শনিবার, অক্টোবর ১০, ২০২৬

ক্ষুব্ধ নির্মাতারা, ‘কাল্কি’র জন্য কটাক্ষ শুনলেন প্রভাস

২০২৩ সালে বিনোদুনিয়ায় বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়ে ফ্লপস্টার হয়েও ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। ‘আদিপুরুষ’-এ ডুবেছিলেন। আর তার মাসখানেকেই ‘সালার’-এর হাত ধরে দাপুটে উত্থান হয় দক্ষিণী সুপারস্টারের। তেইশের শাপমোচন তেইশে ঘটেছে। শাহরুখ খান, রণবীর কাপুর সবাইকে টেক্কা দিয়ে ‘সেরা সুপারস্টার’ হয়েছেন প্রভাস। কিন্তু সুপারহিট ‘সালার’ দিয়েও ‘কাল্কি’র জন্য কটাক্ষ শুনলেন প্রভাস।

‘কাল্কি ২৮৯৮ এডি’তে প্রভাসের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দিশা পাটানির মতো ঝাঁ চকচকে স্টার কাস্ট রয়েছে। মহাভারতের আঁধারে তৈরি এই ছবির পয়লা ঝলক প্রকাশ্যে এনেই ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন পরিচালক নাগ অশ্বীন। কালচক্রের জেরে বিশ্ব-ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎকে কল্প বিজ্ঞানের মিশেলে তুলে ধরার প্রচেষ্টা করেছেন পরিচালক। তবে ‘কাল্কি ২৮৯৮ এডি’র একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাকশন সিকোয়েন্স।

স্বাভাবিকভাবেই এই বিগ বাজেট দক্ষিণী সিনেমার প্রতি দর্শকদের একটা আলাদা কৌতূহল রয়েছে। মুখ্য চরিত্রে প্রভাস কেমন মারপিটের মারপ্যাঁচ দেখাবেন, সেটার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কিন্তু এবার শোনা গেল, প্রভাস নাকি প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সে বডি ডাবল ব্যবহার করেছেন। আর সেই জন্যই নির্মাতারা তাঁর উপর ভয়ঙ্কর চটে রয়েছেন। সূত্রের খবর, প্রভাসের এহেন কাজে নাকি খুব হতাশ নির্মাতারা। এত কোটি কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পরও বেশিরভাগ অ্যাকশন সিকোয়েন্সে বডি ডাবল ব্যবহার করায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। কানাঘুষো খবর, নির্মাতাদের তরফে নাকি এও জানানো হয়েছে যে, ‘কাল্কি ২৮৯৮ এডি’র বক্স অফিস ভবিষ্যৎ নিয়ে প্রভাস এতটাই আত্মবিশ্বাসী যে, প্রযোজকদের কোনও কথাই কানে তুলতে চাননি।

দিন কয়েক আগেই খবর পাওয়া গিয়েছে যে, প্রভাস নাকি হাঁটুর সমস্যায় মারাত্মক ভুগছেন। এছাড়াও শারীরিক বেশ কিছু সমস্যা রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শে মাসখানের বিশ্রাম নেবেন তিনি। সেই সমস্যার জন্যই কি ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির অ্যাকশন সিকোয়েন্সে বডি ডাবল ব্যবহার করেছেন তিনি? এমনটাই মনে করছেন ওয়াকিবহালমহল একাংশ।

পুনমের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ চান একতা কাপুর

চেয়েছিলেন সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে। কিন্তু হয়ে গেল উলট পুরাণ! নিজের মৃত্যু নিয়ে তো বটেই, এমনকী মারণ রোগকে নিয়েও এমন ঠাট্টা-তামাশা সহ্য হল না নেটপাড়ার। অতঃপর পুনম পাণ্ডের (Poonam Pandey) উপর গিয়ে পড়ল সমস্ত রোষ। সশরীরে ভিডিও পোস্ট করতেই নেটপাড়া রে-রে করে উঠল। পুনম পাণ্ডে ক্ষমা চাইলেও চিঁড়ে ভিজল না! খোদ একতা কাপুর সেই কমেন্ট বক্সে নিজের ক্ষোভ উগড়ে দিলেন।

‘হটারফ্লাই’ নামে এক সংস্থার জন্যই জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতা বার্তার নামে শুক্রবার এক পাবলিসিটি স্টান্ট করেন পুনম পাণ্ডে। ফেব্রুয়ারি যেহেতু সার্ভাইক্যাল ক্যানসারের সচেতনার মাস, সেই প্রেক্ষিতেই এমন কুরুচিকর কীর্তি মডেল অভিনেত্রীর। জড়ায়ুর ক্যানসার, দিন দিন বেড়ে চলা এই মারণ রোগকে নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া। এমনকী, এবারের বাজেট ঘোষণাতেও কেন্দ্র জড়ায়ু ক্যানসারের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারমণ। এমন এক রোগকে নিয়ে, প্রচারের নামে পুনম যেভাবে ছেলেখেলা করলেন, তাতেই ক্ষিপ্ত নেটপাড়া।

