শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বার্বাস্ত্রোর বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সার

স্প্যানিশ ফুটবলের চতুর্থ সালির দল বার্বাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে কাল মাঠে নেমেছিল বার্সেলোনা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই লড়াইয়ে প্রথমে এগিয়ে যায় বার্সাই। তবে দ্বিতীয়ার্ধে জাবি হার্নান্দেজের শিষ্যদের ভালোই ভুগিয়েছে বার্বাস্ত্রো, দুই দফায় ব্যবধান কমিয়ে আনে তারা। তবে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়তে পেতেছে কাতালানরা।

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কাল শুরু থেকেই আক্রমণাত্মক খেলাই খেলেছে বার্সা। রবার্ট লেভান্ডোভস্কি, ইকায় গুন্দোয়ানদের ছাড়া একাদশ সাজালেও এদিন প্রতিপক্ষকে চেপে ধরেছিল কাতালানরা। এরই ধারাবাহিকতায় শুরুতেই গলের দেখাও পেয়ে যায় জাবির শিষযরা। ১৮ মিনিটে প্রথম গোলটি করেন তরুণ লোপেজ।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় বার্সেলোনা। এবার লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। এদিকে দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার আভাস দেয় বার্বাস্ত্রো। ৬০ মিনিটের মাথায় একটি গোলের দেখাও পায় তারা।

এদিকে বার্বাস্ত্রো ব্যবধান কমানোর পর ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পায় বার্সা। আর জোয়াও ফেলিক্সের বদলি নামা লেভান্ডোভস্কি স্পটকিকে গোল করে দলের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেন।

তবে ম্যাচের যোগ করা সময়ে বার্সার ফুটবলারদের মনে শঙ্কার জন্ম দেয় বার্বাস্ত্রো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্বাস্ত্রোর ফুটবলার আন্তোনিও ক্রেসপো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। আর স্পট কিকে গোল করলে ফের ব্যবধান কমিয়ে আনে দলটি। তবে এরপর আর কোনো দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা।

পশ্চিম তীরে সহিংসতায় নিহত অন্তত ১১ ফিলিস্তিনি-ইসরায়েলি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ফিলিস্তিনি ও দুইজন ইসরায়েলি নাগরিক।

এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি নাগরিকদের একটি সমাবেশকে লক্ষ্য করে জেনিনে ওই বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে চার ভাইও রয়েছেন।

ইসরায়েলি পুলিশ বলেছে, জেনিনে অভিযানের সময় তাদের ‘যানবাহনে… বিস্ফোরক ডিভাইস দিয়ে আঘাত করা’ হলে একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি চেকপয়েন্টে গাড়িতে থাকা একটি ফিলিস্তিনি মেয়েকে হত্যা করেছে বলে ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের উত্তর-পশ্চিমে বেইট ইকসা চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনী গুলি চালালে রুকায়া আহমেদ ওদেহ জাহালিন নামের চার বছর বয়সী ওই মেয়ে শিশু নিহত হয়।

ইসরায়েলি বাহিনী বলেছে, জেরুজালেম এবং রামাল্লার মধ্যে অবস্থিত চেকপয়েন্টে একজন ভ্যান চালক অফিসারদের ধাক্কা দিলে তারা গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, ‘সন্ত্রাসীদের গুলি করার ফলে, চেকপয়েন্টে অন্য গাড়িতে থাকা একটি মেয়ে আহত হয়েছে।’

এ ঘটনায় অন্য কোনও হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাংবাদিক-পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় বিকেলে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করা দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আজ সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। এখানে সব কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

বেসরকারি ফলাফলে দেখা যায় যায়, শেখ হাসিনা নৌকা মার্কায় ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম আম প্রতীকে ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ৪২৫ ভোট।

এদিকে ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সভাপতি।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

হামাসের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংসের দাবি ইসরায়েলের

উত্তর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি হামাস সদস্যকে হত্যার দাবি করেছে তারা।

রোববার (৭ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, আমরা উত্তর গাজায় হামাসের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করেছি। তারা এখন কোনো কমান্ডার ছাড়াই বিক্ষিপ্তভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

হাগারি আরও বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন দক্ষিণ ও মধ্য গাজায় হামাসকে ধ্বংস করায় মনোনিবেশ করছে।

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন, ইসরায়েল উত্তর গাজায় প্রায় ৮ হাজার হামাস সদস্যকে হত্যা করেছে। তবে বিবিসির পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর এই দাবির ব্যাপারে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দেবে : মেয়র আতিক

জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের জবাব দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ রোববার (৭ জানুয়ারি) সকালে উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাস যারা করছে তারা চায় না সাংবিধানিকভাবে রাষ্ট্র চলুক। কিন্তু জনগণ চায় সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে সর্বোচ্চ গণতান্ত্রিক উপায়ে সরকার গঠিত হবে। জনগণ যাকে ভোটের মাধ্যমে জয়ী করবে সংবিধান অনুযায়ী সে দায়িত্ব গ্রহণ করবে।

