শনিবার, অক্টোবর ১০, ২০২৬

নির্বাচনী খেলা শেষ, এবার চলবে রাজনীতির খেলা : কাদের

৭ জানুয়ারি নির্বাচনী খেলা শেষ হয়েছে। এবার রাজনীতির খেলা চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গণভবনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে নেতাকর্মীদের মাথা ঠাণ্ডা করে চলার পরামর্শ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্র হচ্ছে। এখনো পথে পথে নানা বাধাবিপত্তি চলছে। গণতন্ত্রের শত্রুরা এখানো হুমকি দিচ্ছে। মানুষ পুড়িয়ে মেরেছে। তবে আমাদের নেতাকর্মীদের মাথা গরম করলে হবে না। ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সে দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদের চেতনায় স্বাধীনতা নেই। এদের চেতনায় দ্বি-জাতিতত্ত্ব। আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মাথা গরম করা যাবে না।’

নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এত বড় নির্বাচন। কিন্তু তেমন কোনো সহিংসতা হয়নি। পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। কঙোতে দেখলাম ইন্টারনেট বন্ধ। বিদ্যুৎ নেই। পরে ফল প্রকাশ। এমন নির্বাচন আমরা করিনি।’

দুপুরে সাড়ে ১২টার কিছু আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের।

পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে পিটার হাস-সারাহ কুক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

এ ছাড়া বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন।

আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ব্রিফ করবেন।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি উল্লেখ করে নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করে।

সব দল নির্বাচনে অংশ নেয়নি, সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না উল্লেখ করে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসির রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে আজ মঙ্গলবার গণভবনে অভিনন্দন জানান তারা।

স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসির রাষ্ট্রদূতদেরকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

এ সময় ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন— ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত।

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় পিরোজপুর -১ নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুকানী উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভূমিকম্প : জাপানে নিহত বেড়ে ১৬১, নিখোঁজ শতাধিক

জাপানে এক সপ্তাহের বেশি সময় আগে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬১ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।

ইশিকাওয়া প্রশাসন জানিয়েছে, নোটো অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা বাড়ায় অঞ্চলটিতে নিখোঁজের সংখ্যা কমেছে। সোমবার পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১৯৫ জন থেকে কমে দাঁড়িয়েছে ১০৩ জনে। খবর এএফপির

নতুন বছরের প্রথম দিন বিকেলে জাপানের নোটো অঞ্চলে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে অবশ্য ভূমিকম্পের মাত্রা বলা হয়েছে ৭ দশমিক ৪। একদিন পর সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী টোকিও থেকেও এর কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যেই ১২ ফুট উচ্চতার একটি ঢেউ এসে আছড়ে পড়ে দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা বন্দরে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার অফিসে দুর্যোগ প্রতিক্রিয়া সদর দফতরের একটি বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের যতটা সম্ভব প্রাণ বাঁচাতে দৃঢ়তার সাথে এবং পুঙ্খানুপুঙ্খভাবে উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন।

ইশিকাওয়াতে ভূমিকম্পে রাস্তার ক্ষতির কারণে কর্তৃপক্ষ এখনও ত্রাণ সরবরাহ করছে। কর্তৃপক্ষ জানিয়েছিল, সেখানে ৩১ হাজারের বেশি লোককে ৩৫৭ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।

ভূমিকম্পের পর ওয়াজিমায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শত শত স্থাপনা এবং একটি সাততলা ভবন ধ্বংস হয়।

দেশের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চতুর্থ জয় আ.লীগের

অপেক্ষাকৃত কম ভোটার উপস্থিতি, দু’জনের প্রাণহানি, বেশ কয়েকটি আসনে সহিংসতা আর অনিয়মের অভিযোগের মধ্যে মোটাদাগে শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। মাঠের প্রধান বিরোধী দল বিএনপির বর্জন আর হরতালের মধ্যে গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রগুলোয় কম ভোটার উপস্থিতি নিয়ে দিনভর আলোচনা ছিল দেশ জুড়ে। কোথাও কোথাও মাইকিং করেও ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাতে দেখা যায়।

দেশের বিভিন্ন স্থানে দিনভর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের সংঘর্ষ, হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ, জাল ভোট, ব্যালট বাক্সে আগুন, ব্যালট পেপার ছিনতাই, এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারার ঘটনার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে সংঘর্ষ চলাকালে এক যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা নির্বাচন কমিশন (ইসি) বাতিল করে। এদিন ২৮ জন প্রার্থী বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। দিনশেষে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এটি জনগণের বিজয়।’ আর ‘একতরফা’ এই নির্বাচনে ‘ভোট বর্জনের’ ডাক সফল হয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সারা দেশে প্রায় ৪০ শতাংশ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন দেখে সন্তুষ্টির কথা জানিয়েছেন ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা। নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা বিভিন্ন আসনে এগিয়ে থাকতে দেখা গেছে।

