শনিবার, অক্টোবর ১০, ২০২৬

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই মানুষ এগিয়ে যাচ্ছে : দীপু মনি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করতে পারছি। এক টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সমাজের প্রান্তিক মানুষদের প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, যা অন্য কোনো সরকার করতে পারেনি।
দীপু মনি বলেন, আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালাতে হবে এবং সব সংকট ও সমস্যা দূর করতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিবাসী যেসব শিশুরা রয়েছে, তারাও যেন অন্য শিশুদের মতো সমান সুযোগ পেয়ে যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হয়ে সুযোগ্য নাগরিক হওয়ার সুযোগ-সুবিধা পায়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার সেই কাজটির চেষ্টা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।

রমজানে এক কোটি মানুষকে খাদ্যপণ্য দেওয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

আসন্ন রমজান মাসে এক কোটি মানুষকে খাদ্যপণ্য দেওয়া হবে। টিসিবি কার্ডের মাধ্যমে এই খাদ্যপণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায় যমুনা নদীর তীর রক্ষায় ছয় কিলোমিটার জিওব্যাগ দিয়ে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু রমজান মাস নয়, বছরের ১২ মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুত করতে পারবে না। এ বিষয়ে খাদ্যপণ্যের সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদীপাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।
নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ টাইগ্রেসদের

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস আজ ফুটে ওঠেছে টাইগ্রেসদের ব্যাটিংয়ে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
আজ শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার।
শুরুতে ব্যাটিং করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ইভা। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।
তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। ঝোড়ো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

লিভারপুল ছাড়ার ঘোষণা ক্লপের

লিভারপুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জার্গেন ক্লপের নাম। লিভারপুলের ইতিহাসে অন্যতম সফল ম্যানেজার বলা হয় তাকে। সেই ক্লপ এবার ঘোষণা দিলেন লিভারপুল ছাড়ার। হুট করেই এই ঘোষণা দেন তিনি। চলতি মৌসুম শেষে আর প্রিমিয়ার লিগের দলটির ডাগআউটে দেখা যাবে না তাকে।
লিভারপুলের সঙ্গে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন ক্লপ। ২০১৫ সালের অক্টোবরে অ্যানফিল্ডে আসেন এই জার্মান কোচ। দায়িত্ব নিয়েই দলকে সাফল্যের ভেলায় ভাসান। তার অধীনে ৩০ বছরের খরা কাটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
ইংলিশ ক্লাবটির সঙ্গে আরও ৩ বছর চুক্তি রয়েছে ক্লপের। ২০২৬ সাল পর্যন্ত ‘দ্য রেড’দের সঙ্গে থাকার কথা ছিল তার। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন ৫৬ বছর বয়সী এই ভদ্রলোক। শুক্রবার (২৬ জানুয়ারি) বিবৃতিতে বিষয়টি জানায় লিভারপুল।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ক্লপ বলেন, ‘আমি বুঝতে পারছি এই খবর শুনে অনেকেই চমকে যাবেন। তবে অবশ্যই আমি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে পারি, অন্তত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। এই ক্লাবের সবকিছুই আমি ভালোবাসি। এই শহরও ভালোবাসি। কিন্তু তারপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় বুঝতেই পারছেন আমি সত্যিই এটা চাই।’

ক্লপ আরও বলেন, ‘কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে আসছে। এখন কোনো সমস্যা নেই। জানতাম যে, একটা সময় আমাকে এই ঘোষণাটা দিতে হবে। এখন আমি পুরোপুরি ভালো আছি। তবে এটা জানি যে, একই কাজ আমি বারবার করতে পারব না।’
লিভারপুলের হয়ে ক্লপের ভান্ডারে সব বড় শিরোপাই আছে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। পরের মৌসুমে আসে প্রিমিয়ার লিগ শিরোপা। ২০২১-২২ মৌসুমে জেতে লিগ কাপ ও এফএ কাপ।

ঝেংয়ের স্বপ্ন ভেঙে টানা শিরোপা জয় সাবালেঙ্কার

মাত্র ৭৬ মিনিট; অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে চীনের ঝেং কিনওয়েনকে হারাতে আরিনা সাবালেঙ্কার লাগল এত কম সময়।
দুর্দান্ত ছন্দে থেকেই টুর্নামেন্ট শুরু করেছিলেন সাবালেঙ্কা। সেই ছন্দ ধরে রেখেই ফাইনালে উঠেছিলেন; একটা সেটও হাতছাড়া হতে দেননি। বোঝাই যাচ্ছিল প্রথমবারের মতো ফাইনালে ওঠা ঝেং কিনওয়েনের জন্য ম্যাচটা কঠিনই হবে। কিন্তু এতটাই কঠিন হবে কে জানত! কিন্তু সাবালেঙ্কা কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে দেননি।

