শনিবার, অক্টোবর ১০, ২০২৬

জনগণ ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে দেশের জনগণ।

আজ রোববার সকালে রাজধানীর আবুজর গিফারী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। গত ১৫ বছরের উপহার উন্নয়ন ও সমৃদ্ধি। ভোট বিরোধীতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের জনগণ ভোট কেন্দ্রে আসছেন। শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো।

তিনি বলেন, সব জায়গায় নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে। বয়স্ক মানুষরাও ভোট দিতে চলে এসেছে। এই শীতের সকাল তাদের আটকাতে পারেনি। তরুণরা অনেকেই আমাকে বলেছে তারা এবার প্রথম ভোট দিচ্ছে। তরুণদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে তা অত্যন্ত চমৎকার।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কারণ, জনগণ তাদের বিশ্বাস করে না, সেটি তারা জানে। তারা এবং তাদের পক্ষের কিছু দল নির্বাচন বয়কট ও বর্জন করে নানা ধরনের কর্মসূচি দিচ্ছে। তারা এসব কর্মসূচির নামে জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে। দেশের মানুষ এমন ভোগান্তি থেকে মুক্তি চায়।

বাহাউদ্দিন নাছিম সকাল সাড়ে আটটার দিকে আবুজর গিফারী কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় ভোট দিতে আসা শতবর্ষী শিরিয়া বেগমের শারীরিক খোঁজখবর নেন বাহাউদ্দিন নাছিম। এরপর তিনি পোলিং বুথ পরিদর্শন করেন।

ভোট দিলেন ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার কিছু পরে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি তার ভোট প্রয়োগ করেন।

এর আগে, সকাল সাড়ে ৭টায় সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী।

এছাড়াও একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ফেরদৌস বলেছেন, ১০-এ ২ নম্বর পেয়ে গেছি, বাকি ৮ নম্বরও পেয়ে যাব।

ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। ঢাকা-১০ আসনের আমি মনোনয়ন পেয়েছি নৌকার পক্ষে, ইতোমধ্যে বাংলাদেশের সব মানুষ জানেন। প্রত্যেকে এটা জানেন কিন্তু অনেকেই এটা জানতেন না, প্রধানমন্ত্রী ও তার পরিবার আমার ভোটার।

‘প্রধানমন্ত্রী এসেছিলেন ঠিক ৮টা বাজার ৫ মিনিট আগে; কারণ তিনি কথা দিয়েছিলেন, বুথ ওপেন হলে প্রথম ভোটটা উনি দেবেন। প্রধানমন্ত্রী এসেছেন, তার সঙ্গে এসেছেন তার কন্যা আমাদের পুতুল খালা—দুজন এসে আমাকে ভোট দিয়ে গেলেন। তার মানে আমি ইতোমধ্যে দুটি ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০ কে বানাব ১০-এ ১০। তো ১০-এ ১০ এর মধ্যে দুনম্বর পেয়ে গেলাম। বাকি আট নম্বর ইনশাল্লাহ আমি আজকে সারা দিনের মধ্যে পেয়ে যাব,’ বলেন তিনি।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে, আমি অনেক বেশি ভোট নিয়ে; চেষ্টা করব ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে নৌকার বিজয় নিয়ে যাব সন্ধ্যা নাগাদ। দেখা যাক, সে কথা আমি কতটুকু রাখতে পারি।’

নিশ্চিত পরাজয় জেনে ভোটে অংশ নেয়নি বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের মনিপুরী পাড়ার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দেন তিনি।

ভোট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন অংশ নেয়নি বিএনপি। পরে নানান বাহানা, নানান দাবি নিয়ে নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি যেমন করে জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে; এবারও তারা একই কাজ করছে। তবে দেশের মানুষ এই নির্যাতন চায় না, বিশৃঙ্খলতা চায় না।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা কিছু আসন পেয়েছিল। এবার তারা পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন অংশ নেয়নি। পরে নানান বাহানা, নানান দাবি নিয়ে নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে।

২০১৪ সালের নির্বাচনে বিএনপি যেমন করে জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে; এবারও তারা একই কাজ করছে। তবে দেশের মানুষ এই নির্যাতন চায় না, বিশৃঙ্খলতা চায় না। তাই তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন।

গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত

ইসরায়েল গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। গাজায় তিন মাস ধরে যুদ্ধ চলছে। এই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিন অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে ওঠেছে। এ ছাড়া যুদ্ধ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হচ্ছে।
এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েল শনিবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলা চালিয়েছে। এখানে হাজার হাজার লোক গাজার উত্তরাঞ্চল থেকে এসে আশ্রয় নিয়েছিল।
গাজায় সাধারণ নাগরিকদের অব্যাহতভাবে যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার মানবিক সংকট আরো গভীর হয়েছে। এই অঞ্চলে রোগবালাই ছড়িয়ে পড়ছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তুপ হয়ে পড়ায় জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, গাজা আক্ষরিক অর্থেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
রাফাহ থেকে পালিয়ে আসা ৬০ বছরের আবু মোহাম্মদ বলেছেন, গাজার ভবিষ্যত অন্ধকার ও জটিল।
ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, উত্তর, মধ্য ও দক্ষিণ গাজার সর্বত্র সেনাবাহিনী অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে লেবাননে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার পর এই যুদ্ধ আরও অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৬০০ লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৪ হাজার ৬৮৭টি ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১২৭.৫ গ্রাম হেরোইন ও ৩৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

নাগরিকদের যুদ্ধে পাঠাতে আইন কঠোর করছে ইউক্রেন

সাধারণ নাগরিকদের যুদ্ধে পাঠাতে আইন কঠোর করছে ইউক্রেন। নতুন আইনে দেশের সব তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা; বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করাসহ রয়েছে বিতর্কিত নানা বিষয়। যা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকেই নানাভাবে সাধারণ নাগরিকদের এতে অংশ নিতে উৎসাহিত করছে ইউক্রেন। অভিযোগ আছে কৌশলে চাপে ফেলে বাধ্য করা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণে। এমন পরিস্থিতে দেশ ছেড়ে পালাচ্ছেন অনেকে। তাই যুদ্ধের ময়দানে নাগরিকদের অবস্থান নিশ্চিতে সেনা মোতায়েন আইন আরও কঠোর করছে দেশটির সরকার। গেলো ডিসেম্বর অনলাইনে প্রকাশিত হয় আইনটির খসড়া।
আইনে সেনা নিয়োগের বয়স নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ২৭ বছর। এই বয়সের তরুণদের বিদেশ ভ্রমণও নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সামরিক প্রশিক্ষণ। পাসপোর্টসহ যেকোনো কনস্যুলার সেবা পেতে বাধ্যতামূলক করা হয়েছে মিলিটারি রেজিস্ট্রেশনের নথি প্রদর্শন। যা নিয়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
এমনকি হুঁশিয়ারি দেয়া হয়েছে, এই আইন ভাঙলে বা মেনে চলতে অনীহা দেখালে পেতে হবে কঠোর শাস্তি। বাজেয়াপ্ত করা হতে পারে ব্যক্তির সম্পত্তি, দেয়া হবে না লাইসেন্স, গাড়ি ব্যবহারের অনুমতি। যেতে দেয়া হবে না বিদেশে। হতে পারে তিন থেকে পাঁচ বছরের জেল। এমনকি বঞ্চিত হতে পারেন সব নাগরিক সুবিধা থেকেও।
তবে এই আইনে উল্লেখ আছে পুরোনো সেনাদের অব্যাহতি পাওয়ার বিষয়টিও। বলা হয়েছে, টানা ৩৬ মাস বা তার বেশি সময় ধরে যারা যুদ্ধ করছেন ছাড় পাবেন তারা।
ইউক্রেনের প্রসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, প্রত্যেক যোদ্ধা ও তার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের প্রতি। জয় নিশ্চিত করতে যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাই তরুনদের প্রতি।
এই আইন প্রণয়ণে আগামী বছর জানুয়ারির মাঝামাঝি ভোট হবে সংসদে। চূড়ান্ত অনুমোদন পেলে নতুন করে যুদ্ধে পাঠানো হবে প্রায় ৫০ লাখ সেনা।

আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবল দলে মেসি, নেই রোনালদো

বর্ষসেরা ফুটবল দল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। নেই ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বর্ষসেরা ফুটবল দলের আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হলান্ড।
যদিও গত বছর এই তিনজনের চেয়ে বেশি গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার সিটিতে খেলা নরওয়েজীয় তারকা হলান্ডের গোল ৫০টি, ফ্রান্সের এমবাপ্পে ও ইংল্যান্ডের কেইনের গোল ৫২টি করে। আর সৌদি ক্লাব আল নাসরে খেলা রোনালদোর গোল ৫৪টি (৩৪টি পেনাল্টি থেকে)।
তারপর ২০২৩ সালের সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় ঠাঁই হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।
বর্ষসেরা দলে জায়গা পাওয়া ১১ জনের মধ্যে ১০ জনই বর্তমানে ইউরোপীয় ক্লাব খেলেন। ব্যতিক্রম শুধু মেসি।
ক্লাব হিসেবে সবচেয়ে বেশি পাঁচজন খেলোয়াড় ম্যানচেস্টার সিটির, তিনজন বায়ার্ন মিউনিখের, একজন করে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মায়ামির।
যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামির ইতিহাসে প্রথম ট্রফি জেতানো মেসির সঙ্গে মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম সিটির হয়ে ট্রেবল জেতা কেভিন ডি ব্রুইনা ও রদ্রি।
রক্ষণভাগে থাকা তিন ফুটবলারর দুজন বায়ার্ন মিউনিখের, একজন সিটির। গোলকিপার হিসেবে আছেন সিটির এদেরসন।
আইএফএফএইচএস বর্ষসেরা একাদশ
এদেরসন (ব্রাজিল), রুবেন দিয়াজ (পর্তুগাল), কিম মিন–জে (দক্ষিণ কোরিয়া), আলফোনসো ডেভিস (কানাডা), রদ্রি (স্পেন), জুড বেলিংহাম (ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), লিওনেল মেসি (আর্জেন্টিনা), হ্যারি কেইন (ইংল্যান্ড), আর্লিং হলান্ড (নরওয়ে) ও কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন।
সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে। এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
১৫ নভেম্বরের ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। নির্বাচন ভবনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এদিন কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিতও রাখা হয়।

ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট শনিবার জয়ে রাঙাল অস্ট্রেলিয়া। এদিন সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অজিরা জিতে নিয়েছে ৮ উইকেটে। এরফলে ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল অজিরা।
নিজের শেষ টেস্টের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ার্নার দারুণ খেলেন। তিনি চেয়েছিলেন অস্ট্রেলিয়ার জয় নিয়েই মাঠ ছাড়তে। তবে এ ব্যাটার শনিবার নিজের ইচ্ছেটা পূরণ করতে পারেননি। অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদ খানের বলে আউট হন ওয়ার্নার। ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে যখন মাঠ ছাড়ছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দেন। অজিদের এদিন জয় নিশ্চিত করেন স্টিভেন স্মিথ ও মারনাস লেবুশেন।
আগের দিনের ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। তবে আজ বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। আমের জামালকে নিয়ে তৃতীয় দিন পার করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আজ সকালের সেশনে দুজন যতটা সম্ভব লড়াইয়ের চেষ্টা করেন। সকালের সেশনে ২৮ রান করা রিজওয়ানকে নাথান লায়ন ৪০তম ওভারে তুলে নিলে ভাঙে তাঁদের ৪২ রানের জুটি। ১৮ রান করা জামাল পরের ওভারে প্যাট কামিন্সের শিকার হন। এরপর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ১১৫ রানেই অলআউট হয় শান মাসুদের দল। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ১৬ রানে ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। ৩৬ রানে ৩ উইকেট লায়নের।
১৩০ রানের লক্ষে খেলতে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই তারা হারিয়ে বসে উসমান খাজাকে। এরপর অবশ্য দলের হাল ধরেন ওয়ার্নার আর লেবুশেন। তারা ১১৯ রানের জুটি গড়ে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার কাজটা অনেকটাই এগিয়ে দেন। ধারনা করা হচ্ছিল এ জুটি ম্যাচ শেষ করেই ফিরবেন। তবে তেমনটা হতে দেননি পাক স্পিনার সাজিদ খান। ২৫তম ওভারে গিয়ে ওয়ার্নার আউট হলে ভাঙে তাঁদের জুটি। ৬২ রানে অপরাজিত ছিলেন লাবুশেন।
পাকিস্তানের প্রথম ইনিংসে ৮২ রান করেছিলেন এই সিরিজ দিয়ে টেস্টে অভিষিক্ত পেসার আমের জামাল। এরপর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি। এদিকে পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা অজি অধিনায়ক প্যাট কামিন্স হয়েছেন সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস : ৩১৩
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৯৯
পাকিস্তান ২য় ইনিংস: ১১৫ (সাইম ৩৩, রিজওয়ান ২৮, বাবর ২৩ ; হ্যাজলউড ৪/১৬, লায়ন ৩/৩৬)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৩০/২ ( লেবুশেন ৬২*, ওয়ার্নার ৫৭ ; সাজিদ ২/৪৯)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আমের জামাল।
সিরিজ সেরা: প্যাট কামিন্স

ইসরায়েল ছাড়াও ৫টি আরব দেশ ও পশ্চিম তীর সফরে ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব বিশ্বের পাঁচটি দেশ ও পশ্চিম তীর সফরের উদ্দেশে বৃহস্পতিবার ওয়াশিংটন ত্যাগ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এ সফরকালে তিনি ইসরায়েলে যাত্রাবিরতি করেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ এ কথা জানিয়েছে।
দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, অন্যান্য বিষয়ের মধ্যে ব্লিঙ্কেন ‘গাজায় যথেষ্ট পরিমাণে মানবিক সহায়তা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করবেন।’
মিলার বলেন, ব্লিঙ্কেন সংঘাতের বিস্তার রোধকল্পের বিষয়েও আলোচনা করবেন।’ লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ স্থানীয় এক নেতা নিহত হওয়ার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর কয়েকদিন পর ব্লিঙ্কেন এ সফর।
তিনি উত্তেজনা এড়াতে সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এ অঞ্চলে অন্যদের সাথে তাদের প্রভাব কিভাবে ব্যবহার করা যেতে পারে সে বিষয়টি নিয়েও আলোচনা করা হবে ব্লিঙ্কেন।
তিনি বলেন, ‘এ যুদ্ধ গাজার বাইরে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে না ইসরায়েল, না আঞ্চলিক, না বিশ্ব কারোরই স্বার্থ নেই।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ অঞ্চলে ব্লিঙ্কেনের এটি হবে চতুর্থ সফর। হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েল হামাস পরিচালিত গাজা উপত্যকায় ব্যাপক পাল্টা হামলা শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বেধে যায় এবং তা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
মিলার বলেন, আরব বিশ্বে সর্বশেষ এ সফরে ব্লিঙ্কেন মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
খবর এএফপি