শনিবার, অক্টোবর ১০, ২০২৬

পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা ইসরায়েল-হামাস সংঘাত বিশ্বের বিভিন্ন দেশে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ভূ-রাজনৈতিক চিত্র যে বদলাচ্ছে, এগুলো তার জ্বলন্ত উদাহরণ। তবে আরও উদ্বেগের বিষয় হলো যে, সংঘর্ষগুলো খালি চোখে দেখা যায় না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় কূটনৈতিক সংঘর্ষের মধ্যে, চীন সম্ভবত তার ক্ষেপণাস্ত্র শক্তির ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে, নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক, চীনের শিনজিয়াং প্রদেশের লপ নুরে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একাধিক উপগ্রহ চিত্রে সেই ছবি ধরা পড়েছে। প্রায় ৬০ বছর আগে যেখানে চীন তার প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই ঘাঁটিতে সম্প্রতি একাধিক অবকাঠামোগত উন্নয়ন ও যন্ত্রের আমদানি লক্ষ করা গেছে।
চীনা কর্তৃপক্ষ সম্প্রতি পাহাড়ের পাশে টানেলে খনন ও নির্মাণ পুনরায় শুরু করেছে। অতীতে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য এই টানেলগুলো ব্যবহার করা হয়েছিল। স্যাটেলাইট চিত্রগুলো এলাকার চারপাশে বেশ কয়েকটি নতুন রাস্তা যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে।
নিউইয়র্ক টাইমসকে একজন পারমাণবিক বিশেষজ্ঞ টং ঝাও বলেছেন, ‘সব প্রমাণ চীনের ইঙ্গিত করে চীন আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে চলেছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে লপ নুরে পর্যবেক্ষণ করা উন্নয়নগুলো চীনের পারমাণবিক অবকাঠামোর মধ্যে একটি ব্যাপক আধুনিকীকরণের প্রচেষ্টার ইঙ্গিত দেয়। তারা সতর্ক করেছে যে এটি সামরিক অস্ত্রাগারের সম্প্রসারণকে ত্বরান্বিত করতে পারে এবং পারমাণবিক প্রতিযোগিতার একটি নতুন যুগের সূচনা করতে পারে।
বিষয়টি এমন একসময়ে সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমীকরণ স্পর্শকাতর হয়ে উঠেছে। দুটি দেশ সম্প্রতি কিছু সামরিক শর্তে পুনরায় যুক্ত হতে শুরু করেছে এবং নতুন পারমাণবিক পরীক্ষার চারপাশের গুঞ্জন গুরুত্বপূর্ণ আলোচনাকে লাইনচ্যুত করতে পারে। ড. রেনি ব্যাবিয়ারজ, ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক বিশ্লেষক, যিনি প্রমাণ সামনে এনে বলেছিলেন যে, গভীর শ্যাফটগুলো দেশের দ্রুত বর্ধনশীল অস্ত্রাগারের জন্য নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে।
চীন নতুন পারমাণবিক পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করেছে এবং এই জাতীয় বিবৃতিগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

আর সিঙ্গেল থাকছেন না প্যাটিনসন

হলিউডের হার্টথ্রব রবার্ট প্যাটিনসন। অভিনয় দক্ষতার পাশাপাশি একেবারেই আলাদা চেহারার জন্য কোটি তরুণীদের স্বপ্নের পুরুষ তিনি। বিশ্বের সেরা আবেদনময় পুরুষের প্রায় সব তালিকায় নাম থাকে তার।
‘টোয়ালাইট’ সিরিজ সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী তারকাখ্যাতি পাওয়া এই অভিনেতা আর সিঙ্গেল থাকছেন না। গত চার বছরেরও বেশি সময় ধরে সুকি ওয়াটারহাউজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। কোটি নারী ভক্তের মন ভেঙে দিয়ে বিয়ে করতে চলেছেন প্রেমিকা সুকিকে।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’ জানিয়েছে, শিগগির বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা। এক সূত্র ‘পিপল’-এ বলেছেন, ‘তাদের বাগদান হয়েছে। দুজনেই বিয়ে সেরে ফেলতে চাইছেন। এটা তাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।’
গত সোমবার লন্ডনে সুকির হাতে একটি হীরার আংটি দেখা যায়। এরপরেই রটে বাগদানের গুঞ্জন। এর আগে নভেম্বরে সুকি ওয়াটারহাউজ তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন। মেক্সিকোর করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করা ভক্তদের খবরটি জানান তিনি।
২০১৮ সালে এই জুটির রোমান্সের গুঞ্জন প্রথম শোনা যায়। ২০২০ সালে করোনভাইরাস মহামারি চলাকালীন রব ও সুকি একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।
উল্লেখ্য, রবার্ট প্যাটিনসন আর তার বিখ্যাত ‘টোয়াটাইট’ সিরিজ সিনেমার নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেম ছিল জগৎ বিখ্যাত। এই দুই তারকার দীর্ঘ বছরের প্রেম ভেঙে যাওয়ার খবরেও মন খারাপ করেছিলেন অসংখ্য ভক্ত।

