বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় চার জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত

পাকিস্তানে সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায়। গত ৪৮ ঘণ্টায় মোট চারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। গত তিন দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে। এখন পর্যন্ত পাকিস্তান পুলিশের তথ্যানুযায়ী ১৭ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। পাঁচজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেনার হাতে অন্তত ১০ জন সন্ত্রাসীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (৪নভেম্বর) রাতে ডেরা ইসমাইল খান অঞ্চলে শেষ হামলা হয়েছে। সেখানে গুল ইমাম পুলিশ স্টেশনে গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশও সঙ্গে সঙ্গে জবাব দেয় ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা লড়াই চলার পর জঙ্গিরা পালিয়ে যায় বলে পুলিশের বক্তব্য। তবে কোনো জঙ্গীর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় রুরি পুলিশ পোস্টে একইরকমভাবে আক্রমণ চালায় জঙ্গিরা। সেখানেও এক কনস্টেবল আহত হয়েছেন।
তিন দিন ধরে কোন জঙ্গি গোষ্ঠী হামলা চালাচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ বা প্রশাসন। পুলিশের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে, পুলিশ ফোর্সের মনোবল ভাঙার জন্যই লাগাতার বিভিন্ন পুলিশ পোস্টে এই আক্রমণ চালানো হচ্ছে। কিন্তু পুলিশও পাল্টা জবাব দিচ্ছে।

মোবাইল ইন্টারনেটের দাম কমবে : মোস্তাফা জব্বার

চলতি সপ্তাহে দাম কমছে মোবাইল ইন্টারনেটের। বুধবার (৮ নভেম্বর) ডাটা প্যাকেজে সংশোধনী এনে দাম কমাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। আর ১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেট প্যাকেজের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবিও। আগের তিন দিন মেয়াদের ডাটা একই দামে সাত দিন মেয়াদেও পেতে পারেন গ্রাহকরা।
দেশের সব মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে মন্ত্রী ১০ নভেম্বরের মধ্যে সব মোবাইল অপারেটরকে ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর জোরালো নির্দেশনা দেন। কোম্পানিগুলোও মন্ত্রীকে ডাটা প্যাকেজ সংশোধন করে দাম কমানোর আশ্বাস দিয়েছেন।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে ইন্টারনেটের দাম এভাবে বাড়ানোটা সরকারবিরোধী কাজ এবং চক্রান্ত।
মোবাইল অপারেটর কোম্পানিগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে দেশের জনগণের পক্ষে থাকতে হবে। রেগুলেটর হয়েও বিটিআরসি ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। তারপরও আপনারা যে আচরণ করছেন, তা জনগণ মেনে নেবে না। আপনারা ডাটা বিক্রি করবেন। কিন্তু সময় (মেয়াদ) নয়।’
এ সময় বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত বিটিআরসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, মন্ত্রী বৈঠকে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। সদ্য বিলুপ্ত তিন দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ নিয়ে দীর্ঘসময় ধরে আলোচনা হয়। মন্ত্রী মোবাইল ফোন অপারেটরদের আগের তিন দিন মেয়াদের প্যাকেজের দামে সাত দিনের ইন্টারনেট প্যাকেজ গ্রাহকদের অফার করার নির্দেশ দেন।
বৈঠকের পর মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ৮ নভেম্বরের মধ্যে টেলিটক এবং ১০ নভেম্বরের মধ্যে অন্য সব অপারেটরকে বৈঠকের নির্দেশনা প্রতিপালন করতে হবে। আশা করি, অপারেটরদের বোধদয় হবে। তারা ৯৫টি প্যাকেজকে ৪০টিতে নামিয়ে আনার ক্ষেত্রে ইন্টারনেটের দাম বাড়াবে না। তখন ইন্টারনেটের দাম কমাবে।
গত ১৫ অক্টোবর থেকে গ্রাহকের স্বার্থবিবেচনা করে তিনদিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাতিল করা হয়। বর্তমানে ৭ ও ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগ, তিন দিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বাতিলের পর অপারেটররা কৌশলে দাম বাড়িয়ে দিয়েছেন। এতে অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে। তারা মন্ত্রী ও বিটিআরসিকে দুষছেন। এমন পরিস্থিতিতে বৈঠক ডেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে ডাটা প্যাকেজের দাম কমানোর নির্দেশ দিলেন মন্ত্রী।

বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় : কাদের

যারা সন্ত্রাস ও আগুন নিয়ে রাজনীতি করে তাদের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় বিএনপি। দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলবে। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

আজ সোমবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সিলেটের বালাগঞ্জে নির্মাণাধীন ভাঙ্গাপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি গত ২৮ তারিখ আন্দোলনের নামে প্রতারণার নাটক করেছে। তারা পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হাসপাতালে হামলা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। তাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়।
রাজনৈতিক নেতাকর্মী গ্রেফতার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্য ঘাটতি রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে জেলে থাকা ৮ হাজার নেতা-কর্মীকে (বিএনপি) মুক্তিদেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজ খবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্যে সংশোধন করবে-এটাই স্বাভাবিক। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও কারো সঙ্গে ঝগড়া করতে চাই না।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট থেকে প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে সিলেটের প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। সিলেটের উন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপকহারে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট করে দিয়েছে। সিলেটের মানুষও শেখ হাসিনাকে ভালোবাসেন, পছন্দ করেন।
দলের নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকার আহবান জানিয়ে কাদের বলেন, আমাদের হারানোর কিছু নেই। বিএনপি’র চোরাগোপ্তা হামলায় ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

বাংলাদেশ এখন কালাজ্বর ও ফাইলেরিয়ামুক্ত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর মধ্যে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সনদও আমরা পেয়েছি। ডব্লিউএইচওর যে গাইডলাইন ছিল, সেটা আমরা ফলো করেছি। মানসম্মত চিকিৎসা এবং ল্যাব স্থাপনেও আমরা বিশেষভাবে কাজ করেছি। একই সঙ্গে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত হয়েছে।
আজ সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে বিজয় লাভ, বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর মুক্ত হওয়া ও ফাইলেরিয়ামুক্ত-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা গত চার বছরের তথ্য ডব্লিউএইচওর কাছে প্রদান করেছি। তারা রিভিউ করে দেখেছে, বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে। এ কারণে গত ৩০ অক্টোবরের ডব্লিউএইচও আমাদের সনদ প্রদান করে। পৃথিবীর অন্য কোনো দেশ এখনো কালাজ্বর মুক্ত হতে পারেনি। আমরা একই সঙ্গে ফাইলেরিয়াও মুক্ত হয়েছি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা, পাঁচ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ৭৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা করা হয়েছে।

গাজায় ইসরায়েলি নিহত শিশুর সংখ্যা ছাড়াল ৪ হাজার

গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল। অবরুদ্ধ গাজা ভুখণ্ডে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৪০০৮ জন। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রোববার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় আল আকসা হাসপাতাল এ খবর নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির বা স্কুল কোনো কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল সেনারা ধারাবাহিকভাবে তাদের হামলা অব্যাহত রাখছে। এ ছাড়া গাজার জাওয়াদাই রোববার রাতের হামলা ১০ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, রোববার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এ জন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সেই সাথে ২৪৮ জনকে বন্দী করেও নিয়ে যায়। এরপর থেকে গত এক মাসে তীব্র ক্ষোভের বর্শবর্তী হয়ে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই ইস্যুতে রাজনৈতিক মহলেও সহিংসতা ছড়িয়েছে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ পর্যন্ত হয়েছে।
জাতিসংঘের দেওয়া তথ্য মতে, চলমান সহিংসতায় ২৩ লাখ গাজাবাসীর মধ্যে ১৫ লাখই বাস্তুচ্যুত হয়েছে।

রোববার মতিঝিল স্টেশন ব্যবহার করেছেন ১০ হাজারের বেশি মানুষ

মতিঝিল স্টেশনে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে রোববার (৫ নভেম্বর)। সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে এ দিন মতিঝিল স্টেশন ব্যবহার করে যাতায়াত করেছেন ১০ হাজারের বেশি মানুষ।
আজ সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সিস্টেমের তথ্য অনুযায়ী ১০ হাজারের বেশি মানুষ রোববার মতিঝিল স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে চড়েছেন। তবে কতজন মতিঝিল স্টেশনে নেমেছেন এবং উঠেছেন, সেই তথ্য আলাদা করে দেওয়া হয়নি।
গত শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন তিনি। এর ফলে ঢাকা সিটির মতো যানজটের শহরে ২০.১ কিলোমিটার পথ উড়াল সড়কে পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র ৩২ মিনিটে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকবে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাবে।
এমআরটি লাইন-৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে।

গাজায় হামলার বিরুদ্ধে জাতিসংঘের ১৮ সংস্থার বিবৃতি

জাতিসংঘের সংস্থার প্রধানরা গাজায় যুদ্ধবিরতির জন্য বিরল যৌথ আবেদন করেছেন। জাতিসংঘের ১৮টি সংস্থার নেতারা ইসরায়েল-হামাস যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সেখানে ইসরায়েলের ভয়াবহ হামলায় মৃতের সংখ্যায় হতবাক হয়েছেন তারা। এ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন সংস্থাগুলোর প্রধানরা।
জাতিসংঘের সকল সংস্থার প্রধানদের এমন যৌথ বিবৃতির ঘটনা বিরল। সংস্থাগুলোর নেতারা রোববার বিবৃতিতে বলেন, ‘আমাদের অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। ৩০ দিন হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। এটা এখনই বন্ধ করতে হবে।’
ইউনিসেফ, ইউএন উইমেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনসহ জাতিসংঘের অন্যান্য সকল সংস্থার প্রধানরা গত মাসে ইসরায়েলি এবং হামাসের হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজারর ৭৭০ জনে।নিহতদের মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু ও ২৫৫০ জন নারী।
বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা পর্যন্ত) গাজায় ইসরায়েলি হামলা অন্তত ২৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত ১৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২ হাজার ২০০ জন। সব মিলিয়ে গাজা ও পশ্চিম তীরে নিহতের মোট সংখ্যা ৯ হাজার ৯২৩ জন।
জাতিসংঘের নেতারা বলেছেন, ‘প্রায় এক মাস ধরে বিশ্ব ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্ঘাটন পরিস্থিতি দেখছে এবং ক্ষয়ক্ষতি ও ছিন্নভিন্ন প্রাণের ক্রমবর্ধমান সংখ্যায় মর্মাহত ও আতঙ্কের মধ্যে রয়েছে।’
জাতিসংঘের প্রধানরা সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে হাসপাতাল এবং স্কুলের মতো বেসামরিক অবকাঠামো রক্ষা করা এবং গাজায় সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এটা অগ্রহণযোগ্য যে গাজার জনসংখ্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই সাথে তাদের বাড়ি, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল এবং উপাসনালয়ে বোমাবর্ষণ করা হচ্ছে।

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে না হলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কাও। তাই কিছুটা হলেও মানসিকভাবে ভেঙে পড়েছে দুই দলই। তাদের সেই অস্বস্তি আরও বাড়িয়েছে দিল্লির বায়ু। এখানকার অস্বাস্থ্যকর বায়ুমানের কারণে একাধিক অনুশীলন সেশনও বাতিল করতে হয়েছে। একই ম্যাচ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা ছিল। তবে ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর, শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ম্যাচটি।
আজ সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।

দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা একাদশে ফিরেছেন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারতেœর জায়গায় খেলবেন তারা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বার দেখা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। মুখোমুখি সেই লড়াইয়ে এগিয়ে আছে লঙ্কানরাই। এখন পর্যন্ত বিশ্বকাপে একবারও তাদের হারাতে পারেনি টাইগাররা। সবশেষ ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের রানপাহাড়ে পিষ্ট হয়েছিল বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে দুই দলের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
এখন পর্যন্ত ৫৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মুখোমুখি জয়ের হিসেবে শ্রীলঙ্কা বেশ অনেকটা এগিয়ে। এখন পর্যন্ত ৪২ ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। আর বাংলাদেশের পক্ষে ফল এসেছে ৯ ম্যাচে। অবশ্য বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও আইসিসির অফিসিয়াল ম্যাচ না হওয়ায় সেই হিসাব এই পরিসংখ্যানে আসেনি।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

১০ লাখ রুপি প্রাইজমানি পাচ্ছেন ফখর জামান

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান পাকিস্তানের ওপেনার ফকর জামান। তার এই সেঞ্চুরিতে ভর করে জয়ও পায় পাকিস্তান। তাই ফকর জামানকে ১০ লাখ রুপি প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।
ফকর জামান ৮১ বলে আট বাউন্ডারি ও ১১ ওভার বাউন্ডারিতে ১২৬ রানের ইনিংস খেলেছেন। তার এ অসাধারণ সেঞ্চুরিতে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে বিম্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে পাকিস্তান।
ফখর জামানের ম্যাচ জয়ী ওই ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসা করে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেন, তিনি ৩৩ বছর বয়সি ওই ব্যাটারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং আগামীতেও তার কাছ থেকে এমন আরও ইনিংস দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পরের ম্যাচগুলোতেও পাকিস্তান দলের এমন সফলতা কামনা করে ফকর জামানের জন্য প্রাইজমানি দেয়ার ঘোষণা করেন পিসিবি প্রধান।
শনিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ফখর জামানের এমন ঝড়ো ইনিংসে ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানে জয়লাভ করে পাকিস্তান। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে দলটি।
৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মারমুখি ব্যাটিং শুরু করে পাকিস্তান। বিশেষ করে ফখর জামান মাত্র ৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ম্যাচের ২১.৩ ওভারে যখন বৃষ্টি হানা দেয় তখন তার ব্যাটিং পার্টনার বাবর আজমও পৌঁছে যান হাফ সেঞ্চুরিতে।
পরে ৪১ ওভারে ৩৪২ রানের সংশোধিত লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ফখর অপরাজিত ১২৬ রান করেন। অপরদিকে বাবর আজম অপরাজিত ৬৬ রান করেন। ফের বৃষ্টি আসার আগে ৪ ওভারে ৪০ রান যোগ করেছিলেন এই জুটি। শেষ পর্যন্ত আয়োজকরা ম্যাচটির যখন ইতি টানতে বাধ্য হয় তখন বৃষ্টি আইনে ২১ রানে এগিয়ে ছিল পাকিস্তান।