সোমবার, অক্টোবর ১২, ২০২৬

পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ মিথ্যা প্রোপাগান্ডা : জন কিরবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ‘হস্তক্ষেপ’ করছেন- রাশিয়ার এমন অভিযোগকে ডাহা ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটিজিক কমিউনিকেশন সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। সেই সঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার এই অভিযোগ মিথ্যা প্রোপাগান্ডা।
বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাংলাদেশের আগামী নির্বাচন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রনীতির এমন স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশের জনগণের মৌলিক প্রত্যাশার দাবি পূরণে যুক্তরাষ্ট্রের যা করার দরকার দেশটি তাই করবে বলেও জানিয়েছেন তিনি।
ব্রিফিংয়ে জন কিরবি বলেন, ‘বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক সেটা আমরা চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাবো। দেশের বাইরের নির্বাচনে আমরা কারও পক্ষ নেই না। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রেও এই নীতির পরিবর্তন নেই। আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা সে চেষ্টা অব্যাহত রাখবো, রাষ্ট্রদূত এবং তার দল বাংলাদেশের জনগণের মৌলিক প্রত্যাশার দাবি পূরণে যুক্তরাষ্ট্রের যা করার দরকার তাই করবে।’

বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেল ‘অ্যানিমেল’

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে থেকেই চর্চায় ছিল ‘অ্যানিমেল’। প্রথম দিনেই ৬০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এবার বাংলাদেশে মুক্তির জন্য বিনা কর্তনে ছাড়পত্র পেল বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমাটি।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস।
তারা জানায়, তাদের জমা দেওয়া ছবিটির কোনো অংশ বাদ দিতে বলেনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে বাধা নেই। ফলে আগামীকাল ৮ ডিসেম্বর থেকে দেশের সিনেমা হলে চলবে ‘অ্যানিমেল’।
তবে আমদানিকারক প্রতিষ্ঠানটি বলিউডের আসল সংস্করণটি জমা দেয়নি। তারা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি পাঠিয়েছিল। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে সিনেমাটি।
কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, মুসলিম বা আরব দেশে যে সংস্করণটি মুক্তি পায় সেটিই সেন্সরের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি। ৮ ডিসেম্বর এটি পর্দায় আসছে। প্রাথমিকভাবে ৪৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। পরে আরও বাড়বে।
ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড।
‘অ্যানিমেল’ ভারতীয় সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ী রান টাইম ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। অন্যদিকে বাংলাদেশে সেন্সরে জমা দেওয়া কপিতে রান টাইম ২ ঘণ্টা ৫৫ মিনিটের মতো।
এদিকে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।
‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী : তথ্যমন্ত্রী

বাংলাদেশে যত ধরনের হানাহানি ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে সবগুলোর জন্য ভুয়া অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ৷
আজ বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, নাসিরনগর, রামু, কুমিল্লা, বরিশালে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় ভুয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী। এসব ব্যাপারে আমাদের এক্সট্রা কেয়ারফুল হতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে। এসব ঘটনা আমরা মোকাবিলা করেছি এবং যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে।
বিএনপির সমালোচনা করে ড. হাছান বলেন, আজকে যা করা হচ্ছে চোরাগুপ্তা হামলা, পেট্রোল বোমা মারা, মানুষ পুড়িয়ে হত্যা করা, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে? সন্ত্রাসী কার্যক্রম এই ঘটনাগুলোকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। গত ২৮ তারিখ যেভাবে পিটিয়ে পুলিশকে হত্যা করা হয়েছে, বর্বরভাবে সাংবাদিককে পেটানো হয়েছে, সাপ পেটানোর সময় মানুষ এরকম করে কি না সন্দেহ আছে। তারা সেই কাজটি করেছে৷ গণমাধ্যমের সবাই যদি এর বিরুদ্ধে আওয়াজ তোলেন তাহলে এই কাজ তারা করতে পারবে না।

তিনি বলেন, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতার বিকাশ এবং বিস্তৃতিতে বিশ্বাস করে৷ আমরা মনে করি গণমাধ্যমের বিকাশের সঙ্গে রাষ্ট্রের বিকাশ যুক্ত৷ গণতান্ত্রিক সমাজব্যবস্থা যুক্ত৷ বহুমাত্রিক জনমতের বিকাশ যুক্ত৷ ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার বিকাশ যুক্ত৷ গত ১৫ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে৷ বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে৷
মন্ত্রী আরও বলেন, দেশে এখন ৩৫টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে আছে, সরকারি ৪টি টেলিভিশন আছে৷ আমরা প্রায় ৫০টি টেলিভিশনের লাইসেন্স দিয়েছি৷ এখন দৈনিক পত্রিকার সংখ্যা ৫৬০ থেকে ১২৬০টিতে উন্নীত হয়েছে৷ পত্রিকা এবং অনলাইন মিলে ২০০ কাছাকাছি পোর্টাল আমরা রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছি৷ নতুন গণমাধ্যম বিকশিত হওয়ায় অনেক মানুষের চাকরির সংস্থান হচ্ছে৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে৷ ১৭ কোটি মানুষের দেশে ১৮ কোটি সিম ইউজ হয়৷ কারও দুই-তিনটা করে সিম৷ আমরা সরকার গঠন করার আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬০ লাখ, এখন সেটা ১২ কোটি৷ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন ৬ থেকে ৭ কোটি মানুষ৷ এখন দেশ সত্যিকার অর্থে ডিজিটাল হয়েছে৷

দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা

দুই দিনের ব্যক্তিগত সফরে আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গোপালগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার এবং পরের দিন শুক্রবার (৭ ও ৮ ডিসেম্বর) গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় থাকবেন তিনি।
বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর শিডিউলে বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে সড়কে পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় গমন ও শুক্রবার প্রত্যাবর্তনের তথ্য আছে। তবে কোনো কর্মসূচি বা যাতায়াতের সময় নির্ধারিত নেই।
সূত্রে আরও জানায়, শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় যাবেন মূলত নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়ায় বাবার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করবেন। পাশাপাশি ঘরোয়াভাবে নির্বাচনী এলাকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনী কৌশল ও কর্মপন্থা নিয়ে পরিকল্পনা ও নির্দেশনা দেবেন।

১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা সভা করবে আ.লীগ

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশের অনুমতি না পেয়ে ঘরোয়া আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেদিন সকালে শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ নয় আলোচনা সভা করবে আওয়ামী লীগ। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা হবে।
অপরদিকে আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে আদৌ অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ বুধবার দুপুরে বঙ্গভবনে তিন দেশের রাষ্ট্রদূত পৃথকভাবে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন।
তিনজন আবাসিক রাষ্ট্রদূত হলেন, ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডের ইরমা ভ্যান ডুরেন ও আর্জেন্টিনার মার্সেলো কার্লোস সিসা।

বৈঠক শেষে প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেয়।
বাংলাদেশ সবসময় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে ঢাকায় তাদের দায়িত্ব পালনকালে এই দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ ও নিজ নিজ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সব ধরনের সম্ভাবনা কাজে লাগাতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ডেনমার্ক বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অন্যতম।
বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক খুবই চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম অংশীদার ডেনমার্ক।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ বাংলাদেশের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর উন্নয়নে ডেনমার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) সহ বিভিন্ন সম্ভাবনা খাতে ডেনিশ বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
নেদারল্যান্ডসকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ যোগাযোগ ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিগত দেড় দশকে প্রশংসনীয় উন্নতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ পতিস্থিতি খুবই সন্তোষজনক। তিনি নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে নেদারল্যান্ডস খুবই গুরুত্ব দেয়।
তিনি বলেন, ইতোমধ্যে অনেক ডাচ বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং আরো অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।
রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশের নতুনভাবে আর্জেন্টিনার আবাসিক মিশন চালু করায় সে দেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
তিনি রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে আর্জেন্টিনা একটি অতি পরিচিত নাম। তরুণ প্রজন্মসহ সকল স্তরের জনগণের কাছে দিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি অত্যন্ত জনপ্রিয়।
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে যথেষ্ট বিনিয়োগ সম্ভাবনাও রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পোশাক শিল্প, সিরামিক এবং ওষুধসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করে থাকে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে এসব পণ্যের আমদানি বাড়াতে উদ্যোগ নেয়ার ও আহ্বান জানার রাষ্ট্রপ্রধান।
এ ছাড়া তিনি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের তাগিদ দেন।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস রাষ্ট্রপতিকে জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমেও দুদেশের জনগণের সম্পর্ক জোরদার হতে পারে।
আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের সমর্থন আর্জেন্টাইন ফুটবলারদেরকে খুবই উৎসাহিত করে উল্লেখ তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে তার দেশ বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূতরা কর্মক্ষেত্রে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রদূতরা ‘বঙ্গভবন তোষাখানা’ পরিদর্শন করেন।
খবর বাসস

ইসিকে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা দিলো মন্ত্রণালয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি। তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।
বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়।
ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।
দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করতে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। চিঠিতে ইসি নির্দেশনা দেয়, এক কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে এমন ওসিদের অন্যত্র বদলি করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।
সেই অনুযায়ী বদলি করার জন্য ওসিদের তালিকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেনও অনিশ্চিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে তিনি প্রার্থী হবেন কি না, তা নিশ্চিত নয়।
ম্যাসাচুসেটসের ওয়েস্টনে মঙ্গলবার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারীকে বাইডেন বলেন, ট্রাম্প নির্বাচনে অংশ না নিলে আমারটাও নিশ্চিত নয়। কিন্তু তাকে আমরা জিততে দিতে পারি না।
তিনি সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনির বক্তব্যের প্রশংসা করেছেন। লিজ চেনি রোববার সতর্ক করে বলেছেন, দুবারের অভিশংসিত সাব্কে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হবে।
এ ছাড়া ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের পাশাপাশি আটলান্টিক ম্যাগাজিন ট্রাম্পের প্রত্যাবর্তনের বিষয়ে সতর্ক করেছে। বাইডেন সে কথাও তুলে ধরেছেন।
এদিকে ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকরা আবারও বাইডেনের কাছে জানতে চেয়েছেন ট্রাম্পবিহীন নির্বাচনে তিনি লড়বেন কি না।
জবাবে বাইডেন বলেছেন, ট্রাম্প নির্বাচনে অংশ নিলে আমাকেও নিতে হবে।
ট্রাম্প যদি নিজেকে প্রত্যাহার করে নেন, তাহলে আপনিও কি তাই করবেন?
বাইডেন বলেন, না, দেখা যাক।
উল্লেখ্য, বাইডেনের বয়স নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে কোনো কোনো ডেমোক্রেট নতুন প্রার্থীর জন্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যারা দলের আদর্শ মেনে চলে তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকাকে আমরা বলি হক ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।
আজ বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দল থেকে বহিষ্কার হওয়া একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, দলের আদর্শের প্রতি অটুট, অবিচল ও কমিটেড থেকে আদর্শের জন্য কাজ করা। আমরা সামনের দিনে কিভাবে দেশের অর্থনীতিকে পুর্নজীবিত করবো, আবার আগের ধারায় শক্তিশালী করবো- সেই বিবেচনা রেখে নির্বাচনে যাচ্ছি। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত নেব কীভাবে দল ও নৌকার প্রার্থীকে বিজয় করা যায়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, বিদেশিরা নির্বাচন কমিশনে এসে দেখা করেছেন, কথা বলেছেন। আমরা সব সময় বলে আসছি তারা (বিদেশিরা) আমাদের ওপর কোনো চাপ দেননি। এ ছাড়া চাপ দেওয়ার অধিকারও তাদের নেই।
আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, যারা প্রকৃত সাংবাদিক তারাই শুধু কার্ড (পর্যবেক্ষক কার্ড) পাবেন। প্রকৃত সাংবাদিকের সংজ্ঞা কি আপনারা জানেন। সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন তবে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
তিনি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের রুমে গিয়ে পরিচয় দিবেন এবং সহকারী প্রিসাইডিং অফিসারকে আপনার কার্ড দেখাবেন। আপনি ভোটকেন্দ্রে লাইভ, রেকর্ড ও সাক্ষাৎকার দিতে চাইলে লাইনে থাকা অবস্থায় করতে হবে। এছাড়া কক্ষের ভেতরে ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন তবে বক্তব্য নিতে পারবেন না, লাইভ করতে পারবেন না। এছাড়া এক রুমে ১০ মিনিটের বেশি থাকা যাবে না।
এ সময় জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।