বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১২ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকার বাসিন্দা।

শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৫১ হাজার ১০১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪১ হাজার ৮৭২ জন। মারা গেছেন ১ হাজার ২২৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৫৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৬৯ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশানিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানাল জিসিসি ও আসিয়ানের নেতারা

দ্রুত সময়ের মধ্যে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিস) ও অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ভূক্ত দেশের নেতারা। বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল বাহিনীর ক্রামাগত হামলার পর আরব ও এশিয়ার নেতারা এই প্রথম একসঙ্গে প্রতিক্রিয়া জানাল। খবর আরব নিউজ
সম্মেলনে এই দুই সংগঠনের নেতারা যুদ্ধ বন্ধের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে জিসিসি এবং আসিয়ান বলছে, হামলার হাত থেকে গাজার বেসামরিক নাগরিকদের রক্ষায় উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মানতে হবে। একই সঙ্গে যুদ্ধের মধ্যে জেনেভা কনভেনশনের নীতি মেনে চলার ওপর জোর দেওয়া হয়।
বিবৃতিতে কোনো শর্ত ছাড়াই জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে এই যুদ্ধের ইতি টানার জন্য বলা হয়।
এই দুই আঞ্চলের নেতারা মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল ও তার প্রতিবেশীদের মধ্যে বিরোধ সমাধানে তাদের সমর্থন ব্যক্ত করেন।
সম্মেলনে সৌদি প্রিন্স মোহাম্মাদ বিন সালমান তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে তিনি ফিলিস্তিনিদের সব ধরনের সহযোগিতা করবেন। এ সময় তিনি নিরীহ গাজাবাসীদের ওপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য শোক ও দুঃখ প্রকাশ করেন।
এ বছর আসিয়ানভূক্ত ১০ দেশকে নেতৃত্ব দেওয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, গাজায় ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে। এ সময় তিনি এ যুদ্ধে আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
১৯৯০ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। নিজেদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিস) সদস্যের মধ্যে রয়েছে- সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর সদস্য রাষ্ট্রগুলো হলো- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনেই দারুসালাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ফিলিপাইন।

ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা

মার্কিন সেনাবাহিনীর অবস্থান আছে এমন ইরাকি সামরিক ঘাঁটিতে গতকাল বৃহস্পতিবার ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরাকি সামরিক বাহিনী ওই অঞ্চল বন্ধ করে দিয়েছে এবং অভিযান শুরু করেছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করার জন্য ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয়। এরপরেই ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা হলো। এ নিয়ে বৃহস্পতিবার শুরুর দিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, গত মঙ্গলবার থেকে ইরাক এবং সিরিয়া মার্কিন বাহিনীর ওপর হামলা চালান হচ্ছে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, আমরা দেখেছি ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এ ধরনের হামলা চালায়। তবে এসব হামলা নিয়ে এখনো পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনে হুথিদের ছোড়া ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধজাহাজ।
গত ৭৬ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। হামাসের দাবি, তারা ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত অতিক্রম করে দেশটিতে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধা। এতে ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল বাহিনী। ইসরায়েলকে সহায়তায় ইতিমধ্যে পূর্ব ভূমধ্যসাগরে দুইটি রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার ইসরায়েল সফরে যান।
রয়টার্স

পাপারাজ্জিকে টেনেহিঁচড়ে নিয়ে গেলেন রণবীর কাপুর

বলিউড তারকারা যেখানেই যান সেখানেই ভিড় করেন পাপারাজ্জিরা। কেননা তারকাদের ফ্রেমবন্দি করাটাই কাজ তাদের। এবার সেই কাজ করতে গিয়ে রণবীর কাপুরের হাতে বন্দি হলেন এক ফটোসাংবাদিক। তাকে টেনেহিঁচড়ে নিয়ে গেলেন এই তারকা।
সম্প্রতি মুক্তিপ্রতিক্ষীত ‘অ্যানিমেল’ ছবির প্রচারণায় টি-সিরিজের অফিসে এসেছিলেন রণবীর। গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা। একের পর এক ক্লিক ক্লিক শব্দ শুরু হয় ক্যামেরায়।
প্রথম দিকে শান্তই ছিলেন ছোট কাপুর। হঠাৎ পরিবর্তন আসে তার আচরণে। প্যাপসদের একজনকে রীতিমতো টেনেহিঁচড়ে লিফটের মধ্যে ঢুকিয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘একে নিয়ে যাচ্ছি আমি। কী রে ভাই? কী করছিলি তুই?’ তবে ওই ব্যক্তি রণবীরের ওপর ক্ষুব্ধ হননি। বরং তাকে হাসতে দেখা যায়।
তবে নেটিজেনদের একটি অংশ রণবীরের এই ব্যবহারের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, ‘ছবি তুলতে ইচ্ছুক না বলে এমন আচরণ করতে পারেন না রণবীর। একজনকে ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে লিফটে ওঠা মোটেও ঠিক হয়নি তার। ওই ব্যক্তির ব্যথা লাগতে পারত। কোনও খারাপ ঘটনাও ঘটতে পারত। রণবীরের উদ্দেশ্য সঠিক হলেও যেভাবে তিনি প্রতিবাদ করেছেন, তা মোটেও সুন্দর নয়।’
ডিসেম্বরের ১ তারিখ মুক্তি পাবে ‘অ্যানিমেল’। এতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা।

