মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১৫ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত ১৫ হাজার ৫৫৩ ফিলিস্তিনি মারা গেছেন। তাদের বেশির ভাগই সোমরিক নাগরিক এবং অধিকাংশই নারী-শিশু।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ কথা বলেছে।
জাতিসংঘের হিসাবে, গত আট সপ্তাহের যুদ্ধে গাজার ১৭ লাখ বাসিন্দার দুই-তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজায় খাবার ও পানির সংকট চলছে। অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে।
এরই মাঝে উভয় পক্ষে ছয় দিনের যুদ্ধবিরতি চলে। কিন্তু এ যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ে একে অন্যকে দায়ী করছে। যদিও নেতানিয়াহু যুদ্ধবিরতির আগেই বলেছিলেন, চুক্তি হলেও যুদ্ধ চলবে।
এদিকে শনিবার তেল আবিবে ইসরাইয়েলর প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূলসহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

ফেলিক্সের গোলে শেষ হাসি বার্সার

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের তীব্র লড়াই শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। গত গ্রীষ্মে আতলেতিকো থেকে ধারে নিয়ে আসা জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে তাদেরকেই হারিয়ে দিয়ে টেবিলে তিন নম্বরে উঠে এসেছে কাতালানরা। আতলেতিকোর বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল বার্সা।
২০০৬ সালের ফেব্রুয়ারির পর থেকে কাতালোনিয়া জয় করতে না পারার আক্ষেপ আরও দীর্ঘ হলো আতলেটিকোর। সবশেষ ১৮ ম্যাচে ৫ ড্রয়ের বিপরীতে তাদের হার ১৩টিতে।
এদিন দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। হাত ছাড়া করেন সুযোগ। ১২তম মিনিটে লেভানদোভস্কিও সুযোগ পেয়ে গোল করতে পারেননি।
২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে কুন্দের পাস খুঁজে পায় রাফিনিয়াকে। তিনি বল দেন ফেলিক্সকে। বক্সের বাইরে তাকে আটকানোর চেষ্টায় ব্যর্থ হন নাহুয়েল মোলিনা। ভেতরে ঢুকে ছয় গজ বক্সের কোণা থেকে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।
লা লিগায় বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে ফেলিক্সের দ্বিতীয় গোল এটি। প্রথমটি করেছিলেন গত সেপ্টেম্বরে রেয়াল বেতিসের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে। গত মঙ্গলবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও জালের দেখা পান ফেলিক্স; কাটান ১২ ম্যাচের গোলখরা।
৩৩তম মিনিটে বক্সের ভেতর থেকে আতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমোসোর শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর সুযোগ এসে যায় গ্রিজমানের সামনে। বক্সে ফরাসি ফরোয়ার্ডের শট স্লাইডে বিপদমুক্ত করেন ফ্রেংকি ডি ইয়ং। বিরতির আগে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফেলিক্স। বাঁ দিক থেকে লেভানদোভস্কির পাসে ফেলিক্সের প্রচেষ্টা ঠেকিয়ে দেন আতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু রাফিনিয়ার শট লাগে পোস্টে। ৮০তম মিনিটে দুর্দান্ত সেভে বার্সেলোনার ত্রাতা ইনাকি পেনা। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিক যাচ্ছিল জালের দিকে, লাফিয়ে ওঠা গোলরক্ষকের হাত ছুঁয়ে বল ক্রসবারে লাগে।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আরও একিট সুযোগ নষ্ট করেন লেভানদোভস্কির সামনে। যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভে বার্সেলোনার তিন পয়েন্ট নিশ্চিত করেন পেনা। দ্বিতীয়ার্ধে বদলি নামা আনহেল কোররেয়ার জোরালো শট হাত বাড়িয়ে ঠেকান তিনি।
১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল আতলেতিকো। বার্সেলোনার সমান ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট করে নিয়ে জিরোনা দুইয়ে। টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের।

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত ১১ পর্বতারোহী

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ফলে ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১২ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) পশ্চিম সুমাত্রার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত হয়। সে সময় ওই এলাকায় পঁচাত্তর জন লোক অবস্থান করছিল যাদের মধ্যে ২৬ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক জানিয়েছেন যে, “যে ২৬ জনকে সরিয়ে নেওয়া হয়নি তাদের মধ্যে তিনজনকে জীবিত এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।”
তবে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নিখোঁজ ১২ জনের সন্ধানে চলমান উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি এবং রোববার সেখানে অগ্ন্যুৎপাতের ফলে ৩ কিমি দূরের এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। এছাড়া গাড়ি, রাস্তা ছাইয়ে ঢেকে গেছে।
প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”-এ অবস্থিত ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরি সংস্থার তথ্য অনুসারে ২ হাজার ৮৯১ মিটার (৯ হাজার ৪৮৫ ফুট) উচ্চতার মাউন্ট মেরাপিসহ ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

খুব শিগগিরই ইউএনওদের বদলি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির তালিকা আজকের (৪ ডিসেম্বর) মধ্যেই প্রস্তুত করা হবে। আশা করি, আগামীকালই নির্বাচন কমিশনে চিঠির উত্তর দেয়া হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই নির্বাচন কমিশনের নির্দেশনা মানতে জনপ্রশাসন মন্ত্রণালয় সহযোগিতা করছে।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির আদেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদকাল এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে পাঠানো বাংলাদেশ নির্বাচন কমিশনের অতি জরুরি এক চিঠিতে সব থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়। ইসির উপসচিব মিজানুর রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে দেশের সব থানার ওসিদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তাই যেসব থানায় ওসিদের ছয় মাসের বেশি চাকরির সময় পার হয়েছে, তাদের অন্যত্র বদলির প্রস্তাব পাঁচ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ও পুলিশ মহাপরিদর্শককে অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। পরে ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ কার্যক্রম শেষ হবে আজ। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। সবশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

রাজধানীসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম। আওয়ামী লীগ সরকার সবসময়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির ভাগ্যন্নোয়নে কাজ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ ভাগ অর্জিত হয় বস্ত্রখাত থেকে। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ১৩ শতাংশ । তৈরি পোশাক খাতে প্রায় ৪৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যার ৫৩ শতাংশ নারী। পরোক্ষভাবে প্রায় ৪ কোটিরও বেশি মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল।
আগামীকাল জাতীয় বস্ত্র দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে শেখ হাসিনা আরো বলেন, ‘বস্ত্র কারিগরি শিক্ষার হার বৃদ্ধিসহ বস্ত্রশিল্পকে সহায়তার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নিরাপদ, টেকসই, শক্তিশালী এবং প্রতিযোগিতা সক্ষম বস্ত্রখাত গড়ে তুলতে আমরা ‘বস্ত্রনীতি, ২০১৭’, ‘বস্ত্র আইন, ২০১৮’ এবং ‘বস্ত্রশিল্প (নিবন্ধন ও ওয়ানস্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা, ২০২১’ প্রণয়ন করেছি।’
তিনি বলেন, আগামীকাল দেশব্যাপী ‘জাতীয় বস্ত্র দিবস ২০২৩’ পালিত হতে যাচ্ছে জেনে তিনি আনন্দিত এবং এ উপলক্ষ্যে ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট টেক্সটাইলে সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী হয়েছে বলেও তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাচীনকাল থেকেই বস্ত্রশিল্পে বাংলাদেশের সুনাম ছিল গৌরবময় এবং জগদ্বিখ্যাত। ঢাকাই মসলিন থেকে শুরু করে জামদানি আর বেনারসি এ দেশের বস্ত্রশিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক। বস্ত্রখাত দেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ভূমিকা রেখে চলছে। স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁত শিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন। তিনি ১৯৭২ সাল থেকেই তাঁত শিল্পের মান উন্নয়নের পাশাপাশি বস্ত্রখাতকে সমৃদ্ধ করার নানামুখী প্রচেষ্টা গ্রহণ করেন।
তিনি বলেন, বস্ত্রশিল্পকে সহায়তা ও প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বস্ত্র অধিদপ্তরকে পোষক কর্তৃপক্ষের দায়িত্ব অর্পণ করা হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর বস্ত্রশিল্প গড়ার অঙ্গীকার নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এখাতে দক্ষ জনবল তৈরির জন্য বিভিন্ন পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করছে। পাশাপাশি আমাদের সরকার এখাতে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বস্ত্রখাত সংশ্লিষ্ট সকল অংশীজন পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এ খাতের উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যক

ইসরায়েলি সেনাঘাঁটিতে হামাসের হামলা

এবার ইসরায়েলি সেনাঘাঁটির ৬০টি তাঁবুতে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
গাজার মধ্যাঞ্চলে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।
তাদের দাবি, রোববার ভোরে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যেখানে ৬০ ইসরাইলি সেনা অবস্থান করছিল। বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে গেছে; তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়।
তবে এ নিয়ে মন্তব্য করেনি ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও দুই সেনা নিহত হয়েছেন।
গত শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে চলা অস্থায়ী সাতদিনের যুদ্ধবিরতি শেষ হয়। এরপর আরও আগ্রাসী হয়ে গাজায় ফের নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে নেতানিয়াহু বাহিনী। হামাসও গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা শুরু করে।
নতুন করে যুদ্ধবিরতিতে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবান আমলে নিল না হামাস বা ইসরায়েল কেউই।
ইসরাইলি সেনাদের হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ। যাদের প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।

মাশরাফী বৈধ, ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু ও নুর ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, নড়াইল-২ আসনে মোট মনোনয়ন দাখিল করেছিলেন ৯ জন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, জাকের পার্টির মো. মিজানুর রহমান মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল ও ফরম পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলামের দেওয়া ভোটারদের তালিকাতেও গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংক বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত হয়েছে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
এবারের যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে টাইগাররা। সেখানে তাদের শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও নেপাল রয়েছে।

আগামী ৮ ডিসেম্বর ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-নেপাল ম্যাচ দুটি দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। এবারের আসরের আয়োজক আরব আমিরাতের অভিজাত শহর দুবাই।

স্বাগতিকদের বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবারা।

আগামী ১৫ ডিসেম্বর প্রতি গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে সেমিফাইনাল হবে। আর ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

যুব এই টুর্নামেন্টে মাহফুজুর রহমান রাব্বি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। মূল স্কোয়াডে আছেন ১৫ ক্রিকেটার। আর স্ট্যান্ডবাই হিসেবে আছেন মোহাম্মদ রিজান হোসেন, নাঈম আহমেদ ও মোহাম্মদ জেহাদুল হক জেহাদ।

একনজরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৩২ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ২৬৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৩৭ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন। ঢাকায় ১ লাখ ৬ হাজার ৪৭০ এবং ঢাকার বাইরে ২ লাখ ২ হাজার ৬৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।