মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

সবার সঙ্গেই নাকি প্রেম করেছি : নার্গিস

ক্যারিয়ারে বয়স যুগ পেরিয়ে গেলেও সেভাবে নিজের অবস্থা তৈরি করতে পারেননি অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে নিয়মিতই প্রেম নিয়ে থাকেন আলোচনায়। গুঞ্জন রয়েছে ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘রকস্টার’-এর শুটিং চলাকালীন সিনেমাটির নায়ক রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের।
সেই সময় নিজের চর্চিত প্রেমজীবন নিয়ে মুখ খোলেননি তিনি। অবশেষে বিষয়টি নিয়ে এক যুগ পর বুলি ফুটলো নার্গিসের মুখে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে নার্গিসকে রণবীরের সঙ্গে তার সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে নার্গিস বলেন, ‘আমি তো বলিউডে যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই নাকি আমি প্রেম করেছি। প্রতিদিন এমন একটা করে লেখা পড়তাম আমি। একদিন তো আমি শুনতে পাই, আমি নাকি শহীদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। আর সেখানে নাকি আমার মা এসেছেন, শহীদের সঙ্গে দেখা করতে। অথচ আমার মা কোনোদিন এখানে আসেননি।’

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও ২০১৩ সাল থেকে অভিনেতা আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরবর্তীতে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন এই অভিনেত্রী। যদিও ২০১৮ সালে ৫ বছরের সম্পর্কের ইতি টানেন এই যুগল।

হামাসের যেসব শর্ত মেনে যুদ্ধবিরতিতে ইসরায়েল

অবশেষে চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। বন্দি বিনিময়ের শর্তে এই যুদ্ধবিরতির অনুমোদন দেওয়া হয়। তবে নতুন এই চুক্তি অনুযায়ী ইহুদি অধ্যুষিত ইসরায়েলকে মানতে হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বেশকিছু শর্ত।
টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচল বন্ধ রাখবে ইসরায়েলকে। চিকিৎসা ও জ্বালানিসহ শতশত মানবিক সহায়তার ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। যুদ্ধবিরতিকালীন চার দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ড্রোন উড়ানো বন্ধ থাকবে।
ওই বিবৃতিতে হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে কাউকে আক্রমণ বা গ্রেফতার না করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সালাহ আল-দ্বীন স্ট্রিটে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার শর্তও দিয়েছে হামাস।
এদিকে যুদ্ধবিরতি অনুমোদন দেওয়ার পর এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল সরকার সমস্ত জিম্মিকে দেশে ফেরত দিতে বাধ্য।
মন্ত্রিসভায় অনুমোদিত চুক্তি অনুযায়ী অন্তত ৫০ জন জিম্মিকে (নারী ও শিশু) চার দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। এই সময়ের মধ্যে লড়াইয়ে বিরতি দেওয়া হবে।
হামাসের কাছে বন্দি সমস্ত নাগরিককে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলি সরকার, সেনাবাহিনী ও নিরাপত্তা পরিষদ যুদ্ধ চালিয়ে যাবে। হামাসকে সম্পূর্ণ নির্মূলের মাধ্যমে নিশ্চিত করা হবে গাজায় ইসরায়েলের জন্য কোনো হুমকি থাকবে না।

