলে ম্যাচের ৬৯ মিনিটে সুযোগ পেয়ে বসে স্লোভাকিয়া। কাজে লাগাতে ভুল করেননি ডেভিড হ্যাংকো। তার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে স্লোভাকিয়া। সেটি অবশ্য বেশিক্ষণ রাখতে দেননি রোনালদো। ৭২ মিনিটে অধিনায়কের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগিজরা।
ম্যাচের শেষের দিকে ৮০ মিনিটে স্তানিস্লাভ লভোৎকার গোলে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনে স্লোভাকিয়া। শেষ দিকে ম্যাচের বাকি সময়ে আর কেউ গোলের দেখা না পেলে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে পর্তুগীজরা। এর মধ্যে দিয়ে সাত ম্যাচের সবকটিতে জিতে তিন ম্যাচ হাতে রেখেই মূলপর্ব নিশ্চিত করেন রোনালদোরা।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। ডিজিটাল প্রযুক্তি এখানে প্রণিধানযোগ্য।
আজ ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৩ ‘বিশ্ব মান দিবস’ পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। ”
প্রধানমন্ত্রী বলেন, “এবারের বিশ্ব মান দিবসে গত বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব-বিনির্মাণে মান’ বহাল রাখা হয়েছে।
জাতিসংঘ ঘোষিত এসডিজি’র প্রেক্ষাপটে প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি। ”
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। আওয়ামী লীগ সরকার জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে তৎকালীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিডিএসআই), আইএসও’র এবং ১৯৭৫ সালে কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন (সিএসি) -এর সদস্যপদ লাভ করে। পরবর্তীকালে বিএসটিআই আরো ৪টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা- ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েট অ্যান্ড মেজারস (বিআইপিএম), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজি (ওআইএমএল) ও এশিয়া প্যাসিফিক মেট্রোলজি প্রোগ্রাম (এপিএমপি) এবং মান সংক্রান্ত সার্কভুক্ত আঞ্চলিক সংস্থা-সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (এসএআরএসও)- এর সদস্যপদ অর্জন করে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর। মুক্ত বাজার অর্থনীতির যুগে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করে পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি টেকসই শিল্পসমৃদ্ধ দেশে রূপান্তর করতে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সংবলিত আন্তর্জাতিক শিল্পায়ন ত্বরান্বিতকরণ এখন সময়ের দাবি। এসডিজি বাস্তবায়ন বিএসটিআই জাতীয় মান সংস্থা হিসেবে সকল পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
প্রধানমন্ত্রী সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি ‘বিশ্ব মান দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

নিউজিল্যান্ডের লক্ষ্য খুব বড় ছিল না, ২৪৬ রানের। শুরুর দিকে আশার আলো দেখিয়েছিলেন টাইগার বোলাররা। তবে সেই আশা মিইয়ে দেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা কেন উইলিয়ামসন আর মারকুটে ড্যারেল মিচেল।

এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় হারের মুখ দেখলো বাংলাদেশ। নিউজিল্যান্ড ৮ উইকেট আর ৪৩ বল হাতে রেখে হেসেখেলে হারালো সাকিব আল হাসানের দলকে। এটি কিউইদের টানা তৃতীয় জয়।

উইলিয়ামসন অবশ্য ৭৮ রান করে উঠে যান ড্রেসিংরুমে। তারপরও বাংলাদেশ আর উইকেট ফেলতে পারেনি। ড্যারেল মিচেল ৬৭ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

অথচ নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছিলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন রাবিন্দ্র (১৩ বলে ৯)। ১২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।

কিন্তু দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসন মিলে গড়ে ফেলেন ৮০ রানের একটি জুটি। অবশেষে এই জুটিটি ভাঙেন সাকিব আল হাসান।

কনওয়েকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক। ৪৫ রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার। কিন্তু উইলিয়ামসনকে থামাতেই বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। তিনি উঠে যাওয়ার পর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারেল মিচেল।

এর আগে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে কিউইদের বিপক্ষে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ, ৯ উইকেটে তোলে ২৪৫ রান।

চেন্নাইয়ে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। বরাবরের মতো শুরুতেই ধাক্কা। ট্রেন্ট বোল্টের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। আগের ম্যাচে হাফসেঞ্চুরির পর এবার গোল্ডেন ডাকে (১ বলে ০) সাজঘরে টাইগার ওপেনার।

তরুণ তানজিদ হাসান তামিমও বড় মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। আজ সেট হয়ে গিয়েছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। লুকি ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম (১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬)।

মেহেদী হাসান মিরাজ তিন নম্বরে নেমে বেশ রানের গতি সচল করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে তিনিও ভুল করে বসেন। ফার্গুসনকে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। ৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান ৪টি বাউন্ডারি।

এরপর নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন সহজ এক বলে। গ্লেন ফিলিপস নিজেও হয়তো আশা করেননি এমন বলে উইকেট পেয়ে যাবেন। আলতো করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে পথে হাঁটেন শান্ত (৮ বলে ৭)।

১৩ ওভার না যেতেই ৫৬ রানেই নেই ৪ উইকেট। সেই ব্যাটিং বিপর্যয়, সেই পুরোনো চেহারায় বাংলাদেশ। দলের এই বিপর্যয়ের মুখে হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। ২১ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছোঁয় টাইগাররা।

মুশফিক-সাকিবের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে ১০৮ বলে তাদের ৯৬ রানের জুটিটি অবশেষে ভেঙে দেন লুকি ফার্গুসন।

৩০তম ওভারের চতুর্থ ফার্গুসনকে ছক্কা হাঁকিয়েছিলেন সাকিব। পরের বলে আবার চড়াও হতে দিয়ে ভুল করে বসেন টাইগার অধিনায়ক। বাউন্সারে পরাস্ত হয়ে তুলে বল তুলে দেন আকাশে। ৫১ বলে সাকিবের ৪০ রানের ইনিংসে ছিল ৩টি চার আর ২টি ছক্কার মার।

মুশফিক দারুণ খেলছিলেন। দলের বিপদে আরও একবার জ্বলে উঠেছিল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট। দেখেশুনে খেলেন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি।

আশা জেগেছিল সেঞ্চুরির। কিন্তু মুশফিক পারলেন না। ম্যাট হেনরির স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হলেন টাইগার উইকেটরক্ষক। তার ৭৫ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল ৬ চার আর ২ ছক্কায় সাজানো।

এরপর তাওহিদ হৃদয়ও সাজঘরে ফিরে গেছেন ২৫ বলে ১৩ রান করে। ট্রেন্ট বোল্টের নাকল বলে ড্রাইভ খেলতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

৪ উইকেটে ১৫২ থেকে ১৮০ তুলতে ৭ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদ মিলে ৪৩ বলে যোগ করেন মূল্যবান ৩৪ রান। ১৯ বলে ২ ছক্কায় তাসকিনের ১৭ করে আউট হলে ভাঙে এই জুটি।

তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ বাকি সময় বলতে গেলে একাই টেনে নিয়ে গেছেন দলকে। ৪৯ বলে ২টি করে চার-ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন তিনি।

নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন ৩টি আর ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেন ২টি করে উইকেট।

মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করছে ইউরোপ: তথ্যমন্ত্রী

ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণাকে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, আমি বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে আশ্চর্য হলাম যে, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা বা কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে। যারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন, তাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতাকে এভাবে যে দমন করা হচ্ছে। এরপর কি তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলার কোনো নৈতিক অধিকার রাখে— প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী হাছান।

তিনি বলেন, যে কেউ যে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে পারে, সেটি হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অধিকার বন্ধ করে দিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করছে তারা।

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সবসময়ই যুদ্ধ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে, সেটি ইসরায়েল হোক বা ফিলিস্তিনি হোক। কিন্তু হামাসের হামলার পর ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ মানুষকে জিম্মি করেছে, পুরো গাজা উপত্যকার ১১ লাখ মানুষকে জিম্মি করেছে। সেখানে খাদ্য, পানি, জ্বালানি সব সরবরাহ বন্ধ করে দিয়েছে। যেটি যুদ্ধাপরাধ? তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ রতন।

রাজনৈতিক বৈরিতার সময় যাত্রা শুরু করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ৩৫ বছর ধরে দেশের শিশু-কিশোরদের মানবিক বিকাশে ভূমিকা রাখছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মায়ের মমতায় এ সংগঠনকে ধারণ করেছেন। এ জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

মন্ত্রী এ সময় ফুটবলকে সর্বজনীন সহজলভ্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলা হিসেবে অভিহিত করেন ও তার বাল্যকালে নানা কৌশলে চট্টগ্রাম স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার স্মৃতিচারণ করেন।

এর আগে তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মোহাম্মদপুর দলকে হারিয়ে গেন্ডারিয়া দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। পুরস্কার দেওয়া শেষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরা ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