ফাইনালেও কোনো সেট হাতছাড়া করেননি সাবালেঙ্কা। জিতেছেন ৬-৩,৬-২ গেমে। ২০০০ সালের পর কোনো সেট না হেরে অস্ট্রেলিয়ান ওপেন জেতা পঞ্চম নারী প্রতিযোগী সাবালেঙ্কা। তাঁর আগে এই সময়ে এই কৃতিত্ব দেখিয়েছেন অ্যাশলেই বার্টি, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও লিন্ডসে ড্যাভেনপোর্ট।
রেকর্ড বইয়ের আরেকটি জায়গায় অবশ্য ২৫ বছর বয়সী সাবালেঙ্কা জায়গা করে নিয়েছেন তাঁরই স্বদেশি ভিক্টোরিয়া আজারেঙ্কার পাশে। ২০১৩ সালে টানা তাঁর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কাই টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী।
সাবালেঙ্কার এই জয়ে স্বপ্নভঙ্গ ঝেং কিনওয়ানের। প্রথমবারের মতো উঠে এসেছিলেন গ্র্যান্ড স্লামের ফাইনালে। কিন্তু ফাইনালটা ফাইনালের মতো খেলতে পারলেন না। ডাবল ফল্ট করেছেন ৬টি, আনফোরস এরর ১৬টি। তবে এক দশকের মধ্যে চীনের প্রথম প্রতিযোগী হিসেবে ফাইনালে উঠেছেন, ঝেংয়ের জন্য এটাই বা কম কী!

‘দ্রুত সময়ের মধ্যে আমরা রোবোটিকস সার্জারি চালু করব’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, লিভার ট্রান্সপ্ল্যান্টে আমরা সফলতার মুখ দেখেছি। যদিও এই চিকিৎসা খুবই ব্যয়বহুল, তারপরও আমরা ক্রমান্বয়ে প্রতি মাসে একটি করে লিভার ট্রান্সপ্লান্ট করতে চাই, এটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আগামী ২৬ মার্চের আগে আমরা আরেকটি লিভার ট্রান্সপ্ল্যান্টের উদ্যোগ নেব। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রোবোটিকস সার্জারি চালু করব। ইন্সট্রুমেন্ট চেয়েছি, আশাকরি এ বছরের মধ্যেই আমরা রোবটিক্স চালু করতে পারব।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিএসএমএমইউ শহীদ ডা. মিলন হলে আয়োজিত ‘শিশুদের লিভার সার্জারি ও নতুন জীবনের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির শিশু সার্জারি বিভাগ।
তিনি বলেন, লিভার প্রতিস্থাপন একটি ব্যয়বহুল চিকিৎসা। ইউরোপে ২ কোটি টাকার মত খরচ হয়। ভারতে ৬০-৭০ লাখ এবং বাংলাদেশে আনুমানিক ২০-৩০ লাখ টাকা খরচ হয়। শিশুর লিভার প্রতিস্থাপন আমাদের স্বপ্ন। যা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি দরকার।

শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশে কিডনি, লিভার, কর্ণিয়া দিতে হলে নিকট আত্মীয় ছাড়া অন্য কেউ দিতে পারে না। আইনের কারণে এটা পারা যায় না। কিন্তু দেশের বাইরে কেউ ইচ্ছে করলেই একজন আরেকজনকে মানবিক কারণে এসব দান করতে পারে। আমরা এই আইনের বিষয়ে কাজ করব।
বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার বিষয়ে উপাচার্য বলেন, আমরা প্রতিটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়েছি, যাতে বিশেষজ্ঞ তৈরি হয়। পিএইচডি কোর্সে অধিকসংখ্যক শিক্ষার্থী ভর্তি নিয়েছি। ইংলিশ জার্নাল, ইমার্জেন্সি বিভাগের সক্ষমতা বাড়ানো হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসাইন।

