বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আবারও ঝড় তুলল শাহরুখ, ‘ডাঙ্কি’র টিজার দেখে মুগ্ধ ভক্তরা

বলিউড বাদশাহ শাহরুখ খান। ৫৮ বছর বয়সে এসেও একের পর এক হিট সিনেমা দিয়ে বক্সঅফিস মাতাচ্ছেন এই তারকা। দেখে বোঝার উপায়ই নেই বয়স তার ৬০ ছুঁই ছুঁই । ‘জওয়ান’ আর ‘পাঠান’র পর এবার ‘ডাঙ্কি’ সিনেমা দিয়ে পর্দা মাতাতে আসছেন শাহরুখ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুক্তি পেয়েছে শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমার টিজার। মূলত তার জন্মদিন উপলক্ষেই টিজারটি প্রকাশ করা হয়েছে। ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তুলেছেন শাহরুখ।

টিজারের ভিডিওতে দেখা যায়, মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন ৬ ব্যক্তি। এ দলের সবার প্রথমে শাহরুখ খান। ৬ সদস্যর মধ্যে একজন নারী রয়েছেন। হঠাৎ একটি গুলি ছুটে আসে। এরপরের প্রেক্ষাপট পাঞ্জাবের। যেখানে দেখা যায়, এক পরিবার তাদের ছেলেকে বলছে ইংল্যান্ডে গেলেই মারা যাবে তার দাদি। ছেলেটি ডাক্তার। তার গলায় ঝোলানো স্টেথোস্কোপ। এরপর দেখা যায়, মারা যায় তার দাদি। এরপরের দৃশ্যে দেখা যায় শাহরুখ খানকে। আড্ডাবাজ বন্ধুরাই তার পরিবার। নাম হার্ডি। আর তার এই চার বন্ধুই লন্ডনে যেতে চান।

টিজার দেখে নেটিজেনরা ব্যাপক মুগ্ধ হয়েছেন। একজন লিখেছেন, নব্বই দশকের ছেলে-মেয়েরা বুঝতে পারেন, শাহরুখকে আমরা কতটা ভালোবাসি। অন্যজন লেখেন, শাহরুখ খানের সিনেমার নতুন যুগে সবাইকে স্বাগতম। আরেকজন লিখেছেন, এটি সিনেমা নয়, এটি জীবন।

সিনেমাটি নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। প্রথমবার এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন এই নির্মাতা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— দিয়া মির্জা, বোমান ইরানি, ভিকি কৌশল, তাপসী পান্নুসহ প্রমুখ। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১৫ মৃত্যু, হাসপাতালে ১৭২৮

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৭০ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭২৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন, ঢাকার বাইরের ১১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৭ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৩৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

জেদ্দার নারী সম্মেলনে অন্যতম প্রধান বক্তা শেখ হাসিনা : পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনব্যাপী অনুষ্ঠেয় নারী নেতৃত্ব সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ৬-৮ নভেম্বর ওআইসির সদর দফতর জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অন্যতম প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের সৌদি আরব সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনে যোগ দেওয়ার পর পবিত্র মক্কায় ওমরাহ্ পালন ও মদিনা শরীফে মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন সরকারপ্রধান। এর আগে সৌদি আরব সফরে ওআইসি মহাসচিব ছাড়াও ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার করা রয়েছে।
ড. মোমেন বলেন, ‘ইসলামি শিক্ষা ও মর্যাদা যে, নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে- সে দিকেও আলোকপাত করা হবে। একই সঙ্গে ইসলামের সূচনালগ্ন থেকে মুসলিম নারীরা সম্মানের সঙ্গে যে অবদান রেখেছেন, তা তুলে ধরা হবে। বিশ্বের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া থেকে মুসলিম নারীদের কীভাবে রক্ষা করা যায়, তা আলোচিত হবে বলে আশা করা যাচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের মধ্যে নারী সরকারপ্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য। ৬ নভেম্বর সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অন্যতম প্রধান বক্তা। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে তার সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী গাজায় ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু, পলাতক প্রেমিক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। আজ বৃহস্পতিবার মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাত্র জানতে পারলাম হুমায়রা হিমু আর নেই। এর চেয়ে বেশি কিছু এখনও জানি না। আমি যাচ্ছি তাকে দেখতে।’
উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিমু। তার মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে বলেন, ‘হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।’
তবে বিষয়টি আত্মহত্যা কী না এখনও বলা যাচ্ছে না উল্লেখ করে নাসিম বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।’
২০০৬ সালে ‘ছায়াবীথি’ নামের একটি নাটকের মাধ্যমে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য।
চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবি তে অরু চরিত্রে দেখা যায় তাকে। হিমুর মৃত্যুতে শোক নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে। সামাজিক মাধ্যমে সেই শোক প্রকাশ করছেন তারা।

দেশে নতুন ভোটার হলেন ৫ লাখ ৪০ হাজার

দ্বাদশ সংসদ নির্বাচনে সামনে রেখে নতুন করে ভোটার তালিকায় ৫ লাখের বেশি মানুষ অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তরুণ ভোটারদের জন্য এই সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের তালিকার সঙ্গে নতুন করে যুক্ত হওয়ায় ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন ভোটার হিসেবে লিপিবদ্ধ হলেন। এতে করে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানান।
এরআগে গত মার্চে হালনাগাদ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এরপর সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দেয় ইসি। এতে দেশে নতুন করে মোট অন্তর্ভুক্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন।
এ হিসেবে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়াল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।
বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন। নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন আগামী জানুয়ারির শুরুর দিকে করতে চায়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিতে চায় তফসিল।

বিএনপি সন্ত্রাসী দল, তাদের সঙ্গে সংলাপ নয় : কাদের

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।’
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। সর্বশেষ তাদের দাবি এক দফায় পরিণত হয়।
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। মহাসমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে।
সেদিনের সংঘর্ষের ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে তারা সংলাপে যাবে না।
সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করব?
সেতুমন্ত্রী বলেন, আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ৪ নভেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় মতিঝিলে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন। আগারগাঁওয়ে উদ্বোধন শেষে মতিঝিল আসবেন তিনি।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আবারও বেড়েছে রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১৩৬৩ টাকায় বিক্রি হয়ে আসছিল।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। এছাড়াও এলপিজির ১৫ কেজি সিলিন্ডার ১৭২৬ টাকা, ১৬ কেজি ১৮৪২ টাকা, ১৮ কেজি সিলিন্ডার ২০৭২ টাকা, ২০ কেজি ২৩০২ টাকা, ২২ কেজি ২৫৩২ টাকা, ২৫ কেজি ২৮৭৭ টাকা, ৩০ কেজি ৩৪৫৩ টাকা, ৩৩ কেজি ৩৭৯৮ টাকা, ৩৫ কেজি ৪০২৮ টাকা ও ৪৫ কেজি ৫১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, নভেম্বর ২০২৩ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬১০.০০ মার্কিন ডলার এবং ৬২০.০০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১৬.৫০ মার্কিন ডলার বিবেচনায় নভেম্বর ২০২০ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য এ সমন্বয় করা হলো।
ঘোষণায় আরও বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১২.২৬ টাকায়, গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২৪৭৩ টাকায় বা প্রতি ঘনমিটার ২৪৭.৩০ টাকায় সমন্বয় করা হলো। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মুসকসহ মূল্য প্রতি লিটার ৬৩.৩৬ টাকায় সমন্বয় করা হলো।
কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (বোতলজাতকৃত এবং রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে সরবরাহকৃত)/অটোগ্যাস বিক্রয় করা যাবে না।
এরআগে, অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সেপ্টেম্বর মাসে ১২৮৪ টাকায় বিক্রি হয়ে আসছিল। আগস্ট মাসে যার দাম ছিল ১১৪০ টাকা। তারও আগে জুলাই মাসে যার দাম ছিল ৯৯৯ টাকা।

সরকারি হজ প্যাকেজ ঘোষণা : খরচ কমলো সাড়ে ৯২ হাজার টাকা

চলতি বছরের মতো আগামী বছরও হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ হবে। একই সঙ্গে থাকছে বিশেষ প্যাকেজও।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৪’ ঘোষণা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি জানান, সরকারিভাবে হজে যেতে একটি প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে।
এছাড়া বিশেষ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
প্রতিমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন। এছাড়া বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে। এছাড়া ১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।
কী আছে বিশেষ হজ প্যাকেজে
প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে।
মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা।
এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে।
মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা।
মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।

চলতি বছর সরকারিভাবে একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ নির্ধারণ করা হয়েছিল ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ছয় লাখ ৬০ হাজার ৮৯০ টাকা।

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিকে শাস্তি পেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির চরিত্র হচ্ছে আগুন সন্ত্রাস করা। তারা ২৮ তারিখ যেভাবে সাংবাদিক, পুলিশের ওপর হামলা করেছে তা খুবই এটা ন্যাক্করজনক।
বিএনপিকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়েছিল তারা ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু তারা কথা রাখেনি, সন্ত্রাস করেছে। সাংবাদিকদের নির্যাতন করেছে, পুলিশের ওপর আক্রমণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা একটার দিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হামলাকারীদের বিচার হবেই, কেউ ছাড় পাবে না।

প্রধানমন্ত্রী ২৮ অক্টোবরের ঘটনায় মানবাধিকার সংগঠন, সুশীল সমাজসহ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর নীরব থাকার তীব্র সমালোচনা করেন।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন এসব ঘটনায় মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন এবং দেশের সুশীল সমাজ নীরব কেন ?
তিনি এসময় বলেন শান্তিপূর্ণ সমাবেশে ইট পাথর কোথা থেকে এলো ?
বুকে প্রেস লেখা নিয়ে যুবদলের এক নেতা আক্রমণ চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন সব ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একইভাবে হাসপাতালে হামলা চালিয়েছে। তিনি প্রশ্ন করেন বিএনপি এ ধরনের হামলা কি ইহুদিদের কাছ থেকে শিখে এসেছে।
সরকারপ্রধান বিএনপির সন্ত্রাস নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর ক্ষমতায় আসার পর প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম। সরকারে আসার পর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য ছিল। প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেই।
শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি যেন যুদ্ধে বিজয় অর্জন করেছে। বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, এটাই ছিল তার (বঙ্গবন্ধু) লক্ষ্য। জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমি দেশে ফিরে আসি। তিন বছর সাত মাস তিনি সময় পেয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বল্পোন্নত দেশে পরিণত করতে চেয়েছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

নাশকতাকারীদের আশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা : র‌্যাব

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, জেনেশুনে সহিংসতাকারী বা নাশকতাকারীদের আশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কমান্ডার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা বা সহিংসতার সঙ্গে জড়িত অনেককে জেনেশুনে রাজধানীর পাঁচতারকা হোটেলে আশ্রয় দেয়া হচ্ছে। বিষয়টি পরিষ্কার করে বলতে চাই, যারা জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে কিংবা এ ধরনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত; তাদের প্রশ্রয় দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এদিন ভোরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেল থেকে ১০ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা এবং তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত তারা। সাংবাদিকদেরও আহত করে এসব দুর্বৃত্ত। বিপুল সংখ্যক গাড়িও ভাঙচুর করে তারা।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নাশকতা করার পরিকল্পনা ছিল। তারা স্বেচ্ছায় এই সহিংসতা চালিয়েছে। তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নাশকতাকারীরা। ইতোমধ্যে এ নিয়ে মামলা হয়েছে। পরে সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে।
আল মঈন বলেন, ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ১০ জনই। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, তারা সেই হোটেলে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। সেই সঙ্গে তাদের গ্রেপ্তার করা।
তিনি বলেন, দৃর্বৃত্তদের হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন। যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। সাধারণ মানুষ ও সাংবাদিকদেরও আহত করেছেন তারা। যারা এরকম করবেন তাদের কোনও ছাড় নেই।
গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন তারা।
এই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। আহত তিন পুলিশ সদস্য হলেন- পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।