শনিবার, অক্টোবর ১০, ২০২৬

জাহিদ হাসানের সবশেষ শারীরিক অবস্থা জানালেন অভিনেত্রী মৌ

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সোমবার (২৯ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে চ্যানেল 24 অনলাইনকে এ তথ্য জানান অভিনেত্রী।
সাদিয়া ইসলাম মৌ বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। এছাড়া সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।
এর আগে জানা যায়, চলতি সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাহিদ হাসান। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তার অসুস্থতা। অ্যাজমার সমস্যা হঠাৎ প্রকট হওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তখন আরও জানা যায়, শীতের জন্য অনেকটাই বিপাকে পড়েছিলেন এ অভিনেতা। ফলে অ্যাজমার সমস্যা বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয়। তারপর হাসপাতালে নেয়া হয়।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে এখনো নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত থাকেন। গত কয়েক বছর ধরে ঈদ কেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকে তার নাটক।

মিয়ানমারে গুলিতে জান্তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্রিগেডিয়ার জেনারেলসহ নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে কারেন রাজ্যের থিনগান নাইনাং শহরে এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটির কারেন রাজ্যের থিনগান নাইনাং শহরে জান্তা বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। এতে হেলিকপ্টারে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং’সহ পাঁচ সেনাসদস্য নিহত হন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র।
তিনি আরও বলেন, ‘হেলিকপ্টারে থাকা দুজন সার্ভিসম্যান বেঁচে গেছেন।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
স্থানীয় গণমাধ্যমের দাবি, কারেন ন্যাশনাল ইউনিয়ন ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্স এ হামলা চালিয়েছে।

মিয়ানমার জুড়ে ছড়িয়েছে ক্ষমতাসীন সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহীদের লড়াই। এতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তুলনায় বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ছে জান্তা বাহিনী। একের পর এক এলাকা ও সেনাঘাঁটি হারানোর সঙ্গে প্রাণ হারাচ্ছেন সামরিক সদস্যরা। এতে প্রতিনিয়ত কোনঠাসা হয়ে পড়ছেন তারা।
গত এক সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীর কাছে একটি শহর ও বেশ কয়েকটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। এছাড়া প্রাণ হারিয়েছে প্রায় একশ জান্তা সদস্য। সোমবার এসব তথ্য জানায় সংবাদমাধ্যম ইরাবতি। বিদ্রোহীদের দখল করা এসব সেনাঘাঁটির মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে থাকা মিয়ানমার সেনাদের ৩৮০ পদাতিক ব্যাটেলিয়নের সদর দফতরও।

ইসরায়েলের নতুন চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান হামাসের

ইসরায়েলি জিম্মিদের মুক্তির নতুন প্রস্তাব নাকচ করেছে হামাস। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসরায়েলের দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। সংঘাত বন্ধে এবং গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারে কার্যকর নয়, এমন কোনো চুক্তি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে হামাস।
দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামাস জানিয়েছে যেকোনো বিনিময় চুক্তি প্রস্তাবের আগে অবশ্যই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে হামাসের কাসাম বিগ্রেডের এক উচ্চ পদস্থ কর্মকর্তা তাহের আল-নুন জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধ বন্ধে প্রস্তুত তবে সেটা সম্পূর্ণ যুদ্ধবিরতি হতে হবে, সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে এটা সম্ভব নয়।
সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দেয়, এতে তারা স্পষ্ট করে জানায় যে কোনো ধরনের বিরতির শর্ত হলো- ইসরায়েলকে তার সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা হবে।

এছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নোনুউ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা প্রথমে যা নিয়ে কথা বলছি সেটি হলো, একটি পূর্ণ এবং বিস্তৃর্ণ যুদ্ধবিরতি। কোনো অস্থায়ী সাময়িক যুদ্ধবিরতি নয়। যখন হামলা বন্ধ হবে; জিম্মি মুক্তিসহ অন্য সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, নতুন জিম্মি চুক্তির প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি হামাস এ বিবৃতি দিয়েছে কি না সেটি স্পষ্ট নয়। তবে এটি সত্যি যে, নতুন এ চুক্তির প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়নি। আবার এটি পুরোপুরি বাদও দেওয়া হয়নি।

নেইমারের আল হিলালের কাছে মেসির মিয়ামির হার

রিয়াদ সিজন কাপে রাতে নেইমারের আল হিলালের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। প্রথমবারের মতো এই দুই ক্লাব একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তবে চোটের কারণে পুরো মৌসুম দলের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। নেইমার থাকলে বার্সেলোনার সেই ‘ত্রিরত্ন’কে অন্তত একসঙ্গে আরেকবার মাঠে দেখা যেত। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনীটা তাই হলো না।
তবে রিয়াদের কিংডম অ্যারেনায় পয়সা উশুল দর্শকের। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে মেসির ইন্টার মিয়ামিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে জয় পায় নেইমারের আল হিলাল।
ঘরের মাঠে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে আধিপত্য বজায় রাখে আল হিলাল। যার ফলও পেয়ে যায় দ্রুত ম্যাচের ১০ মিনিটে দলটিকে এগিয়ে নেন মিত্রোভিচ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আল হামদান। দুই গোলে পিছিয়ে থাকার পর ইন্টার মিয়ামির হয়ে সূচনা করেন লুইস সুয়ারেজ। ৩৪তম মিনিটে মেসি থেকে আসা বল জালে পাঠান সুয়ারেজ।
তবে রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ম্যাচের ৩৯ মিনিটে সমতায় ফেরে মিয়ামি। কিন্তু মেসির গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। এরপর প্রধমার্ধের শেষ দিকে আরও একটি গোল হজম করে মিয়ামি। ৪৪ মিনিটে মেসিদের জালে বল পাঠান মাইকেল। এরপর আর গোলের দেখা না পেলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় উভয় দল।
বিরতি থেকে এসে পিছিয়ে পড়া মিয়ামি মরিয়া হয়ে ওঠে সমতায় ফিরতে। সেই সুযোগও তৈরি হয় দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বক্সে ফাউলের শিকার হন মিয়ামি ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি।
এর দুই মিনিট পর মিয়ামিকে সমতায় ফেরান রুইজ। দারুণ প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের ক্লাবটি ঘুরে দাঁড়ালেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ম্যাচের ৮৭ মিনিটে মিয়ামি কোচ মেসি তুলে নেন, এর এক মিনিট পর ৮৮ মিনিটে আল হিলালকে এগিয়ে নেন ম্যালকম। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৪-৩ গোলের জয়ে মাঠ ছাড়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

সুদান-দক্ষিণ সুদান সীমান্তে সহিংসতায় নিহত ৫২

সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চলে হামলা ও সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে গত সপ্তাহান্তে আবেই অঞ্চলে নারী ও শিশুসহ ৫২ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা সোমবার জানিয়েছেন।
সুদান এবং দক্ষিণ সুদান উভয়ই তাদের যৌথ সীমান্ত বরাবর তেল সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে।

আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানিয়েছেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা প্রতিবেশী আবেইতে হামলা চালায়। সীমানা নিয়ে বিরোধে ২০২১ সাল থেকে এই ধরনের হামলা চলছে এবং সর্বশেষ এই হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। হামলায় নিহতদের পাশাপাশি আরও ৬৪ জন আহত হয়েছেন।
এছাড়া দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষীও নিহত হয়েছেন। নিহত ওই শান্তিরক্ষী ঘানার সেনা সদস্য। ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউএনআইএসএফএ) এর বিবৃতি অনুসারে, গত শনিবার আবেই এলাকার তিনটি স্থানে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর ফলে বহু মানুষ হতাহত হয় এবং সহিংসতায় আটকে পড়াদের নিরাপত্তা দিতে বেসামরিক লোকদের ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএ-এর একটি ঘাঁটিও আক্রমণের শিকার হয়। আক্রমণটি প্রতিহত করা হলেও ‘দুঃখজনকভাবে ঘানার একজন শান্তিরক্ষী ঘটনার সময় নিহত হয়’ বলে বিবৃতিতে বলা হয়েছে।
তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেছেন, ‘বর্তমান ভয়ানক নিরাপত্তা পরিস্থিতির কারণে ব্যাপক ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে এবং আমরা কারফিউ জারি করেছি।’

দক্ষিণ সুদানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেশ সাধারণ ঘটনা। তবে শনিবারের এই সংঘর্ষে কোন উপজাতি জড়িত ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া তেল সম্পদে সমৃদ্ধ আবেই অঞ্চলে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। সেখানে ডিনকা জাতিগোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রশাসনিক সীমানার অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে বিরোধে লিপ্ত।
কোচ বলেন, ওয়ারাপের ডিনকা যুবক এবং নুয়ের জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনী আবেইতে ডিনকাস এবং নুয়েরদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। হামলা-সহিংসতার পর এখন শত শত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএ-এর ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার মারাত্মক এই ঘটনাটি খতিয়ে দেখতে আবেই প্রশাসনের সাথে যৌথ তদন্ত সমন্বয় করবে।
আল জাজিরা বলছে, ডিনকাস এবং নুয়েরদের মধ্যে লড়াই শুরু হওয়ার কারণে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আফিদা

