শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

আজ সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এ সময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রাশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ ছাড়া তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।

পায়রা বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেনসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইইউ দেশগুলো অবৈধ বাংলাদেশি রাখতে চায় না : অর্থমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো কোনো বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে রাখতে চায় না- উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে যারা যাবেন কিংবা বসবাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে, তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে।

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন হোয়াইটলি। তিনি সুনির্দিষ্ট করে কি বলেছেন? কোথায় কোথায় বিনিয়োগ করতে চান?

উত্তরে মন্ত্রী বলেন, ‘নাহ, সুনির্দিষ্ট করে বলেননি। তবে এটার একটা পিলার দিয়েছেন তিনি।’

ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের বিবরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘মঙ্গোলিয়ায় একটা কনফারেন্স হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অনেক অবৈধ অভিবাসী আছেন, তাদের নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তাদের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তাকে আমি বলেছিলাম যে, আমরা এটার সমাধান করতে চাই। আমরা চাই না- আমাদের কোনো লোক ইউরোপীয় ইউনিয়নে বেআইনিভাবে থাকুক।’

অর্থমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে যারা যাবেন, কিংবা বাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বাস করার সুযোগ থাকে- তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে। আর না হলে আমরা এটা নিয়ে আলোচনা করব।’

তিনি বলেন, এতে (অবৈধভাবে থাকলে) তো কোনো মানসম্মান থাকবে না। অভিবাসীরা কাজও করতে পারবে না ঠিকমতো। কাজেই তাদেরকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। বাংলাদেশিরা ইউরোপে অবৈধভাবে বাস করুক, সেটা আমরাও চাই না- তা তারা বুঝে গেছেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা তাদের জন্য কোনো সমস্যাই তৈরি করতে চাই না। তারা একটা কথা বলল যে- ইতালি থেকে বছরে এক বিলিয়ন মার্কিন ডলার এসেছে। এটা তাদের তথ্য। আমি তাতে খুশি হলাম। তারা বলেছেন, ইতালিতে বাংলাদেশিদের অনেক চাহিদা। বাংলাদেশিরা সেখানে খুব ভালোভাবে কাজ করে, এটা ইতালীয়রা দেখেছেন।’

মন্ত্রী আরও বলেন, ইতালি তো খুবই গুরুত্বপূর্ণ। ইতালির মতো দেশে এখন বাংলাদেশীরা যে সুনাম অর্জন করেছে। এটা আমাদের কাজে লাগাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সেজন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নে একটা বড় বাজার আছে। রপ্তানি বাজার, অভিবাসী পাঠানো ও সেখানে বাংলাদেশিদের কাজের সুনাম যেভাবে বেড়েছে। এ সবগুলোই আমাদের পক্ষে যাচ্ছে। কীভাবে এটাকে আরও উন্নত করা যায়, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কীভাবে সম্পর্ক আরও বাড়ানো যায়, সেটা দেখতে হবে।

বিদেশিদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরও ২ বছর বাড়াল কানাডা

বিদেশিদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরও দুই বছর বাড়িয়েছে কানাডা সরকার। রোববার (৪ ফেব্রুয়ারি) কানাডা সরকার এক ঘোষণায় জানিয়েছে, কানাডিয়ানদের নিজ দেশে বাড়ির ক্রয়ের দাম সংক্রান্ত উদ্বেগ দূর করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে কানাডায় আবাসন ক্রয়ক্ষমতার সংকট দেখা দিয়েছে যার জন্য অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিকে দায়ী করছে কানাডা সরকার। কানাডায় জনসংখ্যা বৃদ্ধ অভ্যন্তরীণ উৎপাদনের হার কমিয়ে দিয়েছে, একই সঙ্গে বাড়িয়েছে বাড়ির চাহিদা।

এক বিবৃতিতে কানাডিয়ান ডেপুটি প্রাইমমিনিস্টার ড. ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কানাডিয়ানদের জন্য আবাসন আরও সাশ্রয়ী করার জন্য সমস্ত সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করার অংশ হিসাবে, কানাডিয়ান আবাসনের বিদেশী মালিকানার উপর নিষেধাজ্ঞা আরও দুই বছর বাড়িয়ে ১ জানুয়ারি ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই সময় সীমা ১ জানুয়ারি ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল।

