বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

অ্যাপে সমস্যা জানালে ২৪ ঘণ্টায় ব্যবস্থা : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সড়কে ম্যানহোলের ঢাকনা না থাকা বা সিটির যেকোনো সমস্যা অ্যাপসের মাধ্যমে জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দ্য আর্থ ও ক্লাইমেট পার্লামেন্টের পার্লামেন্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় শুরু হয়েছে দুদিনের গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট। আজ থেকে শুরু হওয়া এসডিজি সামিট চলবে শনিবার (১৮ নভেম্বর) পর্যন্ত।
আতিকুল ইসলাম বলেন, সবার ঢাকা অ্যাপসের মাধ্যমে যে কেউ অভিযোগ করতে পারবেন। অভিযোগ করলে,আমরা উত্তর দিতে পারব। আমি চাই আমরা সবাই মেয়রের দায়িত্ব পালন করি। কেউ হয়তো সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন দেখলেন ম্যানহোলের ঢাকনা নেই। ছবি তুলে অ্যাপসের মাধ্যমে অভিযোগ দেন, এরপর দেখেন। আমি কথা দিচ্ছি এরকম ঘটনা জানতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা অবৈধ দখল ও পরিবেশ দূষণ নিয়ে কাজ করতে চাই। আমরা ২৪টি খেলার মাঠ উদ্ধার করেছি। আরো যেসব খেলার মাঠ উদ্ধার করতে হবে আমাকে জানান অ্যাপসের মাধ্যমে।
ঢাকা উত্তর সিটির সব ধরনের ট্যাক্স দিতে এখন আর অফিসে যেতে হবে না জানিয়ে মেয়র বলেন, অনলাইনের মাধ্যমেই ট্যাক্স দিতে পারবেন।
অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের এসডিজি কো-অর্ডিনেটর মো. আখতার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম।
ইউএনডিপির ইয়ুথ কো-অর্ডিনেটর, দ্য আর্থের প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন মিয়া ও প্রোগ্রাম অফিসার মাহমুদুল হাসান কি-নোট উপস্থাপন করেন।

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন নিয়ে খেলা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বানচাল করতে চাইছে, নির্বাচন বানচাল করতে পারবে না।
আজ শুক্রবার (নভেম্বর ১৭) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অস্ত্র হাতে রাতে অন্ধকারে না, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে। সবসময় আমাদের লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। যখনই আমরা সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয়, তার ব্যবস্থা করেছি। নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন পর্যন্ত করে দিলাম। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।
তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই স্লোগান দিয়ে আমরা মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করি এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করি।
শেখ হাসিনা বলেন, বিএনপি ২০০৬ সালে এক কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করে। কিন্তু সেই নির্বাচন বানচাল হয়ে যাওয়ায় তারা তা করতে পারেনি। এর ফলে জরুরি অবস্থা জারি করা হয়। কাজেই ভোট চুরি করলে এ দেশের মানুষ মেনে নেয় না।

কাল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শেখ হাসিনা

আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র কিনবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

নতুন হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

অ্যাভনগার্ড-সজ্জিত নতুন আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। মূলত যুক্তরাষ্ট্রর ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতেই এ সংযোজন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নতুন এ ক্ষেপণাস্ত্র রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাংশের ওরেনবুর্গ প্রদেশে মোতায়েন করা হয়েছে। মস্কোর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শব্দের গতির চেয়ে ক্ষেপণাস্ত্রটি প্রায় ২৭ গুণ বেশি বা ঘণ্টায় ২১ হাজার মাইল গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
এসব ক্ষেপণাস্ত্রে বাধাগ্রস্ত করা ‘প্রায় অসম্ভব’ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈশ্বিকভাবে সামরিক শক্তি অর্জনে এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করে মস্কো।
এর আগে ২০১৯ সালে ওরেনবুর্গে প্রথম অ্যাভনগার্ড-সজ্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাশিয়া।
খবর রয়টার্স