ভিডিও বার্তার পরই ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছেন পুনম পাণ্ডে। লিখেছেন, “আমার প্রচুর বন্ধু, আমার কাছের মানুষ, যাঁরা আমাকে ভালোবাসেন, আমার মনে হয় আমি এরকম অনেক মানুষকে আঘাত করেছি। ভয়ানক অনুভূতি হচ্ছে। অনেক ফোন পাচ্ছি চারদিক থেকে। তবে এটা টাকাপয়সার জন্য করিনি, করেছি একটা সৎ উদ্দেশে। সার্ভাইক্যাল ক্যানসারের সচেতনতার বার্তা দিতে। কেউ এই ক্যামপেইনটা করতে রাজি হয়নি। গতকাল থেকে জরায়ুর ক্যানসার নিয়ে এত আলোচনা দেখে ভালো লাগছে। সাইসা, শার্দুল আমার অনেক ভালো বন্ধুরা আমার উপ রেগে গিয়েছে। তবে আমি বার্তাটা ঠিকঠাক দিতে পেরেছি…।” এরপরই অভিনেত্রীর সংযোজন, “কেউ জানত না। আমার পিআর টিমেরও কারও জানা ছিল না যে আমি কোথায়। আমি খুব দুঃখিত পারুল, সাইসা, শার্দুল যে তোমাদের সকলকে এত আঘাত করেছি।”

পুনম পাণ্ডের মুখে এমন কথা শুনে আরও চটে গেলেন একতা কাপুর। সোজাসুজি বললেন, “এটা সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।” খেপে গেলেন আরেক অভিনেত্রী শ্রীজিতা দে-ও। বললেন, “তোমার লজ্জা হওয়া উচিত পুনম পাণ্ডে।”

‘ফাইটার’ ডুবতেই বিস্ফোরক পরিচালক সিদ্ধার্থ

দেশপ্রেম, অ্যাকশন, হৃতিক-দীপিকা ম্যাজিক! এতকিছু থাকা সত্ত্বেও বলিউড বক্স অফিসে কামাল দেখাতে পারল না ‘ফাইটার’। আর ছবির ভরাডুবি দেখে রীতিমতো ভেঙে পড়েছেন বলিউডের ‘সুপারহিট’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্প্রতি এক সাক্ষাৎকারে হতাশার কথা প্রকাশ্যে বলেছেন সিদ্ধার্থ।

‘ফাইটার’ ছবির দুর্বল ব্যবসা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিদ্ধার্থ আনন্দ বলেন, ”আসলে এই ধরনের ছবি দেখার অভ্য়াস নেই ভারতীয় দর্শকদের। সেই কারণেই ছবিটা ব্যবসা করছে না। আর সবথেকে বড় ব্যাপার, এদেশের ৯০ শতাংশ মানুষের প্লেন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অনেকে তো প্লেন চড়েননি। তাই বিমান নিয়ে ছবি তাঁরা বুঝতে পারেনি।”

এর আগে সংবাদমাধ্যমে পরিচালক বলেছিলেন, ”এরকম ব্যবসা করবে ছবিটা বুঝতে পারিনি। হয়তো কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। এই ছবির মধ্যে বিনোদনের সবকিছু ছিল, তবুও দর্শকদের পছন্দ হল না।”

প্রসঙ্গত, পুলওয়ামা, বালাকোট কাহিনি থেকে মুখ ফেরালেন খোদ ভারতীয় দর্শকরাই! দেশপ্রেম দেখিয়েই বক্স অফিসে কিস্তিমাত করতে চেয়েছিলেন সিদ্ধার্থ আনন্দ। ঠিক যেমনটা ২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসে ‘পাঠান’-এর দৌলতে করতে পেরেছিলেন। তবে এবার হিসেবটা একটু নড়চড় হয়ে গেল! সেই একই দেশপ্রেমের গাঁথা আদ্যোপান্ত মশালা মোড়কে দেখালেন ঠিকই, কিন্তু ভারতীয় দর্শকরা এবার আর সেই ম্যাজিকে ভুললেন না! সিদ্ধার্থ, শাহরুখ খানের ‘পাঠান’ ৩ দিনে যেখানে ৩০০ কোটির গণ্ডী ছাড়িয়েছিল, সেখানে হৃতিক-দীপিকার মতো বলিউডের দুই গ্ল্যামারাস দুঁদে তারকাও ‘ফাইটার’-এর উড়ান সেরকম সফল করতে পারলেন না। ভারতীয় বক্স অফিসেই ফিকে পুলওয়ামা, বালাকোটের আঁধারে তৈরি সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ম্যাজিক।