বন্দী বিনিময় চুক্তি মানেই যুদ্ধ শেষ নয় : নেতানিয়াহু

ফিনিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, বন্দী বিনিময় চুক্তি মানেই যুদ্ধ শেষ নয়। তিনি বলেন, কোনো অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে বন্দীদের মুক্তি দেয়া মানেই, যুদ্ধের সমাপ্তি ঘটাবে না। খবর আল জাজিরা
দেশটিতে মন্ত্রিসভা ভোটের আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাইরে অনেক আজেবাজে কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে, আমাদের অপহরণকৃতদের নাগরিকদের ফিরিয়ে দেয়ার পরে আমরা যুদ্ধ বন্ধ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা যুদ্ধে আছি, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা হামাসকে ধ্বংস করব, আমরা আমাদের সকল অপহরণকৃত নাগরিক এবং নিখোঁজদের ফিরিয়ে (পরিবারের কাছে) দেব। আমরা নিশ্চিত করব, গাজায় এমন কোনো দল থাকবে না, যারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ সময় যেকোনো বিরতির পর ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধের জন্য ‘পুনরায় প্রস্তুত’ থাকবে বলেও জানান বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় এক হাজার ২০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়। দুই শতাধিক নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। পরে ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থল অভিযানে অবরুদ্ধ হয়ে পড়ে গাজা উপত্যকা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে এখন পর্যন্ত গাজায় ১৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে অন্তত ৫ হাজার শিশুও রয়েছে।
ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধে চলমান ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। এ চুক্তির বিষয়ে ‘‘চূড়ান্ত পর্যায়ে’’ পৌঁছেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। মঙ্গলবার (২১ নভেম্বর) কাতার সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এক ফ্রেমে বিজয় সেতুপতি ও জয়া

ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। যেখানে দেখানো হয়েছে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এদিন ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন জয়া।
যেখানে তার সঙ্গে দেখা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতির। সেই মুহূর্ত ফেমবন্দী করতে ভুল করেননি জয়া।
মঙ্গলবার বিকেলে ‘জওয়ান’ সিনেমার খলনায়কের সঙ্গে তোলা সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জয়া। যেখানে বিজয় সেতুপতিকে স্যার বলে সম্বোধন করেছেন তিনি।

দেশের জনপ্রিয় অভিনেত্রীকে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতার সঙ্গে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। জয়া যেভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে বলিউডে নাম লিখিয়েছেন, ভবিষ্যতেও তাকে বিজয় সেতুপতির সঙ্গে এক সিনেমায় দেখতে চেয়েছেন অনুরাগীরা।
এমনকি বিজয় সেতুপতিকে স্যার সম্বোধন করায় এই অভিনেত্রীর প্রশংসাও করেছেন নেটিজেনরা। কারণ গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করা বিজয়কে স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খানও স্যার বলে সম্বোধন করেছিলেন।
‘জওয়ান’ সিনেমা বাদেও ক্যারিয়ারে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বিজয় সেতুপতি। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এই তারকার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো, গোলশূন্য প্রথমার্ধ

নিরাপত্তারক্ষীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের পর মাঠে গড়িয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এখন চলছে ম্যাচের বিরতি। কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি প্রথমার্ধে। তবে ক্ষণে ক্ষণে সংঘর্ষে জড়িয়েছে দু’দলের খেলোয়াড়রা। প্রথমার্ধে দু’দল ফাউল করেছে ২২টি। যার মধ্যে ১৬টিই করেছে ব্রাজিল।
ঐতিহাসিক মারাকানায় দুদলের জাতীয় সংগীতের সময় স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর্জেন্টিনার সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যালারিপানে ছুটে যান দু’দলের ফুটবলাররা। কিন্তু প্রাথমিকভাবে ব্যর্থ হোন মেসি-মারকুইনোসরাও। একপর্যায়ে মাঠ ছেড়ে লকাররুমে চলে যান আর্জেন্টিনা দলের সব ফুটবলার। পরে মাঠে নেমে তর্কে জড়িয়ে পরতে দেখা যায় দুদলের ফুটবলারদের।
তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু হয় সুপার ক্ল্যাসিকো। ২০২১ সালে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে এ মারাকানা স্টেডিয়ামে দুদলের ম্যাচ বাতিল হয়েছিলো। সেবার করোনায় কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিপক্ষে কোয়ারেন্টিন নীতি ভাঙ্গার অভিযোগ তুলে তাদের খেলতে দিতে বাধা দেয় ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা।
বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় খেলার শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় সকাল ৭টায়। শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে থেকেই এদিন মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে মাত্র ৩টি শট করতে সক্ষম হয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু একটিও লক্ষ্যে ছিল না। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে ৪টি শট করে যার একটি ছিল লক্ষ্যে।
ব্রাজিল একাদশ:
অ্যালিসন, এমারসন, মার্কুইনহোস, গ্র্যাব্রিয়েল, অগাস্টু, আন্দ্রে, গুইমারেজ, রাফিনহা, রদ্রিগো গোয়েস, মার্তিনেল্লি ও গ্র্যাব্রিয়েল জেসুস।
আর্জেন্টিনা একাদশ:
এমি মার্টিনেজ, মলিনা, ওটামেন্ডি, রোমেরো, মার্কাস আকুনা, এনজো, ডি পল, ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সোলসো, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে টাইগার ৪ এর ঘোষণা সালমানের!

সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত যশরাজ ফিল্মসের ‘টাইগার ৩’ মুক্তির রেশ কাটার আগেই টাইগার ৪ এর ঘোষণা এলো। সালমান খান কী জানালেন টাইগার ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি নিয়ে?
মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। ছয় বছর পর আবারও টাইগার হয়ে পর্দায় ফিরলেন সালমান। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করছে যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবিটি।
এর মধ্যেই এটির পরবর্তী ভাগ নিয়ে কথা বললেন অভিনেতা। জানালেন টাইগার ৪ আসছে। আর সেখানেই টাইগার এবং জোয়া হয়ে ধরা দেবেন সালমান-ক্যাটরিনা।
রোববার গোটা দেশ মজে ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। এদিন ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সদস্য বিরাট কোহলির তুমুল প্রশংসা করেন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা এদিন বিরাটের খেলা প্রসঙ্গে বলেন, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য যেদিন থেকে বিরাট খেলা শুরু করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত ওর গ্রাফটা দেখুন।
অন্যদিকে দেশ যখন বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্যস্ত তখনই টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার আভাস দিয়েছেন ভাইজান। সালমান টাইগারের প্রসঙ্গ টেনে বলেন, আপনারা টাইগার-১ থেকে টাইগার-৩ দেখলেন তাও ৫৭ বছর বয়সে, এবার ৬০ বছর বয়সে টাইগার-৪ দেখার জন্য প্রস্তুত হন। অর্থাৎ আর তিন বছর পরই সালমান ৬০ এ পা দেবেন যখন তখন টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসবে। ভাইজান যখন এটি ঘোষণা করেন তখন তার কথায় রীতিমত চমকে ওঠেন ক্যাটরিনা। অবাক হয়ে তাকান তার দিকে।
এদিন সালমান এবং বিরাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্যাটরিনা মুগ্ধতার সঙ্গে জানান, তারা দুজনেই এখনো দারুণ ফিট।
মণীশ শর্মা পরিচালিত এই সিনেমা ইতোমধ্যেই গ্লোবাল বক্স অফিসে ৩০০ কোটি পার হয়ে গেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটি ২১৪.২৫ কোটি টাকা আয় করেছে।

গাজায় ৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা, হবে জিম্মি বিনিময়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী ইসরায়েল। আজ বুধবার (২২ নভেম্বর) পার্লামেন্টের ভোটাভুটিতে এ সিদ্ধান্তে উপনীত হয় নেতানিয়াহু প্রশাসন। সেইসঙ্গে হামাসের সাথে জিম্মি বিনিময় করতেও সম্মত হয়েছে তেলআবিব। খবর আল জাজিরার।
এ যুদ্ধবিরতির সময় চুক্তি অনুযায়ী ৫০ জিম্মিদের ফেরত দেবে হামাস। বিনিময়ে ১৫০ বন্দি ফিলিস্তিনিকে মুক্ত করবে ইসরায়েল। জিম্মি নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে সাময়িক অস্ত্রবিরতি কার্যকর হলেও যুদ্ধ অব্যাহত থাকবে বলেও কঠোর বার্তা দিয়েছে ইসরায়েল।
সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোটে প্রস্তাব পাস হলেও অনেক পার্লামেন্ট সদস্যের বিরোধিতার মুখেও পড়েন নেতানিয়াহু। এর আগে মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে রাজি হয় হামাস এবং ইসরায়েল।
এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আজ আমরা এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছি। তবে সার্বিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় এটাই সঠিক সিদ্ধান্ত। সাময়িক অস্ত্রবিরতির সময়গুলোতে আমাদের সেনাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে, সাময়িক অস্ত্রবিরতি এবং জিম্মিদের মুক্তির পর আমরা যুদ্ধ বন্ধ করবো।
তিনি আরও যোগ করেন, স্পষ্টভাবে বলতে চাই, আমরা যুদ্ধের মধ্যেই আছি। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

