সোমবার, অক্টোবর ১২, ২০২৬

পিএসএলের চূড়ান্ত ড্রাফটে ২০ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামের তালিকায় ৬ জন থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন তিনজন। তারা হলেন- তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ।
এবার প্রকাশ পেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের চূড়ান্ত তালিকা। খসড়া তালিকায় ২৮ বাংলাদেশি থাকার কথা জানিয়েছিল পিএসএল কর্তৃপক্ষ। তবে সোমবার (১১ ডিসেম্বর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২০ টাইগার ক্রিকেটার।
ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদকে। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন- মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, সাব্বির রহমান রোমান, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার ও জিয়াউর রহমান। গোল্ড ক্যাটাগরিতে জায়গা হয়েছে- আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুক্তার আলী, নাজমুল হাসান শান্ত, নাসুম আহমেদ ও তাওহিদ হৃদয়।
পিএসএল কর্তৃপক্ষ ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৭০ হাজার ডলার, ডায়মন্ড ক্যাটাগরিতে ৬০-৮৫ হাজার ডলার, গোল্ড ক্যাটাগরিতে ৪০-৫০ হাজার ডলার, সিলভার ক্যাটাগরিতে ১৫-২৫ হাজার ডলার, ইমার্জিন ক্যাটাগরিতে ৫-সাড়ে ৭ হাজার ডলার, সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।
টুর্নামেন্টটিতে ২২টি দেশের ৪৮৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের নবম আসরের নিলাম অনুষ্ঠান।
উল্লেখ্য, দেশে সাধারণ নির্বাচনের কারণে পিএসএলকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের প্রস্তাব ছিল। তবে, পিসিবি শেষ পর্যন্ত পুরো ইভেন্টটি পাকিস্তানে করার সিদ্ধান্ত নিয়েছে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এবং মুলতানে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১৮ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচটি ১৯ মার্চ করাচিতে করার চিন্তা করা হচ্ছে। তবে সেখানে ফাইনাল হলে দর্শক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান ফাইনালটি মুলতানে আয়োজনের পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে, স্টেডিয়াম পূর্ণ করার জন্য যথেষ্ট দর্শক সেখানে পাওয়া যাবে।

রাজধানীসহ সারাদেশে র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সের ১৩০টি টহল দলসহ সারাদেশে ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।
তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।
এছাড়া বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দুর্দান্ত জয়ে কিং কাপের সেমিতে রোনালদোরা

সৌদি প্রো লিগে ভালো অবস্থানে আছে আল-নাসের। দলটি এবার পৌঁছে গেল কিং কাপের সেমিফাইনালে। আল-শাবাবের বিপক্ষে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) মুখোমুখি হয় আল-নাসের। রোনালদো মানেদের গোলে ৫-২ গোলের বড় ব্যবধানে দুর্দান্ত জয় পায় দলটি।
আল-শাবাব ক্লাব স্টেডিয়ামে শুরু থেকেই ফেভারিট ছিল আল-নাসের। ম্যাচের ১৭ মিনিটে সেকো ফোফানার গোলে এগিয়ে যায় দলটি। ২৪ মিনিটে শাবাবের পক্ষে গোল করে দলকে সমতায় ফেরান কার্লোস। চার মিনিট পর সাদিও মানে গোল করলে লিড নেয় নাসের। প্রথমার্ধ্বের যোগ করা চতুর্থ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন রহমান ঘারিব। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসের।
বিরতি থেকে ফিরে আরও শানিত আক্রমণ করে আল-নাসের। পাসিং, পজিশনিং নিয়ে দখল নেয় মধ্যমাঠের। ৭৪ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআরসেভেনের গোলে ৪-১ এ এগিয়ে যায় নাসের। জয় অনেকটাই নিশ্চিত হয়। ৯০ মিনিটে হাত্তান বাহেব্রির গোলে ব্যবধান কমায় শাবাব। তবে, নির্ধারিত সময়ের যোগ করা ষষ্ঠ মিনিটে মোহাম্মদ মারানের গোলে ৫-২ গোলের জয় নিয়ে ঘরে ফেরে আল-নাসের।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রোনালদো। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। ইতোমধ্যে ২১ ম্যাচে এটি তার ২০তম গোল।

রাজধানীসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে টানা ৩৬ ঘণ্টা অবরোধের ঘোষাণা দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া রোববার (১০ ডিসেম্বর) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় ৪ দিনের হরতাল এবং ১০ দফায় ১৯ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।

এবার গুয়েতেমালার ৩০০ নাগরিকের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার ১৬০ সদস্যের কংগ্রেসের ১০০ আইন প্রণেতাসহ দেশটির প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
সোমবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে।
ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। গুয়েতেমালার প্রেসিডেন্ট নির্বাচিত বেরনারডো আরেভালো শুক্রবার তার বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা আইনি পদক্ষেপের কঠোর সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা নিলো।
বেরনারডো আরেভালোর নির্বাচনে বিজয় বাতিল চেয়ে ওই আইনি পদক্ষেপ নিয়েছেন প্রসিকিউটররা। তাদের এই পদক্ষেপকে ন্যায়ভ্রষ্ট ও ‘অভ্যুত্থানচেষ্টা’ আখ্যায়িত করেছেন বেরনারডো আরেভালো।
গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গুয়েতেমালার ‘পাবলিক মিনিস্ট্রি’র বিভিন্ন পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটন। অন্যান্য দেশে অ্যাটর্নি জেনারেলের দপ্তর যে ভূমিকা পালন করে, সেই কাজ গুয়েতেমালায় করে থাকে ‘পাবলিক মিনিস্ট্রি’।
তাদের পক্ষ থেকে গুয়েতেমালার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল ছাড়াও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারী এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষের কাছে প্রেসিডেন্ট নির্বাচিত বেরনারডো আরেভালোর একটি বিষয়ে দায়মুক্তি প্রত্যাহারেরও অনুরোধ করেছে পাবলিক মিনিস্ট্রি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বিবৃতিতে বলেছেন, ‘গণতন্ত্রবিরোধী বহু কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এসব নির্লজ্জ ব্যবস্থা নেয়া হয়েছে।’ তিনি আরও বলেছেন, গুয়েতেমালার জনগণ তাদের কথা বলেছেন। তাদের বক্তব্যকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।’

দীর্ঘ সময়ের পর নতুন অধ্যায় শুরু সামান্থার

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে চর্চার অন্ত নেই। গত দু’বছরে যেন ভোল বদলে গিয়েছে অভিনেত্রীর জীবনের। ‘পুষ্পা’র পর তার কর্মজীবনে ব্যাপক সাফল্য এলেও ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় বয়ে গিয়েছে। চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্যের সঙ্গে, তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা। কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দু’পক্ষই।
বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা পরবর্তী ঘটনাক্রমেই বোঝা যায়। তার উপর বিয়ে ভাঙার পর মায়োসাইটিস অর্থাৎ পেশি প্রদাহ রোগে আক্রান্ত হন সামান্থা। একটা দীর্ঘ সময় শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তবে গত কয়েক মাস ধরে কাজ কমিয়ে নিজের সঙ্গে প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন সামান্থা। ঘুরে বেড়েচ্ছেন বিদেশে। এর মাঝে নতুন এক সুখবর দিলেন অভিনেত্রী।
সামান্থা নিজের প্রযোজনা সংস্থা খুললেন। এবার শুধু অভিনেত্রী নয়, প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাকে। প্রযোজনা সংস্থার নাম ‘ট্রালালা মুভিং পিকচার্স’। সেই সঙ্গে তিনি এ-ও জানান যে, তার সংস্থা আপাতত হায়দরাবাদের ‘মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস’ নামে এক বিনোদন সংস্থার সঙ্গে কাজ করছে। সম্প্রতি নিজের সংস্থার লোগো উন্মোচন করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের কাছে অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম নিয়ে আসা।’
জীবনের যন্ত্রণাদায়ক দু’টি বছর প্রসঙ্গে সম্প্রতি সামান্থা বলেন, ‘যখন কঠিন সময় এল, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এই সময়ে তাদের কথা পড়তাম। ওই সব কাহিনি সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।’
সেই দিন এখন অতীত। আপাতত নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী।

‘গাজায় ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও ভয়াবহ’

গাজা উপত্যকার পরিস্থিতি ‘বিপর্যয়কর, প্রলয়ঙ্করী।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি যে ধরনের ক্ষতির মুখে পড়েছিল, গাজায় তার চেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। এমন মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিবিদ যোশেপ বরেল।
তিনি সোমবার বলেন, ‘পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারদের সহিংসতায়ও’ ইউরোপিয়ান ইউনিয়ন আতঙ্কিত। তিনি জেরুসালেমে আরো ১,৭০০ বাড়ি ইউনিট নির্মাণের ইসরাইলি সরকারের সিদ্ধান্তেরও নিন্দা করেন। তিনি বলেন, ব্রাসেলস মনে করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
হামাসের আক্রমণটির কারণে গ্রুপটিকে ইউরোপিয়ান ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় স্থান পাওয়ার উপযুক্ত- এমন কথা উল্লেখ করে বরেল বলেন যে বেসামরিক মৃত্যু এবং বেসামরিক সম্পত্তি ও অবকাঠামো ধ্বংসের আলোকে ইসরাইলি সামিরক বাহিনীর অভিযানও আনুপাতিকের চেয়ে অনেক বেশি হয়েছে।
তিনি বলেন, মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।
তিনি বলেন, মোট মৃত্যুর ৬০ থেকে ৭০ ভাগ হচ্ছে বেসামরিক মৃত্যু। আর ৮৫ ভাগ লোক অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত।
তিনি বলেন, গাজার ভবন ধ্বংস দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নগরীগুলো যে ধরনের ধ্বংসের মুখে পড়েছিল, তার চেয়েও অনেক বেশি।

তীব্র হচ্ছে ইসরাইল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে লড়াইয়ের পাশাপাশি লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরাইলের পাল্টাপাল্টি হামলার মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে।
রোববার হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরাইলের সামরিক অবস্থানগুলোতে বিস্ফোরক ভর্তি ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রাম ইসরাইলি বিমান হামলায় কেঁপে ওঠে।
৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইল পরস্পরের সীমান্তবর্তী লক্ষ্যস্থলগুলোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এর আগে ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া মাসব্যাপী এক যুদ্ধের পর থেকে এটিই দু’পক্ষের মধ্যে শুরু হওয়া সবচেয়ে তীব্র । তবে এ হামলা মূলত দুই দেশের সীমান্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
লেবাননের আইতারুন শহরে ইসরাইলি বিমান হামলায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরো বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা আলি হিজাজি জানিয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, ‘আল্লাহ রক্ষা করায় হামলায় কেউ মারা যায়নি। তিন নারী ও দু’জন পুরুষ আহত হয়েছে।’
এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনীতিক হাসান ফাদাল্লাহ জানিয়েছেন, ইসরাইলের বিমান হামলা ‘নতুন করে সহিংসতা বাড়িয়েছে’, হিজবুল্লাহ ‘নতুন ধরনের আক্রমণ’ চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, ‘আকাশপথে সন্দেহজনক লক্ষ্যবস্তু’ লেবানন সীমান্ত অতিক্রম করেছে আর সেগুলোর মধ্যে দু’টিকে বাধা দেয়া হয়েছে। এ হামলায় ইসরাইলের দুই সেনা ‘মাঝারি মাত্রার জখম’ হয়েছে আর অন্য বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে।
এর জবাবে ইসরাইলের জঙ্গি বিমানগুলো ‘লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে ধারাবাহিক ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। লেবানন সীমান্তের কাছে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয়। লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দারা পরিষ্কার নীল আকাশে দুটি যুদ্ধবিমান উড়ে যেতে দেখেছেন, সেগুলো পেছনে ধোঁয়ার সাদা রেখা রেখে যায়।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরইলে তাদের হামলার লক্ষ্য গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের সমর্থন জানানো। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ পূর্ণ যুদ্ধ শুরু করলে বৈরুতকে ‘গাজায়’ পরিণত করা হবে।
দক্ষিণ লেবাননে থাকা জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল এক বিবৃতিতে বলেছে, ‘যে কোনো ভুল বোঝাবুঝির পরিণামে সম্ভাব্য বিস্তৃত একটি সংঘাত শুরু যাওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে।’
হিজবুল্লাহ জানিয়েছে, ইয়ারা শহরে ইসরাইলি সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্টে ড্রোন হামলা চালিয়েছে তারা। পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনীর কয়েকটি লক্ষ্যে হামলা চালাতে বুরকান (আগ্নেয়গিরি) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রগুলো কয়েকশ কেজি বিস্ফোরক বহন করতে পারে।

পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ

পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। একই সঙ্গে যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনতে বলা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, কেবিনেট মিটিংয়ে নয়, মন্ত্রিসভার বৈঠক হয়েছে। তবে পেঁয়াজের দাম নিয়ে আলাদাভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে। আজ তার কিছুটা ইমপ্যাক্ট পাওয়া যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন তো আপনারা, নাকি পাচ্ছেন না? গতকাল যে (পেঁয়াজের দাম বৃদ্ধির) ট্রেন্ড ছিল, আজ তো সে ট্রেন্ড নেই।
ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন।
এমন অবস্থায় সাংবাদিকেরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চাইলে, সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে, মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়াতে হবে। যারা এসব কাজের সঙ্গে জড়িত, তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন ডেঙ্গু রোগী। সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১০৩ এবং ঢাকার বাইরে ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন ৪ জন। তাদের মধ্যে ঢাকার ৩ এবং ঢাকার বাইরে ১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ জন ও ঢাকার বাইরে ৫৬৪ জন।
চলতি বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ নয় হাজার ১০১ জন ও ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ৬৪৪ জন।
চলতি বছর তিন লাখ ১৩ হাজার ৯৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ সাত হাজার ৫৪৯ জন ও ঢাকার বাইরে দুই লাখ ছয় হাজার ৩৮৪ জন।
বর্তমানে সারাদেশে দুই হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৯১ জন ও ঢাকার বাইরে এক হাজার ৪৫৬ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৬৫ জনের মৃত্যু হয়েছে।

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন মাহিয়া মাহি

প্রার্থিতা ফিরে পেয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ভোটাররা চান আমি যেন বিপুল ভোটে জিতে নৌকার মাঝি হই। এলাকার মানুষ জানে আমি মাঝি, যদিও নৌকা পাইনি।
রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি সোমবার (১১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, টেনশনে ছিলাম যে ন্যায়বিচার পাবো কি না।
কারণ আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজ সেটারই আসলে প্রতিদান পেয়েছি। শতভাগ বিশ্বাস করতে শুরু করেছি যে এ নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছে আপনাকে নির্বাচন করতে হবে। তারা আমাকে নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাপ তো অবশ্যই আছে। আসলে কে চাইবে হেরে যেতে? হার তো আসলে আমরা কেউ পছন্দ করি না, আমরা চাইও না। যে যার জায়গা ধরে রাখতে চেষ্টা করবে। কিন্তু আমি বরাবরই যোদ্ধা। আমি যুদ্ধ করেই আসলে জিতবো। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই নির্বাচন হবে। রাজশাহী-১ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হবো।
গত ২৭ নভেম্বর রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন মাহিয়া মাহি। তার আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন তিনি। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন নায়িকা।
গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি আপিল করেন। আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য।