কানাডিয়ান সরকার বলেছে, বিদেশি মালিকানা কানাডিয়ানদের বাড়ির ক্রয়ের দাম সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে। গত মাসে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমতির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ঘোষণায় জানানো হয়েছে, আগামী দুই বছর এই নিষেধাজ্ঞা চলবে এবং স্নাতক শেষ করার পরেও কিছু শিক্ষার্থী ব্যতীত বাকিরা কাজের অনুমতি পাবেন না, কারণ এটি আবাসন সংকটকে আরও বাড়িয়ে তুলছে।
খবর এনডিটিভি

চিলিতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২

চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের ঘটনায় হাসপাতালের চিকিৎসক ১১২ জনের মৃতদেহ গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৩২ জনের লাশ শনাক্ত করা গেছে।

তিনি আরও বলেন, চিলির ৪০টি স্থানে এখনো দাবানল সক্রিয় রয়েছে।
খবর এএফপি

মিয়ানমারে ৬২ সেনাকে হত্যা, আরও ঘাঁটি দখলে নিল বিদ্রোহীরা

মিয়ানমারজুড়ে চলমান সংঘাতে গত তিন দিনে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠীগুলোর কাছে কয়েকটি সেনা ঘাঁটি এবং ৬২ জন সেনা হারিয়েছে জান্তা।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজ।

দখল হওয়া ঘাঁটিগুলো মিয়ানমারের সাগাইং, ম্যাগউই, মান্দালয় জেলা এবং কাচীন ও কারেন প্রদেশ অবস্থিত। কতগুলো ঘাঁটি বিদ্রোহীরা দখলে নিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি। জান্তাবিরোধী ২ সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী পিপল’স ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশন (ইআও) এই সংঘাতে নেতৃত্ব দিচ্ছে।

জান্তার পক্ষ থেকে এখনো এ ইস্যুতে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ইরাবতী জানিয়েছে, পিডিএফ এবং ইআওর গণমাধ্যম শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এই সংবাদমাধ্যমটির।

দুই বিদ্রোহী গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত বছর মিয়ানমারের সাগাইং, ম্যাগউই, মান্দালয় জেলা এবং কাচিন ও কারেন প্রদেশের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছিল পিডিএফ এবং ইআও জোট। সেই এলাকাগুলো ফের দখল করার জন্য জানুয়ারির শেষদিকে অভিযান শুরু করেছিল জান্তা এবং জান্তা সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলো।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাত থেকে কিছু এলাকা পুনর্দখল করতেও সক্ষম হয়েছিল জান্তা এবং জান্তা সমর্থক একাধিক সশস্ত্র গোষ্ঠী। কিন্তু গত তিন দিনে জান্তার পুনর্দখল করা এলাকাগুলো থেকে সেনা সদস্য ও জান্তাপন্থীদের তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিডিএফ ও ইআওর নেতারা।

সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়েছেন মান্দালয় জেলার সান পিয়া এবং কারেন প্রদেশের থান্ডুয়াঙ্গি শহরে। পিডিএফ জানিয়েছে, এ দুই এলাকায় জান্তা-বিদ্রোহী সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০ জন সেনা।

জুভেন্টাসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল ইন্টার

জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে সিরি- এ লিগের শিরোপা জয়ের ক্ষেত্রে নিজেদের আরো এগিয়ে নিয়ে গেছে ইন্টার মিলান। এই জয়ে জুভেন্টাসের থেকে চার পয়েন্ট এগিয়ে গেছে ইন্টার।

সান সিরোতে বিরতির ঠিক আগে ফেডেরিকো গাত্তির আত্মঘাতি গোলে সিমোনে ইনজাগির দলের জয় নিশ্চিত হয়। মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে স্বাগতিক সমর্থকরা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ ছিল। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিল ইন্টার।

