বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা একটার দিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আওয়ামী লীগ।
বিএনপির মহাসমাবেশের দিন সাংবাদিক পেটানোর ঘটনাকে অমানবিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম দুঃখজনক। সাংবাদিক পেটানো অমানবিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা হবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১০ হাজার ৮৩৭ পিস ইয়াবা, তিন কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫ বোতল দেশি মদ ও ১৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

প্রথম দুই ম্যাচে হারের পর বিশ্বকাপে টানা চার ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শেষ চারে যাওয়ার পথে ফেবারিট তারা। ৪ নভেম্বর আহমেদাবাদে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। ওই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
গত ২৮ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ওই ম্যাচের পর ক্রিকেটারদের ছুটি ছিল। অজি ক্রিকেটাররা তাই সোমবার গলফ খেলতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গলফ কার্টের (ছোট গাড়ি) পেছনে আনমনে বসে থাকা ম্যাক্সওয়েল পড়ে যান।
মাথায় আঘাত পান তিনি। যেটা কনকাশন ইনজুরির মধ্যে পড়ে। ওই ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিতে সেমির পথে এগিয়ে যাওয়ার ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। কনকাশন প্রোটোকল অনুযায়ী, তাকে এক সপ্তাহের মতো পর্যবেক্ষণে রাখা হবে।
তবে অস্ট্রেলিয়ার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাক্সওয়েলের অন্য কোথাও ব্যথা পাননি। আফগানিস্তানের বিপক্ষে ৭ নভেম্বরের ম্যাচে তিনি খেলতে পারবেন।
অস্ট্রেলিয়ার হেড কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘গফল কোর্ট থেকে গফল কার্টে করে টিম বাসের কাছে ফেরার সময় ম্যাক্সওয়েল সামান্য কনকাশন ইনজুরিতে পড়েছে। তাকে কনকাশন প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে। দূভাগ্যবশত, ইংল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে তার খেলা হচ্ছে না।’

ঢাকায় ফিরলেন লিটন দাস

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস ঢাকা ফিরে এসেছেন। বুধবার বিকালে দেশে ফেরেন এই ডানহাতি ওপেনার।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন তিনি। পরিবারিক কারণ হওয়ায় বিসিবি তাকে দু’দিনের ছুটি দিয়েছে।
বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লিতে আগামী ৬ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে দিল্লি পৌছানো দল লা মেরিডিয়ান হোটেলে উঠেছে। সব ঠিক থাকলে ওই ম্যাচের আগে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন লিটন।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দল খুব বাজে ক্রিকেট খেলছে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ছয় ম্যাচে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা হারে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা শেষ হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।
ব্যাট হাতে বাংলাদেশ দলের বড় ভরসার জায়গা ছিলেন লিটন দাস। কিন্তু প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারেননি তিনি। আসরের ৭ ম্যাচে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২২৫ রান। বিশ্বকাপের আগেও ছন্দে ছিলেন না তিনি। ১০ ইনিংসে ফিফটি পেয়েছিলেন মাত্র একটি।

শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৯৫, নিখোঁজ ১২০

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থীশিবিরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুইবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই দুই দফা হামলায় শরণার্থীশিবিরটিতে হতাহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার প্রশাসনের প্রচার দপ্তর থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজা প্রশাসনের দেওয়া তথ্য বলছে, দুই দফার ইসরায়েলি হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। এখনো খুঁজে পাওয়া যায়নি ১২০ জনকে। তাঁরা বেঁচে আছেন না নিহত হয়েছেন সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। নিহত এবং নিখোঁজের বাইরেও ইসরায়েলি হামলায় অন্তত ৭৭৭ জন গুরুতর আহত হয়েছে।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর গতকাল বুধবার প্রথমবারের মতো রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিসর। এর পর থেকে বহু বিদেশি পাসপোর্টধারী গতকাল থেকে যুদ্ধবিধ্বস্ত গাজা ছাড়তে শুরু করেছে। রাফাহ সীমান্ত দিয়ে ঠিক কতজন লোক চলে যেতে সক্ষম হয়েছিল, তা পরিষ্কার নয়। তবে ঘটনাস্থলের লাইভ ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনি দিকের টার্মিনাল দিয়ে বিপুলসংখ্যক লোক ঢুকছে।
এর আগে মিসর থেকে ২০০ টির বেশি ট্রাক জরুরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে। তবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের কোনো লোককে রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত শুধু বিদেশিদের জন্য ওই সীমান্ত খুলে দেওয়া হলো। গতকাল ওই সীমান্ত দিয়ে প্রায় ৫০০ জন বিদেশি ও দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তির পার হওয়ার কথা ছিল। সেই সঙ্গে ৮৮ জন অসুস্থ ও আহত ব্যক্তিরও গতকাল গাজা ছাড়ার কথা ছিল। কর্তৃপক্ষ বলছে, এসব বিদেশি পাসপোর্টধারীদের মধ্যে ৪৪ দেশের নাগরিক ছাড়াও জাতিসংঘসহ ২৮টি সংস্থার কর্মীরা রয়েছেন।
রয়টার্সকে একটি সূত্র জানায়, বিদেশি পাসপোর্টধারী ও মারাত্মকভাবে জখম ব্যক্তিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মিসর, ইসরায়েল ও হামাসের সঙ্গে চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার। চুক্তিতে মিসর ও গাজা সীমান্তবর্তী রাফাহ দিয়ে বিদেশি পাসপোর্টধারী ও গুরুতর আহত ব্যক্তিদের উপত্যকাটি ছেড়ে যাওয়ার কথা বলা হয়। সূত্র আরও জানায়, এই চুক্তিতে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা-সামগ্রীর মারাত্মক সংকটে ভোগা গাজার মানবিক সংকট কমাতে যুদ্ধবিরতি কিংবা হামাসের হাতে জিম্মি থাকা বিদেশিসহ ইসরায়েলিদের বিষয়ে কোনো মধ্যস্থতা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার খুব তাড়া: ওয়াসিম আকরাম