নির্বাচনী বিধি লঙ্ঘন করলে কোনো ছাড় নয় : ইসি আনিছুর

নির্বাচনী বিধি লঙ্ঘন কিংবা সহিংস ঘটনা ঘটালে যেই হোক না কেন কোনো ছাড় নয়। প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, কোনো শঙ্কা, ভয়-ভীতি বা আনুকূল্য নেই। প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারো না কারো, এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।
স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠর দাঁড়াতে পারছে না, ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আমরা পারছি না, এতে একমত হতে পারছি না, এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণ বিধি বাস্তবায়ন হচ্ছে। আজকেও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকালকে পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব।
তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা গেছে। আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাবো। কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়-ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষতার জন্য কেউ রেহাই পাবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার করে যাব।
পুলিশ কেন অবেহলা করছে, এমন প্রশ্নের জবাবে সরকারের সাবেক এ সচিব বলেন, যেই ঘটনা শুনলাম এটা কিন্তু সকাল বেলা তিনি তার বাড়ি থেকে কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে তাকে আক্রমণ করা হয়েছে। তারা উভয়েই একই বংশের, তাদের মধ্যে আত্মীয়তা রয়েছে। কিছুদিন আগেও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সে কারণেই হয়েছে, নাকি নির্বাচনের কারণে হয়েছে এ বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নির্বাচনের কারণে অনেকে ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও সামনে আনছে।
তিনি বলেন, আমরা নিরপেক্ষতার সঙ্গেই দেখবো। এখানে যে কারও মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এভাবে মৃত্যু, একটা মৃত্যুও আমরা চাই না। এজন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। একটু সময় দেন। বাকিটা আপনারা দেখবেন।
অন্য এক প্রশ্নের জবাবে মো. আনিছুর রহমান আরও বলেন, প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারো না কারো, এটুকু আভাস আমি দিয়ে রাখলাম।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, তারা চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালো ভাবে না হয়। দেশে তারা অরাজকতা-নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর। যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অগ্নি সন্ত্রাস করেও নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা ও আমেজকে কোনোভাবেই ম্লান করতে পারেনি, তাদের অগ্নিসন্ত্রাসেও কোন কাজ হচ্ছে না। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। কার্যত বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে।
তিনি বলেন, এগুলো দেখে বিএনপি এখন দিশেহারা হয়ে গেছে। তারা এখন অসহযোগ কর্মসূচি দিয়েছে। বিএনপি’র নেতাকর্মীরাই এই অসহযোগ কর্মসূচিতে তাদের সহযোগিতা করছে না। যেহেতু তাদের নেতাকর্মীরা কোনভাবেই সাড়া দেয়নি, সুতরাং এই অসহযোগ কর্মসূচি বিএনপি’র ক্ষেত্রেই সফল।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং প্রতি আসনে গড়ে সাড়ে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, যে সমস্ত বিদেশীদের কাছে বিএনপি বারে বারে ধর্ণা দিত, সেই বিদেশিরাও এখন নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নির্বাচনে যাতে কেউ বাঁধা না দেই, সেই কথাই বলছে। অর্থাৎ, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন সরকার, এই সমস্ত বিষয় এখন আর নাই। এখন নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করা প্রয়োজন সেটি নিয়েই সবাই পরামর্শ দিচ্ছে।
তিনি বলেন, গতকাল এবং এর আগেও জাতিসংঘের বিবৃতি এবং ব্রিফিংয়ে বলা হয়েছে, নির্বাচনে যাতে কেউ বাঁধা না দেয়, অর্থাৎ সহিংসতা না হয়। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে, দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন তারা দেখতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন নির্বাচনকালে যেন সহিংসতা না করে, এবং অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য। সত্যিকার অর্থে দেশে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করছে।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে এটি অনুধাবন করতে পেরে বিএনপি তাদের সন্ত্রাসী কর্মকা- ও অগ্নিসন্ত্রাসকে ভিন্নমাত্রায় নিয়ে গেছে। তারা এখন ট্রেনে হামলা চালানো শুরু করেছে, কয়েক দিন আগে যেভাবে ট্রেনে ঘুমন্ত মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মা এবং শিশু সন্তানসহ চারজনকে হত্যা করেছে এগুলো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। সবচে বড় ব্যাপার, সেটি যত না নৃশংস ও বিভৎস ছিল, তারচেয়েও নৃশংস ও বীভৎস মিথ্যাচার করেছে বিএনপি নেতা রিজভী আহমেদসহ অন্যরা।
তিনি বলেন, আমাদের দেশে নির্বাচন সব সময় একটি উৎসব, সে নির্বাচনী উৎসব প্রকৃতপক্ষে এখন বাংলাদেশে শুরু হয়ে গেছে। এতে করে বিএনপি নির্বাচন বর্জনের যে ডাক দিয়েছিল সেটি ভন্ডুল হয়ে গেছে। তারা শুরুতে মনে করেছিল নির্বাচন হবে না, এখন তারা উপলব্ধি করতে পেরেছেন, নির্বাচন তো হচ্ছেই, সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হচ্ছে। গণমাধ্যমজুড়েও এখন নির্বাচনী বিষয় স্থান পাচ্ছে।
চট্টগ্রামের কয়েকটি নির্বাচনী এলাকায় ইতিমধ্যে সহিংস ঘটনা ঘটেছে, সামনে আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, নির্বাচনে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়, যে বা যারা করছে তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে। নির্বাচন কমিশন সে ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের দলেরও কেউ করলে সেটি আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
নির্বাচনের দিন ভোটকেন্দ্রে জনগণকে না আসার জন্য বিএনপি লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছে, এটি কাটিয়ে জনগণকে কিভাবে ভোটকেন্দ্রে নিয়ে আসবেন সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এ ধরনের লিফলেট বিতরণ করে মূলত ঢাকা শহরে ফটোসেশন করা হয়। সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠে না, তখন দৌড় দিয়ে একটা মিছিল করা হয়, আর একটা ছবি তোলা হয়। এগুলোর কোন ইমপ্যাক্ট নির্বাচনে নেই।
চট্টগ্রাম মেডিকেলে আইসিইউ বেডের সংকট রয়েছে, আগামী ২৭ তারিখ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য সেখানে কোন উদ্যোগ গ্রহণ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের সরকার প্রতিটি জেলা শহরে আইসিইউ বেড স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে, অনেক জেলা শহরে স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের জন্য একটি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে, সেটি হলে সেখানে শুধু আইসিইউ নয়, সমস্ত সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে, স্বাস্থ্যসেবার সাথে যুক্ত একটি চক্র চায় না সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি পাক। সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলে যেসব প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল আছে সেগুলোর ব্যবসা কমে যাবে। এই চক্রটা সরকারি হাসপাতালগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে একটি প্রতিবন্ধক।
পত্র-পত্রিকায়ও রিপোর্ট বেরিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেলে ইকুইপমেন্ট কেনা হয়েছে, সেগুলো বছরের পর বছর তালাবদ্ধ থাকার কারণে নষ্ট হয়ে গেছে। সরকার কিনে দেয়ার পরও যারা সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে চাই না, সেগুলোকে চালু করে না, এরা আসলে জনগণের বিপক্ষে কাজ করছে, এবং এটি কোনোভাবেই কাম্য নয়, বলেন তথ্যমন্ত্রী।

দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি। এ বিষফোড়াকে রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান।
ওবায়দুল কাদের বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।
এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
সেতুমন্ত্রী দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টা নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য দেবেন। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তানভীর আহমেদ (লাঙ্গল), জাসদের মকছুদের রহমান মানিক (মশাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এ আসনে ওবায়দুল কাদেরের চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। তিনি জাতীয় পার্টি সরকারে উপরাষ্ট্রপতি এবং ২০০১ সালে বিএনপি সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন।

