শনিবার, অক্টোবর ১০, ২০২৬

‘মিস আমেরিকা ২০২৪’ হলেন মার্কিন বিমান বাহিনীর মার্শ

‘মিস আমেরিকা ২০২৪’ নির্বাচিত হয়েছেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ম্যাডিসন মার্শ। রোববার (১৪ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের সময়) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ।
সিএনএন জানিয়েছে, এবারের আসরে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য অংশ নেয়। ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পড়েন ২২ বছর বয়সী ম্যাডিসন মার্শ। কলোরাডোর প্রতিনিধিত্ব করেন তিনি। এয়ার ফোর্সের প্রথম সক্রিয় কর্মকর্তা মার্শ যে, যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের খেতাব লাভ করলেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি। ‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’
গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেন ম্যাডিসন মার্শ। ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন।

রোজার আগেই গ্যাস সংকট দূর হবে : প্রতিমন্ত্রী

ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে আগামী তিন বছরের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের একটি খসড়া পরিকল্পনা হাজির করেছেন টানা তৃতীয় মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ মুহূর্তে যে গ্যাস সংকট চলছে, আগামী মার্চে রোজা শুরুর আগেই তার লাঘব হবে বলে আশা দেখিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশে গ্যাসের সংকট চলছে। তবে সেটি শিগগিরই কেটে যাবে। আমরা আশা করছি, এ অসুবিধা খুব সাময়িক। প্রচণ্ড শীতের কারণেও গ্যাসের চাপ কিছুটা কমে গেছে। মেরামতে থাকা এলএনজির দ্বিতীয় টার্মিনালটি দু-এক দিনের মধ্যে চালু হয়ে যাবে। তখন গ্রিডে দৈনিক ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়বে।
নসরুল হামিদ বলেন, আমাদের বড় পরিকল্পনা হলো আগামী মার্চ থেকে আমরা যেন গ্যাস নিরবচ্ছিন্ন রাখতে পারি। সামনে রোজার মাস আসছে, সেটা সামনে রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার।
দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৪৬টি কূপ খননের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি আগামী ২০২৫ সালের মধ্যেই শেষ হবে। এতে দেশে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। নতুন করে আরও ১০০ কূপ খননের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। পেট্রোবাংলা আগামী ৫০ বছরের গ্যাস উত্তোলন, সরবরাহ সংক্রান্ত মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে। আগামী মার্চের দিকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দর নির্ধারণ বাস্তবায়ন হতে পারে। এরপর গ্যাসের দর বাস্তবায়ন হবে।

পদ্মা সেতুতে ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় : সেতুমন্ত্রী

পদ্মা সেতুতে এখন পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরের দিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এক যুগেও কাজ সমাপ্ত না হওয়া বিআরটি প্রকল্প চলতি বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখন নিচের অংশের ভোগান্তি নেই।
২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বিআরটি প্রকল্পের জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। তারপর গত ১২ বছরেও প্রকল্পটি শেষ হয়নি।

জাতিসংঘের দাবিতে ‘শিগগিরই’ যুদ্ধ বন্ধ হবে : ইসরায়েল

জাতিসংঘ প্রধান ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানানোর’ পরিপ্রেক্ষিতে ইসরায়েল সোমবার বলেছে, বিধ্বস্ত দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের ‘নিবিড়’ পর্যায়ে ‘শিগগিরই’ শেষ হবে।

হামাস অক্টোবরের হামলার সময় অপহৃত ইসরায়েলি বন্দীদের মধ্যে দুজনের মৃত্যুর ঘোষণা করেছে। একটি ভিডিওতে ইসরায়েল ‘নিরীহ জিম্মিদের ওপর নৃশংসভাবে নির্যাতন চালানোর’ নিন্দা করেছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনীর প্রতিশোধমূলক বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়ে পড়েছে।
হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েল অবিরাম ও নির্বিচার হামলা চালিয়ে গাজায় কমপক্ষে ২৪ হাজার ১০০ লোককে হত্যা করেছে। যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের এই সংখ্যা প্রকাশ করেছে।
গাজার উত্তরে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেয়ার পর সেনাবাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণের খান ইউনিস এবং রাফাহ শহরে অভিযান এবং বোমাবর্ষণ জোরদার করেছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, দক্ষিণ গাজায় প্রায় তিন মাস ধরে চলা একটি ‘তীব্র যুদ্ধের পর্যায়’ ‘শিগগিরই শেষ হবে’।
তিনি বলেন, দক্ষিণ গাজা থেকে ইতোমধ্যেই উত্তর গাজায় সৈন্য সরিয়ে আনা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে’ তাদের চারটি ডিভিশনের মধ্যে সোমবার একটি প্রত্যাহার করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ আরও কয়েক মাস ধরে চলবে-এ কথা বলার একদিন পর মন্ত্রিসভা যুদ্ধের ব্যয় মেটাতে অতিরিক্ত ৫৫ বিলিয়ন শেকেল (১৫ বিলিয়ন ডলার)-সহ একটি সংশোধিত ২০২৪ বাজেট অনুমোদন করেছে।
জাতিসংঘ বলেছে, তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত গাজার জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতরা আশ্রয়কেন্দ্রে ভিড় করছে এবং খাদ্য, পানি, জ্বালানী এবং চিকিৎসাসেবার জন্য লড়াই করছে।
ইসরায়েল গাজার মানবিক সংকট এবং ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে ব্যাপক আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। অঞ্চলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার-সোমবার রাতে বোমাবর্ষণে ৬০ জন নিহত হওয়ার খবর দিয়েছে।
ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে মারাত্মক সহিংসতা লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে গুলি বিনিময় এবং লোহিত সাগরে মার্কিন বাহিনী এবং ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীদের হামলায় যুদ্ধ গাজা উপত্যকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস সোমবার ‘যেখানে প্রয়োজন সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে, জিম্মিদের মুক্তির সুবিধার্থে এবং বৃহত্তর যুদ্ধের আগুন নেভাতে’ গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবা, ১১৩ গ্রাম হেরোইন, ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন : বিআরটিএ

সদ্য বিদায়ী ২০২৩ সালে সড়কে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত ও ৭ হাজার ৪৯৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে সংস্থাটি।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩২২ দুর্ঘটনায় নিহত ৩৩৩ জন ও আহত হন ৩৩৬ জন; ফেব্রুয়ারি মাসে ৩০৮ দুর্ঘটনায় নিহত ৩০৩ ও আহত ৪১৬ জন; মার্চ মাসে ৩৮৭ দুর্ঘটনায় নিহত ৪১৫ ও আহত ৬৮৮; এপ্রিল মাসে ৪৭৬ দুর্ঘটনায় নিহত ৪৫৯ ও আহত ৭০৫ জন; মে মাসে ৪৮৩ দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ৬৪৯ জন; জুন মাসে ৫৬২ দুর্ঘটনায় নিহত ৫০৪ ও আহত ৭৮৫ জন; জুলাই ৫৬৬ দুর্ঘটনায় ৫৩৩ ও ৯৩৪ জন; আগস্ট মাসে ৪৫৮ দুর্ঘটনায় নিহত ৩৭৬ ও আহত ৬৯৫ জন; সেপ্টেম্বর মাসে ৪৫৪ দুর্ঘটনায় নিহত ৪১০ ও আহত ৬০৯ জন; অক্টোবর মাসে ৪৩৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ৪৯২ জন; নভেম্বর মাসে ৫৫৯ দুর্ঘটনায় নিহত ৪৭০ ও আহত ৫৮১ জন এবং ডিসেম্বর মাসে ৪৮৩ দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত ও ৬৪১ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় পতিত মোট ৭ হাজার ৮৩৭টি মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ২০৬টি, বাস/মিনিবাস ১ হাজার ৮৩টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৮৯টি, পিকআপ ৩৭০টি, মাইক্রোবাস ২২৬টি, অ্যাম্বুলেন্স ১৬১টি, মোটরসাইকেল ১ হাজার ৭৪৭টি, ভ্যান ২৩০টি, ট্রাক্টর ১২৮টি, ইজিবাইক ২১৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪১৫টি, অটোরিকশা ৪৯৭টি এবং অন্যান্য যান ১ হাজার ১৬৮টি রয়েছে।

প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।
তিনি বলেন, আপনারা যারা প্রবাসে কাজ করেন, ন্যাশনাল পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। সবার জন্য এ সুবিধা করে দিয়েছি। রেমিট্যান্স পাঠানোর জন্য সব অনলাইন করে দিয়েছি। সহজে এখন টাকা পাঠাতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে, সরকার জনগণের সেবক। আমি প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে এসেছি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মানুষ এখন ভবিষ্যতের স্বপ্ন দেখে।
তিনি বলেন, বিএনপি লিফলেট বিতরণ করেছে, মানুষ যেন ভোট না দেয়। কিন্তু ঘটনা উল্টো ঘটলো। মানুষ ধরে নিলো ভোট দিতেই হবে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে।
বিএনপির কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, অন্ধকার পথে বিএনপি। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খুঁজে। তারা জানে, মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই। তবে ভোটে জনগণের বিজয় হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের মামলার বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, আমি আমার ছেলের বউ ও মেয়ের কাছে ছিলাম। আমার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। আমি তাদের কাছে মাফ চেয়ে রওয়ানা করেছি মামলা ফেস করতে। আসতেও বাধা দিয়েছে। আমাকে হিথ্রো বিমানবন্দর থেকে ফেরত দেয়। সেটি বিশ্বের ১৫৬ পত্রিকায় প্রকাশ হয়। যার কারণে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা পেয়েছিলাম। ওই সময়ে প্রবাসী আওয়ামী লীগ নেতারা আমার পাশে ছিলেন। আপনাদের অবদান গণতন্ত্রের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, অনেক ঘাত প্রতিঘাত চড়াই-উৎরাই পেরিয়ে ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। দেশকে নিয়ে নানা কর্মসূচি করা শুরু করেছিলাম। অথচ, ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতায় আসতে দেয়নি। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। চলে আসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন।
অনুষ্ঠানে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না। অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক। ফিলিস্তিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে আরও দেওয়া হবে বলেও জানিয়েছেন।

রিকশাচালকের এম এ পাস স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় রিকশাচালকের এম এ পাস করা স্ত্রী সিমানুরকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক পদে চাকরির নিয়োগপত্র প্রদান করেন।
বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের ফেরদৌস যখন বিয়ে করেন তার স্ত্রী সিমানুর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিয়ের পর স্ত্রীকে দেয়া কথা ফেরদৌস রেখেছিলেন। রিকশায় স্ত্রীকে কলেজে পৌঁছে দিয়ে তিনি নিজে রিকশা চালিয়ে সংসারের বোঝা টেনেছেন। রিকশা চালিয়ে সিমানুরের লেখাপাড়ার খরচ জুগিয়েছেন। স্ত্রীকে এম এ পাস করিয়ে আবার স্ত্রীর জন্য চাকরি খোঁজেন রিকশা চালানোর পাশাপাশি। এ দম্পতির সংগ্রামী জীবনকথা নিয়ে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর নজরে আসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। সাথে বগুড়া জেলা প্রশাসককে খোঁজখবর নিতে বলা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা পেয়ে সাথে সাথে বগুড়া জেলা প্রশাসক প্রশাসক মো. সাইফুল ইসলাম সোমবার ত্বরিত ব্যবস্থা নিতে দেরি করেননি। সোমবার বিকলে দম্পতিকে ডেকে সব কথা শোনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আসার পর ভাগ্য বদলে যায় প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারটির। রিকশাচালক ফেরদৌস মন্ডললের স্ত্রী এখন বগুড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। চাকরির সঙ্গে মিলেছে সিমানুরের স্বামী রিকশাচালক ফরদৌস মন্ডলের রিকশাা কেনার ঋণ পরিশোধের জন্য ২৫ হাজার টাকা, বাড়ি সংস্কারের টিন ও আউটসোর্সিংয়ের মাধ্যমে রিকশাচালকের উচ্চশিক্ষিত স্ত্রী যেন শক্তিশালী আর্থিক ভিত্তিতে পৌঁছাতে পারেন সে জন্য পেলেন একটি ল্যাপটপ।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, এসবই হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়। সোমবার সিমানুরের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক। নিয়োগপত্র হাতে পেয়ে তিনি স্কুলে গিয়ে সহকারী স্কুল শিক্ষক পদে যোগদান করেন। রিকশা চালক ফেরদৌস মন্ডললের স্ত্রী এখন বগুড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক। এখন সিমানুর উৎসাহ আরো বেড়ে গেছে। চাকরির পাশাপাশি তিনি এখন বিসিএসের জন্য প্রস্তুতি নিতে চান। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তারা কৃতজ্ঞতার কথা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। সোমবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ল্যাপটপ, চাকরির নিয়োগপত্র, ধার করে কেনা রিকশার ২৫ হাজার টাকা তার হাতে তুলে দেন জেলা প্রশাসক।
খবর বাসস

যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার দাবি হুথির

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সোমবার এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজে হামলার দাবি করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে।
হুথি বিদ্রোহীরা ‘আমেরিকান জাহাজ লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে’ এ কথা উল্লেখ করে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়াা সারি বলেছেন, ‘নির্দিষ্ট সংখ্যক শক্তিশালী নৌ ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে।

হাসপাতাল ছেড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হাসপাতাল ছেড়েছেন। গত বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট ক্যান্সার শনাক্তের পর তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিচ্ছিলেন।
সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়ে বলেছেন, ‘হাসপাতালে আমি চমৎকার সেবা পেয়েছি। আমি কৃতজ্ঞ। দুর্দান্ত সমর্থন ও পেশাদারিত্বের জন্যে আমি ডাক্তার ও নার্সদের অসামান্য ধন্যবাদ জানাতে চাই।’
উল্লেখ্য, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিয়মিত চেক আপের সময় অস্টিনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। একইমাসের ২২ তারিখে তার শরীরে অস্ত্রোপচারও করা হয়।
কিছু জটিলতা দেখা দেয়ায় এরপর ১ জানুয়ারি তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।
মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তাব্যক্তি দেশটির প্রেসিডেন্ট। এর পরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। লয়েড অস্টিন ইতোমধ্যে হাসপাতাল থেকেই তার কাজ চালিয়ে গেছেন।
লয়েড অস্টিন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল। ২০২০ সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে লয়েড অস্টিন প্রথম আফ্রিকান আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী।