মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

টানা এক সপ্তাহ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও পরীক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের পর অবশেষে স্থগিত করা হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা।

হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে পরীক্ষায় বসতে চাননি প্রার্থীরা। অন্যদিকে পরীক্ষা নিতে অনড় ছিল পিএসসি। সময়সূচি ও আসনবিন্যাসও প্রকাশ করেছিল সংস্থাটি। অবশেষে পরীক্ষা স্থগিত করায় খুশি পরীক্ষার্থীরা।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে পরীক্ষা স্থগিত হতে পারে বলে জাগো নিউজকে জানিয়েছিলেন পিএসসির একজন পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেছিলেন, ‘যতটুকু জেনেছি পরীক্ষা স্থগিত করা হতে পারে। তবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

জানা গেছে, হরতাল-অবরোধ ও নির্বাচনী তৎপরতার মধ্যে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা। গত ১৯ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি দেন। একই দাবিতে পিএসসিতেও লিখিত আবেদন করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তারা আবারও সিইসিকে লিখিত আবেদন দেন।

পরীক্ষা পেছাতে প্রার্থীদের সপ্তাহব্যাপী দৌড়ঝাঁপে পাত্তা না দিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করে পিএসসি। তাতে ২৭ নভেম্বরই পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। তবে, প্রার্থীদের জোরালো দাবির মুখে অবশেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।

এদিকে, পরীক্ষা স্থগিত করায় খুশি প্রার্থীরা। তারা পিএসসিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন। হামিদুল্লাহ কাউসার শান্ত নামে একজন লিখেছেন, ‘পরীক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

রেজোয়ানা শিউলি নামে একজন প্রার্থী জাগো নিউজকে বলেন, ‘পিএসসি পরীক্ষা নিতে অনড় ছিল। মেয়ে প্রার্থীরা অনেকে সর্বশেষ চেষ্টা করে গেছি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিভাগীয় শহরে পরীক্ষাকেন্দ্রে যাওয়া মেয়েদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এটা জানানোর পর পিএসসি নমনীয় হয়েছে এবং পরীক্ষা স্থগিত করেছে। আমরা পিএসসি চেয়ারম্যান ও সদস্যসহ সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞ।’

গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

পশ্চিমবঙ্গের শতাধিক হলে মুক্তি পেল মিমের সিনেমা

ঢালিউডে বিদ্যা সিনহা মিমের আসনটি অন্যদের চেয়ে একটু উঁচুতে। টালিউডেও সুনাম রয়েছে তার। এর আগে সেখানে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। ফের ছড়িয়ে দিতে আসছেন নিজের অভিনয় ও সৌন্দর্যের একরাশ মুগ্ধতা।

নতুন খবর হলো, শুক্রবার (২৪ নভেম্বর) মুক্তি পেয়েছে মিম অভিনীত টালিউড সিনেমা ‘মানুষ’। ভারতের শতাধিক হলে চলছে সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিতের হাত ধরেই বড়পর্দায় অভিষেক হলো তার।

সমদ্দার বলেন, প্রথম সিনেমা জিৎদার মতো স্টারকে নিয়ে করার সুযোগ হয়েছে। এটি আমার জন্য বড় প্রাপ্তির। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।

ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মিম। চরিত্রটির নাম মন্দিরা। এর আগে সামাজিক মাধ্যমে মন্দিরাকে সামনে এনেছিলেন। ক্যাপশনে লিখেছেন, মুক্তিপ্রতিক্ষিত ‘মানুষ’-এর এক ঝলক। চরিত্র মন্দিরা।

নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকেও ছবিটির প্রচারণা চালাচ্ছেন মিম। এরইমধ্যে জানিয়ে দিয়েছেন শতাধিক হলে মুক্তি পেয়েছে ছবিটি। দিয়েছেন হলের তালিকাও। তবে উপস্থিত থাকতে পারেননি কলকাতায়।

পশ্চিমবঙ্গের শতাধিক হলে মুক্তি পেল মিমের সিনেমা

এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে হবে বলে। তবে কলকাতা থেকে জিৎদাসহ ছবিসংশ্লিষ্ট অনেকেই ফোন দিয়েছিলেন। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।

প্রসঙ্গত, ‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল।

স্পেনের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিফাইনালে জার্মানি

স্পেনের বিদায়ঘণ্টা বাজিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে জার্মানি। ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি অনূর্ধ্ব-১৭ দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিট প্যারিস ব্রুনারের গোলটিই গড়ে দিয়েছেন স্পেন ও জার্মানির যুবাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচের ভাগ্য। স্পেনের হেক্তর ফোর্ত বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। স্পট কিকে বল জালে জড়াতে একদম ভুল করেননি প্যারিস ব্রুনার।

এরপর কোনো দল আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট অতিরিক্ত সময়ের খেলা হয়। এই সময়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেন অনূর্ধ্ব-১৭ দলের রাউল জিমিনেজ। সেমিফাইনালে জার্মানির কিশোররা খেলবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে।

লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দুই দলের কিশোরদের খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসের ওয়েবসাইটে।