ম্যাচের প্রায় বেশিরভাগ সময়ই আধিপত্য দেখিয়েছে ইন্টার। কিন্তু জুভেন্টাসও শেষ পর্যন্ত ম্যাচ ছেড়ে দেয়নি। মার্কোস থুরাম প্রথমার্ধে ফেডেরিকো ডিমারকোর লো ক্রস থেকে ইন্টারকে প্রায় এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তার শটটি ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমার কোনমতে রুখে দেন। জুভেন্টাস প্রথমার্ধে খুব কমই নিজেদের অর্ধ থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু ভøাহোভিচ এর মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। ৩৭ মিনিটে নিকোলো বারেলার ক্রসে বেঞ্জামিন পাভার্ড ও থুরাম উভয়ই বল ধরতে ব্যর্থ হলেও গাত্তির ডিফ্লেকটেড হয়ে বল গোললাইন অতিক্রম করে।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ আগ্রাসী ছিল। ৬৯ মিনিটে বারেলার একটি শট দুর্দান্ত ভাবে রক্ষা করেন ওজিচে সিজিসনি। ম্যাচ শেষের চার মিনিট আগে ডেনজেল ডামফ্রাইসের নিখুঁত লো ক্রস থেকে মার্কো অরনাটোভিচের শট সেভ করে জুভেন্টাসকে পরাজয়ের ব্যবধান বাড়াতে দেননি গোলরক্ষক সিজিসনি।

দিনের আরেক ম্যাচে কাভিচা কাভারাটসখেলিয়ার বিস্ময়কর গোলে ভেরোনার বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। জর্জিয়ান এই তারকার দুর পাল্লার কার্লিং শট ম্যাচ শেষের তিন মিনিট আগে নাপোলিকে জয় উপহার দেয়। ওয়াল্টার মাজ্জারির নাপোলি এই মুহূর্তে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

চার পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থানে থাকা আটালান্টা ৩-১ গোলে হারিয়েছে ল্যাজিওকে।

মিয়ানমারের প্রতি উদারতা দেখানোর সুযোগ নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই। কোনো অবস্থাতেই বাস্তুচ্যুতদের ঢুকতে দেয়া হবে না।

তিনি বলেন, ‘মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানো সম্ভব নয় এবং সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না।’

আজ সোমবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই আমাদের সরকার ও দলের বক্তব্য। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি গ্রাম নিয়ে আমরা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এ ব্যাপারে কথা বলবে। যতই উস্কানি আসুক, আমরা প্রতিক্রিয়া দেব না।’

ওবায়দুল কাদের বলেন, ওই দেশের অভ্যন্তরীণ থেকে ছোড়া মর্টারের শেল পড়ছে আমাদের সীমান্তে। এরই মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আবার আকাশসীমাও লঙ্ঘন করছে; তাদের নিজেদের সমস্যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হব কেন? এতে জাতিসংঘ এবং চীনের উদ্যোগ নেয়া উচিত।

তিনি বলেন, এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তাদের নিজস্ব, তবে তা পাশের দেশের জন্য যাতে আতংকের না হয় এটা তাদেরই দেখতে হবে। এ ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন। চীনের রাষ্ট্রদূতকে বলেছি, যেহেতু মিয়ানমার চীনের কথা শোনে, তাই তাদেরও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সহযোগিতার আহবান জানিয়েছে চীনকে।

যুক্তরাষ্ট্রও বিএনপিকে ছেড়ে চলে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এক সাথে কাজ করার অঙ্গীকার জানানোর পর বিএনপি এখন কি করবে? তাদের এখন কি বলার আছে? ক্ষমতায় বসানোর জন্য কে আসবে? ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতায় আসার সহায়তা কে করবে?

তিনি বলেন, দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন প্রতিহতের চেষ্টায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের চেষ্টায় কোনো সুফল আসেনি। বিশেষ করে ভিসা নীতি বা নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকেনি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বেশি দামে নিত্যপণ্য বিক্রি করলে ব্যবস্থা : র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওরান বাজারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র‌্যাব। এরই মধ্যে র‌্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজদের বিরুদ্ধে চলা অভিযানের কথা উল্লেখ করে কমান্ডার খন্দকার আল মঈন জানান, গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযান চলমান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে র‌্যাব সব সময় মাঠে কাজ করে যাবে।

বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে দেশটি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) ব্রাসেলস সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের বিষয়ে সরকারের অবস্থান জানতে চায় সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। আজ সকালে মিয়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। বিজিপি যেসব সদস্য এখানে এসেছে তাদের ফিরিয়ে নিয়ে যাবে।

বিজিপি সদস্যদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, কোন প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে নিয়ে যাবে, সেটি নিয়ে আমরা আলাপ-আলোচনা করব। তাদের বাই এয়ার (বিমানযোগে) নাকি বাই বোট (নৌকাযোগে) ফিরিয়ে নেওয়া হবে সেটি নিয়ে আমরা আলাপ-আলোচনার মধ্যে আছি। আমাদের একটি পথ খুঁজে বের করতে হবে। এর আগেও ভারতে অনেকে ঢুকে পড়েছিল এবং ভারত থেকে তাদের বিমানযোগে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

তারা যেতে না চাইলে কি হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো অবশ্যই যেতে চাচ্ছে। নাহলে মিয়ানমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়। তারাই যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি। দুই পাশ থেকেই যোগাযোগ হয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি। এখনো অনেকে আসছে বা আসার সম্ভাবনা আছে। আমাদের কাছে রেজিস্টার্ড ৯৫ জন এসেছে। এর মধ্যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আরও এসেছে কি না, জানি না। এর মধ্যে কয়েকজন আহত আছে, তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বিধ্বস্ত চেলসি

সাম্প্রতিক মৌসুমগুলোয় সুবিধা করতে পারছে না চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি অনেকটাই আলোচনার বাইরে চলে গেছে। বর্তমানে লিগ টেবিলের ১০–এর বাইরে থাকাকেই যেন রীতিতে পরিণত করেছে চেলসি। পয়েন্ট টেবিলে তাদের পরের অবস্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে লিড নিলেও তারা শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরেছে। উলভারের হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনহা।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজেও গতকাল (রোববার) রাতে ভুলে যাওয়ার মতো ম্যাচ খেলেছে চেলসি। যদিও গোলের শুরুটা তারাই করেছিল। ২০তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু দুই মিনিট পর জোয়াও গোমেসের পাসে কুনহার শটে সেই লিড ভেঙে যায়। প্রথমে স্বাগতিক ডিফেন্ডার থিয়াগো সিলভার গায়ে লেগে জর্জে পেত্রোভিচকে পরাস্ত করে জালে জড়ায় বল।

বিরতিতে যাওয়ার আগমুহূর্তেই সফরকারীরা এগিয়ে যায়। এবারও রায়ান আইত-নৌরির ডিফ্লেক্টেড শট অ্যাক্সেল দিসাসির গায়ে লেগে পেত্রোভিচকে দিকভ্রষ্ট করে জাল কাঁপায়। ২-১ লিড নিয়ে বিরতিতে যায় উলভার।

দ্বিতীয়ার্ধে নেমে তারা আরও আগ্রাসী খেলে। এরপর ৬৩ মিনিটে কুনহা নিজের দ্বিতীয় গোল করে চেলসিকে আরও ব্যাকফুটে ফেলে দেন। পরে ৮২ মিনিটে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদও পান এই ব্রাজিলিয়ান। পেনাল্টি থেকে আসে তার শেষ গোলটি। ফলে চেলসির সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১-এ।

ততক্ষণে হার প্রায় নিশ্চিতই হয়ে যায় চেলসির। তবে ব্যবধান কমাতে ভূমিকা রাখেন ব্রাজিল ডিফেন্ডার সিলভা। ৮৬ মিনিটে চেলসির অভিজ্ঞ ফুটবলার স্কোরলাইন করেন ৪-২ এ। যা নিয়ে তাদের মাথা নিচু করে তাদের ইতি টানতে হয়।

এ নিয়ে ২৩ ম্যাচে দশম হার দেখল চেলসি। সর্বশেষ দুই ম্যাচে হারা দলটি ৩১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে। এক পয়েন্টে এগিয়ে থেকে ঠিক তাদের ওপরে উলভস। তারাও সমান ম্যাচ খেলেছে।