বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

৮ গোলের দুর্দান্ত জয় বায়ার্নের, কেইনের আরেকটি হ্যাটট্রিক

টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্ন মিউনিখে গিয়ে দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেইন। একের পর এক গোল করে যাচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড। বুন্ডেসলিগায় ফেরা ডার্মস্টাডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি।
বুন্ডেসলিগায় ঘরের মাঠে গতকাল একপেশে ম‍্যাচে ৮-০ গোলে জিতেছে বায়ার্ন। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, ৩৮ মিনিটের মধ্যে।
কেইনের হ্যাটট্রিক ছাড়া দলটির হয়ে দুটি করে গোল করেন লেরয় সানে, জামাল মুসিয়ালা। একবার করে জালের দেখা পান টমাস মুলার ও জশুয়া কিমিচ।
গোল উৎসবের শুরু আর শেষ কেইনের হাত ধরে, মাঝে ৬৯তম মিনিটে তিনি একটি দর্শনীয় গোল করেন ৬০ গজ দূর থেকে! ডার্মস্টাডের গোলরক্ষককে কিছুটা এগিয়ে আসতে নিজেদের অর্ধ জোরালো শটে বল উড়িয়ে মারেন কেইন। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল গিয়ে জালে জড়ায়।
৫২তম মিনিটে গোল করে ডেডলক খোলেন কেইন। ৮৮তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এনিয়ে বুন্ডেসলিগায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি।
এদিন দারুণ এক কীর্তিও গড়েন কেইন। লিগে প্রথম ৯ ম‍্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার। এখন অবধি ১২টি গোল করেছেন তিনি। বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ৯ ম‍্যাচে ১০ গোলও নেই আর কারো!

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।
শনিবার (৪ নভেম্বর) রাতে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়।
রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, মধ্য গাজা উপত্যকার আল-মাগাজি ক্যাম্পে দখলদারদের দ্বারা সংঘটিত গণহত্যায় দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে ৩০টির বেশি মৃতদেহ পৌঁছেছে।
ওয়াফা বলছে, শনিবার রাতের হামলায় দুটি আবাসিক ভবন গুড়িয়ে গেছে বলে জানা যায়। ইসরায়েলি যুদ্ধবিমান আল-মাগাজি ক্যাম্পের সাম’আন পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহতও হয়েছেন।
বোমা হামলার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ওই শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে কিনা তারা তা খতিয়ে দেখছেন।
এর আগে গত বৃহস্পতিবার বুরেজ শরণার্থী শিবিরে বিমানহামলা চালায় ইসরায়েল। এতে ১৫ জন প্রাণ হারান।
একইদিনে জাবালিয়া শিবিরেও হামলা চালানো হয় ইসরায়েল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, টানা তিন দিনের ইসরায়েলি হামলায় জাবালিয়ায় এ পর্যন্ত ১৯৫ জন নিহত হয়েছেন এবং আরও ১২০ জন নিখোঁজ রয়েছেন।
গত বেশ কয়েকদিন ধরে গাজার শরণার্থী শিবিরগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকই বেশি মারা পড়ছেন।
এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
তবে ইসরায়েল বলেছে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে তারা।

সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব জেদ্দায় ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।
রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী সন্ধ্যায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। শেখ হাসিনা ৬ নভেম্বর সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।
তিনি ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।
সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি ওমরাহ পালন করবেন।
শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর সকাল ৮টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

‘আস্ক এসআরকে’র উত্তর কি নিজেই দেন, যা জানালেন শাহরুখ

বলিউড বাদশা তিনি। পর্দায় তো বটেই, ক্যামেরার নেপথ্যেও তার ব্যক্তিত্বে মুগ্ধ দর্শক এবং অনুরাগীরা। সশরীরের শাহরুখ খানের নাগাল সব সময় না পেলেও ভার্চুয়াল জগতের কল্যাণে তার সঙ্গে মাঝেমধ্যেই কথোপকথনের সুযোগ পান অনুরাগীরা। সৌজন্যে, সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক এসআরকে’ সেশন।
‘আস্ক এসআরকে’ সেশনে অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন শাহরুখ। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাদের সঙ্গে মশকরা করতেও ছাড়েন না। তার উত্তরে মন ভরে যায় অনুরাগীদের। তবে প্রশ্নও ওঠে অহরহ। এত ব্যস্ত তারকা তিনি, সত্যিই কি তার সময় হয় মোবাইল হাতে নিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তর দেয়ার?
‘আস্ক এসআরকে’-এর ধাঁচে একাধিক তারকা অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করলেও শাহরুখের আবেদন আর পাঁচজন তারকার চেয়ে আলাদা। তবে অনুরাগীদের প্রশ্নে শাহরুখের অ্যাকাউন্ট থেকে যে উত্তর আসে, তার নেপথ্যে কি সত্যিই শাহরুখ?
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রশ্নের মুখে পড়েছিলেন শাহরুখ। তিনি বলেন, ‘সমাজমাধ্যমের পাতায় আমি তেমন সক্রিয় নই। তবে আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন যে আমার টিম ‘‘আস্ক এসআরকে’’ সেশনে আমার হয়ে উত্তর দেয় কিনা? না, আমিই অনুরাগীদের প্রশ্নের উত্তর দিই। যদি কাজের সূত্রে কোনো কিছু লিখতে হয়, তখন অবশ্যই আমি আমার টিমকে সাহায্য করার জন্য অনুরোধ করি। কিন্তু ব্যক্তিগত বিষয়ে যা কিছু সমাজমাধ্যমে লেখা হয়, সবটা আমি নিজেই লিখি।’
তারকাদের সোশ্যাল মিডিয়া সামলানোর জন্য সাধারণত একটি বিশেষ দল থাকে। অনুরাগীদের দাবি-দাওয়া মাথায় রেখে, পেশাগত দায়বদ্ধতা ও প্রাসঙ্গিকতা বজায় রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তারকাদের অ্যাকাউন্ট থেকে। তবে শাহরুখের সোশ্যাল মিডিয়া আর পাঁচজন তারকার চেয়ে আলাদা। ‘এক্স’ (টুইটার) হোক বা ইনস্টাগ্রাম— সব জায়গাতেই ব্যক্তিগত ছোঁয়া রাখতে পছন্দ করেন বলিউডের বাদশা।

রোনালদোর মাইলফলকের রাতে আল নাসরের জয়

বয়স ৪০ ছুঁই ছুঁই, কিন্তু এখন পর্যন্ত গোল ক্ষুধা একটুও কমেনি পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইউরোপ ছেড়ে এখন এশিয়া মাতাচ্ছেন। উড়ছেন রোনালদো সঙ্গে উড়াচ্ছেন ক্লাব আল নাসরকেও। সৌদি প্রো-লিগের ম্যাচে গতরাতে প্রতিপক্ষ আল খালিজকে হারিয়েছে রোনালদোরা। সেই সঙ্গে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। দলের হয়ে গোল পেয়েছেন সিআরসেভেন। এতে করে ছুঁয়েছেন এক মাইলফলকও।
শনিবার (৪ নভেম্বর) রাতে ঘরের মাঠ আল-আওয়াল পার্কে আল নাসর ২-০ গোলে হারিয়েছে আল খালিজকে। দলের হয়ে গোল পান আয়মারিক ল্যাপোর্তে ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের মধ্যদিয়ে পর্তুগিজ অধিনায়ক তার বয়স ৩০ পূর্ণ হওয়ার পরে ৪০০তম গোল করলেন।
ঘরের মাঠে বলের দখলে এগিয়ে থাকলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৬তম মিনিট পর্যন্ত। নাসরের আল খাইবারির নেয়া দূরপাল্লার শট খালিজের খেলোয়াড়ের গায়ে লাগে। পাল্টা আক্রমণে যেতে গিয়ে উল্টো আল নাসরের কাছে বল হারায় তারা।
সতীর্থের কাছ থেকে বল পেয়ে রোনালদো প্রতিপক্ষের একজনকে বোকা বানান। এরপর জায়গা করে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎগতির শটে বল জালে জড়ান। চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে ১২ গোল পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর। এখন পর্যন্ত লিগে করেছেন ৭টি গোলে সহায়তাও।
রোনালদোর করা এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধেও সেই আধিপত্য বজায় রাখে আল নাসর। উল্টো ৫৬ মিনিটে গোল প্রায় খেয়েই যাচ্ছিল আল নাসর। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারায় আল নাসর। কিন্তু খালিজের খেলোয়াড়ের নেয়া দূরপাল্লার শট লক্ষ্যে না থাকায় আর গোল পাওয়া হয়নি।
উল্টো এর দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আয়মারিক ল্যাপোর্তে। ব্রাজিলিয়ান অ্যালেক্স তেলেসের নেয়া ফ্রিকিকে সতীর্থের পা ছুঁয়ে বল আসে ল্যাপোর্তের পায়ে। আলতো করে ঠেলে বল জালে জড়ান এই স্প্যানিশ ডিফেন্ডার। ৭২ মিনিটে আল খালিজের এক খেলোয়াড়ের কাছ থেকে নেয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন আল নাসরের গোলরক্ষক আলাকাদি।
এই জয়ে ১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল।

নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। সারা বাংলায় খেলা হবে। আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তাই নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আজকের দিনে এটাই আমাদের শপথ।
তিনি বলেন, কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?
সেতুমন্ত্রী বলেন, ২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করল। প্রথমে অর্ধেক দিবস বলে পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে জনসভার মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা-কর্মীরা। সকাল থেকেই জনসভায় যোগ দিতে দলে দলে জড়ো হন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

দেশের মানুষ যেন সুখে থাকে আমরা সেটাই চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতা হলো জনগণের সেবা করা। দেশের মানুষ যেন সুখে থাকে আমরা সেটাই চাই।
আজ শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ যেন ভালো থাকে সেজন্য আওয়ামী লীগ নানা উন্নয়মূলক কাজ করছে। আমরা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি, বিনামূল্য বই দিচ্ছি। দেশের মানুষের বাঁচানোর জন্য সব ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আজকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করলাম। এ মেট্রোরেল ঢাকাবাসীর জন্য উপহার। তবে মেট্রোরেলটি ব্যবহারের সময় আমাদের যতœবান হতে হবে। যাতে করে এটার ক্ষয়-ক্ষতি না হয়।
তিনি বলেন, এই ঢাকার মানুষের জন্য আজ আমরা নিয়ে এসেছি মেট্রোরেল। যারা উত্তরায় বসবাস করেন তারা মাত্র ৪০ মিনিটেই প্রতিদিন উত্তরা থেকে মেট্রোরেলে করে মতিঝিল আসা যাওয়া করতে পারবেন। উত্তরা আগারগাঁও পর্যন্ত প্রতিদিন গড়ে ২৫ হাজার যাত্রী চলাচল করত। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এ মেট্রোরেল আমি বর্ধিত করেছি। সেটার কাজও চলছে। একইসঙ্গে আমরা সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার পাতাল রেল নির্মাণ করব। সেটার কাজও আমরা করছি।
সরকারপ্রধান বলেন, আজকে মেট্রোরেলে চড়ে আমি এ অনুষ্ঠানে এসেছি। মেট্রোরেলটি ঢাকাবাসীর জন্য উপহার। যখন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্থসামাজিক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই ঘাতকরা তাকে হত্যা করে। আমাদের জয় বাংলা স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের একটি কালো অধ্যায়। ১৫ আগস্টের সময় যারা সরকারে ছিল তারা জনগণের জন্য কিছুই করেনি।
তিনি বলেন, আমরা দুই বোন বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলাম। ৬ বছর জিয়াউর রহমান আমাদের দেশে আসতে দেয়নি। রেহানার পাসপোর্টও দেয়নি। আমি আওয়ামী লীগ ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছিলেন। আমি এমন একটি সময় দেশে ফিরেছিলাম যখন স্বাধীনতা বিরোধীরা দেশের ক্ষমতায় ছিল। প্রতিনিয়ত আমার ওপর আঘাত আসে। আমার নেতাকর্মীরা মানবঢাল রচনা করে বারবার আমাকে রক্ষা করে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে আমি বারবার জীবন ফিরে পেয়েছি। আমিও বাবার মতো এই বাংলাদেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি। যে আদর্শ নিয়ে এই দেশ গড়ে তুলেছিলেন, সেই বাংলাদেশ আমি গড়তে চাই।
তিনি বলেন, সোনার বাংলাদেশ আমি গড়তে চাই। এ ঢাকার মানুষের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মেট্রোরেল। যানজটে কষ্ট পেতে হবে না, রাস্তায় আটকে থাকতে হবে না। এই ঢাকায় যারা চাকরিজীবী, যারা কর্মজীবী, ছাত্র-শিক্ষক সকলে, বিশেষ করে আমার মেয়েরা, নারীরা, নিরাপদে চলাচল করতে পারবে এ মেট্রোরেলে।
এর আগে দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ২টা ৪১ মিনিটের দিকে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান তিনি।

শাহরুখের জন্মদিনের পার্টি মাতালেন দুই রণবীর, নাচলেন দীপিকা

দিন দুয়েক ধরেই সোশাল মিডিয়া ‘শাহরুখময়’। ২ নভেম্বর ৫৮তে পা দিয়েছেন বাদশা। তার আগের রাত থেকেই যদিও জন্মদিনের উদযাপন শুরু হয়েছিল। মাঝরাতে মন্নতের বাইরে দাঁড়িয়ে জনসমুদ্রের চিৎকার। এদিকে সকাল হতেই সোশাল মিডিয়ায় উপচে পড়া শুভেচ্ছার জোয়ার। অন্যদিকে বিকেলে ব্যাক টু ব্যাক বার্থডে পার্টি!
শাহরুখ যে প্রকৃতই বলিউডের ‘বেতাজ বাদশা’, তা আবারও প্রমাণিত হল। তবে ‘টক অফ দ্য টাউন’ কিং খানের জন্মদিনের পার্টি। যেখানে হাজির ছিল গোটা বলিউড এবং আম্বানিরাও। সেখানেই নজর কাড়লেন দুই রণবীর। আর তাঁদের স্ত্রীয়েরা। যাঁরা কিনা মান-অভিমানে এড়িয়ে যেতেন একে-অপরকে, তাঁরাও হাজির হলেন বাদশাকে শুভেচ্ছা জানাতে। সাবেক, বর্তমান সব মিলেমিশে একাকার। যেন শাহরুখই মিলিয়ে দিলেন সকলকে একসঙ্গে।

শাহরুখের বার্থডে পার্টিতে প্রিয়তমা দীপিকার জন্য গান গাইলেন রণবীর। শুধু তাই নয়, ডিজের ভূমিকাতেও ধরা দিলেন তিনি। আর স্বামীর গানের তালে ডান্স ফ্লোর কাঁপালেন দীপিকা পাড়ুকোন। এমনিতেই রণবীর সিংয়ের রসিকতার জুড়ি মেলা ভার! এই পার্টিতেও বাজিমাত করলেন তিনি। অন্যদিকে রণবীর কাপুরও স্ত্রী আলিয়াকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। দিদি করিশ্মা-করিনা এবং শ্যালিকা শাহিন ভাটের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন। তবে আলিয়া খানিকটা আগলেই রেখেছিলেন গোটা পার্টিতে রণবীরকে। সেই দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়।

একটু রাতের দিকেই ভাই শাহরুখকে শুভেচ্ছা জানাতে এলেন ভাইজান সলমন খান। দিওয়ালিতে ‘টাইগার’ রিলিজ নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত। সেই শশব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করেই চলে এলেন শাহরুখের হাইপ্রোফাইল বার্থডে পার্টিতে।

মেট্রোরেল লাইন-৫ নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত এ লাইন হবে ২০ কিলোমিটার।
আজ শনিবার (৪ নভেম্বর) রাজধানীবাসীর দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। দুপুর আড়াইটায় এ অংশ উদ্বোধন করে মেট্রোরেলে চড়ে মতিঝিলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে ৩টার পর হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি ও জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, শেখ হেলাল এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জাল হোসেন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন এ সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তা ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এমআরটি লাইন-৫ (উত্তর রুট) হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, বনানী ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।
এর আগে দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশনের উদ্বোধনস্থলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে ট্রেনের স্বয়ংক্রিয় টিকিট (অস্থায়ী পাস কার্ড) নেন। এরপর কার্ড পাঞ্চ করে প্রধানমন্ত্রী ট্রেনেরে লাউঞ্জে প্রবেশ করেন। সেখানে পতাকা নেড়ে ট্রেন চলার সংকেত দেন। পরে মেট্রোরেলে চড়েই প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশে রওনা হন।

‘বিএনপিকে নিয়ে নির্বাচন করার কথা সংবিধানের কোথাও নেই’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, এনপিকে নিয়ে নির্বাচন করতে হবে তা সংবিধানের কোথাও নেই। এ ছাড়া পৃথিবীর কোনো আইনেও নেই। যাদের ক্যাপাসিটি নেই, জনসমর্থন নেই, জনগণের প্রতি যাদের আস্থা নেই তারা তো নির্বাচনে আসবেই না
আজ শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিবন্ধিত দলগুলোকে জানাতে এ আলোচনার আয়োজন করে নির্বাচন কমিশন। শনিবার সকালে আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২২টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে আটটি দল ইসির ডাকে সাড়া দেয়নি।
বিকেলে আলোচনায় বসার জন্য বিএনপিসহ আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপির কোনো নেতাকে না পেয়ে চিঠি দলটির কার্যালয়ে ঝুলিয়ে রাখা হয়।
সকালে অংশ নেওয়ার জন্য ২২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও সিপিবি, বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, কল্যাণ পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও এলডিপি আলোচনায় অংশ নেয়নি।
আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, বিএনপি যে কর্মসূচি দিচ্ছে সেটি রাজনৈতিক কর্মসূচি নয়, এগুলো সহিংসতার কর্মসূচি। এগুলোকে ‘টেরোরিস্ট অ্যাকশন’ বলা যেতে পারে।
নির্বাচন কমিশনের চিঠি নেওয়ার মতো বিএনপির কার্যালয়ে কেউ নেই– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফারুক খান বলেন, এটি বিএনপির জন্য লজ্জাজনক।
তিনি বলেন, সংবিধান সম্মতভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। আগামীতে ভোট আরও সুষ্ঠু হবে, যখন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নির্বাচন কমিশন উৎসাহ প্রদান করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিয়েছে এবং যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের সরকার সহায়তা করেছে, তার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। ১৯৭২ সালে নিয়ম ছিল, ব্যালট পেপারের পেছনে সিল ও অফিসারের স্বাক্ষর থাকবে। তবে আটাত্তরে সেটাতে শুধু সিল রাখার ব্যবস্থা করা হয়। এবার আবার প্রতিটি ব্যালট পেপারের পেছনে সিল ও স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে। এছাড়াও আমাদের যে ব্রিফ দেওয়া হয়েছে তাতে মনে করি সংবিধান সম্মতভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
কয়েকটি দল নির্বাচনে আওয়ামী লীগের দ্বারা অরাজকতার ভয়ের কথা বলেছেন– এ বিষয়ে ফারুক খান বলেন, আওয়ামী লীগ কখনো অরাজকতার নির্বাচন করেনি। আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন, এখানে যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব তাদের ভোটার নেই। তারাই এরকম অভিযোগ করতে পারে বলে আমি মনে করি।
বিএনপি নির্বাচনে আসবে না, তাদের ছাড়া কীভাবে নির্বাচন করতে পারেন– জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে, এটা সংবিধানও লেখা নেই, পৃথিবীর কোনো আইনেও লেখা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নেই, জনগণের যাদের ওপর আস্থা নেই তারা তো নির্বাচনে আসবে না।
বিএনপি তো বিভিন্ন রাজনীতি কর্মসূচি দিচ্ছে– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। এটা একটি দলের রাজনৈতিক কর্মসূচি বলা যেতে পারে না। তারা টেরোরিস্ট অ্যাকশন করছে। যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আইনবিরোধী কাজ করে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, নিচ্ছে ও আগামীতেও নেবে।
বিএনপিকে ইসির সংলাপে আমন্ত্রণে চিঠি দেওয়া গেল না, এটা কি স্বাভাবিক ঘটনা– এমন প্রশ্ন করলে ফারুক খান বলেন, আমি মনে করি এটা বিএনপির জন্য লজ্জাজনক। তারা অফিসে থাকবে না কেন। ইসি নিজেই এটা জানিয়েছে যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসেছে এবং তারা আশ্বস্ত হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নির্বাচনের পরিবেশ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ আছে ও ভবিষ্যতে আরও ভালো হবে। ইলেকশন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমি মনে করি, জনগণ তখন আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনের জন্য আসবেন।