রাখির জন্য আমি বিয়ে করতে পারিনি : তনুশ্রী

সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। মুম্বাইয়ের ওশিয়ারা থানায় মানসিক হেনস্তা ও সম্মানহানির জন্য এ মামলা করেন এই অভিনেত্রী।

থানা থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তনুশ্রী। এ সময় তিনি বলেন, ‘রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করতে থানায় এসেছি। ২০১৮ সালে ‘মি টু’ মুভমেন্টের সময় রাখি যেভাবে আমাকে মানসিকভাবে হেনস্তা করেছিলেন তার জন্য এই অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে মামলাটি দায়ের করেছি।’
পুলিশ খুব শিগগির রাখির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। তা জানিয়ে তনুশ্রী বলেন, ‘রাখি সাওয়ান্ত আমার বিরুদ্ধে যেসব মন্তব্য করেছেন, তার প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি। আমি তাকে ছাড়ব না। আইনগত প্রক্রিয়া শুরু, পুলিশ খুব শিগগির তাদের কাজ শুরু করবেন।’
তনুশ্রীর সম্মান ডুবিয়েছেন রাখি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রাখির কারণে আমি অনেক মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছি। সে যে ধরনের কথা বলেছে তা আমি নিতে পারিনি। লাইমলাইটে থাকার জন্য রাখি প্রতি বছর কোনো না কোনো নতুন বিষয় নিয়ে হাজির হন। রাখি আমার সমস্ত সম্মান ডুবিয়ে দিয়েছে।’
রাখির কারণে বিয়ে করতে পারেননি তনুশ্রী। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘রাখি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করে কথা বলেছে। রাখির জন্য আমি বিয়ে করতে পারিনি। দীর্ঘদিন তিনি আমাকে বিরক্ত করেছেন।’
রাখির সঙ্গে জটিলতার সূত্রপাতের কথা জানিয়ে তনুশ্রী বলেন, ‘রাখিকে সরিয়ে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমায় নির্মাতারা আমাকে কাস্ট করেন। এরপর নানা পাটেকরের জন্য আমাকে সরিয়ে আবার রাখিকে সিনেমাটিতে নেওয়া হয়। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল, যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পায়। আমার সমস্ত চেক বাউন্স করিয়েছিল। পুরোটাই একটা প্ল্যান ছিল আর রাখি এর অংশ ছিল।’
২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন মামলা করলেন? এ প্রশ্নের জবাবে তনুশ্রী বলেন, ‘নানা পাটেকরের বিরুদ্ধে ২০০৮ এবং ২০১৮ সালে মামলা করেছি। ২০১৮ সালে রাখি নোংরা এবং সস্তা ভিডিও বানিয়ে আমাকে অসুস্থ করে দিয়েছিলেন। আমি আবার ফিরে এসেছি, এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
খবর টাইমস অব ইন্ডিয়া

গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি মাসেও তা অব্যাহত থাকবে। কারণ বোরোর ফলন ভালো হয়েছে। আশা করা যায়, চালের দাম কমবে।
আজ শুক্রবার সকালে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এমএ মান্নান বলেন, উদীয়মান অর্থনীতিতে এমন কিছু ব্যত্যয় হয়। যেসব উদ্যোক্তা পণ্য উৎপাদন ও বাজারজাত করছে, তারা ততটা অভিজ্ঞ না।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাজার সিন্ডিকেট অদৃশ্য। যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের ধরা কঠিন। বাজার বিশৃঙ্খল করতে একটি গোষ্ঠী সক্রিয়। তবে তাদের শাস্তি দিতে আইনের প্রয়োগ করাটা জরুরি।
এ আলোচনায় বলা হয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে পণ্য বাজারজাতকরণে মার্কেটিংয়ের বিকল্প নেই। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে বিপণন কৌশলের। তাই বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরি।

ডেঙ্গুতে আরও ১৩ জনের মত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৩ জন।
শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭৮ জন ও ঢাকার বাইরের এক হাজার ১৯৫ জন। একই সময়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে আটজন ঢাকার আর ঢাকার বাইরের বাসিন্দা পাঁচজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ২০৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯১ হাজার আটজন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক লাখ ৪৪ হাজার ১৯৬ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৪৮ জন। তাদের মধ্যে ঢাকার ৭১৭ জন এবং ঢাকার বাইরের ৪৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৪৫৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৫ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭ হাজার ৭৫৩ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৩৮ হাজার ৫৫ জন।