এদিকে দুই জয় এবং এক ড্রয়ে গ্রুপ ‘বি’র সেরা হয়ে শেষ ষোলোত জায়গা করে নিয়েছিল স্পেন। অন্যদিকে তিন ম্যাচের তিন জয়ে গ্রুপ ‘এফ’-এর সেরা হয়ে নকআউটে পা রাখে জার্মানির কিশোররা।

শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কিশোররা ২-১ গোলে জাপানকে এবং জার্মানি ৩-২ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে।

‘নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই’

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের তারিখ পেছানো হবে কি না জানতে চাইলে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসারসহ থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

রাজনীতিতে আসবেন কি না, জানালেন তামিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন থাকায় গণভবনে এখন বাড়তি ভিড়। এরই মধ্যে সাকিব আল হাসান ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কেনায় ব্যাপক আলোচনা হয়েছে। তাই তামিমের ছবি নিয়েও চর্চা হচ্ছে বেশ।

অনেকেই ভাবছেন, তামিমও হয়তো রাজনীতিতে নামতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এমন ধারণা সত্য নয়। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে তামিম জানিয়েছেন, রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই। সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলেন তিনি।

এ ছাড়া তামিম আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বিশেষ কোনো প্রয়োজন জড়িত ছিল না। এ সময় প্রধানমন্ত্রী ক্রিকেট এবং দেশ সেরা ওপেনারের ব্যাপারে খোঁজ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

তামিম বলেছেন, ‘বিশেষ করে কারণ বা প্রয়োজনে নয়। এমনিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়েছেন। ক্রিকেটের, আমার খোঁজখবর নিয়েছেন।’

এর আগে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডেকে নেন। তামিমকে খেলায় ফেরার নির্দেশ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে বলেন। প্রধানমন্ত্রীর কথা রেখে তামিম অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

চিকিৎসা করিয়ে মাঠেও ফিরে আসেন। কিন্তু তার বিশ্বকাপে খেলা হয়নি। নির্বাচকরা তার ফিটনেসের ইস্যু সামনে নিয়ে আসলেও পেছনে নানা ঘটনা ঘটে যায়। তা নিয়ে তামিম ছিলেন প্রচণ্ড বিরক্ত। এজন্য নিজ থেকে বিশ্বকাপ দল থেকে সরে যান।

গতকাল তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি কথা হয়েছে তামিমের? তবে কি তাকে নিয়ে বিশ্বকাপে চলা বিসিবির নাটকের সবকিছু প্রধানমন্ত্রীর কাছে উন্মোচন করেছেন তামিম। বিশ্বকাপ দল থেকে তামিমকে শেষ মুহূর্তে ছেঁটে ফেলেছিল বিসিবি। যার পেছনে দেশের ক্রিকেট বোর্ড ইনজুরিকে দায়ী করেছিল। কিন্তু তামিম তা অস্বীকার করে জানিয়েছিলেন তার বিরুদ্ধে মিথ্যাচার করেছিল নির্বাচকরা।

তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখা যাবে কি না তা সময় বলে দেবে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এরই মধ্যে অবসরে গেছেন। টেস্ট খেলার অবস্থায় নেই তিনি। কেবল ওয়ানডেতে তামিম ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য কক্ষে থাকতে চান তিনি।

১০ দিনে হজের জন্য নিবন্ধন ৬০৭

২০২৪ সালে হজ পালন করতে ১০ দিন ৬০৭ নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২২৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮৪ জন নিবন্ধন করছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ নভেম্বর থেকে ২০২৪ সালে হজ নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এবার হজ যাত্রীদের আসন সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

তথ্যমতে, গত বছর কয়েব দফাফ নিবন্ধনের সময় বাড়ানোর পরেও কোটা পূরণ হয়নি। তাই এবার সরকারিভাবে হজের খরচ ৮২ হাজার ৮১৮ টাকা কমিয়ে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলা, নিহত ৩০

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।
শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির আগে এমন হামলা চালানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।
উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছে। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।
বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম ১৩ জন বেসামরিক বন্দিকে বিকেল ৪টার দিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন বন্দি সন্ধ্যায় মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে বন্দিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ বন্দিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক বন্দিকে যুক্ত করা হবে।

অবসরের বিষয়টি স্পষ্ট করলেন ডি মারিয়া

অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। এবার সেটি নিশ্চিত করলেন সুপারস্টার আনহেল ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন এই তারকা জানান, কোপা আমেরিকার পর নিজের বুটজোড়া তুলে রাখবেন তিনি।
ডি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। ’
আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপ জেতার পেছনে ডি মারিয়া রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোলও করেছিলেন সাবেক এই পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণভাবে রেখেছিলেন দুর্দান্ত অবদান।
আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও জালের খোঁজ পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির মতে, লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসের সঙ্গে তুলনীয় ডি মারিয়া।
২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।

বিরতির পর আরও দুই মাস চলবে যুদ্ধ: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী

দীর্ঘ ৪৮ দিন যুদ্ধের পর শুক্রবার (২৪ নভেম্বর) শুরু হতে যাচ্ছে যুদ্ধ বিরতি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নৌবাহিনীর বিশেষ অভিযান ইউনিটের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে জানান, এ সাময়িক যুদ্ধের পর আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে ইসরায়েল।
ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে জানায় গ্যালান্ট সাময়িক যুদ্ধবিরতির পর যুদ্ধের তীব্রতা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
সেনাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিরতির সময় সংঘটিত হতে হয়ে শক্তি আরও বাড়াতে হবে। এ প্রস্তুতি পরবর্তী যুদ্ধের প্রস্তুতিকে আরও শানিত করতে কাজে লাগবে। এছাড়াও সেনাদের জন্য আরও সমৃদ্ধ অস্ত্রের ব্যবস্থাও কথাও জানান মন্ত্রী।
ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। জিম্মি মুক্তির পর যুদ্ধ আরও প্রকট আকারে শুরু করা হবে। পরবর্তী জিম্মি মুক্তির প্রক্রিয়ায় কোন সমঝোতা হবে না। চাপ প্রয়োগ করে সকল জিম্মিদের মুক্তি করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের এ প্রতিরক্ষা মন্ত্রী।
ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় দেড় মাসে ১৪ হাজার ফিলিস্তিনি নিহতের পর কাতারের মধ্যস্থতায় জিম্মি হওয়া ৫০ ইসরায়েলির মুক্তির প্রতিশ্রুতিতে ৪ দিনের সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই দল। আজ থেকেই ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, চুক্তি অনুযায়ী জিম্মি ১৩ নাগরিককে আজ মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

যে কারণে শেষ বলের ছক্কা রিঙ্কুর স্কোরে যোগ হয়নি

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের স্মৃতি এখনো দগদগে ভারতের। এরই মাঝে ফের মুখোমুখি হয় দুই ফাইনালিস্ট ভারত-অস্ট্রেলিয়া। তবে এবার ওয়ানডে নয় টি-টোয়েন্টি। পাঁচ ম্যাচ সিরিজের কাল ছিল প্রথম ম্যাচ যেটিতে কাল রোমাঞ্চের দেখাই মিলেছে। দুর্দান্ত লড়াই করে শেষ বলের নাটকীয়তায় ভারত ম্যাচটি জিতে নিলো ২ উইকেটে।
শেষ বলে ১ রান দরকার ছিল ভারতের। ব্যাট করছিলেন রিঙ্কু সিং। শিন অ্যাবটকে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন রিঙ্কু। তা-ও কোনও রান পেলেন না কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। কেন?
পরে জানা গেলো, অস্ট্রেলিয়ান পেসার শট অ্যাবটের করা শেষ বলটি নো বল ছিল। প্রথমে সন্দেহ হলে পরে রিভিউ দেখে আম্পায়ার সিদ্ধান্ত জানালেন। যে কারণে নো বলের রানটি আগে কাউন্ট হয়ে যাওয়ায় ম্যাচটি তখনই জিতে যায় ভারত। ফলে রিঙ্কুর ম্যাচজয়ী ছক্কাটিই অবশেষে বিফলে গেলো।
জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় ভারত। কোনও বল খেলার আগেই রানআউট হন তিনি। অন্য ওপেনার যশস্বী জয়সওয়ালও বড় রান পেলেন না। ৮ বলে ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ২১ রান করে আউট হলেন ম্যাথু শর্টের বলে। ২২ রানে ২ উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন ঈশান কিশান এবং সূর্যকুমার যাদব। বিশ্বকাপে রান না পাওয়া সূর্যকুমারকে আবার চেনা মেজাজে দেখা গেল ২০ ওভারের ক্রিকেটে। দু’জনের মধ্যে তিনিই বেশি আগ্রাসী ছিলেন। তাদোর তৃতীয় উইকেটের জুটিতে আসে ১১২ রান। ইশান খেললেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস। ২টি চার এবং ৫টি ছক্কা মারলেন তিনি। রান পেলেন না তিলক বর্মা (১০ বলে ১২)। ছয় নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করলেন রিঙ্কু সিং। উইকেটের অন্য প্রান্তে অবিচল ছিলেন সূর্যকুমারও। তিনি করলেন ৪২ বলে ৮০ রান। অধিনায়কের ব্যাট থেকে এল ৯টি চার এবং ৪টি ছয়। ব্যর্থ অক্ষর প্যাটেলও (২)। শেষ বেলায় সহজ পরিস্থিতিতে উইকেট ছুড়ে দিলেন তিনি। পর পর আউট হলেন রবি বিষ্ণোই, আর্শদীপ সিংহেরা। সহজ পরিস্থিতি কঠিন করে জিতে ভারত। শেষ বলে জয় এনে দিলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু। তিনি শেষ পর্যন্ত করলেন ২৩ রান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে জস ইঙ্গলিসের ১১০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ভারতকে বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বড় সংগ্রহে স্টিভ স্মিথের অবদান ছিল ৫২ রানের। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করেছিল অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল স্বাগতিকরা।