বিশ্বকাপে বাজে পারফরমেন্সে টাইগারদের খোঁচা দিতে ছাড়লেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেছেন, দেশে ফেরার যেন খুব তাড়া বাংলাদেশ ক্রিকেট দলের।
বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে বেশ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। অন্যান্য ম্যাচের মতোই কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরেই হার মেনেছে টাইগাররা।
বাংলাদেশের করা ২০৪ রান ৭ উইকেট এবং ১০৫ হাতে রেখে পেরিয়ে যায় পাকিস্তান, পায় দাপুটে এক জয়।
ম্যাচের পর আলোচনা করতে গিয়েই ওয়াসিম আকরাম বাংলাদেশকে খোঁচাটা মেরেছেন। পাকিস্তানের একটি অনুষ্ঠানে এবারের বিশ্বকাপে বিশ্লেষকের ভূমিকায় আছেন ওয়াসিম।
সেখানে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দলের ঢাকায় ফেরার অনেক বেশি তাড়া। তাদের ব্যাটিং গড়পড়তা মানের চেয়েও নিচে ছিল। শুধু মাহমুদউল্লাহই অর্ধশতক পেয়েছে। শুকরিয়া যে ওরা মাহমুদউল্লাহকে ৭ নম্বরের জায়গায় ৫ নম্বরে পাঠিয়েছে। অভিজ্ঞ লিটন দাস ৪৫ রান করে বাজে শট খেলে আউট হয়ে গেছে। তানজিদ হাসান তামিমের পারফর্ম করা উচিত ছিল। একটি ম্যাচে সে ভালো খেলেছে, বাকি ম্যাচে সংগ্রাম করে গেছে। ’
ওয়াসিম আকরামকে সবচেয়ে বেশি হতাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। ফর্মে থাকা এই ব্যাটার বিশ্বকাপে এসে নিজেকে হারিয়ে খুঁজেছেন। বিষয়টি মানতে পারছেন না ওয়াসিম।
তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশ করা ব্যাটারটি হচ্ছে নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে সে ভালো করছিল। সম্ভবত চাপের কারণেই সে বিশ্বকাপে পারেনি। মেহেদী হাসান মিরাজ ২৫ রান করেছে, কিন্তু সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫০ ওভারের ম্যাচে এই উইকেটে ২০৪ রান মোটেই যথেষ্ট নয়। ’