২৯৮টি আসনের প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ ২২৪, স্বতন্ত্র ৬০, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত একজন একটি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বিএনপিসহ নিবন্ধিত ১৬টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২৯৯টি আসনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৯৬৯ জন এবার প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ১ হাজার ৫৩২। বাকি ৪৩৭ জন স্বতন্ত্র। এর মধ্যে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী দুই শতাধিক। সারা দেশে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ২৪টি।

ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসে কাজী হাবিবুল আউয়াল বলেন, গুরুতর সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, নির্বাচন শান্তিপূর্ণ ছিল। বিভিন্ন আসন থেকে যে তথ্য তারা পেয়েছেন, তাতে ভোটের হার ৪০ শতাংশের মতো হতে পারে। পরিপূর্ণ তথ্য আসার পর এটা বাড়তেও পারে, নাও পারে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ১৮.৫ এবং বিকেল ৩টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়ার হিসাব দিয়েছিল ইসি। সর্বশেষ বিকাল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলনে সিইসি জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় ১২ কোটি ভোটার ভোট প্রদানের সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।

সারা দেশে ২২টি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে বলে ইসি জানায়। এসব কেন্দ্রে পরে ভোট হবে। ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৩০-৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো পাল্টাপাল্টি-ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও পুলিশ অফিসারের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফোটানো হয়েছে।’

জাল ভোট দেওয়ায় বা সে কাজে সহায়তা করায় এদিন অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারও আছেন। এ ছাড়া দায়িত্ব পালনরত অবস্থায় দুজন প্রিসাইডিং অফিসার মারা যান বলে জানানো হয়।

এবারের নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নৌকার সঙ্গে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়াদের। নির্বাচনের আগেই ২৬ আসনে জাতীয় পার্টিকে ছাড় দেয় আওয়ামী লীগ। জাতীয় পার্টি গত দুই মেয়াদে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করে সংসদে বিরোধী দলের ভূমিকায় ছিল। এবারও একই পথে হেঁটেছে দলটি। তবে ভোটের ফলে বিরোধী দলে এবার তারা থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা এবার ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। এ নির্বাচনের আগে বিএনপিকে ভেঙে কিছু প্রার্থীকে ভোটে আনার প্রচেষ্টাও ছিল। কিন্তু সেটি তেমন সফল হয়নি। তবে পদধারী কয়েকজন নেতা ‘তৃণমূল বিএনপি’ ও ‘বিএনএম’-এ যোগ দিয়ে নির্বাচনে অংশ নিয়ে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা করে।

দরিভালই হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ

কদিন আগেই আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির দায়িত্বে পুনর্বহাল হয়েছেন এদনালদো রদ্রিগেজ। আর ক্ষমতা ফিরে পেয়েই নেইমারদের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেন তিনি। এরপর থেকেই ফের আলোচনা ওঠে ব্রাজিলের নতুন কোচ কে হবেন তা নিয়ে।

দিনিজ বরখাস্ত হওয়ার পর দরিভাল জুনিয়রই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এমন খবর প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। নেইমার-ভিনিসিয়ুসদের কোচের দায়িত্ব নেয়ার নিকটে পৌছেছেন দরিভাল।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে ছিলেন দরিভাল। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে ইতোমধ্যেই সাও পাওলোর কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি।

দরিভালের সঙ্গে সিবিএফ সভাপতি রদ্রিগেজ নিজেই যোগাযোগ করছেন বলেও জানা গেছে। রয়টার্স ছাড়াও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোও জানিয়েছে এমন খবর। গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, দরিভালের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয় অনেটাই এগিয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।

এমবাপের হ্যাটট্রিক, ৯ গোলের জয় পেল পিএসজি

পিএসজিতে কিলিয়ান এমবাপে থাকবেন নাকি সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তাঁর নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তবে বর্তমান ক্লাবের বিপক্ষে খেলতে নেমে কাল দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা। তাঁর তিন গোলের সুবাদে পিএসজি রেভেলের বিপক্ষে ম্যাচটি জিতেছে ৯-০ গোলে।

রেভেল নামটি পরিচিত নয়, হওয়ার কথাও নয়। এটি ফ্রান্স ফুটবলের ষষ্ঠ স্তরের একটি দল, পেশাদারও নয়। এই দলের বিপক্ষেই ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪ এর খেলা পড়েছিল পিএসজির। এই টুর্নামেন্টের ড্রয়ে পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন রেভেলের ফুটবলাররা। আর সেটি এমবাপের কারণেই।

পিএসজির বিপক্ষে তো আর জয় সম্ভব নয়, রেভেলের ফুটবলাররা খুশি হয়েছিলেন এমবাপের সঙ্গে খেলতে পারবেন বলে। তবে অপেশাদার একটি দলের বিপক্ষে বিশ্বকাপজয়ী তারকা খেলতে যাবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তাই দলটির কয়েকজন ফুটবলার ফরাসি তারকাকে তাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে আসতে অনুরোধ করে বার্তা দিয়েছিলেন।

অবশেষে সেই অনুরোধ রেখেছেন এমবাপে। শুধু তাই নয়, অনুরোধ রাখতে খেলতে গিয়ে হ্যাটট্রিকও করেছেন ২৫ বছর বয়সী এই তারকা। দুর্বল দলের বিপক্ষে খেলতে নেমে কাল পিএসজির হয়ে প্রথম গোলটিই করেছেন এমবাপে। ১৬ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করার পর ৪৫ এবং ৪৮ মিনিটে আরও দুই গোল করেন তিনি।

দারুণ এই হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপে ৩০ গোল পূর্ণ হয়েছে এমবাপের। এ টুর্নামেন্টে ফরাসি জায়ান্টদের হয়ে সবথেকে বেশি গোল এখন তারই। এদিকে গতকাল এমবাপে নিজের ইচ্ছায়ই খেলেছে বলে জানিয়েছেন কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কিলিয়ান খেলতে চেয়েছে। আর যখন সে নিজেই খেলতে চায়, সেখানে তেমন কিছু বলার থাকে না। আর সে যখন খেলে, তখন কোচিং স্টাফ, দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষ পর্যন্ত সবাই জিতে যায়।’

এবার লোভ সামলাতে পারলেন না অপু বিশ্বাসও

দেশের প্রথম ১২ লেনের নান্দনিক ৩০০ ফিট মহাসড়ক, যা আধুনিক নির্মাণশৈলী আর নান্দনিকতায় ভিন্নমাত্রা পেয়েছে দেশের মানুষদের মনে। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত।

প্রায় সময়েই সেখানে গিয়ে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিশোর-তরুণ থেকে বয়স্ক বৃদ্ধরাও। এবার তাদেরই তালিকাতে নাম লেখালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

যিনি ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সকালেই ছুটে যান ভোটকেন্দ্রে। সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই এই নায়িকা চলে যান পূর্বাচল ৩০০ ফিট সড়কে।

সেখাকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না।’ বোঝাই যাচ্ছে, স্রোতেই গা ভাসালেন অপু। বাকিরাও গিয়ে যেখানে ছবি তুলছেন নায়িকাও সেখানে দাঁড়িয়েই একাধিক ছবি তুলেছেন।

প্রসঙ্গত, নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে অপু বিশ্বাসকে। বিশেষ করে ঢাকা ১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

লিভারপুলের কাছে হেরে বিদায় নিল আর্সেনাল

টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা আর্সেনাল এবার হারল আরও এক ম্যাচ। প্রিমিয়ার লিগে ওয়েস্টহাম এবং ফুলহ্যামের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পর এবার তৃতীয় হারের স্বাদ পেল এফএ কাপের ম্যাচে। বড়দিনের আগে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ড্র করা গানাররা এবার আর পারল না। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হল মাইকেল আর্তেতার দলকে।

বড়দিনের আগে একবার লিভারপুলের মুখোমুখি হয়েছিল আর্তেতার শিষ্যরা। অল রেডদের ঘরের মাঠে সেই ম্যাচটি জিততে না পারলেও পয়েন্ট ভাগাভাগি করেছিল আর্সেনাল। তবে হারের চক্রে পরে থাকা গানাররা এবার পরাজিত হল নিজেদের দোষেই। ম্যাচের শেষদিকে লিভারপুলের এগিয়ে যাওয়া গোলটি যে এসেছে আর্সেনাল ডিফেন্ডার ইয়াকুব কিভিওর পা থেকেই।

ঘরের মাঠ এমিরেটসে খেলতে নেমে এদিন শুরু থেকেই দাপুটে ফুটবলই খেলেছে আর্তেতার শিষ্যরা। একের পর এক আক্রমণ শাণিয়ে ব্যস্ত রেখেছে অলরেডদের রক্ষণ। আর্সেনাল মোট ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছিল মোট পাঁচটি।

তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর্সেনাল। উল্টো ম্যাচের ৮০ মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেয়া ফ্রি কিক ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন গানারদের ডিফেন্ডার কিভিওর।

শেষদিকে গোল খেয়ে সমতার ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ফলে রক্ষণের ফুটবলাররাও কিছুটা উপরে ওঠেই খেলতে শুরু করে। এই সুযোগে ম্যাচের যোগ করা সময়ে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন লুইজ দিয়াজ। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে আর্তেতার শিষ্যরা।