শনিবার, অক্টোবর ১০, ২০২৬

গুপ্তচরবৃত্তির দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের একটি প্রতিরক্ষা সাইটে নাশকতার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিরা দোষী সাব্যস্ত হয়েছেন। তারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) সকালে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি। তাদেরকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়। এরপর ইসফাহানের কেন্দ্রীয় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত একটি গ্রুপের চার সদস্যের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। ইসফাহানে বোমা হামলার পরিকল্পনা করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
ইরানের দাবি, ওই ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদেরকে সামরিক কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়েছিল। সেখানে মোসাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ওই চার ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। গত বছরের আগস্টে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পে নাশকতা তৈরির জন্য মোসাদের একটি জটিল পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইরান। এ ছাড়া ইস্ফাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।
দুই দশক ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে ইরান ও ইসরায়েল। এমনকি ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে অশান্তি উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করে আসছে তেহরান।
খবর এএফপি

৪ পণ্যে শুল্ক হার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র রমজানকে সামনে রেখে চার পণ্যে শুল্ক হার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এগুলো হলো ভোজ্য তেল, খেজুর, চিনি ও চাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সবশেষ অবস্থা জেনেছেন তিনি। মন্ত্রীরা কী কাজ করেছেন, তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে তাতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, যে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা যাতে অব্যাহত থাকে।
মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, মন্ত্রীরা তা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সে অনুসারে তারা পদক্ষেপ নিয়েছেন।
নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলায় কোনো সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের এই সময়ে ৩৭ হাজার ১০৭ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল, যেখানে এ বছর একই সময়ে ৪৪ হাজার ৭৩৪ মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে। কাজেই নিত্যপণ্য আমদানি করতে ডলারের সংকট আছে, পরিসংখ্যান কিন্তু এমনটা বলছে না।
শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে নিত্যপণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এসব পণ্যে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে ভোজ্যতেলে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো এবং চিনিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) প্রত্যাহারের কথা বলা হয়েছে। এ ছাড়া শুল্ক-কর কমানোর অনুরোধ করা হয়েছে খেজুরের ওপর।

সিলেটকে উড়িয়ে বড় জয় পেল চট্টগ্রাম

সিলেট পর্বে একদিন বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের খেলা। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। চায়ের দেশে হারের হ্যাটট্রিক পূরণ করা সিলেট স্ট্রাইকার্স প্রথম জয়ের খোঁজে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগে ব্যাট করতে নেমে হ্যারি ট্যাক্টরের ৪৫ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পায় সিলেট। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
টসে জিতে ব্যাট করতে নেমে সিলেটের হয়ে ইনিংস শুরু করতে নামে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন। তবে এদিনও ব্যর্থতার বৃত্তে থেকে বের হতে পারেননি সিলেটের ওপেনিং জুটি। দলীয় ৮ রানে জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। মোহাম্মদ মিথুন ১ ও নাজমুল হাসান শান্ত ৫ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর জাকির হাসান ও হ্যারি টেক্টর মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ২৬ বলে ৩১ রান করে আউট হন জাকির। এরপর ক্রিজে আসা রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন টেক্টর। তবে দলীয় ১০৭ রানে ৪২ বলে ৪৫ রান করে ফিরে যান টেক্টর।
শেষ দিকে আরিফুল হককে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন বার্ল। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পায় মাশরাফির সিলেট। শেষ পর্যন্ত বার্ল ২৯ বলে ৩৪ ও আরিফুল ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বিলাল খান।

দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। ওই শান্তিরক্ষী ঘানার সেনা সদস্য ছিলেন। এ সহিংসতায় বেশ কয়েকজন বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ সুদানের সীমান্তের আবেই অঞ্চলে স্থানীয় সময় শনিবার সুদানের সঙ্গে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এ সহিংসতায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হয়েছেন। সহিসংতার আটকে পড়াদের নিরাপত্তার জন্য বেসামরিক লোকদের ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএ-এর একটি ঘাঁটিও আক্রমণের শিকার হয়। আক্রমণটি প্রতিহত করা হলেও ঘানার একজন শান্তিরক্ষী ঘটনার সময় নিহত হয়।
জাতিসংঘ মিশন বলেছে, তারা এখনও সহিংসতায় নিহত, আহত এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাচাই করছে।

২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাষ্ট্র হয় দক্ষিণ সুদান।
খবর রয়টার্স

কাল দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতিবছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
এর আগে রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকা-সহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে।
এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।
এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।

বিএনপির হুমকি-ধমকিতে কারও কোনো ভ্রুপেক্ষ নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হুমকি-ধমকিতে কারও কোনো ভ্রুপেক্ষ নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। রাজপথের বিষয়ে জবাব রাজপথে দেব। কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্রের বিজয়ের পতাকা উড়িয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রে সব দলের রাজনীতি করার অধিকার আছে।

আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, এই নির্বাচনে ৪১ ভাগের ও বেশি ভোটার অংশগ্রহণ করেছে, যেখানে ২৮ দল অংশ নিয়েছে। সাংবিধানিক বিধান মেনে জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ তারা কারও অগণতান্ত্রিক ডাকে সাড়া দিয়ে নির্বাচনের বাইরে থাকেনি। আওয়ামী লীগের অঙ্গীকারে জাতি সাড়া দিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন সংসদের উদ্ভোধনী দিনে যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা আজকে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা, তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য পস্তাতে হবে।
বিদেশি শক্তির মদদ পাবে বলে তারা যে আশার প্রহর গুনছে সে চেষ্টাও সফল হবে না জানিয়ে তিনি বলেন, কারণ এই নির্বাচনকে জাতিসংঘসহ বিভিন্ন দেশ মেনে নিয়েছে। বাংলাদেশে পঞ্চমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী অভিনন্দিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সায়েম খান প্রমুখ।

প্রেসিডেন্ট নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

প্রেসিডেন্ট নির্বাচন দেখতে রাশিয়া যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসির সঙ্গে এ সফরে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশে তারা যাত্রা শুরু করবেন।
রোববার (২৮ জানুয়ারি) ইসির উপসচিব মো. শাহ আলম এ-সংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন। আগামী ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।
এতে আরও জানানো হয়, আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন। এই সফরের সময়কাল, ভ্রমণ এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। তারা তাদের বেতন-ভাতা স্থানীয় মুদ্রায় নেবেন এবং এর কোনো অংশ বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। সফরের সময় তারা ২ জন অংশগ্রহণকারী ৫ রাতের হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। এটি একটি সরকারি সফর।

দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ, চলছে যুদ্ধবিরতির বৈঠক

গাজার দক্ষিণাঞ্চলে রোববার ফিলিস্তিনী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। এদিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল, মিসর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান।
ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, দক্ষিণ গাজায় বর্তমানের মূল যুদ্ধক্ষেত্র খান ইউনুসে প্রচ- যুদ্ধ শুরু হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খান ইউনুসে রোববার ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া এই এলাকা থেকে দিনভর গোলাগুলির শব্দ শোনা গেছে।
প্যারিসে মিসর, ইসরায়েল ও কাতারের কর্মকর্তাদের সাথে সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস বৈঠক করেছেন। ইসরায়েল গঠনমূলক আলোচনার খবর জানিয়েছে। তবে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় এখনও উল্লেখযোগ্য ফাঁক রয়ে গেছে। আগামী দিনগুলোতে আরো আলোচনা চলবে।

একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তির জন্যে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বার্নসকে প্যারিস পাঠিয়েছেন।
এদিকে যুদ্ধের তীব্রতার কারণে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার প্রতি সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার সাথে জাতিসংঘের কর্মীরা জড়িত ছিল বলে ইসরায়েলী অভিযোগের পর যুক্তরাষ্ট্র ও জার্মানীসহ কয়েকটি দাতা দেশ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার জন্যে তহবিলে অর্থ দেয়া আপাতত বন্ধ করে দিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে গুতেরেস দাতা দেশগুলোর প্রতি আবশ্যকীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, গাজার মরিয়া জনগোষ্ঠীর তীব্র চাহিদা অবশ্যই পূরণ করতে হবে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিওএ) প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি সতর্ক করে বলেছেন, তহবিল কমানোর অর্থ হলো গাজার ত্রাণ কার্যক্রমকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাওয়া।

এদিকে জাতিসংঘে ইসরায়েলি দূত গিলাদ এরদান বলেছেন, ইউএনআরডব্লিওএকে দেয়া তহবিল সন্ত্রাসী কাজে ব্যয় হবে।

গিলাদ দাতাদের সংস্থাটি নিয়ে পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে, একটি হলো, রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে।
আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে। একটি হলো—রেমিটেন্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট শিগগির কেটে যাবে।
মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়াও দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকারের পদক্ষেপে এরই মধ্যে দাম কিছুটা কমেছে।

বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

সরকারকে বিব্রত করতেই চালের দাম বাড়ানো হয়েছে : ভোক্তার ডিজি

সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতেই অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, যারা চালের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে ঝালকাঠির বড় বাজার ও কাঠপট্টি এলাকায় কয়েকটি চাল এবং ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দোকান মনিটরিং শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। তার সঙ্গে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফিকুজ্জামান বলেন, হঠাৎ ডিসেম্বরের পরে চালে দাম বেড়ে গেছে। এটি উত্তরাঞ্চলের মিলগুলো থেকে করা হয়েছে। মিল মালিকরা বলতে চাইছেন ধানের দাম বেড়ে যাওয়ায় তারা এটি করেছে। তবে ধানের দাম বাড়লেও সেই ধানের চাল বাজারে আসার কথা বৈশাখ মাসে। কিন্তু একটি অসাধু চক্র এর আগেই দাম বাড়িয়েছে। এখন বাজারে যে চাল পাওয়া যাচ্ছে তা তিন মাস আগের চাল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ডিজি বলেন, রোজায় সাধারণত কয়েকটি পণ্যের দাম বেড়ে যায়। এজন্য চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। এসব পণ্য যাতে কেউ মজুত করতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সেজন্য অভিযানের ধরন পরিবর্তন করা হয়েছে। আমরা খুচরা বাজার থেকে তথ্য নিয়ে মূল জায়গায় ব্যবস্থা নিতে চাই।

অভিযান শেষে জেলার চেম্বার অফ কমার্সের সভাকক্ষে চাল, ভোজ্যতেল ও প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধি ও অংশীজনের সংঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসন, ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ভোক্তার ডিজি সফিকুজ্জামান।