আইসিজের রায়ের পর নিরাপত্তা পরিষদের বৈঠক আগামী সপ্তাহে

গাজায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে বৈঠকে বসবে। শুক্রবার নিরাপত্তা পরিষদের সভাপতি এ ঘোষণা দিয়েছেন।
আলজেরিয়া বুধবারের বৈঠক আহ্বান করেছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘ইসরায়েলি দখলদারিত্বের ওপর আরোপিত অস্থায়ী ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঘোষণার বাধ্যতামূলক প্রভাব ফেলবে।’
শুক্রবার আইসিজে বলেছে, ইসরায়েলকে অবশ্যই হামাসের সাথে যুদ্ধে গণহত্যা বন্ধ করতে হবে এবং গাজায় মানবিক সাহায্যে প্রবেশের অনুমতি দিতে হবে। তবে আন্তর্জাতিক আদালতের রায়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়নি।
জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, সিদ্ধান্তটি ‘স্পষ্ট বার্তা দেয় যে, তারা যা চাইছে তা করার জন্য আগে যুদ্ধবিরতি প্রয়োজন।’
তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘সম্ভাব্য গোলযোগের জন্য প্রস্তুত থাকুন।’ কারণ, আলজেরিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে আরব গ্রুপের পক্ষে প্রতিনিধিত্বকারী হিসেবে যুদ্ধ বন্ধের জন্য চাপ দেবে।
ইসরায়েল-ফিলিস্তিনি ইস্যুতে দীর্ঘদিন ধরে বিভক্ত নিরাপত্তা পরিষদ ৭ অক্টোবর হামাসের হামলার পর সর্বশেষ শুধু দুটি প্রস্তাবে সম্মত হয়েছে।
ডিসেম্বরে যখন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল,তখন নিরাপত্তা পরিষদ গাজার অবরুদ্ধ জনসংখ্যার জন্য বিপুল পরিমাণ সাহায্য পাঠানোর দাবি করেছিল।

হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৪০ জন মারা গেছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে। ইসরায়েল দাবি করেছে, তাদের মধ্যে এখনো প্রায় ১৩২ জন গাজায় আটক রয়েছে। কমপক্ষে ২৮ জন জিম্মিকে হামাস হত্যা করেছে।
ইসরায়েল হামাসকে দমন করার প্রতিশ্রুতি দিয়ে অভিযান শুরু করলে গাজার ২৬ হাজার ০৮৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
আন্তর্জাতিক আদালত প্রায় চার মাসব্যাপী যুদ্ধ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া থেকে বিরত থাকার সময় ইসরায়েলকে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশন মেনে সবকিছু করার পরামর্শ দিয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করে যাব : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবাকে উন্নত করা, যাতে মানুষের কষ্ট লাঘব হয়।
তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়ন করতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ওপর গুরুত্ব দেয়া হবে।
ডা. সামন্ত লাল সেন আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে আজ ৩০ শয্যার আইসিইউ উদ্বোধন করা হয়েছে। এগুলোসহ মোট ৫০ শয্যার আইসিইউ এখানে রয়েছে। আইসিইউ সংকট দূরীকরণে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী চমেক হাসপাতাল স্থাপনের জন্য ১৫০ শয্যার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থানও ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী বলেন, আমরা এ সংক্রান্ত কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে।

শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা : পূজা

কলকাতার মেয়ে পূজা ব্যানার্জি। টালিউডে প্রিয় মুখ তিনি। তবে বেশি জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। টালিউডেও করেছেন বেশ কয়েকটি সিনেমা। যার সবই কমবেশি হিট।
এখন আর ওইভাবে চিত্রজগতে না থাকলেও হরহামেশাই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময়ই ছবি শেয়ার করতে দেখা যায়। এতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
যদিও কারও কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি, পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না।
পূজা ব্যানার্জি বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলামনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে। তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত।
তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।
পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

তিনি আরও বলেন, আমার মনে হয় এগুলোকে স্বাভাবিক ভাবে দেখা উচিত। শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ— এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজন অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সমাজমাধ্যমের পাতায় যারা উল্টোপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় : প্রাণিসম্পদমন্ত্রী

থানাসহ সরকারি অফিসগুলোকে দালালমুক্ত করার নির্দেশনা দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, থানাসহ সরকারি অফিসে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। কেউ যেন অন্যায়ভাবে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এবার নির্বাচনে কেউ কেউ কালো টাকার পাহাড় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আপনারা নির্বাচনের আচরণবিধি মেনে ঠিকমতো দায়িত্ব পালন করেছেন। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। আমি মনোনয়ন পাওয়ার পরই বিভিন্ন জায়গায় বলেছিলাম, আমি কোনো কেন্দ্র দখল করে বা কারচুপি করে নির্বাচিত হতে চাই না।

এ সময় তিনি আরও বলেন, আমার পক্ষে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবেন না। সাধারণ মানুষ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। মানুষ যেন তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।

মন্ত্রী বলেন, আমি এমন কিছু করে যেতে চাই যাতে মরার পরও এলাকার মানুষ আমার কর্মকে মনে রাখে।

মতবিনিময় সভায় মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ, বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সাদীসহ দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানান।