শনিবার, অক্টোবর ১০, ২০২৬

সুশাসন প্রতিষ্ঠা চ্যালেঞ্জিং : কাদের

সুশাসন প্রতিষ্ঠা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা চ্যালেঞ্জিং, কিন্তু এটি ক্রমান্বয়ে উন্নত হবে। পৃথিবীর কোথাও সুশাসন পারফেক্ট না।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ডেমোক্রেসিকে পারফেক্ট ভাবি না। যারা নিজেদের মানবাধিকার ও গণতন্ত্রের প্রবক্তা বলে দাবি করে তাদেরও সুশাসনে ঘাটতি আছে। তাদের গণতন্ত্রেও ঘাটতি আছে।

এরপর বেকারত্ব দূরীকরণ সরকারের দ্বিতীয় চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তরুণদের বেকারত্ব দূর করা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রতিবছর ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ৫ বছরে এক কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা খুব জরুরি বলে আমি মনে করি।

নতুন সরকারের শপথ নিতে বঙ্গভবনে এসেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো গাড়িতে করে তারা শপথ নিতে আসেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বিকেল সাড়ে ৫টায় বঙ্গভবনে প্রবেশ করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এই শপথ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর পঞ্চমবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগও।

শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন।

নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। এরপর আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।

নতুন সরকার গঠনে ইতিমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান শেখ হাসিনাকে। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শপথ অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ এবং প্রতিবারই প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ফলে এবারসহ ৫ বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করলেন আওয়ামী লীগ সভাপতি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

সংসদ নেতা হওয়ার পর বুধবার বিকেলে সংসদ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।

এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন। এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। ওই তালিকার একটি কপি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেছেন।এর মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করলো আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নিয়ম অনুযায়ী— প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।

এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন ।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ মন্ত্রিসভা শপথ নিয়েছিল। সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪৭ জন সদস্য ছিলেন। এর মধ্যে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন ছিলেন।

কাছের মানুষরাই সব ওলট-পালট করে দিয়েছে : মৌসুমী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার (১২ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পারিবারিক সম্মতি পেতেই বসছেন বিয়ের পিঁড়িতে।

বুধবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ পায় মৌসুমী-রানার গায়ে হলুদের ছবি। তা দেখে নড়েচড়ে বসেন সবাই। অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পী তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে সেসময় বিয়ে প্রসঙ্গে মৌসুমী কিছু না বললেও এবার মুখ খুললেন। শোনালেন রানার সঙ্গে তার প্রমের গল্প। সেইসঙ্গে জানালেন আরও দেরিতে বিয়ের ইচ্ছা থাকলেও কাছের মানুষেরা সেসব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে।

সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমকে মৌসুমী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে ও মাস্টার্স করেছে। এরপর নাটক-সিনেমার প্রতি ভালোবাসা থেকে শোবিজের সঙ্গে যুক্ত হয়। প্রকৃতির প্রতি ওর ভালোবাসা আমাকে আকৃষ্ট করেছে। পড়াশোনার কারণে সারাজীবন ওকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছে। আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। বলা যায়, আমাদের প্রেমটা হয়েছে জঙ্গলে। আরেকটা বিষয় ওর ক্রিয়েটিভিটি, চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। খুব কাছ থেকে ওকে দেখেছি-জেনেছি। কখন যে সম্পর্ক হয়েছে, তা নিজেরাও টের পাইনি।

এরপর বলেন, ২০২১ সালে গোলাম সোহরাব দোদুলের একটি ওয়েব সিরিজের সুবাদে তার সঙ্গে আমার পরিচয়। সেসময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। শঙ্খ দাশগুপ্তের সাত পর্বের ওয়েব সিরিজ ‘গুটি’র গল্পকার হিসেবেও কাজ করেছে রানা। কাজের সুবাদে আমাদের মধ্যে প্রেমও হয়ে যায়।

মৌসুমীর ভাষায়, আসলে দুজনের অজান্তেই আমাদের সম্পর্কটা হয়েছে। আমারা কি কেউ কাউকে প্রস্তাব দিয়েছি? মনে নেই। মনে হয়, এখন পর্যন্ত ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি!

সবশেষে এ তারকা বলেন, গতকাল ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। আমি চেয়েছিলাম, আগামী ফেব্রুয়ারি বা মার্চে সবাইকে জানিয়ে ধুমধাম করে একটা আয়োজন করব। কিন্তু গতকাল কাছের মানুষজনই আমার সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে।

প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।

শুক্রবার থেকে শুরু হচ্ছে এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এশিয়ান কাপ

কাল শুরু হচ্ছে এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এশিয়ান কাপ। তৃতীয়বার যা বসছে কাতারে। সফলতম বিশ্বকাপ আয়োজন করায়, এবার কাতারও এই টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ বাড়ছে এশিয়া ও বিশ্ববাসীর। মাসব্যাপি আসরের ফাইনাল ১০ ফেব্রুয়ারি।

দোহার বিখ্যাত সৌক ওয়াকিফ। কাতার ভ্রমনে পর্যটকদের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রে। বিশ্বকাপের মত জমজমাট না হলেও এশিয়ান কাপকে সামনে রেখেও সেজেছে ঐতিহাসিক এই বাজার।

ঠিক তের মাস আগে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ সেই লুসাইল স্টেডিয়ামে শুক্রবার কাতার-লেবানন ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ। এক মাসের ফুটবল উৎসবে মাতবে এশিয়ার শীর্ষ ২৪ দেশ। সময়ের সাথে সাথে সৌক ওয়াকিফের মত পুরো কাতারই আরও জমজমাট হবে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় একজন বলেন, আশা করি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অনেকেই আবারও এখানে জমায়েত হবে, ফুটবলকে কেন্দ্র করে। এশিয়ার অন্য দেশ থেকেও আসবে।

আরেকজন বলেন, অনেকেই হয়তো কাতার কোথায় জানত না। কিন্তু বিশ্বকাপ আয়োজন করে তারা পুরো বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে। এশিয়ান কাপও তাকে এগিয়ে নেবে।

এশিয়ান পর্যটকদের ঢল নামবে নিশ্চিত। আর সেই সুযোগ করে দিতেই বিশ্বকাপের সময় প্রবর্তিত হায়া কার্ডের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। আগ্রহীদের তালিকায় সবচেয়ে এগিয়ে প্রতিবেশি সৌদি আরব। সেটা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ শুরু করায়, আগামী ২০২৭ এশিয়ান কাপ আর ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায়।

একজন সৌদি সমর্থক বলেন, আমরাও অপেক্ষায় আছি, এমন একটা আয়োজনের জন্য। পুরো বিশ্ব এশিয়ান কাপ ও বিশ্বকাপ দেখতে সৌদি আরবে আসবে।

মাঠে বসে খেলা দেখতেও আগ্রহীর সংখ্যা কম নয়। ইতোমধ্যে দশ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। তৃতীয়বারের মত কাতার স্বাগতিক হয়েছে। নয় ভেন্যুর সাতটিই বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে।

কাতারি স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টস তিনটি চ্যানেল নামকরণ করেছে টুর্নামেন্টের নামে। বেইন স্পোর্টস এশিয়ান কাপ ওয়ান, টু ও থ্রি। প্রথম দুটি আরবি আর শেষটিতে ইংরেজি ধারাভাষ্য দেয়া হবে। এছাড়া বেইন স্পোর্টস নিউজও ১৬ ঘন্টা সরাসরি সম্প্রচার করবে প্রতিদিন।

মাঠের পারফরম্যান্সে স্বাগতিকদের আগ্রহই গতিপথ ঠিক করবে টুর্নামেন্ট ঘিরে কাতারিদের আগ্রহের। তারাই যে বর্তমান চ্যাম্পিয়ন। এছাড়াও শিরোপার লড়াইয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরাক।

নতুন বছর সুখবর দিলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ব্যবসাতে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি। যদিও বছর দুয়েক আগেই একটি ফিল্ম প্রোডাকশন হাউজের কার্যক্রম শুরু করেছিলেন এই নায়িকা। সেখান থেকে ‘লালশাড়ি’ নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি। এবার আরও দুই নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি।

অপু বলেন, সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি বছর দুয়েক আগে। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি।২০২৪ সাল থেকে ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছি।

এদিকে রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন অপু বিশ্বাস। শুক্রবার (১২ জানুয়ারি) এ দুটো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

নতুন ব্যবসা নিয়ে অপু বিশ্বাস বলেন, মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ২৪ পিস ইয়াবা, ৫ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৮১.২ গ্রাম হেরোইন, ২ লিটার দেশি মদ ও ২ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।

বাংলাদেশি পাসপোর্টের মান আরও একধাপ কমলো

শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০২৪ সালে বাংলাদেশের স্থান ৯৭ তম। ২০২৩ সালের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ ১০৪টি দেশের সূচক প্রকাশ করে। সূচকে দেখা যায় বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে।

তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট নেপাল (৯৮), পাকিস্তান (১০১) ও আফগানিস্তানের (১০৪) তুলনায় এগিয়ে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে যেতে পারে তার উপর ভিত্তি করে সূচকে অবস্থান নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবে।

সূচক অনুসারে, মালদ্বীপের পাসপোর্ট ৫৮ তম স্থানে রয়েছে এবং ৯৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারসহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়াও ভারত, ভুটান ও শ্রীলঙ্কার পাসপোর্ট যথাক্রমে ৮০ তম, ৮৭ তম এবং ৯৬ তম স্থানে রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালে একইসঙ্গে ৬টি দেশ সর্বাধিক পছন্দনীয় ভ্রমণ গন্তব্য হিসেবে শীর্ষস্থানে রয়েছে। পছন্দের দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯৪টি দেশে ভিসামুক্তভাবে বা ভিসা-অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবে।

শীর্ষস্থানে থাকা ৬টি দেশ ছাড়াও হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ ৫টি র‌্যাংকিংয়ে থাকা দেশগুলো হলো- ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবে।

সূচকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবে।

সূচকে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও ইউনাইটেড কিংডম। ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯১টি দেশে ভ্রমণ করতে পারবে এসব দেশের পাসপোর্টধারীরা।

১৯০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবে গ্রিস ও মাল্টার পাসপোর্টধারীরা এবং পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ড।

নিচের পাঁচটি র‌্যাংকিংয়ের মধ্যে রয়েছে- ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

হেনলি পাসপোর্ট সূচক আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) একান্ত ডেটার উপর ভিত্তি করে ১৯ বছরের ঐতিহাসিক তথ্য নিয়ে সূচকটি বিশ্বে অনন্য। বিশ্বব্যাপী পাসপোর্ট র‌্যাংকিংয়ের ক্ষেত্রে হেনলি পাসপোর্ট সূচককে বিশ্বব্যাপী নাগরিক এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের মান্য রেফারেন্স টুল হিসেবে বিবেচনা করা হয়।

পাপুয়া নিউগিনিতে দাঙ্গায় নিহত ১৫

বেতন নিয়ে পুলিশের ধর্মঘটের পর পাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গার সূত্রপাত হয়েছে। বুধবার রাজধানীতে পুলিশের অনুপস্থিতিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ‘সুবিধাবাদীরা’। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, পুলিশ ধর্মঘটে যাওয়ার পর পাপুয়া নিউ গিনির রাজধানীতে ‘সুবিধাবাদীরা’ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় আটজন এবং দেশের উত্তরে লে-তে আরও সাতজন নিহত হয়েছেন।

একটি রেডিও সম্প্রচারে গভর্নর পোয়েস পার্কপ বলেছেন, ঘটনাগুলো ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর’ রাজধানী পোর্ট মোরেসবির সম্পত্তিগুলো ‘সুবিধাবাদী’রা লুট করা শুরু করেছিল।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমাদের শহরে এক অভূতপূর্ব মাত্রার সংঘর্ষ দেখেছি আমরা, যা আমাদের শহর এবং দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি। এটি আজ রাতেই বন্ধ করতে হবে।’

চীনা দূতাবাস জানিয়েছে, পাপুয়া নিউ গিনিতে চীনা মালিকানাধীন দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনায় বেশ কয়েকজন চীনা নাগরিকও আহত হয়েছেন।

টিভি ফুটেজে পোর্ট মোরেসবির রাস্তায় হাজার হাজার মানুষকে দেখা গেছে। অনেক স্থানে কালো ধোয়া উড়তে দেখা যায়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেন, ‘শহরে গতকাল পুলিশ কর্মস্থলে না থাকায় অনেকেই অনাচারের আশ্রয় নিয়েছিল।’ তবে তিনি আশ্বস্ত করেন, রাজধানীতে উত্তেজনা কমে গেছে। শহরটির শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

পোর্ট মোরেসবিতে মার্কিন দূতাবাস বলেছে, দাঙ্গার পর পুলিশ কাজে ফিরেছে। তবে সেখানে এখনও উত্তেজনা রয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটির পুলিশ গত এক বছরে সহিংস অপরাধ বৃদ্ধির সঙ্গে লড়াই করেছে। বুধবার সকালে তাদের বেতন কর্তনের বিষয়টি জানতে পেরে ধর্মঘট শুরু করে পুলিশ।

একটি সোশ্যাল মিডিয়া বার্তায় পুলিশের ওপর একটি নতুন কর আরোপ করার কথা অস্বীকার করেছে দেশটির সরকার। বেতন ঘাটতিজনিত যেকোনো ধরনের প্রশাসনিক ত্রুটি ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মারাপে।