৩০৩ ভারতীয় যাত্রীসহ উড়োজাহাজ আটকে রেখেছে ফ্রান্স

৩০৩ ভারতীয় যাত্রীসহ নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ আটকে রেখেছে ফ্রান্স। ফরাসি মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার হচ্ছে- এমন সন্দেহে গতকাল শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে উড়োজাহাজটি আটকে রাখে ফ্রান্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ারবাস এ৩৪০ উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। উড়োজাহাজটি রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের।
ফ্রান্সের প্রসিকিউটররা জানান, কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার মাহনা বিভাগের ছোট বিমানবন্দর ভারতিতে উড়োজাহাজটি অবতরণ করে। কৌঁসুলিরা আরও জানান, ওই উড়োজাহাজটির কিছু যাত্রী ‘মানব পাচারের শিকার হচ্ছেন’, অজ্ঞাত সূত্রে এমন খবর পেয়ে কর্তৃপক্ষ বিমানটি আটক করে। এরপর পুলিশ ছোট এই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে রাখে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ফরাসি পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে ভারতের কর্তৃপক্ষও পৌঁছেছে। পুরো পরিস্থিতির তারাও তদন্ত করছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, কর্মকর্তারা সন্দেহ করছে যাত্রীদের কেন্দ্রীয় আমেরিকায় অবৈধভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। কানাডা বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পরিকল্পনা ছিল ওই চক্রের।
ফরাসি কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সে অবতরণের পর যাত্রীদের প্রথমে বিমানবন্দরে রাখা হয়েছিল তবে পরবর্তী সময়ে তাদের সেখান থেকে বের করে আলাদা আলাদা বেড দেওয়া হয়েছে।

বিএনপি সর্বহারা পার্টির মতো গুপ্ত হত্যা শুরু করেছে : নানক

বিএনপি স্বাধীনতা উত্তর বাংলাদেশে পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো গুপ্ত হত্যা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা- ১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলী এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার গণসংযোগ শুরু করা আগে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন।
এর আগে তালতলার ২৮ নম্বর ওয়ার্ডের তালতলার সরকারি কলোনির শতদল কমপ্লেক্স কোয়ার্টারের সামনে থেকে নির্বাচনের প্রচারণা শুরু করেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে পূর্ব বাংলার সর্বহারা পার্টি যেভাবে গুপ্ত হত্যায় মজে গিয়েছিল সেই পথেই বিএনপি-জামায়াত রয়েছে। এ উৎসবের নির্বাচনে বিএনপি বাধা সৃষ্টি করছে।
নানক বলেন, আমার নির্বাচনী এলাকার প্রচারাভিযানে এসে দেখছি নির্বাচনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এলাকাটিতে। এই নির্বাচনী আসনে ২০০৮ সাল থেকে আমি ১০ বছর জাতীয় সংসদ সদস্য ছিলাম। মানুষ আমার কাছে কোনো প্রতিশ্রুতি চায় না। মানুষ জানে এই এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক নিজেকে নিয়োগ করব।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতা-কর্মীরা ওই গণসংযোগে অংশ নেন।

নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার : ইসি

দায়িত্ব পালনে নির্লিপ্ততা এবং অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা ও যশোর জেলার হরিণাকুন্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি কি সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠানো হবে। তারপর তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন সেটার কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানার (শৈলকূপা থানা ও হরিণাকুন্ড) ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
ওসিদের এত রদবদল কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহারে তো নির্লিপ্ততা নেই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি দলের প্রার্থীরা বার বার কেন আচরণ বিধি লঙ্ঘন করছেন? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়রি টিমের যে সুপারিশ আসছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৩৯০

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় আজ শুক্রবার পর্যন্ত টানা ৭৭ দিন ধরে যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৩ হাজারের বশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুইদিনে ইসরায়েলি হামলায় ৩৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৩৪ জন। সেইসঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
এদিকে ব্যাপক আলোচনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় মানবিক ত্রাণ পাঠানোর খসড়া প্রস্তাব নিয়ে ভোটের আহ্বান ফের পিছিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা লেবাননে হেজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে তারা হেজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। এসবের মধ্যে সামরিক স্থাপনা, এবং সশস্ত্র বাহিনীটির অবকাঠামোও আছে।
লেবানন থেকে ইসরায়েল অভিমুখে ২৪টি রকেট ছোড়ার ঘটনার পরেই ইসরায়েলি বাহিনী এসব হামলা চালিয়েছে।