ট্রেনে অগ্নিসন্ত্রাসকে অমানবিক ও পৈশাচিক উল্লেখ কওে ডিএনসিসি মেয়র বলেন, বিএনপি, জামায়াতের অগ্নিসন্ত্রাস প্রমাণ করে যারা দেশের স্বাধীনতা চায় না। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর তারা এখনো আছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পেট্রোল মেরে, বোমা মেরে, মানুষ খুন করে ভোটের ধারাকে ব্যহত করা যাবে না। জনগণের ভোটে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইশতেহার ঘোষণা করেছেন জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। আমি বলি নৌকার কোন ব্যাক গিয়ার নাই, নৌকার গিয়ার একটি সেটি হলো উন্নয়নের গিয়ার। আজ ভোটের দিন সবার মধ্যে ঈদের আনন্দের মতো উৎসব। পুরো শহরে পুলিশ বাহিনী নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করেছে। সুন্দর আবহাওয়া সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, পাঁচ বছর জাতীয় নির্বাচন হয়। ভোট দেওয়া জনগণের নাগরিক অধিকার। খুব সুন্দর সুশৃঙ্খল ভোটের পরিবেশ বিরাজ করছে। নগরবাসীকে অনুরোধ করবো সবাই ভোট দিন, নাগরিক অধিকার প্রয়োগ করুন। এ বছর ভোটের হার বিগত সময়ের তুলনায় অনেক বেশি হবে।

সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিজি (মহাপরিচালক) এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচন পরবর্তী নাশকতার ঝুঁকি থাকলেও যেকোনো সহিংসতা প্রতিরোধে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। রোববার (৭ জানুয়ারি) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এম খুরশীদ হোসেন বলেন, নির্বাচনকে যারা প্রতিহত করতে চেয়েছিল, তাদের সহিংসতা রোধে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটারের নিরাপত্তা, রিটার্নিং কর্মকর্তাসহ ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ভোটার এখনও সন্তোষজনক না হলেও আশা করি দুপুরের পর ভোটকেন্দ্রে উপস্থিতি আরও বাড়বে। ভোটের সুষ্ঠু পরিবেশ যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তারা কোনোভাবেই পার পাবে না।

ভোটে অংশ না নিয়ে বিএনপির গণতন্ত্রমনারা ভুল করেছেন : আনিসুল হক

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির গণতন্ত্রমনারা ভুল করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আনিসুল হক টানা তৃতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক নীতি নিয়ে আমার উচ্চ ধারণা নেই। সেক্ষেত্রে আমি বলব বিএনপির মধ্যে গণতন্ত্রমনা যারা আছেন, তারা নির্বাচনে না এসে অবশ্যই ভুল করেছেন। কারণ জনগণের কাছে তারা তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি।

তিনি বলেন, সারাদেশে জনগণ স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। এর মানে জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সেটাই প্রমাণিত হচ্ছে।

ভোটের দিনেও বিএনপির হরতাল ডাকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মানুষ গাড়িতে ও রিকাশায় চড়ে ভোট দিতে আসছেন। হরতাল হলে তো এগুলো বন্ধ থাকার কথা। এর মানে হলো জনগণ এই হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।

বিএনপি ভোট উৎসব ম্লান করার অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত হয়েছে : তথ্যমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে বিএনপি-জামায়াত ম্লান করার চেষ্টা করেছে কিন্তু তাদের অপচেষ্টা ছাপিয়ে ভোট মানুষের উৎসাহ-উদ্দীপনা আর উচ্ছ্বাসে পরিণত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ভোটের এই উৎসব আজকে সারা বাংলাদেশে বয়ে যাচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি উৎসব, সত্যিকার অর্থেই এই ভোট উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা ও অপচেষ্টাগুলো মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার এ উৎসবের মধ্যে ঢাকা পড়ে গেছে। প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে ভোট উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, তাতে বিএনপি-জামায়াত জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মানুষের প্রতিপক্ষ হলে কখনো তারা সফলকাম হয় না, হবেও না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও আশা করি, আজকের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় হবে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের ইতিহাসে পর পর চতুর্থবারসহ পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, অনেক জায়গায় সকাল ৮টার আগে থেকে মানুষ লাইন ধরেছিল। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি শুধু আমার নির্বাচনী এলাকায় নয়, সমগ্র দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা : শিক্ষামন্ত্রী

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার (৭ জানুয়ারি) চাঁদপুরে নিজের ভোট প্রদান করে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াতের। কারণ, মানুষ শান্তি এবং গণতন্ত্র বিশ্বাস করে। যে কারণে নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছে।

তিনি বলেন, আজ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কতটা আগ্রহ এবং উচ্ছ্বাস রয়েছে। তাই বিএনপি নাশকতা করে, মানুষ পুড়িয়ে মেরেও এই নির্বাচন বানচাল করতে পারেনি।

আজ বেলা পৌনে ১২টায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। এ সময় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন তিনি।

পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় জয়ের ব্যাপারে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে অভিব্যক্তি প্রকাশ করেন।