সোমবার, অক্টোবর ১২, ২০২৬

আগুন দেওয়া হয় ট্রেনের ভেতর থেকে : ডিএমপি কমিশনার

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভেতরে যারা ছিল তারাই আগুন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, প্রথমে একটি সিটে আগুন দেওয়া হয়। সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর বনানী কাকলী এলাকার কাছে এলে ‘জ’ বগিতে যাত্রীরা আগুন দেখতে পায়। এ সময় অনেকে জানালা দিয়ে অনেকে দরজা দিয়ে নামতে পারলেও নামতে না পারায় চারজন জীবিত পুড়ে মারা গেছে। তাদের মধ্যে এক মা ও তার সন্তান ইয়াসিনকে শনাক্ত করা গেছে। বাকি দুজনকে শনাক্ত করা যায়নি। আমাদের সিআইডি এক্সপার্ট ডিএমপি সবাই তাদের পরিচয় শনাক্তে একসঙ্গে কাজ করছে। তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো কোনো অবস্থা নেই। তাদের ডিএনএ সংরক্ষণ করা হচ্ছে, যাতে পরবর্তী সময়ে তাদের শনাক্ত করা যায়।
কমিশনার আরও বলেন, এ ঘটনায় পুলিশের সব ইউনিট কাজ করছে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে নাশকতার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করার জন্য। আপনারা জানেন একটি রাজনৈতিক দলের লোকজন কিছুদিন ধরে হরতাল-অবরোধের নামে মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করে চলছে। সেই প্রক্রিয়ারই একটি অংশ হিসাবে প্রাথমিকভাবে পুলিশ এটি মনে করে।
শনাক্ত মরদেহের ময়নাতদন্ত হবে কি না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এই মরদেহ দুটির পোস্টমর্টেম না। যেহেতু আগুনে পোড়া এটি দৃশ্যমান।রেলওয়ে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই নাশকতার দায় আপনি কার বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই যারা অবরোধ করছে, হরতাল করছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। এটি আমাদের কাছে স্পষ্ট। এর আগে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে গাজীপুরে রেললাইন কেটে ফেলে দুর্ঘটনার মাধ্যমে একজনকে হত্যা করা হয়েছে, আমি এটাকে হত্যাই বলব। এই ঘটনাটি যারাই ঘটিয়েছে তারা হরতাল-অবরোধকারীর অংশ বলেই মনে করি। শুধু একটি অংশ নয়, এটি কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তেই তাদের যারা অনুসারী আছে তাদের যারা লেলিয়ে দেওয়া লোকজন আছে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে।
এখানে তো রেল পুলিশ ছিল তাদের কোনো গাফিলতি আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত চলছে। একজন আহত ব্যক্তি যিনি হাসপাতালে ভর্তি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন, যারা আগুন দিয়েছে তারা ট্রেনের ভেতরেই ছিল। তিনি দেখেছেন সিটের ভেতরেই প্রথম তারা আগুন দেয়। পরে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। যে যেভাবে পেরেছে ছোটাছুটি করছে কেউ দরজা দিয়ে কেউ জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে পেরেছে। যেহেতু তখন ভোর ছিল তখন অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিল। আমরা দেখেছি একজন মা নাদিরা আক্তার পপি তার তিন বছরের সন্তান মা ছেলেকে জড়িয়ে ছিল, ছেলে মাকে জড়িয়ে ছিল ওই অবস্থাতেই পুড়ে মারা গেছে তারা। মা ছেলেকে নিয়ে হয়ত বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বাঁচতে পারেনি।
বাসে যে অগ্নিকাণ্ড ঘটছে বা ট্রেনে যে অগ্নিকাণ্ড ঘটছে সে বিষয়ে আপনারা নিরাপত্তার কোনো ব্যবস্থা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন এর আগে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কেউই রেহাই পায়নি। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এই ঘটনাও যারা ঘটিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরব বসন্তের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে না : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে এদেশে বহুবার আরব বসন্তের গল্প শোনানো হয়েছে। আরব বসন্তের স্বপ্ন আরবেই দেখতে হবে। বাংলাদেশে এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।
হানিফ নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, উৎসবমুখরই হবে।
সোমবার নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে হানিফ কুষ্টিয়া শহরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় জেলা আওয়ামী লীগের নেতারা অংশ নিচ্ছেন।

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের ‘মৃত্যুর’ খবর নিয়ে হইচই

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম মারা গেছেন—এমন খবর চাউর হয়েছে ইন্টারনেটে। গুঞ্জন উঠেছে, তাঁর শরীরে নাকি বিষ প্রয়োগ করা হয়েছিল। এরপর পাকিস্তানের করাচি শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে এক প্রকার হইচই।

গুঞ্জন আরও জোরদার হয় কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে। তাতে দেখা যায়, এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ারুল হক কাকার দাউদের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

তবে তথ্যের সত্যতা যাচাই–বাছাইকারী ওয়েবসাইট ডিএফআরএসি জানিয়েছে, ছড়িয়ে পড়া স্ক্রিনশটে যে এক্স অ্যাকাউন্টটি দেখা গেছে, তা আনোয়ারুল হক কাকারের নয়। সেটি ভুয়া। কাকারের আসল যে এক্স অ্যাকাউন্ট, তাতেও স্ক্রিনশটের মতো কোনো পোস্ট পাওয়া যায়নি।

দাউদ ইব্রাহিমের জন্ম ১৯৫৫ সালে। মুম্বাইয়ের একটি বস্তিতে তাঁর বেড়ে ওঠা। ১৯৯৩ সালে শহরটিতে বোমা হামলার ঘটনার পর ভারত ছেড়ে যান তিনি। সে বছরের ১২ মার্চ ওই হামলা চালানো হলে ২৫৭ জন নিহত হন। আহত হন ৭০০ জনের বেশি মানুষ। অভিযোগ রয়েছে, হামলার পরিকল্পনা করেছিলেন দাউদ ইব্রাহিম।

বিমানবন্দরে হঠাৎ মেজাজ গরম সাইফের

ফটোশিকারিদের উপদ্রবে বিরক্ত বলিউড তারকারা। জিম, রেস্তোরাঁ কিংবা বিমানবন্দর সর্বত্রই ছবিশিকারি আনাগোনা।

অনেক সময় তারকাদের ব্যক্তিগত পরিসরেও কখনও কখনও ঢুকে পড়েন তারা। সব সময় যে তারকারা পোজ দেওয়ার মতো মুডে থাকেন তেমনও নয়। এ বার বিমানবন্দরে সাইফ আলি খানের এমন একটি মুহূর্ত ধরা পড়ল ছবিশিকারিদের ক্যামেরায়। যেখানেই নিজের বাড়ির পরিচারকের সঙ্গে বচসায় জড়িয়েছেন নায়ক। পরিস্থিতি সামাল দিতে এলেন কারিনা কাপুর খান।

বিমানবন্দরে ঢোকার সময় হাসিমুখেই ছবি তোলেন সাইফ। কিন্তু ভিতরে ঢোকামাত্রই মাথা গরম অভিনেতার। এমনিতেই বড় বড় তারকা যেখানেই যান না কেন, সঙ্গে যান তাদের সহকারীরা। এ বার বড়দিনের ছুটি কাটতে মুম্বাই ছেড়ে রাজস্থান গেছেন তিনি। কিন্তু ছুটির মেজাজে আচমকাই যেন তাল কাটল।

হঠাৎ সহকারীর সঙ্গে বচসায় জড়ান সাইফ। কিন্তু হঠাৎ কেন এতটা রেগে গেলেন নায়ক, তা স্পষ্ট নয়। ওই ব্যক্তির কাঁধে হাত রেখে বকাবকি শুরু করেন অভিনেতা। স্বামীর মেজাজ গরম দেখে মাঝখানে ঢুকে পরিস্থিতি সামাল দেন স্ত্রী কারিনা।

তবে এই প্রথম নয়, আগেও এক বার নিজের গাড়ি চালকের সঙ্গে রূঢ় ব্যবহার করেন সাইফ। শুধু রাগারাগি নন, তাকে থাপ্পড়ও মেরেছিলেন অভিনেতা।

হলান্ডদের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ম্যান সিটিকে বড় অঙ্কের জরিমানা

রেফারির ওপর খেলোয়াড়দের চড়াও হওয়ার দায়ে ম্যানচেস্টার সিটিকে ১ লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এ মাসের শুরুতে প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের শেষ দিকে ঘটেছিল এ ঘটনা।

পরবর্তী সময়ে এ ঘটনায় সিটির বিরুদ্ধে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়। সিটিও খেলোয়াড়দের অসদাচরণের বিষয়টি স্বীকার করেছে। যার পরিপ্রেক্ষিতে এবার জরিমানা গুনতে হয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

সিটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত জানিয়ে এফএ বলেছে, ৩ ডিসেম্বর প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচে ম্যাচ অফিশিয়ালকে খেলোয়াড়েরা ঘিরে ধরায় ম্যানচেস্টার সিটিকে ১ লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

সেদিন ম্যাচের ৯৪ মিনিটের খেলা চলছিল তখন। এমন সময় বল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় ফাউলের শিকার হন হলান্ড। তবে দ্রুতই নিজেকে সামলে বল বাড়ান সামনে থাকা গ্রিলিশের উদ্দেশ্যে। চমৎকারভাবে বাড়ানো বল ধরে গ্রিলিশ গোলমুখে ছুটে যাচ্ছিলেন। পেছনে তখন শুধু দুই টটেনহাম ডিফেন্ডার। গোলের বেশ ভালো সম্ভাবনায় ছিল সিটির সামনে।

কিন্তু ঠিক সে সময় রেফারি বাঁশি বাজালে থেমে যেতে হয় গ্রিলিশকে। হলান্ডকে ফাউলের ঘটনায় সিটিকে ফ্রি-কিক দেন রেফারি। এতে বেশ ক্ষুব্ধ হন সিটি খেলোয়াড়েরা। মূলত তাৎক্ষণিকভাবে ফাউল না দিয়ে সিটি গোলের সম্ভাবনা তৈরির পর ফাউল দেওয়ার কারণে রেফারি সাইমন হুপারকে ঘিরে ধরেন হলান্ডসহ অন্য খেলোয়াড়েরা। এতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো হলুদ কার্ড দেখেন হলান্ড।

হলান্ড অবশ্য সেটুকুতেই থামেননি। পরে ফাউলের ঘটনার একটি ভিডিও রিটুইট করেন এই স্ট্রাইকার। সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন গালি হিসেবে ব্যবহার করা হয় এমন শব্দ। ঘটনার পর খেলোয়াড়েরা অবশ্য সিটি কোচ গার্দিওলার সমর্থন পেয়েছিলেন।

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। তারা সবাই রেলের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন।

সকাল ৬টা ৪১ মিনিটে তিনি জানান, আগুন নির্বাপনের কাজ চলছে।

আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ধর্মীয় অনুভূতিতে কেউ যেন আঘাত করতে না পারে সে বিষয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখতে বলছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনায় ধর্ম বিষয়ক উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ধর্মীয় গুজব ছাড়ানোর চেষ্টা করছে। ধর্মীয় উপ-কমিটি এ বিষয়ে সতর্ক থাকবে এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তি যেন ধর্মীয় গুজব ছড়াতে না পারে সেদিকে নজর রাখতে হবে। নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি কোনোভাবেই যেন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

বছর শেষে নতুন খবর দিলেন মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা। এদিকে চলতি বছর একেবারে শেষে এসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই নায়িকা অভিনীত কলকাতার ছবি ‘মানুষ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় মূল চরিত্রে আছেন কলকাতার জিৎ। মিম রয়েছেন বিশেষ চরিত্রে। তবে পুরো সিনেমাটিতেই মিমের উপস্থিতি ও পুলিশি ‘মুভমেন্ট’ পছন্দ করছেন দর্শকরা।

মিমের বলেন, অতিথি চরিত্র হলেও এটি চ্যালেঞ্জিং। বলিউডসহ সারা দুনিয়ার সিনেমায় তারকাদের বিশেষ উপস্থিতি থাকে। চরিত্রের গুরুত্ব আছে বলেই তারা করছেন। একটি ভালো চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এ ধরনের চরিত্রের প্রস্তাব আসে, চরিত্রের গুরুত্ব বিবেচনায় তাতে অভিনয়ে আপত্তি করব না।’ এদিকে ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিংও শেষ বলে জানিয়েছেন এই নায়িকা। নতুন বছরের শুরুর দিকেই এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন এই প্রসঙ্গে মিম বলেন, কিছুদিন আগে শহিদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনীর বিশেষ একটি অংশ নিয়ে তৈরি এ সিনেমার কাজ শেষ করেছি। পান্না কায়সারের মতো একজন গুণী মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় ব্যাপার। দর্শক আমাকে তার বায়োপিকে দেখবেন, এটাতো বড় পাওয়া; যা আমার দর্শকদের জন্যও চমক।

এদিকে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মিমের। যদিও সিনেমাটির শুটিং কবে শুরু হবে তার বিস্তারিত জানাতে পারেননি এই অভিনেত্রী।

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে ১৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ১ হাজার ৬৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৭১ জন এবং ঢাকা সিটির বাইরের ৭১৫ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি কর্পোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

কুয়েতের নতুন আমিরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতর নতুন আমির হওয়ায় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।
নতুন আমিরকে সম্বোধন করে লেখা স্বাক্ষরিত এক চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে কুয়েতের আমিরের দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।’
প্রধানমন্ত্রী বলেন, আপনার এই সর্বোচ্চ পদে আরোহণ আপনার বিচক্ষণতা ও গতিশীল নেতৃত্বের প্রতি কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের আস্থার প্রমাণ।
তিনি বলেন, ১৯৭৩ সালে আমাদের কূটনৈতিক সম্পর্কের সূচনা থেকেই বাংলাদেশ ও কুয়েত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে।
তিনি বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত যা বহু বছর ধরে মানব সম্পদ নিয়োগ, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।
বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার নতুন দায়িত্ব গ্রহণের এই মুহূর্তে আমি আপনাকে এবং কুয়েতের জনগণকে আগামী দিনে বাংলাদেশ সরকারের কাছ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সময় প্রদর্শিত তার জনমুখী ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পৃক্ততার সকল ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে ত্বরান্বিত ও শক্তিশালী করার মাধ্যমে কাক্সিক্ষত স্তরে উন্নীত করতে সক্ষম হবে।’
প্রধানমন্ত্রী নতুন আমিরের অব্যাহত সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য কামনা করেন এবং অগ্রগতি ও সমৃদ্ধশালী অভিন্ন ভবিষ্যতের গড়াতে তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।