সোমবার, অক্টোবর ১২, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আগামীকাল ১৬ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পনের জন্য ঢাকা হতে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর চারটা হতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, বিদেশী রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ভোর সাড়ে তিনটা হতে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নি¤েœ বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।
বিকল্প সড়ক
সকল যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে চলাচল করবে।
টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।
উল্লিখিত অনুষ্ঠানসমূহ চলাকালীন সম্মানিত নাগরিকবৃন্দকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

‘যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন,একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী- যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদের বিচারের মুখোমুখি করা হবে।
মন্ত্রী বৃহস্পতিবার সিলেট মহানগরীর এক হোটেলে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় আব্দুল মোমেন বলেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোন বিকল্প নেই,তাই শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।
নির্বাচনে মাঠপর্যায়ে প্রচারণা ও ভোটারদের নির্বাচনমুখি করতে ছাত্রলীগের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।
সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতার হোসেন পিয়ার, জেলা মহিলা আ্ওয়ামী লীগের হেলেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াস, জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান সফল করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড.আব্দুল মোমেনকে বিজয়ী করে আমাদের প্রমাণ করতে হবে সিলেট নৌকার ঘাঁটি। সভায় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রন্ত্রীর হাতে নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি তালিকা তুলে দেন।

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী মিজ জুলি সু এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদশর শ্রম পরিস্থিতিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার বিকেলে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে এই বঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ইমরান এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই দেশেরসরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।
একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবার-এর ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।

‘স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই’

স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে শরিক দলকে সংসদ নির্বাচনে জয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে সংসদ নির্বাচনের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়ছেন। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এক হাজার ৯৬৪ জন। আর বাকি ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর ২৭ শতাংশই স্বতন্ত্র।
শুরুর দিকে আওয়ামী লীগ দুটি আসন ছাড়া ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করে। সর্বশেষ গতকাল শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ।
নৌকার টিকিট না পেয়ে আওয়ামী লীগের বর্তমান ৬০ জন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দেন। এছাড়া দলটির আরও অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার করেছেন। এসব স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ক্ষমতাসীন দলটির ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলের মনোনয়ন পাওয়া অনেকেই চান স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়া হোক। এছাড়া এসব স্বতন্ত্র প্রার্থী ১৪-দলীয় জোট ও মিত্রদের জন্যও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করেন নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা ভূমিকা রাখবেন।
শুক্রবার এ বিষয়ে করা প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শরিক দলকে যে ৭টি আসন দেওয়া হয়েছে তা তাদের যোগ্যতা বিচার করে দেওয়া হয়েছে। আর যাদের দেওয়া হয়নি ভোটের মাঠে তাদের অবস্থা ভালো নয় বলে দেওয়া হয়নি। তবে যেসব আসন শরিক দল রয়েছে সেখানে স্বতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে।
জাতীয় পার্টি নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করে আসছে। তারা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। তারা আলাদা নির্বাচন করতে চাচ্ছে। তাদের সঙ্গেও সমঝোতা হবে।
জাতিসংঘের আহ্বান বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি-জামায়াত, যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে গেছে।
মন্ত্রী বলেন, এটি একটি ভালো স্টেটমেন্ট। জাতিসংঘের এ স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই। কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করছে, ভোট প্রতিহত করার চেষ্টা করছে, আপনারা জানেন। বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে। ভোটকেন্দ্রে যাতে মানুষ না যায়, সেজন্য তারা ভীতিসঞ্চার করছে, গাড়ি পোড়াচ্ছে, রেললাইন খুলে ফেলছে। সুতরাং আমি মনে করি এই বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে। কারণ এই বিবৃতি যারা ভোটকে প্রতিহত করতে চায়, তাদের বিরুদ্ধে।

ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি। গাজায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ইসরায়েলের বর্বর এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। ইউরোপসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ সমাবেশ।

এমন পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলু প্রতিবেদনে বলা হয়, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র, এমন রিপোর্টের মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করলেন তিনি।

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এমনটা চান কিনা, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি চাই কীভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে তারা মনোযোগী হোক। হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না, তবে আরও সতর্ক হতে হবে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে।

এদিকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের টাইমলাইন সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস মিশ্র বার্তা পাঠিয়েছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই বর্বর হামলায় নিহত হয়েছেন প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৫৩টি দেশ। অন্যদিকে বিপক্ষে ভোট দেয় ইসরায়েল, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও চেক রিপাবলিকসহ ১০টি দেশ। আর যুক্তরাজ্য ও জার্মানিসহ ২৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

গাজায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস : ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ।

তবে ইসরায়েল বলছে, গাজায় তাদের যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধে কয়েক মাসেরও বেশি সময় লাগতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

সুলিভান বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করতে ইসরায়েলে পৌঁছেছেন।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে। আর এই সপ্তাহেই গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার জ্যাক সুলিভানের সাথে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা ইসরায়েলের সাথে লড়াই করার জন্য এক দশক ধরে নিজেদের তৈরি করেছে।

গ্যালান্টের দাবি, তারা মাটির নিচে ও মাটির ওপরে নানা অবকাঠামো তৈরি করেছে এবং তাদের ধ্বংস করা সহজ নয়। এর জন্য আরও সময়ের প্রয়োজন হবে – এটি (যুদ্ধ) কয়েক মাসেরও বেশি সময় ধরে চলবে, কিন্তু আমরা জিতব এবং আমরা তাদের ধ্বংস করব।

