শনিবার, অক্টোবর ১০, ২০২৬

মিয়ামিতে যোগ দিলেন সুয়ারেজ, জুটি বাঁধবেন মেসির সঙ্গে

আবারও কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। আবারও গোল উদযাপনে দু’জনকে দেখা যাবে আলিঙ্গন করতে। বার্সেলোনার জার্সিতে থাকতেই ভেঙে গিয়েছিল লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের জুটি। সেই জুটি আবার একসঙ্গে হতে যাচ্ছেন। কারণ, ইন্টার মিয়ামিতে এবার যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ।

এরই মধ্যে (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন উরুগুইয়ান এই ফুটবলার। এনিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিলেন বার্সায় খেলা সাবেক চার সতীর্থ। লিওনেল মেসি সবার আগে, এরপর যোগ দিয়েছিলেন সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবা। সর্বশেষ যোগ দিলেন সুয়ারেজ।

৩৬ বছর বয়সী সুয়ারেজ ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলেছেন গত মৌসুমে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। লিগে তার ১৭ গোলের সুবাধে গ্রেমিও ব্রাজিলিয়ান লিগে দ্বিতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে লিগ সেরার পুরস্কার, গোল্ডেন বলও জয় করেছেন তিনি। একই সঙ্গে টুটি ট্রফিও জিতেছে গ্রেমিও।

মিয়ামিতে যোগ দিয়ে এক বিবৃতিতে সুয়ারেজ বলেন, ‘মায়ামির হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি উত্তেজিত। মাঠে নামার জন্য তর সইছে না। দারুণ এই ক্লাবের হয়ে অনেক ট্রফি জিততে চাই।’

মেসি এবং নেইমারের সঙ্গে মিলে সুয়ারেজ বার্সেলোনায় অপ্রতিরোধ্য ‘ত্রয়ী’ গড়ে তুলেছিলেন। একসঙ্গে তাদেরকে ‘এমএসএন’ জুটি বলেও ডাকা হত। মেসিই ছিলেন মধ্যমণি। ওই সময় বার্সেলোনা শুধু স্পেন নয়, গোটা ইউরোপ দাপিয়ে বেড়িয়েছে। তবে মেসি এবং সুয়ারেজ দু’জনের ক্যারিয়ারের শেষের দিকে। দেখার বিষয়, এই বয়সেও তাদের জুটির রসায়ন একই রকম থাকে কি না!

একদিনের ব্যবধানে দ্বিগুণের বেশি সংক্রমণ, আরও ৪ জনের মৃত্যু

ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত সাত মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একদিনের ব্যবধানেই দ্বিগুণের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

একই সময়ে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজন কেরালার বাসিন্দা, একজন রাজস্থান এবং একজন কর্ণাটকের বাসিন্দা। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ৩২৮ এবং মারা গেছে একজন। এর মধ্যে ২৬৫ জনই ছিল কেরালার বাসিন্দা। মৃত্যুর ঘটনাও ওই একই রাজ্যেই।

ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৪২০ জনে দাঁড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৯৯৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪২৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ২২ জন করোনা রোগীর শরীরে জেএন.১ উপ-ধরনের অস্তিত্ব পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা বৃদ্ধি পেয়েছে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাটে। করোনার বিষয়ে সতর্ক হতে রাজ্যগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতি রাজ্যে কেন্দ্রের সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও করোনা ঠেকাতে তোড়জোড় শুরু হয়েছে।

রাজস্থান, কর্নাটক, বিহার এবং অন্ধ্রপ্রদেশে স্বাস্থ্য দফতর করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। তবে এখনই নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা বা ঘুরতে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করার মতো কোনও পরিকল্পনা সরকারের নেই।

২০১৯ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনে। এরপরেই তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৩৩২। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫০ লাখ ৭ হাজার ৯৬৪ জন।

শুধু ভারতেই নয়, গত চার সপ্তাহে বিশ্বব্যাপী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৫২ শতাংশ। এই সময় নতুন করে সাড়ে আট লাখের বেশি মানুষ কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। ডব্লিউএইচওর তথ্যমতে, আগের ২৮ দিনের তুলনায় গত চার সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় আট শতাংশ বেড়েছে। এই সময়ে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ।

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সম্প্রতি করোনাভাইরাসের জেএন.১ ধরনটিকে পৃথক ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিকে এতদিন করোনার বিএ.২.৮৬ ধরনের একটি অংশ হিসেবে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ গণ্য করা হতো।

ডব্লিউএইচও জানিয়েছে, প্রাপ্ত তথ্যউপাত্ত অনুসারে, জেএন.১’র কারণে এই মুহূর্তে অতিরিক্ত কোনো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি নেই। তবে উত্তর গোলার্ধে শীত শুরুর সঙ্গে সঙ্গে এটি শ্বাসযন্ত্রে সংক্রমণের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

সংস্থাটির হিসাবে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৭ কোটি ২০ লাখ মানুষ। প্রাণ হারিয়েছেন ৭০ লাখেরও বেশি।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গু রোগী।

শনিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩ আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮১ জন ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৬১ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ৩ লাখ ২০ হাজার ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৭৭৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৪৯৬ জন চিকিৎসা নিয়েছেন।

চলতি বছর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৭ হাজার ৩৯৮ জন। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৪৪০ এবং ঢাকার বাইরে ২ লাখ ৮ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: কিউই অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এসে টাইগারদের কাছে পাত্তাই পেল না তারা। কিউইদের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে নাজমুল শান্তর দল।

এই জয়ে নতুন এক ইতিহাসই রচনা করেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে আগের ১৮টি ম্যাচে খেলতে নেমে জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশের। অবশেষে সেই হারের বৃত্ত ভাঙল আজ। উনিশতম ম্যাচে এসে তাসমান পাড়ের দেশটির বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।

শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশের পেসারদের আগুনে বোলিং তোপে গুটিয়ে যায় মাত্র ৯৮ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দল।

ব্যাট হাতে অল্প রানের পুঁজিতে বোলিংয়েও কিছু করার সুযোগ ছিল না নিউজিল্যান্ডের সামনে। তাই ম্যাচশেষে সেই অসহায় আত্মসমর্পণের কথা স্বীকার করলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সেই সাথে বাংলাদেশের প্রশংসা করতেও ভুল করেননি বাঁহাতি এই ব্যাটার।

ল্যাথাম বলেন, ‘আজ বাংলাদেশ আমাদের পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন উইকেটে যেখানে বোলাররা সুবিধা পায়, সেখানে আমাদের দায়িত্ব ছিল ভালো জুটি গড়া। আগের দুই ম্যাচে আমরা তা ভালোভাবে করতে পেরেছি।’

‘কিন্তু আজ শুরু থেকে আমরা বিশাল চাপে ছিলাম। একের পর এক উইকেট হারিয়েছি দ্রুত। যখন স্কোরবোর্ডে কেবল একশর আশেপাশে রান থাকবে, তখন বাংলাদেশ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং তারা সেটাই করেছে।’

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এই দুই দলের। নেপিয়ারেই আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ওয়ানডেতে বিশ্রামে থাকা বেশিরভাগ গুরুত্বপূর্ণ কিউই ক্রিকেটারই মাঠে ফিরবেন সেই সিরিজ দিয়ে।

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ল্যাথাম বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু ক্রিকেটার দলে আসবেন যারা বিশ্বকাপ এবং বাংলাদেশ সিরিজের পর বিশ্রামে ছিল। সবাই দলে ফিরতে মুখিয়ে থাকবে। বিশ্বকাপের ছয় মাস আগে, আমার মনে হয় এখনই সে পরিকল্পনা মাথায় রেখে প্রস্তুতি শুরু করা দরকার। আমি মনে করি এখন থেকেই টি-টোয়েন্টি দলকে গড়ে তুলতে হবে।’

‘পুলসিরাত’র জন্য দোয়া চাইলেন বুবলী

ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার পাশাপাশি চলচ্চিত্র দিয়েও বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। চলতি বছরের দুই ঈদে তিনটি সিনেমা মুক্তি পায় এই নায়িকার। আর তিনটি দিয়েই দর্শকদের নজর কেড়েছেন বুবলী। বছর শেষে অংশ নিয়েছেন ‘মায়া’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়েও। এবার নতুন সিনেমার খবর জানালেন বুবলী।

শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার নতুন খবরটি জানান বুবলী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, আমার নতুন সিনেমা ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে সিনেমায় বুবলীর বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি।

জানা গেছে, আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে ‘পুলসিরাত’ নির্মাণ করবেন রাখাল সবুজ।

গণমাধ্যমে এ প্রসঙ্গে বুবলী বলেন, একটি দারুণ গল্পে নির্মিত হবে ‘পুলসিরাত’ সিনেমাটি। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে। চলচ্চিত্রটির সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে ভীষণ ভালো লেগেছে আমার। কারণ, তারা থিয়েটারের মানুষ। এরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়।

চিত্রনায়িকা আরও বলেন, যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। পাশাপাশি সিনেমাটির জন্য প্রস্তুতি নেবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, বর্তমানে ‘মায়া দ্য লাভ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। এটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। এছাড়া আরও বেশ কিছু চলচ্চিত্র হাতে রয়েছে তার।

মানব পাচারের অভিযোগে ফ্রান্সে আটক ভারতীয় বিমান

মানব পাচারের অভিযোগে ভারতীয়দের বহনকারী একটি বিমান আটক করেছে ফ্রান্স। জ্বালানি রিফুয়েলিংয়ের জন্য ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করলে ৩০৩ যাত্রী বহনকারী সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারুগুয়ার রাজধানী মানাগুয়াগামী বিমানটিকে আটক করে দেশটির পুলিশ।
স্থানীয় লি মন্ড সংবাদ পত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা ইকোনমিকস টাইমস নিউজ শুক্রবার (২৩ ডিসেম্বর) জানায়, ফ্রান্সের জাতীয় অপরাধ দমন ইউনিট জুনালকো মানব পাচারের বিষয়টি তদন্তে বিমানের যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বিমানবন্দরটির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পরই বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভারতীয়রা সত্যিকার অর্থে কেন নিকারাগুয়া যাচ্ছিলেন এখন সেটি তদন্ত করা হচ্ছে। তারা আরও জানিয়েছেন, যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী ছিলেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছেন ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। তারা কেন একসঙ্গে এতজন নিকারাগুয়ায় যাচ্ছিলেন; সেটির কারণ নিরূপণের চেষ্টা চলছে।
জাতীয় অপরাধ দমন ইউনিট ইতোমধ্যে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, কর্মকর্তারা সন্দেহ করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধ প্রবেশের জন্য যাত্রীরা মধ্য আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
প্রসঙ্গত, ফ্রান্সের সীমান্ত পুলিশ প্রাথমিকভাবে একজন বিদেশী নাগরিককে চার দিন পর্যন্ত আটকে রাখতে পারে। ফরাসি আইন অনুসারে এ সময়কাল আট দিন আর ব্যতিক্রমী পরিস্থিতিতে সর্বোচ্চ ২৬ দিন পর্যন্ত হতে পারে।

বক্স অফিসে রেকর্ড গড়লো প্রভাসের ‘সালার’

শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষীণি তারকা প্রভাস অভিনীত ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছে ১৭৫ কোটি রুপির মতো। সে তুলনায় অবশ্য পিছিয়ে আছে শাহরুখের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডানকি’।
বক্স অফিসে উদ্বোধনী আয়ের নজির গড়ল ‘সালার’। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি।
স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথমদিন ভারতে ৯৫ কোটি আয় করেছে সালার। ওদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে সালার।
সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস জানিয়েছে, সালার বিশ্বব্যাপী ১৭৫ কোটি রুপি (প্রাথমিক অনুমান) আয় করেছে।
এদিকে মুক্তির প্রথমদিন ভারতে শাহরুখ খানের ডানকির আয় ছিল ৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী ৫৮ কোটি আয় করেছে ডানকি। তার বিপরীতে সালার ভারতেই আয় তুলে নিয়েছে ৯৫ কোটি, যা এই বছর শাহরুখ খানের রেকর্ড গড়া জওয়ানের আয়কেও ছাড়িয়ে গেছে।
জওয়ান মুক্তির প্রথমদিন ৭৫ কোটি আয় করেছিল। রণবীরের ‘অ্যানিমেল’ প্রথমদিন আয় করেছে ৬৩ কোটি ও পাঠান তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।
এ বছর প্রভাসের মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়লেও সালার দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এই অভিনেতা। দুর্দান্ত অ্যাকশন প্যাকড হলেও দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সালার। দ্বিতীয় দিনের অগ্রিম বুকিংও বেশ ভাল। প্রথম সপ্তাহান্তেই ৪০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করবে সালার, তা বলার অপেক্ষা রাখে না।
প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।

৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হবে : হানিফ

আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার কুষ্টিয়া পিটিআই রোডস্থ এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন বন্ধ করার জন্য এবং বানচাল করার জন্য বহু চেষ্টা চালিয়েছিল, তারা ব্যর্থ হয়ে এবং হতাশা গ্রস্থ হয়ে বিভিন্ন প্রলাপ বকছে। জনগণ এখন নির্বাচনের উৎসব আনন্দে মেতে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশের উন্নয়ন চান নাকি দেশকে পেছনে ফেলতে চান। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

দেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না : শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এ দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এ দেশের মানুষের জন্যই আমার সংগ্রাম।
তিনি বলেন, প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে।
প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক দিন আগে রেলে আগুন দিলো, ফিশপ্লেট খুলে ফেলল, রেলের বগি পড়ে সেখানে একজন মারা গেল। বাসে আগুন দিচ্ছে, ঘুমিয়ে থাকা হেলপার মারা গেল। ঠিক এভাবে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষের ওপর বিএনপি-জামায়াত যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায়।
তিনি বলেন, রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করা, একটা মা তার শিশুকে কোলে নিয়ে বসে আছে, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে কঙ্কাল করেছে, কোনো মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকলে এ ঘটনা ঘটাতে পারে না।
শেখ হাসিনা বলেন, বিএনপির নেতা কে? সেটাই প্রশ্ন, দুইটাই তো সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজ খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তারপরও শারীরিক অবস্থা বিবেচনা করে, তার বোন-ভাই যখন আমাদের অনুরোধ করেছে, আমরা তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিয়েছি। তারেক জিয়া আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল, বোমা মেরে মারতে চেয়েছিল, গুলি করেছে, তারপরও তার জন্য আমরা এটুকু মানবিকতা দেখিয়েছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক এলে মুচলেকা দিয়ে আর কখনো রাজনীতি করবে না বলে নাকে খত দিয়ে বিদেশে পাড়ি দেয়। বিদেশ থেকেও হুকুম করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার। বিএনপির যারা নেতাকর্মী, আগুন দিয়ে মানুষ পোড়ায়, পাপের ভাগীদার আপনারাই হবেন, তারেক জিয়া হবে না। ও তো ওখানে জুয়া খেলে ভালো আছে আর হুকুম দিচ্ছে। আপনারা নাচেন, কার জন্য নাচেন? জীবনে কোনোদিন সে তো দেশে আসে নাই, মা মরে মরে, তাও তো দেখতে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক, এ দেশের মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের পরামর্শক পোলার্ড

আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আগামী টি-টোয়েন্টি বিশ^কাপ আয়োজন করবে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বর্তমানের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে ও প্রতিযোগিতায় আরও ভালো ফলাফলের জন্য পোলার্ডকে পরামর্শক হিসেবে নেওয়ার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকায় পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ক্রিকেটের সঙ্গে এখনো জড়িত থাকার কারনে পোলার্ডের সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড। মুম্বাই নিউইর্য়ক, মুম্বাই এমিরেটস এবং অন্যান্য দলের হয়ে খেলা ছাড়াও বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পোলার্ড। যে কারণে ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘ চুক্তি করতে পারছেন না তিনি। তবে জুনের শুরুতে শুরু হতে যাওয়া মেগা টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন পোলার্ড।