তুমব্রু সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ : আইজিপি

বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘বিজিবির আর আমরা একসঙ্গে কাজ করছি। বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে, আইনানুগভাবে আমরা সেই সহযোগিতা দেব।’

চট্টগ্রামে সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘আমাদের কেউ অপরাধের করলেও তাকে আমরা ছাড় দিচ্ছি না। এমনকি চুরি হওয়া স্বর্ণের ৭০ ভাগ আমরা উদ্ধার করেছি। পুলিশের শক্তি, আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে। তবুও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বন্দর আছে। সেজন্য বন্দর থানার পাশাপাশি বন্দর ডিভিশন আছে। শুধু বন্দরের নিরাপত্তা করবে তা না, বন্দর এলাকার নিরাপত্তার জন্য সিএমপির সাথে এই ইউনিটের (নৌ পুলিশ) সমন্বয় থাকা দরকার। আমি মনে করি, নদীর নিরাপত্তার জন্য এই নৌ-তদন্ত কেন্দ্র ও নৌ পুলিশ ফলপ্রসূভাবে কাজ করবে।

পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে আইজিপি বলেন, এমন ঘটনা সংঘটিত হলে একজন ম্যাজিস্ট্রেটের সামনে লাশের সুরতহাল করা হয়ে থাকে। ডাক্তারের মতামত, পোস্ট মর্টেম ও তদন্তের ভিত্তিতে যে তথ্য উঠে আসে সেটি নিয়ে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সামনেও এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে তুমুল লড়াই চলছে। তাদের ছোড়া গুলির সিসা ও রকেট লঞ্চার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে উড়ে এসে পড়ছে। এতে ঘুমধুম-তুমব্রু এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন পার করছেন তারা।

মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে একজন গুলিবিদ্ধ হওয়া পর আতঙ্কে সীমান্ত ঘেঁষা এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অপর দিকে বিদ্রোহীদের তীব্র আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে। সকালে তারা বান্দরবানের তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয়।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২০৬ পিস ইয়াবা, ১২৯.৪ গ্রাম হেরোইন ও ১৪ কেজি ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

সোনার বাংলা গড়ে তুলতে হলে, সোনার মানুষ তৈরী করতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘সচেতনতা বাড়ানোর জন্য আমরা ডিজিটাল সেন্টার তৈরির জন্য কাজ করছি, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরি করতে পারি। আমরা প্রযুক্তিগত ব্যবহারের সক্ষমতা তৈরি করতে চাই, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের যে অপব্যবহার ও অপরাধ হচ্ছে তা প্রতিরোধ করতে পারি। ’

আইসিটি প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সোনার বাংলা গড়ে তুলতে হলে, সোনার মানুষ তৈরী করতে হবে। আপনারা ভোট দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। তাকে নিয়ে আমরা তরুনরা গর্ব করি। আপনারা আগামী ৫ বছর সুমনকে সহযোগিতা করবেন। তার মাধ্যমে এলাকার অনেক কাজ হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তারুন্যের সমাবেশে হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ২৬৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন এমপি আবু জাহির, ব্যারিস্টার সুমন ও ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাংবাদিক ফারাবী হাফিজ, সোলায়মান সুখন, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির।

আমি আবার আমার ক্লাস রুমে ফিরে যেতে চাই : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে সে সকল দায়িত্ব মিলিয়ে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করছি সপ্তাহে একদিনের জন্য হলেও আমি আমার ক্লাস রুমে ফিরে যেতে চাই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি আমার ক্লাস রুমে ফিরে যেতে চাই। একটি বিষয়ে হলেও লেকচার নিতে চাই এটা আমার আশা দেখা যাক সামনে কি হয়। তিতুমীর কলেজে ক্রীড়া ও সংস্কৃতির যে মিল গঠলো আশা করি সামনে আরোও এগিয়ে যাবে। আমাদের নিজেদের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আমাদের একার দ্বারা সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমরা যে যতটুকু পারি ততটুকুই করবো।

এছাড়া তিনি আরোও বলেন, শেখ জামাল ছাত্রাবাস থেকে মাস্টার্স ভবন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত নতুন সুয়ারেজ লাইন নির্মাণ করার কথা বলেছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর কাজী ফয়জুল রহমান। ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইতিহাস বিভাগের প্রফেসর মান্জ্ঞুমা হক। আরোও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত হয়।

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৫১

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চিলির মধ্যাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল আশপাশের শহুরে এলাকায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে ভয়াবহ দাবানলে হাজার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা শহুরে এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে লড়াই করছেন। দাবানলের কারণে মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য সংগ্রাম করছে।

দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জাতির উদ্দেশে বলেছেন, ‘পরিস্থিতি সত্যিই খুব কঠিন।’

গ্রীষ্মের মাসগুলোতে চিলিতে দাবানল অস্বাভাবিক নয়। গত বছর রেকর্ড তাপপ্রবাহের কারণে প্রায় ২৭ জন মারা গিয়েছিল এবং ৪ লাখ হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ দাবানলের এলাকা গত বছরের তুলনায় অনেক ছোট, (কিন্তু) এই সময়ে ক্ষতিগ্রস্ত হেক্টর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’

শুক্রবার ও শনিবারের মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩০ হাজার থেকে বেড়ে ৪৩ হাজার হেক্টরে পৌঁছেছে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কর্তৃপক্ষের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কিছু সক্রিয় দাবানল শহরাঞ্চলের খুব কাছাকাছি ছড়িয়ে পড়ছে। এর ফলে মানুষ, বাড়িঘর ও পরিষেবাগুলো প্রভাবিত হওয়ার খুব উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়েছে।

আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতেরে মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের শুরা সদস্য মাওলানা মো. জোবায়ের হাসান। আরবি, উর্দু ও বাংলা মিলিয়ে তিনি ২২ মিনিটে মোনাজাত শেষ করেন। এতে অংশ নেনে লাখ লাখ মুসল্লি।

এর আগে শেষ দিনে ফজরের পর থেকেই বয়ান আর জিকিরে মুখর ছিল ইজতেমা ময়দান। এদিন ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

মানুষের আগমনে বন্ধ হয়ে যায় ময়দানের প্রতিটি প্রবেশ পথ, অলিগলি আর তাবুর মাঝের ফাঁকা জায়গা। লাখো মানুষের আল্লাহু আকবার ধ্বনি, গুঞ্জন আর কোলাহলে চুরমার হয়ে যায় নিরবতা। শীতের সকালেও তুরাগতীরে উষ্ণতা ছড়ায় লক্ষাধিক মুসল্লিদের এই জমায়েত। সবারই এক উদ্দেশ্য- আল্লাহর সন্তুষ্টি লাভ।

ভিড়ের মাঝে সাথের মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। রোববার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় সাত হাজার পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিরা যাতে খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারেন সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।

প্রসঙ্গত, ইজতেমায় যোগ দিতে তিন দিন আগ থেকেই টঙ্গীতে আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে ইজতেমা আয়োজকেরা। যদিও সেদিন রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি এ পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ওই পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

১০ জনের দল নিয়েও বার্সার সহজ জয়

ভিতর রকি রাতটা মনে রাখতে চাইবেন, আবার ভুলেও যেতেও চাইবেন। গতকাল আলাভেজের বিপক্ষে আবারও বদলি নেমেই পেয়েছেন গোল। তবে সেই গোলের কিছুক্ষণ পর দেখলেন লাল কার্ডও, যেই কার্ড নিয়ে হচ্ছে বেশ বিতর্ক। রকির এমন অম্ল-মধুর অভিজ্ঞতার ম্যাচে বার্সেলোনা অবশ্য জিতেছে সহজেই। আলাভেজকে হারিয়েছে ৩-১ গোলে।

লা লিগায় আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বার্সার জয়ের নায়ক ছিলেন এই রকি। বদলি হয়ে নেমে ৬৮ সেকেন্ডের মাথায় গোল করে বার্সাকে ৩ পয়েন্ট এনে দেন এই ব্রাজিলিয়ান তরু। গতকাল চোট নিয়ে ইলকায় গুনদোয়ানের বদলি হয়ে তিনি মাঠে নামেন ৫৯ মিনিটে। এরপর ৬৩ মিনিটে করেন গোল। যেই গোলের পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি।

রকির গোলটি ছিল বার্সেলোনার তৃতীয়। এর আগে আলাভেজের মাঠে গোলখাতা খোলেন রবার্ট লেভানডস্কি। ২২তম মিনিটে গুনদোয়ানের দারুণ অ্যাসিস্টে বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার। যা গত ১০ ডিসেম্বরের পর লা লিগায় তার প্রথম গোল। বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে গুনদোয়ানই বার্সাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। যদিও দুই মিনিট পরই সামু ওমোরোদিওনের সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় আলাভেস।

এরপর রকি কাণ্ডে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ ২০ মিনিট একজন কম নিয়ে খেলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বার্সা এখন তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৫, রিয়াল মাদ্রিদের ৫৭।