বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মঙ্গলবার সারাদেশে ২ হাজার স্কুল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সারাদেশে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার, ৪টি মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন হবে।
অনুষ্ঠানটি সব জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালি লাইভ প্রচার হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সুপারিন্টেনডেন্ট, পিটিআইয়ের কর্মকর্তাদের লাইভে যুক্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নবনির্মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন, কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার, ৪টি মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন (মোট ২০২৯টি ভবন) শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সব জেলার জেলা প্রশাসকের দপ্তর থেকে লাইভ সম্প্রচার করা হবে।
সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিন্টেনডেন্ট, পিটিআইকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে তথ্য উপাত্ত ও আওতাধীন কর্মকর্তা/প্রধান শিক্ষকসহ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করে নাম ফলক স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে।

চেলসি-সিটির ৮ গোলের খেলায় জিতল না কেউ

মহাকাব্যিক এক ম্যাচই উপভোগ করলো গোটা ফুটবল বিশ্ব। সুপার সানডেতে (রোববার) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসি ও ম্যানচেস্টার সিটির রুদ্ধশ্বাস এক লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা। যেই ম্যাচে ৮ গোল হলেও জেতেনি কেউ। চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসি-সিটির ধ্রুপদী লড়াইটি ড্র হয়েছে ৪-৪ গোলে।
শুধু গোল নয়, পুরো ম্যাচটাই ছিল বারুদে ঠাসা। একবার সিটি আক্রমণে ওঠে তো একবার চেলসি, একবার সিটি গোল দেয় তো পরক্ষনেই চেলসির ম্যাচে ফেরা!
চেলসির মাঠে প্রথম গোলটা ম্যানচেস্টার সিটির। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। ৪ মিনিট না যেতেই থিয়াগো সিলভা সেই গোল শোধ দেন। ৩৭ মিনিটে লিডও পেয়ে যায় স্বাগতিকরা। সাবেক সিটি ফুটবলার রাহিম স্টার্লিং এগিয়ে নেন ব্লুজদের। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যানুয়েল আকাঞ্জি ম্যাচে ফেরান সিটিজেনদের।
এদিকে, বিরতি থেকে ফিরেই আবার সিটির গোল। ম্যাচে দ্বিতীয়বার স্কোরশিটে নাম তোলেন হালান্ড। সেই গোল ধরেই এগোচ্ছিল ম্যাচ। তবে ৬৭ মিনিটে নিকোলাস জ্যাকসন স্বাগতিক সমর্থকদের স্বস্তি এনে দেওয়া গোলটি করেন। এরপর ৮৬ রদ্রির গোলে সিটির জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু ইনজুরি সময়ে আবারও ঘুরে দাঁড়ায় চেলসি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে অবিশ্বাস্যভাবে ১ পয়েন্ট এনে দেন সিটির আরেক সাবেক ফুটবলার কোল পালমার।
উপভোগ্য লড়াইয়ে পয়েন্ট খোয়ালেও লিগের ১২তম রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অপরদিকে, চেলসি ১৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দশম স্থানে।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

পূর্ব ভূমধ্যসাগরে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সামরিক বাহিনী বলছে, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে, তা উল্লেখ করেনি মার্কিন বাহিনী।

ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ ঘিরে যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেইসাথে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে। তাদের আশঙ্কা চলমান সংঘাত এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, সেনা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন জীবন বাজি রাখছেন। আমরা নিহত সব যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।

গাজার সবচেয়ে বড় দুই হাসপাতাল বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় দুটি হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই গুলি চালাচ্ছে। হাসপাতালের ভেতরে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে আটকে রেখেছে।

হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে অকালে জন্ম নেওয়া দুটি শিশুসহ ১২ জন রোগী মারা গেছেন।

অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে।

হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে। এর ফলে তারা হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন।

রোগীদের পাশাপাশি হাসপাতালটিতে ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। হামলায় ইতোমধ্যে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি নারী ও শিশু।

মিছিল নিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় মাশরাফি

নেতাকর্মীদের নিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউজ মাঠে এসে পৌঁছান। মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন অনেকে।
মাশরাফি ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল সহকারে জনসভায় যোগ দিচ্ছেন সকাল থেকেই।
সকাল থেকে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ। সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ব্যাজ, প্ল্যাকার্ডসহ নগরীর প্রধান সড়ক দিয়ে মিছিল শোডাউন করছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর সার্কিট হাউজ মাঠসহ আশপাশের রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। সাদা, হলুদ, লাল রঙের টিশার্ট ও টুপি পরে বাহারি সাজে সেজেছেন। অনেকেই লাল সবুজের পতাকার রঙে পোশাক পরে নৌকা মাথায় ও হাতে নিয়ে জনসভাকে সফল করতে এসেছেন।

যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল

গাজা যুদ্ধ শেষ হলেই ইসরায়েল কর্তৃপক্ষ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, গাজার নিরাপত্তা দেখভাল তারাই করবে। এ কাজে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হবে না।
এছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজায় আপাতত ইসরায়েল কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
এর বদলে গাজায় সর্বশক্তি প্রয়োগ করে সামরিক অভিযান অব্যাহত রাখা হবে।
তিনি বলেছেন, ‘আমাদের সব সেনাদের নিয়ে, আমাদের সর্বশক্তি নিয়ে— বিজয়ের আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ’
শনিবার রাতে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতানিয়াহু।
তিনি বলেন, বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করব এবং আমাদের বন্দীদের রক্ষা করব।
তিনি বলেন, গাজার কোনো শিশু যাতে ইসরায়েলকে ঘৃণা করতে না শেখে এজন্য তারা এই পদক্ষেপ নেবেন। হামাস বাস্তব অর্থে উত্তর গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাকে ঘিরে ফেলেছে। তারা এখন আশ-শিফা হাসপাতালের আশপাশে রয়েছে এবং অনেক হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
নেতানিয়াহু দাবি করেন, উত্তর গাজার নিয়ন্ত্রণ হারানোর পর সেখানে হামাসের জন্য লুকানোর কোনো নিরাপদ জায়গা নেই। হামাসের সব যোদ্ধাকে হতা করা হবে। এ মিশন সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা থামব না।
ইসরাইলের নিহত সেনাদের পরিবারের লোকজনকে আশ্বস্ত করে বলেন, তাদের আত্মত্যাগ এবং বীরত্বগাথার মূল্য দেওয়ার জন্য আমরা সবকিছু করছি।
নেতানিয়াহু বলেন, যুদ্ধের পর কে গাজা শাসন করবে সেটি ইসরায়েলের কাছে বড় বিষয় নয় বরং সেখানে ইসরায়েল এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে যাতে ইসরায়েলি সেনারা যেকোনো মুহূর্তে গাজায় প্রবেশ করতে পারে। ‘হত্যাকারীদের’ হত্যা করতে পারে।

এবার নরেন্দ্র মোদীর লেখা গান গ্র্যামির মঞ্চে!

বিশ্বসংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঘড়ির কাঁটা মধ্যরাত ছোঁয়ার আগেই বড় সারপ্রাইজ পেল গোটা ভারত। পুরস্কারের বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে তাঁর ‘অ্যাবানডেন্স অফ মিলেটস’ শীর্ষক গানটি।
২০২৩ সালকে মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করেছে ইউনাইটেড নেশনস।
বছরের গোড়া থেকেই এই শস্যের উৎপাদন বৃদ্ধি ও উপকারিতার প্রচারে গুরুত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে গ্র্যামি পুরস্কার জয়ী ফাল্গুনী শাহের সঙ্গে লিখে ফেলেন, ‘হোয়াট ইফ উই কুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’।
গানের মূল ভাষা ইংরাজি হলেও, হিন্দি শব্দের ব্যবহারও করা হয়েছে ‘অ্যাবানডেন্স অফ মিলেট্‌স’ গানে। গায়িকা ও গীতিকার ফাল্গুনী শাহের জন্ম মুম্বাইতে। সঙ্গীত জগতে তিনি ফালু নামেই প্রসিদ্ধ। গত জুন মাসে মুক্তি পেয়েছিল এই গান। সেই সময় ফালু জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমার স্বামী গৌরব এই গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি— এই দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে। ’
গত বছর আ কালারফুল ওয়ার্ল্ড’এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনী। এরপরই গ্র্যামি হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, সেইসময়ই মিলেট নিয়ে গান তৈরির ভাবনা মাথায় আসে তাঁর।
বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটেগরিতে ফাল্গুনী, গৌরব ও মোদী ছাড়াও মনোনয়ন কুড়িয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডো-র ফিল-সহ আরও অজস্র নামীদামী শিল্পীর গান।

ডলার সংকটে বাড়তি প্রণোদনা : আশা জাগাচ্ছে রেমিট্যান্স

তীব্র সংকট সৃষ্টি হয়ে দেশে ডলারের বাজারে অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে। বেঁধে দেওয়া দামে ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। বিশেষত, খোলাবাজারে ডলারের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। খোলাবাজারে ডলারের নিয়ন্ত্রণ এখন কালোবাজারিদের দখলে।
সবশেষ গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) খোলাবাজারে প্রতি ডলার ১২৭ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এরপরও ক্রেতারা চাহিদা মতো ডলার পাচ্ছেন না। গত বেশ কদিন ধরেই প্রতি ডলার লেনদেন চলছে ১২৪ টাকা পর্যন্ত।
ডলার সংকটে আমদানির দেনা পরিশোধ করতেও হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে। গত সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি করা হবে না। এ অবস্থায় ডলার সংকট নিরসনে সরকারের কোনো উদ্যোগই যেন কাজে আসছে না। এমন পরিস্থিতিতে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২ থেকে ১৪ টাকা বাড়তি দামে প্রবাসী আয় কিনছে ব্যাংকগুলো। ফলে সংকটময় পরিস্থিতিতে বাড়তে শুরু করেছে ডলার আয়ের অন্যতম উৎস রেমিট্যান্স।
চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৯ কোটি ৪৪ হাজার ডলার। এতে দৈনিক আসছে ৭ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে আসা ৭৯ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের (বিকেবি) মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭২ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ লাখ ৫০ হাজার ডলার। এসময়ের মধ্যে ১০টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দুই হাজার ১৬১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা কোনো একটি অর্থবছরে এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।
রেমিট্যান্সের প্রতি ডলারে ১১৫ টাকার বেশি নয়: রেমিট্যান্সের ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে ১২২ টাকার বেশি দাম দেওয়ার তথ্য গণমাধ্যমে আসার পরই জরুরি বৈঠকে বসে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা। গত বুধবার (৮ নভেম্বর) যৌথ বৈঠকে নতুন সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি। সিদ্ধান্ত মোতাবেক, এখন থেকে প্রবাসী আয়ে ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ ডলারের দাম কোনোভাবেই ১১৫ টাকার বেশি দেওয়া যাবে না।

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৭৪৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় দুইজন এবং ঢাকার বাইরে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৭৪৮ জন।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৪৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৬৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৬১৩ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯১ হাজার ৮৩২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৮৪ হাজার ১৭৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৩৯৭ জন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে নভেম্বর মাসেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত আছে। চলতি বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

রাহুল-আয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪১০ রানের পাহাড় ভারতের

টানা ৮ ম্যাচ জিতে আগেই রাউন্ড রবিন লিগের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। তাই আজকের ম্যাচটি তাদের জন্য কেবল নিয়ম রক্ষার। এমন ম্যাচেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় যায়নি স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। ডাচদের বিপক্ষে ম্যাচটাকে হয়তোবা ‘ম্যাচ সিনারিওতে অনুশীলন’ হিসেবেই নিয়েছে তারা! এমনটা হলে ব্যাটারদের অনুশীলন বেশ ভালোই হয়েছে। আজ যতজন ব্যাটার আউট হয়েছেন, তাদের সবাই অন্তত ফিফটি পেয়েছেন।
রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে ভারত। অর্থাৎ নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য ৪১১ রানের। ভারতের হয়ে অপরাজিত ১২৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুলও।
ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার গিল ও রোহিত। প্রথম ১০ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে তোলে ৯১ রান ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার পর হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। তরুণ এই ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ৩০ বলে। যদিও হাফ সেঞ্চুরির পর দ্রুতই ফিরতে হয়েছে তাকে। পল ভ্যান মেকেরিনের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরেছিলেন গিল। তবে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা নিদামানুরু লাফিয়ে উঠে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিলে গিলকে ফিরতে হয়ে ৫১ রানের ইনিংস খেলে।
গিল ফেরার পরও হাফ সেঞ্চুরি পেয়েছেন রোহিতও। পঞ্চাশ ছুুঁতে ভারতের অধিনায়ককে খেলতে হয়েছে ৪৪ বল। গিলের মতো হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন রোহিতও। বাস ডি লিডের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ব্যারেসির হাতে ধরা পড়েছেন ৬১ রান করা এই ব্যাটার। এরপর শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ভারতকে টানতে থাকেন কোহলি। তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। যদিও তাকে ফিরতে হয়েছে ৫১ রানের ইনিংস খেলে।
এর পরের গল্পটা কেবলই আইয়ার ও রাহুলের। ৪৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া আইয়ার তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন ৮৪ বলে। সেঞ্চুরির পর আরও দ্রুত রান তুলতে থাকেন আইয়ার। ডানহাতি এই ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দেয়া রাহুলও সেঞ্চুরির দেখা পেয়েছেন। ডি লিডকে ছক্কা মেরে ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন রাহুল। যদিও সেই ওভারেই আউট হয়েছেন তিনি।
রাহুলকে থামতে হয়েছে ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলে। রাহুলের বিদায়ে ভাঙে আইয়ারের সঙ্গে তার ২০৮ রানের জুটি। এদিকে শেষ পর্যন্ত ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আইয়ার। ভারত পায় ৪১০ রানের পুঁজি। নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন ডি লিড।