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের অধিনায়ক হয়েছেন সাতক্ষীরার তারকা আফিদা খন্দকার প্রান্তি। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আনন্দের জোয়ার বইছে সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনে।
সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ সম্মেলনে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। দলের অধিনায়ক করা হয়েছে আফিদাকে।
সাতক্ষীরার সুলতানপুর গ্রামের বাসিন্দা আফিদা, খন্দকার আরিফ হাসান প্রিন্স এর ছোট কন্যা। তার বাবা একজন ক্রীড়া সংগঠক। প্রান্তি ছোটবেলা থেকেই পিতার কাছে ফুটবল অনুশীলন করতেন এবং সাতক্ষীরা জেলা দলের হয়ে বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত অংশগ্রহণ করেছে। ২০১৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নারী ফুটবল চালু করার পর পঞ্চম শ্রেণিতে ফুটবল বিভাগে ভর্তি হন আফিদা।
জাতীয় দলের নিয়মিত সদস্য আফিদা বেড় ওঠা বয়সভিত্তিক দল থেকে। শুরুটা হয় ২০১৯ সালে দেশের হয়ে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন আফিদা। ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাট্রিক করেন আফিদা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ফিলিস্তিনকে ২-১ গোলে হারালো কাতার

এএফসি এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করে ফিলিস্তিন। শেষ ষোলোতেও লড়াই করেছিল তারা। তবে কাতারের মতো শক্তিশালী দলের সাথে পেরে উঠতে পারেনি। লড়াই করে হেরে আসর থেকে বিদায় নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।
এশিয়ান কাপের শেষ ষোলোতে আল বাইত স্টেডিয়ামে ফিলিস্তিনকে ২-১ ব্যবধানে হারায় কাতার। শুরুতেই ফিলিস্তিনকে ওদেই দাববাঘ এগিয়ে নেওয়ার পর কাতারকে সমতায় ফেরান হাসসান আল হায়দোস। বিরতির পর আকরাম আফিফ জয়সূচক গোলটি করেন।
ফিলিস্তিতে ইসরায়েলের হত্যাযজ্ঞের কারণে শুরুতেই এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় ম্যাচ। স্টেডিয়ামজুড়ে মানুষের সমর্থন পেয়ে ফিলিস্তিন নিজেদের সেরাটা দিয়েই খেলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করার পর দলটি সাফল্য পায় ৩৭তম মিনিটে। কাতারের ডিফেন্ডারের ভুলে বক্সের কাছে বল পেয়ে বসেন দাববাঘ। বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ফিলিস্তিনি এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে কাতারকে সমতায় ফেরান হায়দোস। আফিফের নেওয়া কর্নার থেকে গোলটি করেন তিনি। বিরতির পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ফিলিস্তিনের বক্সে কাতারের ফুটবলার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে কাতারকে এগিয়ে নেন আফিফ। বাকি সময় দুই দলই সমানতালে লড়াই চালায়। যদিও আর কোনো গোল হয়নি।

শাহরুখের সঙ্গে আর সিনেমা বানাবেন না রোহিত শেট্টি

‘গোলমাল’ এবং ‘সিংহম’-এর মতো জনপ্রিয় ফিল্ম সিরিজের পর সম্প্রতি ওটিটির পর্দায় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নামে ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছেন বলি পরিচালক রোহিত শেট্টি। হিন্দি ফিল্মজগতের সকল তারকার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ভাল হলেও কানাঘুষা শোনা যায় যে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে নাকি সম্পর্ক ভাল নয় রোহিতের।
২০১৩ সালে রোহিতের পরিচালনায় ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। রোহিতের সঙ্গে এই প্রথম কাজ করেছিলেন তিনি।
শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এক পুরনো সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন, ‘‘‘চেন্নাই এক্সপ্রেস’ যতটা শাহরুখের ছবি, তার চেয়েও বেশি তা দীপিকার ছবি। ’’ ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির পর তা বিশ্ব জুড়ে বক্স অফিসে ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে।

‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের দু’বছরের মধ্যেই শাহরুখের সঙ্গে আবার জুটি বাঁধেন রোহিত। রোহিত পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।
শাহরুখের পাশাপাশি ‘দিলওয়ালে’ ছবির মূল চমক ছিল শাহরুখ-কাজল জুটি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই নেম ইজ় খান’-এর পর আবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং কাজল।
‘বাজ়িগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘মাই নেম ইজ খান’— যে ছবিতেই শাহরুখ এবং কাজল জুটি বেঁধে অভিনয় করেছিলেন প্রতিটিই বক্স অফিসে ভাল ব্যবসা করে।
বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, পাঁচ বছর পর আবার শাহরুখ এবং কাজল একসঙ্গে বড় পর্দায় ফিরছেন, ফলে ছবি হিট করবেই, সেই আশা করেছিলেন রোহিত। শাহরুখ-কাজলের পাশাপাশি বরুণ ধওয়ান এবং কৃতি শ্যাননকেও এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।
শাহরুখ-কাজলের উপস্থিতি, রোম্যান্স এবং অ্যাকশনের স্বাদ থাকলেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয় ‘দিলওয়ালে’। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, ‘দিলওয়ালে’র ব্যর্থতার পর শাহরুখের সঙ্গে সম্পর্কে চিড় ধরে রোহিতের।

‘দিলওয়ালে’র পর আর কোনও ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি রোহিতকে। বলিপাড়ার একাংশের অনুমান, ‘দিলওয়ালে’ ছবির পর দুই তারকার মধ্যে কোনও বিষয় নিয়ে অশান্তি হয়। সে কারণেই শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি রোহিতকে।
বলিপাড়ার একাংশের দাবি, ‘দিলওয়ালে’ ছবিটি বক্স অফিসে সফল হয়নি বলেই রোহিত এবং শাহরুখের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে দুই তারকার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় আলোচনা-সমালোচনা চললেও কখনও এই প্রসঙ্গে মন্তব্য করেননি কেউই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে সম্পর্ক নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে পরিচালক অবশেষে মুখ খোলেন। শাহরুখের সঙ্গে তিনি কেন কাজ করছেন না, অভিনেতার সঙ্গে তাঁর কোনও ঝামেলা চলছে কি না তা নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে।
রোহিত অবশ্য পরে দাবি করেন, শাহরুখের সঙ্গে তাঁর কোনও বিষয় নিয়েই মনোমালিন্য হয়নি। বরং শাহরুখকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য নতুন চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন বলে জানান পরিচালক।
রোহিত বলেন, ‘‘শাহরুখের সঙ্গে কাজ করতে না চাওয়ার কোনও কারণ নেই। আমি একটি ভাল চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি। ’’ তবে সেখানেও নিজের একটি শর্ত রেখেছেন পরিচালক।
সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘‘আমি চাই এর পর শাহরুখের সঙ্গে যে ছবিতে কাজ করব তা যেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর চেয়েও ব়ড় হয়। ’’ তা হলে কি পরিচালক ইঙ্গিত দিলেন বড় মাপের ছবি ছাড়া শাহরুখকে অভিনয়ের প্রস্তাব দেবেন না তিনি?
রোহিত বলেন, ‘‘ভাল চিত্রনাট্য পেলে যদি শাহরুখ এবং আমার দু’জনেরই আগ্রহ জাগে তা হলে অবশ্যই একসঙ্গে কাজ করব। কিন্তু ছবিটি অনেক বড় মাপের হতে হবে। ’’

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২১৫, মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (২৯ জানুয়ারি) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২১৫ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩০০ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৩৭ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আও ৬৫ হাজার ৩৮৭ জন।
সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হোন। এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন ‘কিংবদন্তি’ জাভি : লাপোর্তা

মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এ কারণেই জাভিকে দায়িত্ব ছাড়ার অনুমতি দিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা।
শনিবার ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হবার পর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে। ওই ম্যাচের পরেই জুনে বার্সা ছাড়ার ঘোষণা দেন জাভি।
বার্সেলোনার মিডিয়া চ্যানেলে লাপোর্তা বলেছেন, ‘জাভি মৌসুমের শেষে বার্সা ছাড়ার কথা আমাকে বলেছেন। তিনি তার দায়িত্ব শেষ করতে চান। তার সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিয়েছি, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সে ক্লাবের একজন কিংবদন্তি, একজন সৎ ব্যক্তি, যাকে বার্সেলোনা সব সময়ই ভালবাসে। জাভি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছে মৌসুমের শেষ পর্যন্ত নিজের শতভাগ দিয়ে সে চেষ্টা করবে।’
অথচ গত মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের পর ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন জাভি। কিন্তু এবার বার্সেলোনার পারফরমেন্সে সেই ঝলক আর দেখা যায়নি। জানুয়ারির শুরুতে স্প্যানিশ সুপার কাপে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

এ সপ্তাহে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। লাপোর্তা বলেন, ‘লা লিগা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। কিন্তু এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। সম্ভাভ্য সেরাটা দিয়ে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। একইসাথে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্যও আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির মুখোমখি হবে বার্সেলানা। ফেব্রুয়ারি থেকে নক আউট পর্ব শুরু হচ্ছে।
১৯৯৮-২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনার মিডফিল্ডে একাই আধিপত্য দেখিয়েছেন জাভি। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোম্যানের বিদায়ের পর তিনি কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।