বীর মুক্তিযোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন : খাদ্যমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধারা তাদের অবদানের জন্য ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খাদ্যমন্ত্রী বলেন, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা প্রাণ বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করে জাতিকে লাল সবুজ পতাকা দিতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সম্মান দিয়েছেন। মৃত্যুর পরও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র সম্মান প্রদর্শন করছে।

তিনি বলেন, ১০ থেকে ১২ বছর পর হয়তো বীর মুক্তিযোদ্ধাদের পাওয়া যাবে না। আমরা বলতে পারবো এ দেশের জন্য যুদ্ধে গিয়েছিলাম। দেশের জন্য যুদ্ধ করার সৌভাগ্য সবার হয় না।

এ সময় সহকারী কমিশনার ভূমি রুপম দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবাস চন্দ্র সরকারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন গণতন্ত্রের প্রাণ। সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আওয়ামী লীগের দায়িত্ব। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ।
আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণমূলক করার ব্যবস্থা আওয়ামী লীগ সমর্থন করেছে। নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ।
শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা সবাই আসন সমঝোতা নিয়ে কথা বলেন, এখানে আমরা এই সময়ে আমাদের এই এলায়েন্সটাকে যতটা রাজনৈতিক মূল্য দিচ্ছি, এখানে আসনের বিষয়টা মূখ্য না। এখানে মূখ্য হচ্ছে রাজনীতি। জঙ্গীবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এই ইলেকশন।
তিনি বলেন, বাংলাদেশের মাটি থেকে এই অপশক্তি কে আমাদের পরাজিত করতে হবে। নির্বাচনে আসেনি। তারা নাশকতা করছে, কতদিন করবে? নাশকতা জনগণ সমর্থন করে না। বিএনপিকে এই নাশকতার জন্যেই তাদের আন্দোলনে জনসম্পৃক্ত করতে পারেনি।
এই সময় তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের আন্দোলনে জনগণ ছিল? তাদের কর্মীরা ছিল? সামনের দিকে তাদের এ জনবিচ্ছিন্নতা আরও বাড়বে।
শরিকদের আসনে স্বতন্ত্র প্রার্থী বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিযোগিতা হউক, এখানে পক্ষপাতিত্বের কি আছে? আমরা জোর করে কারো বিজয় ছিনিয়ে আনবো না। আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না।
তিনি বলেন, আমি পার্টির সাধারণ সম্পাদক, আমার বিরুদ্ধেও চার জন আছে। এখন কেউ যদি জিতে যায়, তাহলে তো আমাকেও হার মানতে হবে। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা যেটা আছে সেটা আমরা মেনে নিয়েছি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

পাওয়েল-কিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়

মারকুটে ব্যাটিংয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করতে পারে কোন দল, এমন প্রশ্ন করা হলে অগ্রাধিকারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের নাম আসবে নিঃসন্দেহে। তার প্রমাণ আরও একবার ব্যাট হাতে দেখালেন ব্রান্ডন কিং ও রভম্যান পাওয়েল। দুর্দান্ত ব্যাট করে দলকে ১৭৬ রানের সংগ্রহ এনে দিয়ে ম্যাচ জেতালেন ১০ রানে। এতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল বৃহস্পতিবার সেইন্ট জর্জে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মেয়ার্স। মেয়ার্স ১৬ বলে ১৭ রান করে দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরত যান। এরপর আর ১১ রান তুলতে আর তিন উইকেট (নিকোলাস পুরান ৫, শাই হোপ ১ ও শিমরন হেইটমায়ার ২ রান) হারায় ওয়েন্ট ইন্ডিজ।
দ্রুত চার উইকেট হারালে ফিরলে ৬ নম্বরে নামা রভম্যান পাওয়েলের সঙ্গে ৪৯ বলে ৮০ রানের দুদান্ত জুটি করেন কিং। ২৮ বলে ঝোড়ে ফিফটি (৩ চার ও ৫ ছক্কায়) করে ফেরেন পাওয়েল। এরপর আন্দ্রে রাসেলের সঙ্গে ৪২ রানের আরেকটি জুটি করেন কিং। রাসেল ১০ বলে ১৪ রান করে ফিরলেও কিং অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ৫২ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার কিং। ৮ চার আর ৫ ছয়ে ইনিংসটি সাজান এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। দলে হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার স্যাম কারেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। এছাড়া ওপেনার ফিল সল্ট করেন ২৩ বলে ২৫ রান। উইল জ্যাকস ২১ বলে ২৪, লিয়াম লিভিংস্টোন ৯ বলে ১৭, মঈন আলি ১৩ বলে ২২ ও রিহান আহমেদ ৩ বলে ১০ রান করেন। শেষ পর্যন্ত ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৬ রানে থামে ইংল্যান্ড। ১০ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট (৩৯ রান খরচায়) শিকার করেন আলজারি জোসেফ। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট তুলে নেন আদিল রশিদ ও টাইমাল মিলস।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ব্রিজটাউনে আন্দ্রে রাসেলের অলরাউন্ডিং পারফর্মম্যান্সে ৪ উইকেটে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

র‌্যালির অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনারকে আওয়ামী লীগের চিঠি

বিজয় দিবসের র‌্যালি করার অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক চিঠির মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‌্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।
বিজয় দিবসের র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন।