বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

অ্যানিমেশন শিল্পের বাজার ৪০০ বিলিয়ন ডলার: পলক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে বেড়ে উঠলে শিশুরা দেশ ও বিশ্বের সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার সমস্যার সমাধানকারী স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে আমরা বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ শিশুদের কাছে তুলে ধরছি। তারা যেন বঙ্গবন্ধুর মতো গড়ে ওঠার উৎসাহ ও সাহস পায়।

রোববার (২৯ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্টার সিনেপ্লেক্সে অ্যানিমেশন সিরিজ ‘খোকা’ দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ১০ নভেম্বর থেকে প্রতি শুক্রবার খোকা অ্যানিমেশন সিরিজটি টেলিভিশনে প্রিমিয়ার হবে। এরপর ওটিটি হয়ে ইউটিউব ফেসবুকেও প্রকাশ করা হবে ৪৭ মিনিটের অ্যানিমেশন সিরিজটি। মুভিটি হবে ১১০ মিনিটের মতো। মুভিতে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর ও তারুণ্যকে তুলে ধরা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এখন অ্যানিমেশন শিল্পের বাজার ৪০০ বিলিয়ন ডলার। এ বাজারে আমাদের ন্যায্য হিস্যা আদায়ে দেশের তরুণ-তরুণীদের মেধাকে কাজে লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অ্যানিমেশন ল্যাব স্থাপন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

আউটসোর্সিংয়ে অন্যতম আয়ের খাত হবে অ্যানিমেশন জানিয়ে পলক বলেন, এটিকে উৎসাহিত করতে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপ অ্যান্ড গেম প্রকল্পের অধীনে অ্যানিমেশন ল্যাব করেছি। এবার অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছি। হাজার হাজার তরুণকে অ্যানিমেটর হিসেবে তৈরি করে আমরা আগামী দিনের স্মার্ট ইকোনোমিতে দেশে একটি অ্যানিমেশন শিল্প হিসেবে গড়ে তুলতে পারি।

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩

ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৩ নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, রোববার রাতে অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়ানো একটি যাত্রীবাহী ট্রেনে ধাক্কা দেয় পলাশা নামের আরেকটি এক্সপ্রেস ট্রেন।

দাঁড়ানো অবস্থায় থাকা ট্রেনটি বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের ক্যাবলের ব্রেকের কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল। ওই সময় অপরপ্রান্ত থেকে আসা পলাশা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো ট্রেনটিতে ধাক্কা মারে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে এবং সেখানে মানুষ জড়ো হচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রেললাইনের পাশে লাইনচ্যুত বগি পড়ে আছে এবং সেখানে মানুষ ভিড় করছেন।

দুর্ঘটনার পর ভারতের পূর্বাঞ্চলের রেল বিভাগ হেল্পলাইন খুলেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।

নিজ দেশের ক্রিকেট বোর্ডকে ‘বিশ্বাসঘাতক’ বললেন লঙ্কান মন্ত্রী

শ্রীলঙ্কার শীর্ষ ক্রিকেট কর্মকর্তাদের ‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ বলে অভিহিত করেছেন দেশটির ক্রীড়া মন্ত্রী রোশান ফার্নান্দো। তার দাবি, সরকার এবং পরিচালনাকারী কর্মকর্তাদের মধ্যে তিক্ত বিরোধ চলছে।

দুর্নীতির অভিযোগ নিয়ে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রীর মধ্যে কয়েক মাস ধরেই বিরোধ চলছে। বিরোধের কারণে শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা দেশটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত করবে।

ফার্নান্দোর ভাষ্য, ‘মুষ্টিমেয় কিছু লোকের কাছে বন্দী হয়ে পড়েছে এ খেলাটি। যারা শুধু অর্থে অনুপ্রাণিত। লঙ্কান ক্রিকেট কর্মকর্তাদের বর্তমান আচরণকে নির্লজ্জ, বিশ্বাসঘাতক এবং তাদের প্রতি ক্রিকেটপ্রেমীদের কোনো আস্থা নেই বলে আমি মনে করি।

এদিকে এমন এক সময় ক্রীড়ামন্ত্রী এ মন্তব্যগুলো করেছেন, যখন মন্ত্রীর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে লঙ্কান ক্রিকেটকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে চিঠি দিয়েছে আইসিসি।

সরকারের ২৬০ পৃষ্ঠার একটি অডিট রিপোর্টে গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সময় লঙ্কান বোর্ডের ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন মন্ত্রী। কিন্তু আইসিসির নিয়মের পরিপন্থী এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করে দেশটির ক্রিকেট প্রশাসন। ফলে তদন্ত প্রত্যাহার করেন ফার্নান্দো।

আইসিসিকে দেওয়া চিঠিতে মন্ত্রী সংস্থাটির দুর্নীতি প্রতিরোধে আইসিসির সমর্থন চেয়ে বলেছেন, সরকারি নিরীক্ষার পরও লঙ্কান ক্রিকেট কর্মকর্তাদের বহাল থাকার সিদ্ধান্ত অনৈতিক এবং এটি তাদের নির্লজ্জ মনোভাবের স্পষ্ট প্রদর্শন।

উল্লেখ্য, বছরের পর বছর ধরে দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের একাধিক অভিযোগে জড়িয়ে পড়েছে লঙ্কান ক্রিকেট। আইসিসি নিজেই বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে শাস্তি দিয়েছে। ১৯৯৬ সালে শিরোপা জয়ের পর বিশ্বকাপে আর কোনো সফলতা অর্জন করতে পারেনি লঙ্কানরা। আর খেলার মান কমার জন্য বোর্ডকে দায়ী করে আসছেন ফার্নান্দো।

ব্রাজিল হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না : লুলা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ব্রাজিল সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শনিবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। নিরাপত্তা পরিষদ হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ কর। বেনিয়ামিন নেতানিয়াহু মনে হচ্ছে ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা নয়, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশুরা।

জানিয়ে লুলা বলেন, ব্রাজিল সব সময় শান্তির পক্ষে, এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমার চেয়ে সংলাপের শক্তি কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে।

গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।

এর আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন লুনা।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা হলো গণহত্যা। যাতে প্রায় দুই হাজার শিশু নিহত হয়েছে। এই যুদ্ধে শিশুদের ভূমিকা নেই, যুদ্ধের ভুক্তভোগী শিশুরা।

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নোট-গাইড ব্যবসায়ী ও কোচিং বাণিজ্যে জড়িত কিছু শিক্ষক এর সঙ্গে জড়িত। বাণিজ্য বন্ধ হবে—এমন আশঙ্কায় ইচ্ছাকৃতভাবে তারা এটা করছেন।

রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি রাখা হয়নি, বিষয়টি একেবারেই সত্য নয়। আগে শুধু ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষা হতো। বরং এখন ধারাবাহিক মূল্যায়ন হয়। প্রতিদিন শিক্ষার্থী কী শিখছে, কেমন করে শিখছে, সক্রিয় অংশগ্রহণ করছে কি না তার সবকিছুর মূল্যায়ন হয়।

তিনি বলেন, নতুন যেকোনো কিছু গ্রহণের ক্ষেত্রে অনেক রকম বাধা থাকে, যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। কেউ কেউ বলছেন, গুটি কয়েক অ্যাসাইনমেন্ট এবং গ্রুপওয়ার্ক গুগল থেকে দিচ্ছে। শুধু বই নয়, এখন নানারকম সোর্স থেকে শিক্ষার্থীরা তথ্য নেবে। সেগুলো নিয়ে গ্রুপওয়ার্ক করবে এবং উপস্থাপন করবে।

ডা. দীপু মনি বলেন, আন্দোলনকারীদের পেছনে কিছু শিক্ষক জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা কয়েক জায়গায় মানববন্ধন দেখেছি। তদন্ত করেছি। সেখানকার স্কুলগুলো জানিয়েছে এই অভিভাবকরা তাদের অভিভাবক নন। তারা মূলত কোচিং ব্যবসায়ী ও নোট-গাইড ব্যবসায়ী। তারা দুশ্চিন্তায় পড়েছেন, তাদের ব্যবসা হয়তো উঠে যাবে। হাতে-কলমে লিখে লিখে পরীক্ষা রাখার অর্থই হচ্ছে, আমরা কোচিং ব্যবসাটা চালু রাখতে চাই।

তিনি বলেন, আমাদের যেটা দরকার শিক্ষার্থীদের থেকে আমরা সেই দক্ষতাটা পাচ্ছি। তারা কিন্তু অনেক কিছু লিখছে। এখন একটা কিছু লিখতে দিলে তারা লিখে দিতে পারে। বলতে দিলে বলতে পারে। বানিয়ে দিতে বলবেন, তারা তা পারবে।

পুলিশ বাহিনী, সাংবাদিক ও বিচার বিভাগ বিএনপি-জামাতের পুরোনো শত্রু: শেখ পরশ

বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আজ ২৯ অক্টোবর, বেলা ১১ ফার্মগেইট আনন্দ সিনেমা হলের সামনে ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং দুপুর ১২টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন-গতকাল কেউ কেউ রাজনৈতিক কর্মী হিসেবে আমরা রাজপথে ছিলাম; কেউ কেউ নিজের পেশাগত কাজে কালকে রাজপথে বেড়িয়েছিল। আমরা সবাই রাতে নিজ নিজ বাসায় ফিরেছি শুধু মাত্র আমাদের পুলিশ ভাই বাসায় ফিরতে পারেন নাই; ফিরতে পারেন নাই তার পরিবারের কাছে। বিএনপি-জামাত কর্তৃক নৃশংসভাবে পুলিশ হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। গতকালকের ঘটনার মাধ্যমে বিএনপি-জামাতের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বের হয়ে আসছে।
তিনি আরও বলেন-তারা যখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তখনও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা বিশ্ব তাদেরকে চিনেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে, এমন কি দুর্নীতিতে তারা ৫ বার চ্যাম্পিয়ন ছিল। বিএনপি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রকাশ করেছে। পুলিশ বাহিনী, সাংবাদিক এবং বিচার বিভাগ তাদের পুরোনো শত্রু। সাংবাদিকদের তারা টার্গেট করে কারণ, সাংবাদিকরা জনগণের সাথে রাজনীতিবিদদের সেতুবন্ধন হিসেবে কাজ করে। সাংবাদিক ভাইয়েরা আমাদের সাধারণ জনগণের মুখপাত্র তাই তারা বার বার সাংবাদিকদের উপর আঘাত হানে। বর্তমান পুলিশ বাহিনী তাদের চোখের শুল কারণ তারা পুলিশ বাহিনীকে কোথায় রেখে গিয়েছিল কিন্তু আজকের পুলিশ বাহিনী গর্বের সাথে এদেশের জঙ্গিবাদ নির্মূল করার মাধ্যমে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তারা একটা জঙ্গি রাষ্ট্র রেখে গিয়েছিল। আজকে সেই জঙ্গিবাদ এই দেশে থেকে প্রায় চিরতরে নির্মূল। বাংলাদেশের মানুষ, শিশুরা নিরাপদে বাসায় ঘুমাতে পারে। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিএনপি-জামাত বার বার পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করে। আর বিচার বিভাগকে আঘাত করা তাদের পুরোনো চরিত্র। আমরা ২০০৫ সালের ১৭ আগস্ট ভুলে যায়নি। সেই সিরিজ বোমা হামলায় তারা কিন্তু প্রেসক্লাব এবং বিচারালয়েও টার্গেট করেছিল। বিচারালয়ে তারা বোমাবাজি করে যেন বিএনপি-জামাতের অত্যাচারের রায় তারা দিতে না পারে।
তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-আজকে আপনারা সারাদিন রাজপথে থাকবেন, এই সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-বিএনপি মানে ৭৫ এর খুনি, জঙ্গি, সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, সিরিজ বোমা হামলাকারী সংগঠন। বিএনপি-জামাতের কর্মসূচি মানেই পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, বাড়িঘর পুড়ানো, যানবাহনে অগ্নিসংযোগ করা। এটাই তো তাদের চরিত্র। আমরা বার বার বলেছি বিএনপি একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। আমরা যুবলীগ থেকে দাবি তুলেছিলাম বিএনপির রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য। যদি যুবলীগের দাবি পূরণ হতো তাহলে আমাদের পুলিশ ভাই মারা যেতো না। কাকরাইলের মসজিদে, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ হতো না, বিচারপতির বাসভবনে হামলা হতো না, সাংবাদিকদের উপর হামলা হতো না, তারা অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ করতে পারতো না। সুতরাং বিএনপির চরিত্রই হলো মানুষ খুন, দেশকে ধ্বংস করা। তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-বিএনপি-জামাত বাংলাদেশের কোথাও নামতে দেওয়া যাবে না। যেখানেই বিএনপি-জামাত সেখানেই যুবলীগ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ নবী নেওয়াজ, মোঃ এনামুল হক খান, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, আবু মুনির মোঃ শহীদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায় সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম কিবরিয়া শামীমসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব

গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছে সৌদ আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে রেখে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে রিয়াদ। খবর আরব নিউজ
গত শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। তার এ ঘোষণার পরই ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে। তাই ইসরায়েলের চালানো যেকোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব।
বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব। ’
গতকাল শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এদিকে হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ব যোগাযোগ ব্যবস্থা থেকেও গাজাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

নাম বললে সবাই চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি: মাহি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৭ অক্টোবর ছিল নায়িকার জন্মদিন। চলতি বছর স্বামী রাকিব সরকার এবং ছেলে ফারিশকে সঙ্গে নিয়ে জন্মদিনে সেরা সময় কাটিয়েছেন এই নায়িকা।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের জন্মদিন ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন মাহি।
তিনি বলেন, এবারের জন্মদিনে তার সেরা উপহার রাকিব ও ফারিশ। তাদের দুজনকে পাশে নিয়ে কেক কেটেছেন তিনি। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না মাহির কাছে।
মাহি বলেন, মানুষ যখন ভালো থাকে, তখন ভবিষ্যতে কী হবে, এসব ভাবে না। ২০১২ সালে প্রথম সিনেমা দিয়েই আলোচনায় এসেছিলাম। এরপর দর্শকদের টানা ভালো ভালো কাজ উপহার দিয়েছি। তবে ওই সময়টা আমি ভালোভাবে উপভোগই করিনি। এখন এসে সেটি উপলব্ধি করতে পারছি। ওই সময়গুলো অনেক ভালো ছিল।
চলচ্চিত্রে ইতোমধ্যে এক যুগ কেটে গেছে মাহির। এক যুগের প্রাপ্তি হিসেবে তিনি কি পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহিয়া মাহি হতে পেরেছি, আমার নাম বললে সবাই চেনেন, এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। যারা কোটি কোটি টাকার ব্যবসা করেন, মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার তাদের সবাই কিন্তু চেনেন না। আমি মাঝেমধ্যে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে চিনতে পারেন। এটিও চলচ্চিত্রে ১২ বছরের অবদান।
মাহি এখন আর সারা বছর টানা সিনেমা করবেন বলেও জানান। তিনি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু-তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই।

হোয়াটসঅ্যাপের সবুজ রং বদলে যাচ্ছে

হোয়াটসঅ্যাপের চিরচেনা সবুজ রংটি বদলে যাচ্ছে। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এবার নতুন রঙে, নতুন নকশায় ইন্টারফেস রিডিজাইন করতে চলেছে। এরই মধ্যে তা রোল আউট করছে। তবে আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীই এই নতুন নকশার ইন্টারফেস পেতে পারবেন।
নতুন ইন্টারফেস আনার সঙ্গে সঙ্গে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি চাইছে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আধুনিক করে তুলতে। যেমন, চ্যানেল সার্চ বা ফলো করার মতো কিছু ফিচারের উল্লেখ দেখানো হচ্ছে।
নতুন ইন্টারফেসে অ্যাপের প্রধান টিন্ট কালার হিসেবে একটি নতুন সবুজ রং আসছে। এ ছাড়া নতুন ডিজাইন করা আইকনগুলো অ্যাপ সেটিংস এবং চ্যাট ইনফো স্ক্রিনের ক্ষেত্রে পাওয়া যাবে। যারা এখনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন দেখতে পাবেন।
এ জন্য হোয়াটসঅ্যাপ আপডেট রাখা দরকার। কিছু আইওএস ব্যবহারকারী যারা অ্যাপ স্টোর থেকে সর্বশেষ আপডেট ইনস্টল করেছেন তারা নতুন রং এবং আইকনসহ একটি নতুন ইন্টারফেস এরই মধ্যে পেয়েছেন।
এ ছাড়া মেটার মালিকানাধীন অ্যাপটি চ্যানেলগুলোতে ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করার জন্য একটি ফিচার নিয়ে কাজ করছে। এখন থেকে চ্যানেলে ভয়েস মেসেজ শেয়ার করা সম্ভব হবে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

এখন ক্রিকেটার বদলানো সম্ভব না : পাপন

ওয়ানডে বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার ম্যাচ হারের পর গতকাল কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে সাকিব আল হাসানের দল। এমন লজ্জার হারের পর প্রশ্ন উঠেছে টিম ম্যানেজ ম্যান্টের পরিকল্পনা নিয়ে। আজ এই ব্যাপারে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কলকাতায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘দল একটানা হারছে। এমন সময়ে কেউ ক্রিকেটারদের পাশে থাকবে না। তবে কেউ না থাকলেও আমরা তাদের পাশে আছি। আমার সাথে কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে।
পাপন আরো বলেন, ‘যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস যোগাতে হবে, বিশ্বাস যোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সবসময় কনফিউজ থাকবে। শট সিলেকশানে ভুল করবে। মারতে গেলে এমন হতেই পারে। এটাই করার চেষ্টা করেছি। কিন্তু ওরা সকলে মিলে বলল যে, তারা সবাই ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওরা জিততে পারছে না, এটা চিন্তা করে ওদের আরও বেশি খারাপ লাগছে। কারণ ওরাই তো সুপারস্টার আমাদের। ছিল সবসময়। এটা তো একদিন দুইদিনের না। বছরের ওর বছর। এরা রান পাচ্ছে না, এটাই এরা মেনে নিতে পারছে না। এটাই বললাম ওদের, যে মানুষ এখন খারাপ বলবে, অবশ্যই বলবে। না বলার কোনো কারণ নেই। মানুষ ক্রিকেটকে ভালোবাসে বলেই তো এই ধরনের খেলা খেললে বা হারলে কথা বলবে।’
দলের এমন পারফরম্যান্সের পর কোন পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে পাপন বলেন, ‘এই খারাপ সময়ে ওদের পাশে আমরা আছি। কিসের জন্য আছি ? সামনে ওরা যেন ভালো খেলে, সেজন্যে। এই বিশ্বাস ওদের উপরে আছে। আমাদের যে শক্তি সামর্থ্য আছে, এটা নিয়েই লড়তে হবে। আমরা কোনো পরিবর্তন আনতে পারব না। কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারব না। কাজেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক এই প্রত্যাশায়।’
পাপন আরো বলেন, ‘যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস যোগাতে হবে, বিশ্বাস যোগাতে হবে।’