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ইসরায়েলিদের অব্যাহত ও নির্বিচার বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ১৪ দিন ধরে গাজাকে লক্ষ্য করে বিরতিহীনভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা আজ শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মৃত্যুর নতুন সংখ্যা জানিয়েছেন।
তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৬৬১ জন।
এ ছাড়া ইসরায়েলের হামলায় ১৩ হাজার ২৬০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজায় বর্তমানে ৪ হাজার মানুষ নিখোঁজ আছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামাস হামলা চালানোর পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, তাদের সেনারা গাজায় যে হারে হামলা চালাচ্ছে, এমন তীব্র হামলা গত কয়েক দশকে দেখা যায়নি।
তিনি বলেছেন, ‘বিমানবাহিনীর যুদ্ধ যন্ত্র খুব ভালো কাজ করছে। বিমানবাহিনী সাউদার্ন কমান্ড, স্থল আর্ম, গোয়েন্দা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এটি প্রশংসনীয়।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে তাদের এসব নির্বিচার হামলায় বেসামরিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি প্রমাণিত হয়েছে ১ হাজার ৬০০ জনেরও বেশি শিশুর মৃত্যুর মাধ্যমে।
খবর আল-জাজিরা

ওয়ার্নার-মার্শের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া

দুই ওপেনারই করলেন সেঞ্চুরি। পেরিয়ে গেলো ৩২টি ওভার। এখন পর্যন্ত একটি উইকেটের দেখা পায়নি পাকিস্তান। পাকিস্তানি বোলিংকে রীতিমত পাড়া-মহল্লামানে নামিয়ে এনেছেন ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শ।
ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি, মিচেল মার্শ ক্যারিয়ারের দ্বিতীয়। মার্শ এরই মধ্যে তার ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন। অপরাজিত আছেন ১০৭ রানে। ওয়ার্নারের রান এখন ১০১।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩২ ওভারে বিনা উইকেটেই ২২৬ রান। অর্থাৎ রানপাহাড় গড়ার পথে আছে অসিরা।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

গাজার বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ জঘন্য অপরাধ : সৌদি যুবরাজ

অধিকৃত গাজার বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার রিয়াদ সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে যুবরাজ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা একটি জঘন্য অপরাধ এবং একটি নৃশংস হামলা।
বৃহস্পতিবার দুই দিনের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল পৌঁছান ঋষি সুনাক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই দিনই ইসরায়েল থেকে সৌদি আরব সফর করেন তিনি। সেখানে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে, গত দুই সপ্তাহে ইসরায়েল ও গাজার বেসামরিকদের প্রাণহানি ছিল ভয়াবহ এবং এতে করে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর প্রয়োজনীয়তা উঠে এসেছে।
বিবৃতিতে ঋষি সুনাককে উদ্ধৃত করে বলা হয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসু বৈঠক হয়েছে।
শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মিসর সফর শেষে যুক্তরাজ্য ফিরবেন।
এদিকে ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ-ফিলিস্তিন) জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনির সংঘাতের ১৩তম দিন। গাজায় ইসরায়েলের বোমার আঘাতে বৃহস্পতিবার সারা দিনে ৩০৭ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত৩ হাজার ৭৮৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে এক হাজার ৫২৪ জন শিশু এবং এক হাজার নারী আছেন। আর ঘর হারা হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

ইসরায়েলি হামলায় গাজায় ঐতিহাসিক মসজিদ ধ্বংস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে ঐতিহাসিক এক মসজিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আল ওমারি মসজিদ ধ্বংস হয়েছে।
এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৩ দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী রয়েছেন এক হাজার ৪৪৪ জন, শিশু এক হাজার ৫২৪ জন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সহসাই এটি থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।
খবর আল-জাজিরা

চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে বেড়েছে : পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদনে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার তথ্য জানানো হয়েছে। পেন্টাগন বলছে, চীনের হাতে এখন প্রায় ৫০০টি অপারেশনাল ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটি এই অস্ত্রাগার দ্বিগুণ করে ১০০০ ওয়ারহেড মজুত করার আশা করছে।
তবে চীন ‘নো-ফার্স্ট স্ট্রাইক’ অর্থাৎ আগে হামলা না করার নীতিতেই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চীনের অস্ত্রভাণ্ডার যেভাবে বৃদ্ধি পেয়েছে তা আগের অনুমানকে ছাড়িয়ে গেলেও, বেইজিংয়ের সেই মজুত এখনো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে কম।
স্বাধীন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি ওয়ারহেডের পারমাণবিক অস্ত্রাগার রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ২৪৪টি। এর আগে ২০২১ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ অনুমান করেছিল, চীনের কাছে প্রায় ৪০০টি ওয়ারহেড রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এরই মধ্যে ঘোষণা করেছেন, চীন ২০৪৯ সালের মধ্যে একটি বিশ্বমানের সামরিক বাহিনী তৈরি করবে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের চেষ্টা করে চলেছেন।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, বেইজিং সম্ভবত ২০২২ সালে তিনটি নতুন ক্লাস্টার ক্ষেপণাস্ত্র সাইট নির্মাণ শেষ করেছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে অন্তত ৩০০টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সাইলো রয়েছে।
মূলত আইসিবিএম হলো এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার সর্বনিম্ন প্রায় ৫ হাজার ৫০০ কিলোমিটার (৩ হাজার ৪০০ মাইল) পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। মূলত পারমাণবিক অস্ত্র বহনের জন্যই এ ধরনের ক্ষেপণাস্ত্র ডিজাইন করা হয়ে থাকে। কিছু আইসিবিএম আবার ১০ হাজার কিলোমিটার (৬ হাজার ২০০ মাইল) বা তার বেশি দূরে আঘাত হানতে সক্ষম।
খবর বিবিসি

বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। তাদের কোনো শুভবোধ নেই।

আজ শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বলেন, গত ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয়। ১০ ডিসেম্বরের মতো আগামী ২৮ অক্টোবরও বিএনপির একই পরিণতি হবে।
সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় উৎসবের সম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টা সব সময় আলাদা একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকে। কিন্তু মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ধর্মীয় উৎসব পালনে ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে।
তিনি বলেন, ভোটের সময় হিন্দু ধর্মাবলম্বীরা না হলে আমাদের চলে না, কিন্তু তারা যখন বিপদে পড়বে, তখন আমরা তাদের পাশে থাকি না। এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতি না। আমার ভোটের সময় তাদের প্রয়োজন অথচ তাদের জীবন যাপনে তাদের ধর্মীয় পালনে আমাদের সহযোগিতা থেকে বঞ্চিত হবে, যারা ঘটনা ঘটায় তারা দুর্বৃত্ত। আমি এদেরকে হিন্দু মুসলমান বুঝি না। এদের পরিচয় এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত মুসলমানদের মধ্যে নেই তা বলার উপায় নেই। আমাদের পার্টির সবাই খুব ভালো মানুষ এটা দাবি করারও কোনো উপায় নেই। কারণ, কিছু কিছু ঘটনা ঘটে, বাড়ি ঘরে আগুন লাগে, জমি দখল করে, এগুলো একটা অসভ্য উদ্দেশ্যে অনেকে এসব ঘটনাগুলো ঘটিয়ে থাকে। অনেকে মানসিকভাবে এদের কথাবার্তা বলার স্বাধীনতা থাকে না। তখন সেখানে ধর্মীয় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিটা যদি গালিগালাজের সঙ্গে উচ্চারিত হয় সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দলগতভাবে এসব ব্যাপারগুলো লক্ষ্য করছি। এদের ব্যাপারে আমরা সতর্ক করছি। পুনরাবৃত্তিরোধে এ ধরনের ঘটনার জন্য আমরা কিছু কিছু ব্যবস্থা নিতেও শুরু করেছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব ঘটনা যখন কোথাও ঘটে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন জানানো হয়, তখন তিনি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। যেখানে যাকে দরকার তাকেই ফোন করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। আমরা যারা দলের দায়িত্বে আছি তাদেরকে ডেকে বিস্তারিত শোনেন। এ ধরনের ঘটনার প্রশ্রয় দেওয়ার উচিত নয় বলেও জানান। এসব বিষয়গুলো লোক দেখানোর জন্য তিনি বলেন না। এটা তিনি মন থেকেই বলেন। এ বিষয়ে আমাদের ভুল বুঝবেন না। বাস্তব পরিস্থিতিতে আমাদের কারো অনুকূলে নয়।
আমাদের দেশের সাম্প্রদায়িক দলও আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, হিন্দুদের মধ্যে আলাদা দুটো আছে। তারাও আবার মাইনরিটি জোট নিয়ে মাঝে মাঝে বিবৃতি দেয়। বক্তৃতা শুনি। শুধু জোট নয় মহাজোট করেছে। সমর্থন একদম নাই তা নয়। গয়েশ্বর বাবু আছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিকক, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক এবং প্রকাশক সন্তোষ শর্মা, দপ্তর সম্পাদক মিলন কান্তি, জয়ন্ত কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।