প্রথমবারের মতো রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছাড়লো বিদেশিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর বুধবার প্রথমবারের মতো রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিশর। এর পর থেকে বহু বিদেশি পাসপোর্টধারী থেকে যুদ্ধবিধ্বস্ত গাজা ছাড়তে শুরু করেছে।
আল জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকা লক্ষ্য করে গত ৭ অক্টোবর ইসরায়েলের আক্রমণ শুরুর পর বুধবার প্রথমবারের মতো রাফাহ ক্রসিং হয়ে কিছু আহত ফিলিস্তিনির পাশাপাশি ৫০০ এর মতো বিদেশি নাগরিক অঞ্চলটি ছেড়ে গেছেন।
খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজার সঙ্গে মিসরের সংযুক্ত একমাত্র স্থলপথ রাফাহ প্রথমবারের মতো সীমান্ত খুলে দিয়ে আহতদের চিকিৎসার সুযোগ দিয়েছে কায়রো। আহতদের নিতে গতকাল রাফাহ সীমান্তের মিসর প্রান্তে সারিবদ্ধ অ্যাম্বুলেন্স দেখা যায়। এদিকে গাজায় গতকাল মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার পর তা আবারও চালু হয়।
এএফপি জানিয়েছে, রাফাহ সীমান্ত দিয়ে ঠিক কতজন লোক চলে যেতে সক্ষম হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে ঘটনাস্থলের লাইভ ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনি দিকের টার্মিনাল দিয়ে বিপুলসংখ্যক লোক ঢুকছে।
এর আগে মিশর থেকে ২০০টির বেশি ট্রাক জরুরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে। তবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের কোনো লোককে রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ বলছে, এসব বিদেশি পাসপোর্টধারীদের মধ্যে ৪৪ দেশের নাগরিক ছাড়াও জাতিসংঘসহ ২৮টি সংস্থার কর্মীরা রয়েছেন।
রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বিদেশি পাসপোর্টধারী ও মারাত্মকভাবে জখম ব্যক্তিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মিশর, ইসরায়েল ও হামাসের সঙ্গে চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার। তবে এই চুক্তিতে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা-সামগ্রীর মারাত্মক সংকটে ভোগা গাজার মানবিক সংকট কমাতে যুদ্ধবিরতি কিংবা হামাসের হাতে জিম্মি থাকা বিদেশিসহ ইসরায়েলিদের বিষয়ে কোনো মধ্যস্থতা হয়নি।

অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরে লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দাম বাড়ছিল। একপর্যায়ে প্রতি আউন্সের দর ২০০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। অবশেষে বুধ্বার (১ নভেম্বর) নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
সেই সঙ্গে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, আপাতত সুদহার কমানোর চিন্তাভাবনা তাদের রাডারে নেই। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৭৬ ডলার ৩৯ সেন্টে।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ৫০ সেন্টে।
সুদের হার স্থিতিশীল রেখেছে ফেড। তবে মুদ্রানীতিতে ঋণের খরচ আরও বাড়ানোর জন্য দরজা খোলা রেখেছে তারা। তাতে স্পষ্ট, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে। ফলে কঠোর পলিসি গ্রহণ করে যেতে পারে ইউএস কেন্দ্রীয় ব্যাংক।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার বলেন, এখনও বিশ্বজুড়ে সামষ্টিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি রয়ে গেছে। ভূ-রাজনৈতিক সংকট সেই আশঙ্কা জিইয়ে রেখেছে।
তিনি আরও বলেন, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের শক্তি ক্রমবর্ধমান রয়েছে। দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ রাখার প্রত্যাশা আছে। মূল্যস্ফীতির চাপ কমাতে তোড়জোড় করছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে পরিষ্কার বৈশ্বিক মন্দার সম্ভাবনা আছে।

ইসরায়েলের আরও এক ড্রোন ধ্বংসের দাবি হিজবুল্লাহর

লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের আরেকটি ড্রোন মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করার দাবি করেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবহার করে দক্ষিণ লেবাননে ঢুকে পড়া ইসরায়েলি ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি সপ্তাহে দুটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করলো হিজবুল্লাহ। তবে এ নিয়ে ইসরায়েলের কোনো মন্তব্য জানা যায়নি।
এদিকে, গত ৭ অক্টোবর যখন ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে, তখন থেকেই উত্তেজনা বাড়ছিল। ক্রমেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেই উত্তেজনা আরও বাড়ছে।

৩১ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাবে মেট্রোরেল

আগামী শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও-মতিঝিল পর্যন্ত উদ্বোধনের পরের দিন ৫ নভেম্বর থেকে যাত্রী নিয়ে ছুটবে মেট্রোরেল। এ সময় উত্তরা-মতিঝিল যেতে সময় লাগবে ৩১ মিনিট। যদিও শুরু দিকে এই রুটে মেট্রোরেল সেবা মিলবে ৪ ঘণ্টা।
আজ বুধবার (১ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হওয়ার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো চালু স্টেশনে দাঁড়িয়ে একটি ট্রেন মতিঝিল পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩১ মিনিট। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যাত্রা পথে ট্রেনটি শুধু ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে। সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এ সময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।
এম এ এন ছিদ্দিক বলেন, রোববার (৫ নভেম্বর) থেকে প্রতিদিন উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মেট্রোরেল চলাচল শুরু হবে। এটি রাত সাড়ে ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে।
এ ছাড়া আগামী শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে জানিয়েছে এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। তারপর দিন ৫ নভেম্বর থেকে মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত