বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আওয়ামী লীগের মহাসমাবেশে নির্বাচনী স্লোগান

রাজধানীর আরামবাগে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মহাসমাবেশ। ঢাকা বিভাগীয় মহাসমাবেশে ব্যানার, মিছিল নিয়ে এরই মধ্যে দলে দলে যোগ দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত আরামবাগসহ আশপাশের এলাকা।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মহাসমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যেকের মুখেই দলীয় স্লোগান। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেকে স্লোগান দিচ্ছেন ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’।
দুপুর ২টা ১০ মিনিটে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয় শাহবাগ থানা আওয়ামী লীগ। শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মিজান মালিক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মহাসমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। এটি ঢাকা বিভাগীয় মহাসমাবেশ বলা হলেও ঢাকা শহরের নেতাকর্মীদের উপস্থিতি জানান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শাহবাগ থানা কমিটির পক্ষ থেকে হাজারো নেতাকর্মী নিয়ে এ সমাবেশ উপস্থিত হয়েছি।
একই সময় পৃথক ব্যানারে সমাবেশে যোগ দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির নেতা শেখ জাহিদ বলেন, ঢাকা আওয়ামী লীগের যতগুলো বড় কর্মসূচি হয়, নারায়ণগঞ্জ থেকে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে সব সময় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতা আজ কয়েক হাজার নেতাকর্মী মহাসমাবেশ অংশগ্রহণ করেছে।

দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে : প্রধানমন্ত্রী

দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি আওয়ামী লীগ সরকারের কাছে যা চায় তা পাবে।
আজ শনিবার (৪ নভেম্বর) মেট্রেরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পর ট্রেনে চেপে মতিঝিল যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার সব সময়ের জন্য বদ্ধপরিকর। মানুষকে ভালো রাখাই সরকারের দায়িত্ব। দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে আমার একটাই চাওয়া, সবাই যেন স্বাধীন দেশের আত্মমর্যাদা নিয়ে চলে। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসী ও দুর্বৃত্ত পরায়ণদের প্রত্যাখ্যান করে।
তিনি বলেন, এতটুকু বলতে পারি, পথ হারায়নি বাংলাদেশ। আমরা একের পর এক বড় বড় স্বপ্ন পূরণ করছি। একটা উন্নত দেশ যা যা পেয়েছে, আমাদের দেশের মানুষও সবই পাবে। আমরা জাতিকে শিক্ষা দীক্ষা জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি। এটাই আমার বড় আকাঙ্ক্ষা। বাংলাদেশ কারো হাত পেতে চলবে না। নিজের পায়ে দাঁড়াবে, বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে চলব।
শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশনের উদ্বোধনস্থলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে ট্রেনের স্বয়ংক্রিয় টিকিট (অস্থায়ী পাস-কার্ড) নেন। এরপর কার্ড পাঞ্চ করে প্রধানমন্ত্রী ট্রেনের লাউঞ্জে প্রবেশ করেন। সেখানে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পতাকা নেড়ে ট্রেন চলার সংকেত দেন। পরে ট্রেনেই চড়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা বাঙালি জাতির একটা উন্নত সমৃদ্ধ জীবন দেবেন বলেই এ দেশকে স্বাধীন করেছেন। আমার একটাই প্রত্যয়, আমি বাবার স্বপ্ন বাস্তবায়ন করব। আমার আমিত্ব বলে কিছু নেই আমি আমাকে উৎসর্গ করেছি, এদেশের মানুষের কল্যাণে। মানুষ যখন শান্তি পাবে, তখন আমার বাবাও শান্তি পাবে, তিনি খুশি হবেন, তিনি নিশ্চয় সেটা দেখছেন।
শেখ হাসিনা বলেন, আমি খুবই আনন্দিত। যারা এই কাজে সম্পৃক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানাই। জাপান সরকারকেও ধন্যবাদ জানাই। তারাও এই কাজে সম্পৃক্ত ছিল। এটি উন্নত প্রযুক্তির ও পরিবেশবান্ধব। এর ফলে সময় বাঁচবে, যানজট কমবে।
মেট্রোরেল থেকে নেমে মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় যোগ দেবেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা সালমান এফ রহমান, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, শেখ হেলাল এমপি, মুখ্যসচিব তোফাজ্জাল হোসেন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এম এন এ সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তা ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

মেট্রোরেলে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে প্রধানমন্ত্রী

মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্রমণকালে তিনি গণমাধ্যমকর্মী ও সফরসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।
এর আগে তিনি আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে মেট্রোরেলের টিকিট কাটেন।
এদিকে দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জানা যায়, রোববার (৫ নভেম্বর) থেকে পুরো মেট্রোরেল সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এই অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এসময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।
ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ শেষ

ভারতের পেস-অলরাউন্ডার ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে চরম দুঃসংবাদটাই পেলো ভারতীয় ক্রিকেট দল। গোড়ালির চোট থেকে সেরে উঠতে না পারায় চলতি ওয়ানডে বিশ্বকাপে তিনি আর খেলতে পারবেন না।
টুর্নামেন্টের ইভেন্ট টেকনিক্যাল কমিটি শনিবার বদলি খেলোয়াড় হিসেবে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণের নাম অনুমোদন করেছে। দ্রুতই দলের সঙ্গে কৃষ্ণ যোগ দেবেন।
পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিং আক্রমণে এসে হার্দিক চোটে পড়েন। তার দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন লিটন দাস। তৃতীয় বলটি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ভারত তারকা। গোড়ালিতে চোট পাওয়ার পর ব্যান্ডেজ করাতে হয়।
বেশ খানিকক্ষণ মাঠে হার্দিকের সেবা চলতে থাকে। উঠে দাঁড়ানোর পর খোঁড়াতে থাকায় শেষে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আর খেলতে নামেননি। তার ওভারের বাকি তিন বল করেছিলেন বিরাট কোহলি।

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার দিবাগত রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২-এর একটি পণ্য স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২০ থেকে ৫০ বছর বয়সী মোট ২৪৪ জন পুরুষ এবং একজন বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি, ৩ ইন্দোনেশিয়ান ও ১ শ্রীলঙ্কান নাগরিক রয়েছে।
সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, গত দুই মাসে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ ধারা এবং সেই সঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী এ অভিযান চালানো হয়।
খায়রুল সাংবাদিকদের বলেন, অভিযানের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশই অভিবাসীরা পাসের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে এমআরটি লাইন-৬ পরিপূর্ণতা পেলো। এখন আধা ঘণ্টায় উত্তরা থেকে মতিঝিল আসা সম্ভব হবে। এর আগে গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন তিনি।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওতে এই অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে প্রধানমন্ত্রী মতিঝিল আসবেন। সেখানে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
আপাতত আগারগাঁও-মতিঝিল অংশে তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল সেকশনের দৈর্ঘ্য ৮.৭২ কিলোমিটার। ফার্মগেট-সচিবালয়-মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে। উত্তরা-মতিঝিল রুটে ৫ নভেম্বর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করবে।
বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং উত্তরা-আগারগাঁও রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
জনগণের সুবিধার কথা বিবেচনা করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার পথ বাড়ানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্ধিত অংশ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হবে। প্রতিটি ট্রেন ২,৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কমে যাবে।
আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ নেয়। যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্পের বিবরণে জানা গেছে। সম্পূর্ণ কাজ শেষ হলে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লাখ যাত্রী বহন করতে সক্ষম হবে এবং প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে।

শ্রমিক আন্দোলন : গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতার মাধ্যমে পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

বাংলাদেশে ইসলামের নামে একটি গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছিল : নৌ প্রতিমন্ত্রী

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী একজন স্বাচ্ছা মুসলমান বলেই তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন। এটি শুধু মডেল মসজিদই নয় এখানে ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি বলেন, ইসরাইল যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে শত শত শিশু নারীকে নির্মমভাবে হত্যা করা করছে তখন পশ্চিমাগোষ্ঠী যারা মানবতার কথা বলে মানবাধিকারের কথা বলে আজকে তারা কেন চুপ করে থাকছে। তাদের মুখে মানবতার কথা মানায় না।
বাংলাদেশে ইসলামের নামে একটি গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছিল। তারা যেন ইসলামকে ব্যবহার করতে না পারে এজন্যই মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। একজন প্রধানমন্ত্রী কতটুকু ইসলাম ভীরু হলে প্রতিটি উপজেলায় একটি করে সুদৃশ্য মডেল মসজিদ তৈরী করতে পারে আমাদের প্রধানমন্ত্রী তা তৈরী করে দেখিয়ে দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করে গিয়েছিলেন। মুসলমান আমরা যেন সঠিকভাবে ধর্ম পালন করতে পারি। আগে আমরা হজ করার জন্য বাংলাদেশ থেকে হজে যেতে পারতাম না। ভারত হয়ে যেতে হত। যুদ্ধ বির্ধস্ত এই দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিছুই ছিলনা। জাতির পিতা সেই সময়ে সৌদি আরবে গিয়ে সৌদি বাদশার সাথে দেখা করে বললেন, আমি কোন সাহায্য নিতে আসিনি বাংলাদেশ একটি মুসলিম দেশ এই মুসলিম দেশের মানুষ যেন সরাসরি হজে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। সৌদি বাদশা বঙ্গবন্ধুর কথা শুনে তিনি রাজি হলেন এবং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা সরাসরি হজে যাওয়া শুরু করলাম।
তিনি আরো বলেন, বোচাগঞ্জের ইতিহাসে এই রকম একটি সুন্দর দিন আর পাওয়া যায়নি। আজকে বোচাগঞ্জে যে ১৪টি প্রকল্প উদ্বোধন করা হচ্ছে এটা আমাদের কাছে স্মরনিয় দিন হয়ে থাকবে। ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন শেষে এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দিনাজপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে স্কুল রোডস্থ মডেল মসজিদ এর ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মাহজারি, স্কুলরোড মসজিদের খতিব মাওলানা আলহাজ ওয়াহিদ শাহ্ প্রমুক।
অপরদিকে নবনির্মিত বোচাগঞ্জ উপজেলা কমপ্লেক্স, উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, অবিনাশী বাংলা স্মৃতিস্ত¤ ও¢ সেতাবগঞ্জ বড়মাঠ শেখ রাসেল স্টেডিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জিমনিশিয়াম এর শুভ উদ্বোধন শেষে বিশাল সুধি সমাবেশে বক্তব্য রাখেন।
দিনাজপুর জেলা পরিষদের সদস্য শাহ্ নওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ দেলোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুর, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ।

ব্যালন ডি’ অরজয়ী মেসির জন্য বিশেষ আয়োজন মায়ামির

কয়েক দিন আগেই প্যারিসে ইতিহাসগড়া রাত পার করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগে থেকেই তিনি ব্যালন ডি’অর জয়ে সবার শীর্ষে ছিলেন, এবার আকর্ষণীয় এই পুরস্কার বাগিয়েছেন অষ্টমবারের মতো। নিজের সাবেক ঠিকানা থেকে ফিরে যুক্তরাষ্ট্রে গিয়েও আরেকটি আয়োজনের মুখোমুখি মেসি। ইন্টার মায়ামি তার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে।
গতকাল শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। মূলত মেসির ব্যালন জয়ের বিষয়টিকে বিশেষ মাত্রা দিতেই তাদের এই উদ্যোগ। আগামী ১০ নভেম্বর ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে মায়ামি, তার আগে মেসিকে নিয়ে অনুষ্ঠানটি হবে।
ম্যাচ শুরুর আগে ব্যালন ডি’র ট্রফি দর্শকদের সামনে প্রদর্শন করবেন মেসি। সেখানে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পাশাপাশি এমএলএসের কমিশনার ডন গারবার ও ইন্টার মায়ামির সত্বাধিকারীদের একজন জর্জ মাস বক্তব্য রাখবেন। এর বাইরেও থাকবে নানা আয়োজন।
এর আগে ৩০ অক্টোবর রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি মেসির হাতে তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম। বেকহাম এবার নিজ ক্লাবের আঙিনায় দলের প্রধান তারকার অর্জন আরও রাঙিয়ে তুলতে চান। এই মৌসুমেই ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এরপর তার হাত ধরে ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপাও পায় মায়ামি।
১৯৫৬ সাল থেকে প্রবর্তিত ব্যালন সবচেয়ে বেশিবার জিতেছেন এই আর্জেন্টাইন। ২০১৯ সালেই তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে নিজের ৬ষ্ঠ ব্যালন সম্মাননা জেতেন। এবার মেসি সেই ব্যবধান বাড়িয়ে নিয়েছেন আরও। পুরস্কার প্রদানের দিন কয়েক পর প্রকাশিত পয়েন্ট তালিকা জানাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডের চেয়ে ১০৫ পয়েন্ট বেশি পেয়েছেন লা পুলগা। আর সাবেক সতীর্থ এমবাপে থেকে তার পয়েন্ট ১৯২ বেশি।
২০২৩ সালে ব্যালন ডি’ অর জেতার পথে মেসির পয়েন্ট ৪৬২। অন্যদিকে হালান্ড পেয়েছেন ৩৫৭ পয়েন্ট। তৃতীয় হওয়া এমবাপে পেয়েছেন ২৭০ পয়েন্ট আর কেভিন ডি ব্রুইনার পয়েন্ট ১০০।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩ নভেম্বর) ছয়টা থেকে শনিবার (৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৭০২টি ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০২ গ্রাম হেরোইন ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা করা হয়েছে।