ঘটনাবহুল ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল ৭টায় বল মাঠে গড়ায়।
এদিন খেলা শুরু হওয়ার আগেই গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। ঘটনার সূত্রপাত মূলত পতাকা রাখা নিয়ে।

জাতীয় সংগীত গাওয়ার সময় ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের দুয়ো দিয়ে তাদের ওপর আসন ছুড়ে মারতে শুরু করে ব্রাজিলের সমর্থকেরা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল এবং মার্কুইনহোস গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে লাভ হয়নি। একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান মেসি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর শুরু হয়। তবে গ্যালারির দর্শকদের সেই তেজ যেন মাঠে দেখাতে শুরু করে ব্রাজিলের খেলোয়াড়রা।
যার ফলে ম্যাচে ৪২টি ফাউলের ঘটনা ঘটেছে। যেখানে ব্রাজিল একাই করেছে ২৬টি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে লাল কার্ড দেখতে হয়েছে ব্রাজিলের একজন খেলোয়াড়কে। এমন ঘটনা বহুল ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এতে করে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
খেলা শুরুর আগের সংঘাত যে মাঠে বইবে তা অনুমেয় ছিল। মাঠে নামার সঙ্গে সঙ্গেই যা পরিলক্ষিত হয়। শুরুটা হয় রদ্রিগো ডি পল ও লিওনেল মেসিকে দিয়ে। এরপর বাকিরাও জড়িয়ে পড়েন তাতে। ফুটবল খেলায় যে জয় পরাজয়ের বিষয়টি নিশ্চিত হয় গোলের ব্যবধানে বিষয়টি বেমালুম ভুলে গিয়েছিলেন উভয় দলের খেলোয়াড়রা। ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে ফাউল ও কার্ডের ছড়াছড়ি চলতে থাকে।

মারাকানায় ঘরের মাঠে ম্যাচের দুই মিনিটের মাথায় আর্জেন্টাইন রক্ষণকে চমকে দেয়ার চেষ্টা করেছিলেন বার্সেলোনা তারকা রাফিনহা। তবে রেফারি অফসাইড পতাকা উঠালে তাকে থামতে হয়। ম্যাচের ৬ মিনিটে বল পেয়ে আর্জেন্টাইন রদ্রিগো ডি পলকে ড্রিবল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন জেসুস। কিন্তু তার হাত গিয়ে লাগে ডি পলের মুখে। ফলে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন এ আর্সেনাল তারকা। ম্যাচের ১৩তম মিনিটে আবারও ডি পল ফাউলের শিকার হয়। এবার করেন রাফিনহা, ফলে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। প্রথম ১৮ মিনিটেই ব্রাজিল ফাউল করে ৮টি।
ম্যাচের ২৬ মিনিটে গিয়ে প্রথমবারের বল পায়ে আক্রমণে উঠেন মেসি। কিন্তু সেখান থেকে গোলের কোনো সম্ভাবনা তৈরি করতে পারেননি ইন্টার মায়ামি তারকা। ৩৩ মিনিটে অ্যালিসন বেকারের ট্রেডমার্ক পাস থেকে বল পেয়ে এগিয়ে যান মার্তিনেল্লি। কিন্তু আর্জেন্টাইন ডি বক্সের কাছাকাছি এসে বলের নিয়ন্ত্রণ হারান তিনি।
প্রথমার্ধের শেষ মিনিটের আগে মার্তিনেল্লির নেয়া শট মার্টিনেজকে পরাস্ত করলেও গোললাইনের কাছ থেকে বল ক্লিয়ার করেন আর্জেন্টাইন ডিফেন্ডার। প্রথমার্ধে সব মিলিয়ে ২২টি ফাউল করে দু’দল। যেখানে ব্রাজিলের ১৬টি ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ছিল ৬টি।
দ্বিতীয়ার্ধেও একাধিকবার আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু আলবিসেলেস্তেদের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি তারা। ম্যাচের ৫৮ মিনিটে মার্তিনেল্লির প্রচেষ্টা মার্টিনেজ দারুণভাবে ঠেকিয়ে দেন। তবে খেলার ধারার বিপরীতে ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লো সেলসোর কর্নার থেকে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি।
এরপর ম্যাচের ৭৮ মিনিটে ম্যাচে নিজেকে খুঁজে বেড়ানো মেসিকে তুলে নিয়ে ডি মারিয়াকে নামায় আর্জেন্টিনা। ৮১ মিনিটে ব্রাজিলের বিপদ আরও বাড়ে জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। শেষ পর্যন্ত সেই এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। সেই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই ঘরে বাছাইপর্বের ম্যাচে জয়ের মুখ দেখে আলবিসেলেস্তেরা।

এবার এআই চ্যাটবট যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার এআই চ্যাটবট যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে।
অর্থাৎ এআইয়ের সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে ইউজার নির্দেশ দিলে ছবি এঁকে দেবে এআই বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, কৃত্রিম এই বুদ্ধিমত্তা ইউজারের পছন্দমতো বানিয়ে দেবে নতুন নতুন স্টিকারও।
মেটার পক্ষ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে এই ফিচার নিয়ে একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল, করেছিলেন মেটার কর্মকর্তা খোদ মার্ক জুকারবার্গই, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সেই সময়ে তিনি জানিয়েছিলেন যে হোয়াটসঅ্যাপের এই এআই চ্যাটবট ফিচার এখনো রয়েছে পরীক্ষাধীন পর্যায়ে, ইউএসএর নির্দিষ্ট কিছু ইউজারের মধ্যেই তা সীমিত রাখা হয়েছে।
ওয়েবিটাইনফো জানানো হয়েছে এই ফিচার অ্যাপে এসে গিয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য একটা নতুন বাটনও নিয়ে আসা হয়েছে। এর আগে তা রাখা হয়েছিল কন্ট্যাক্ট লিস্টের মধ্যে, অনেকের পক্ষেই খুঁজে বের করে তা ব্যবহার করা ছিল অসুবিধাজনক।
ফলে এবার তা নিয়ে আসা হয়েছে একেবারে প্রকাশ্যে, নিউ চ্যাট সেগমেন্টে। ডানপাশে নিচের দিক করে এই চ্যাট বাটন থাকবে বলে জানা যাচ্ছে। আকার হবে চৌকো, তাকে ঘিরে থাকবে নানা রঙের এক বৃত্ত। সেখানে ক্লিক করলেই শুরু হবে মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন, যে কোনো জিজ্ঞাসা করলে উত্তর দেবে।
এই ফিচার আপাতত রয়েছে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৪.২৬ ভার্সনে, অ্যাপ সেই মতো আপডেট করে নিলেই হল। তবে আপডেটের পরেও যদি এই বাটন দেখতে পাওয়া না যায় বা তা ঠিকমতো কাজ না করে, হতাশ হওয়ার কিছু নেই। সবে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে, সবার কাছে পৌঁছতে কিছু সময় তো লাগবে!
খবর ইন্ডিয়া টাইমস

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশি ১৯টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আজ শুরু হয়েছে। এতে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশি ১৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করছে ১৫টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এ ছাড়া তৈরি পোশাক ও গৃহসজ্জাসহ ৪টি অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।
মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা। এ সময় বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর তাহলীল দেলাওয়ার মুন এবং কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৯০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দু’বার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।