জার্মানিতে হিজবুল্লাহপন্থি সংগঠনের অফিসে তল্লাশি

জার্মানিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপন্থি একটি সংগঠনের অফিসে তল্লাশি চালানো হয়েছে। ইসলামিক সেন্টার অব হামবুর্গ নামের ওই সংগঠনের সঙ্গে যুক্ত ৫৪টি জায়গায় তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইসলামিক সেন্টার অব হামবুর্গ (আইজেডএইচ) জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে সমর্থন করে এবং তারা জার্মানির সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করছে বলে তাদের সন্দেহ। তল্লাশির পর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তথ্য সংগ্রহের জন্যই এই তল্লাশি চালানো হয়েছে।’
২০২০ সালে জার্মানি হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে ও জার্মানিতে তাদের কার্ষকলাপ নিষিদ্ধ করা হয়।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা বলেছেন, বেশ কিছুদিন ধরে আইজেডএইচের ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। ফেজা বলেন, ‘এখন এই সময়ে অনেকেই মনে করছেন ইহুদিদের ভয় দেখানো হচ্ছে। ফলে রাষ্ট্রের পক্ষে ইহুদিবিদ্বেষী এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন মেনে নেওয়া সম্ভব নয়।’
তিনি জানিয়েছেন, ‘আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কড়া মনোভাব নিতে হবে। প্রত্যেকটি যুক্তিগ্রাহ্য সন্দেহকে গুরুত্ব দিতেই হবে।’
এসপিডির নেতা ও হামবুর্গের সিনেটর অ্যান্ডি গ্রোট জানিয়েছেন, ‘এই তল্লাশি হলো আইজেডএইচের ওপর কঠিন আঘাত এবং ওদের সময় এখন শেষ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি আইজেডএইচ হামবুর্গ থেকে মুছে য়ায়, ততই ভালো। আমরা আজ তারই কাছাকাছি এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমার আশা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে রায় দেবে। আইজেডএইচ শিগগিরই বন্ধ হয়ে যাবে।’
আইজেডএইচ কী?
জার্মানির গোয়েন্দারা মনে করেন, আইজেডএইচ হলো ইরানপন্থি এমন একটি সংগঠন যাদের মসজিদ ও মুসলিম সংগঠনগুলোর ওপর প্রভূত প্রভাব আছে, এমনকি তারা এদের নিয়ন্ত্রণও করে। আইজেডএইচ হামবুর্গে একটি মসজিদও পরিচালনা করে। এই মসজিদের নাম ব্লু মসজিদ।
১৯৫৩ সালে ইরান থেকে আসা অভিবাসীরা এই সংগঠন তৈরি করেছিলেন। তাদের কাজ ছিল, ইরানের বিপ্লবী মতাদর্শ প্রচার করা।
খবর ডয়চে ভেলে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২৯ হাজার ৬৪৯টি ইয়াবা ট্যাবলেট ও ৪৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।

চলমান সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতি ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাতের অবসান ঘটাতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জাতিগুলোর মধ্যে আস্থার ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘এই যুদ্ধরত দেশগুলো এবং জড়িত আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা জরুরি।’
প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকায় তাঁর সরকারি বাসভবন গনভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ‘দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এ অংশ নিয়ে দেওয়া ভাষণে একথা বলেন। ভারত ভার্চুয়াল প্ল্যাটফর্মে ১২৫টি দেশের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করেছে।
তিনি বলেন, আজকের শীর্ষ সম্মেলনের থিম, ‘সবার সাথে সকলের প্রবৃদ্ধির জন্য সকলের বিশ্বাসের সঙ্গে’ সবচেয়ে সময়োপযোগী কারণ, আমাদের বিশ্ব আজ যে গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হচ্ছে, তা হলো ‘বিশ্বাসের ঘাটতি’।
তিনি আরও বলেন, ‘যেমনটা আছে আমাদের বিশ্বের অসহনীয় দারিদ্র্য, অবাঞ্ছিত বৈষম্য, অসহনীয় সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনের বিপর্যয়মূলক হুমকি।’
এ ছাড়া শেখ হাসিনা বলেন, গ্লোবাল সাউথের জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান দুর্ভোগ হিসেবে এখন নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

সরকারপ্রধান বলেন, ‘এই সংকটময় মুহূর্তে বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং ‘প্রত্যেকের প্রবৃদ্ধি’ অর্জনের জন্য ‘প্রত্যেকের বিশ্বাস’ শক্তিশালী করতে হবে।’
প্রধানমন্ত্রী নির্মম হত্যাযজ্ঞের মুখে অসহায় ফিলিস্তিনিদের মর্মান্তিক, অমানবিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
‘এখন সময় আমাদের সকলের এক বিশ্ব হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সংঘাতের অবসান দাবি করার,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী ‘দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট-২০২৩’ আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘জি-২০ প্রেসিডেন্সির মাধ্যমে ক্রমাগত গ্লোবাল সাউথের আওয়াজ তুলে ধরার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’
সম্মেলনের উদ্বোধনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এটাই সময় গ্লোবাল সাউথের দেশগুলোকে বৃহত্তর বৈশ্বিক মঙ্গলের জন্য, এক পরিবার, এক ভবিষ্যতের জন্য এক সুরে কথা বলতে হবে। আমাদেরকে একসঙ্গে এগিয়ে যেতে হবে ‘পাঁচটি সি’ এর পথপ্রদর্শক নীতি নিয়ে। যেগুলো হচ্ছে: সমাবর্তন, সহযোগিতা, যোগাযোগ, সৃজনশীলতা এবং সক্ষমতা বৃদ্ধি।’
শেখ হাসিনা তাঁর ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের মধ্যে সংঘাতে বেসামরিক মানুষের মৃত্যুর পাশাপাশি গত ৭ই অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলার নিন্দা জানান।
মোদি আরও বলেন, ভারত ফিলিস্তিনের মানুষের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে।
শেখ হাসিনা বলেন, গ্লোবাল সাউথ আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। তবে আমরা প্রায়শই বিভিন্ন আর্থসামাজিক চ্যালেঞ্জের ঝুঁকিতে থাকি।’
সরকারপ্রধান বলেন, ‘প্রত্যেকের বিশ্বাস’ এর উপর ভিত্তি করে আরও ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করতে গ্লোবাল সাউথের জন্য আরও জায়গা এবং বলার অনুমতি দিয়ে এগুলোকে সমাধান করা দরকার। বাংলাদেশ এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেন, ‘বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজন অর্জনের বিষয়ে আমাদের অভিজ্ঞতাগুলো গ্লোবাল সাউথের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথ ও বিশ্বের উন্নতির জন্য পাঁচটি সুপারিশ করেছেন
সুপারিশগুলো হলো-
প্রথম, শান্তির প্রচারের প্রবল সমর্থক হিসেবে আমি বিশ্বাস করি মানবতার সার্বিক কল্যাণের জন্য বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যাবশ্যক।
গ্লোবাল সাউথকে অবশ্যই একতরফা নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট বজায় রাখতে হবে।
দ্বিতীয়, নারী, বিশ্ব জনসংখ্যার অর্ধেক হিসেবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রাণবন্ত সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নারী নেত্রী হিসেবে আমি নিশ্চিতভাবে জানি যে নারীর ক্ষমতায়ন একটি উজ্জ্বল এবং আরও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য একটি কৌশলগত প্রয়োজন।
তৃতীয়, বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জন্য সমস্ত প্রচেষ্টা অত্যাবশ্যক। গ্লোবাল সাউথে জলবায়ু অভিযোজনের জন্য বর্ধিত অর্থায়ন এবং প্রাসঙ্গিক প্রযুক্তি স্থানান্তর অপরিহার্য।
চতুর্থত, প্রধান জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে গ্লোবাল সাউথের উচিত সকলের জন্য উন্নত জীবন প্রদানের জন্য এবং আয়োজক ও স্বদেশ উভয় দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে উন্নয়ন প্রক্রিয়ায় অভিবাসনকে প্রবাহিত করা।
পঞ্চম, স্বল্পোন্নত দেশগুলো কভিড-১৯ এবং বিশ্বের বিভিন্ন অংশে সংঘাতের ফলে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
আমি এখানে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার এবং অন্যান্য সুযোগ-সুবিধা একটি উল্লেখযোগ্য সময়ের জন্য স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক হতে যাওয়ার এবং স্নাতক হওয়ার পরেও অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।
পরিশেষে, আমি বিশ্ব মানবসম্পদ উন্নয়নের জন্য সাউথ-সাউথ এবং ট্রায়াঙ্গুলার সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিচ্ছি। আমি উন্নয়ন অংশীদার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারদের উদারভাবে একটি উন্নত ভবিষ্যতের জন্য গ্লোবাল সাউথকে সমর্থন করার আহ্বান জানাই।

৫ দিনেও উদ্ধার হয়নি টানেলে আটকে পড়া ৪০ শ্রমিক

ভারতে টানেল দুর্ঘটনায় আটকে পড়া ৪০ শ্রমিককে ১২০ ঘণ্টা পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন নতুন যন্ত্র দিয়ে নতুন উদ্যমে উত্তরকাশীর নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।
এর আগে বিমানবাহিনীর হেলিকপ্টারে দিল্লি থেকে উত্তরাখণ্ডে উড়িয়ে আনা হয় ‘আমেরিকান অগার’ নামে ২৫ টন ওজনের ওই খনন-যন্ত্র। সব কটি খণ্ড সিল্কিয়ারার বিপর্যয়স্থলে পৌঁছানোর পরে জোড়া শুরু হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে প্রতিমন্ত্রী ভি কে সিংহের উপস্থিতিতে শুরু হয় ধ্বংসস্তূপ খনন।
সিল্কিয়ারা থেকে বারকোটের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে রোববার সকাল থেকে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। পশ্চিমবঙ্গের হুগলির দুজন ও কোচবিহারের একজন আছেন তাদের মধ্যে। উদ্ধারকাজে নেতৃত্ব দিচ্ছেন কর্নেল দীপক পাটিল।
তিনি জানান, ‘নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড’ অনুযায়ী কাজ হচ্ছে। এতে সামনে থাকা পাথরের প্রকৃতি বুঝে খননের পদ্ধতি ঠিক করতে করতে এগোনো হয়। প্রথম যে যন্ত্র দিয়ে খনন শুরু হয়েছিল, শক্ত পাথরের সামনে সেটি বিকল হয়ে পড়ে।
খননের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে লোহার পাইপ জুড়তে জুড়তে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক হয়েছে, পাইপের কমবেশি তিন ফুটের গহ্বর দিয়ে আটকে থাকা শ্রমিকেরা কোনো রকমে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে পারবেন। কেউ যদি হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় না থাকেন, তাকে এক রকমের বেল্টের জ্যাকেট পরিয়ে বা স্ট্রেচারে শুইয়ে টেনে বার করার কথা ভাবা হয়েছে।
মন্ত্রী ভি কে সিংহ এ দিন বলেন, আমরা চেষ্টা করছি, আর দুই থেকে তিন দিনে উদ্ধার অভিযান শেষ করার। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। জাতীয় বিপর্যয় উদ্ধার বাহিনী জানিয়েছে, ঘণ্টায় পাঁচ মিটার মতো খুঁড়তে পারে নতুন যন্ত্রটি। খননের চেষ্টা চলাকালীন ছাদ থেকে যে পাথর খসে পড়েছে, তা যোগ করে খুঁড়তে হবে মোট ৭০ মিটারের মতো। সেই হিসাবে সব মিলিয়ে ১২ থেকে ১৫ ঘণ্টা লাগার কথা। তবে ছাদের ঢালাই থেকে বেরিয়ে আসা লোহার মতো বাধা পড়তে পারে সামনে। বা ছাদ থেকে ধসতে পারে আরও পাথর। রাত পর্যন্ত পাওয়া খবরে, এ দিন ১২ মিটার মতো ধ্বংসস্তূপ খনন করা গেছে।
বুধবার রাত ২টো নাগাদ উত্তরকাশী জেলায় ভূমিকম্প টের পাওয়া গেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ১। তবে সুড়ঙ্গের ধসে তার কী প্রভাব পড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। আজ মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, দুর্ঘটনার পরে রাজ্যের সব সুড়ঙ্গ তৈরির প্রকল্প এবার খতিয়ে দেখা হবে। ধামী বলেছেন, এ রকম সুড়ঙ্গ আমাদের আরও দরকার ও তৈরিও হচ্ছে। তৈরি যেখানেই হোক না কেন, আমরা সেগুলো খতিয়ে দেখছি।
সুড়ঙ্গে অক্সিজেন পাঠানোর সরু পাইপ দিয়ে আটকে থাকা শ্রমিকদের প্রয়োজনীয় রসদ পাঠানোর পাশাপাশি ওই পাইপ দিয়েই তাদের সঙ্গে কথা বলছেন পরিজন ও কর্মকর্তারা। তাদের মনোবল অটুট রাখার চেষ্টা করা হচ্ছে। দ্বিগ্ন না হতে বলতে। মহাদেব বলছেন, ‘আমি ঠিক আছি, ঠিক আছি কাকা।’
চিকিৎসকেরা জানাচ্ছেন, উদ্ধারের সঙ্গে সঙ্গে শ্রমিকদের শারীরিক ও মানসিক চিকিৎসার দরকার পড়বে। তাদের রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য ঠিক না-ও থাকতে পারে। দীর্ঘক্ষণ মাটির নিচে ঠান্ডায় থাকার ফলে বেরিয়ে আসার পরে তাপমাত্রা নিয়ন্ত্রণে অপ্রস্তুত হয়ে পড়তে পারে তাদের শরীর। সুড়ঙ্গের কাছেই চিকিৎসা কাঠামো তৈরি রাখা হয়েছে। তবে উদ্ধারের পরে আতঙ্কের চোটটাই সব থেকে বড় হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
খবর এনডিটিভি

অধিনায়কত্ব পেয়ে যা বললেন শাহিন আফ্রিদি

বিশ্বকাপে ভরাডুবিতে চরম সমালোচনার মুখে পড়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এতে দেশে ফিরেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়েন এই ব্যাটর। বুধবার (১৫ নভেম্বর) বাবর দায়িত্ব ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
যেখানে টি-টোয়েন্টিতে দায়িত্ব দেয়া হয় তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। দায়িত্ব পেয়ে আফ্রিদি জানিয়েছেন, মাঠের ক্রিকেটে পাকিস্তানের গৌরব ধরে রাখতে কাজ করবেন তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইট) আফ্রিদি লিখেন, ‌‘পাকিস্তানের-টোয়েন্টি ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি দলের চেতনা ধরে রাখতে এবং ক্রিকেট মাঠে আমাদের দেশের গৌরব ধরে রাখতে আমার সেরাটা দেব। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই আমাদের সাফল্য নিহিত। আমরা শুধু একটি দল নই; আমরা সবাই ভাই, এটি একটি পরিবার। চলো আমরা একসাথে জেগে উঠি।’
আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিক দায়িত্ব নিবে আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করেছেন আফ্রিদি। ২০২২ এবং ২০২৩ সালে দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি।

প্রবাসী সাংবাদিক ও বাঙালিরা দেশ ধ্বংসের খেলায় মেতেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে কথা বলতে বাধ্য করছে প্রবাসী নাগরিকরা। এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন। তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ও বাঙালিরা দেশ ধ্বংসের খেলায় মেতেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি বাজারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার নিয়ে কেন কথা বলে না এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা হয় না। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ইচ্ছাও নেই তাদের।
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে পরামর্শ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্র চাইলে পরামর্শ দিতে পারে। যেগুলো দেশের মানুষের জন্য ভালো- সেগুলো গ্রহণ করি।
সংঘাত দূর করতে সবার অন্তরিকতা দরকার জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সংঘাতের পথ বেছে নিয়েছে।