শনিবার, অক্টোবর ১০, ২০২৬

সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি শুরু হয়েছে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সম্পন্ন করা যাবে।

স্বাস্থ্যা শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি সারাদেশে এক যোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর দুইদিন পর ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ০২ শতাংশ (২৯ হাজার ৪৬৬)।

মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬ দশমিক ৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩ দশমিক ২৬ শতাংশ)।

সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনের নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩৪৭ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩ জন। ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের মধ্যে এ বছর ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীর সংখ্যা ৩০।

ভূমধ্যসাগরে নৌকায় আগুন, নিহত ৯ জনের বেশিরভাগই বাংলাদেশি

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকূলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া নয়জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ত্রিপোলিতে থাকা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসনপ্রত্যাশী সাগরপথে ইউরোপ যাত্রাকালে গত ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে।

পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে। জীবিত ফিরিয়ে আনে ৪৩ জনকে। জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর মারা যাওয়া নয়জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দূতাবাস জানায়, উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎপূর্বক তাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মারা যাওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়া পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

দূতাবাস বলছে, আইওএমের তথ্যমতে বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন।

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপযাত্রা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ।

ঝুঁকি নিয়ে এভাবে ইউরোপযাত্রা না করতে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের সতর্ক করেছে দূতাবাস। তারা বলছে, সবাইকে দালাল ও পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে এভাবে জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এ ছাড়া লিবিয়ায় কর্মরত-বসবাসরত প্রবাসীদের বর্ণিত বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতদেরও সতর্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৯ মার্চ জাপার কাউন্সিলের ঘোষণা দিলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ আগামী ৯ মার্চ কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি।’

রওশন বলেন, ‘কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদ-ভক্ত সর্বস্তরের অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।’

রওশন এরশাদ আরও বলেন, ‘আমরা দেশে সুষ্ঠু গণতন্ত্র এবং অর্থনৈতিক ভীত শক্তিশালী করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে—সময়মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছি।’

কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার জন্য একটি কমিটিও ঘোষণা করেন রওশন। জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব থাকবেন সফিকুল ইসলাম সেন্টু ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা কমিটির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব ক্রমানুসারে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

রওশন এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টির সংগঠনিক বিষয়ে কোনো তথ্য জানার জন্য পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ এবং মিডিয়া সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য আমাদের মুখপাত্র সুনীল শুভ রায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ রইল।’

নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছি : চুন্নু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা শেষে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদের আইন অনুযায়ী ৫০ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে ভাগাভাগিতে জাতীয় পার্টি দুটি আসন পায়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নুরুন নাহার দুইজন আমার দলের পরিক্ষিত নিবেদিত কর্মী। জাতীয় পার্টি পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এবার দলের পক্ষ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছি।

জাতীয় পার্টির ১৩ জন মিলে সংসদে কোন উপকার করবে জানতে চাইলে মজিবুল হক চুন্নু বলেন, আপনি যদি সংখ্যার দিকটা দেখেন গত পার্লামেন্টে অপজিশনে অনেকেই ছিল। কিন্তু দিনের পর দিন তারা সংসদ বর্জন করেছে। মাসের পর মাস বছরের পর বছর বর্জন করেছে। অপজিশন লিডার ৫ বছরে মাত্র ১০ দিন পার্লামেন্ট এসেছিলেন। তাই ওইরকম সংখ্যা দিয়ে লাভ কি। ১৩ জন যদি আমরা অ্যাক্টিভ থাকি, জনগণের পক্ষে কথা বলি, সোচ্চারভাবে সাহসের সঙ্গে জনগণের মনের কথা বলতে পারি তবে সংখ্যাটা বড় নয়। কম সংখ্যা দিয়েও জনগণের পক্ষে কথা বলা যায়। কম সংখ্যা দিয়েও পার্লামেন্টকে কাঁপানো যায়।

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, নিশ্চয় আপনারা ইতিহাস জানেন, বঙ্গবন্ধু জাতির পিতা তিনি যখন সংসদ নেতা ছিলেন তখন একজন সংসদ সদস্য বাবু সুরঞ্জিত সেন গুপ্ত সংসদ কাঁপিয়েছিলেন। আমার মনে হয় আমরা বর্তমানে পার্লামেন্ট যারা আছি, তাদের ১১ জনের মধ্যে ১ জন ছাড়া বাকিরা কয়েকবার সংসদ সদস্য ছিলেন। পার্লামেন্টে কথা বলার মত ক্যাপাসিটি আছে।

গত ৭ জানুয়ারি ভোটের পর গণতান্ত্রিক ধারাবাহিকতা এগিয়ে না নিয়ে জাতীয় পার্টি তা নষ্ট করেছে- এমন মন্তব্যে চুন্নু বলেন, আপনি যেটা বলছেন এটা বিএনপির কথা। যারা নির্বাচনে আসেনি। কিন্তু আপনি কি মনে করেন আমরা নির্বাচনে না আসলে যদি দেশে নির্বাচন না হতো তাহলে কি হতো। বিষয়টি একটু চিন্তা করলে উত্তর পেয়ে যেতেন। কারণ জাতীয় পার্টির ইতিহাস নির্বাচন বর্জন নয়। কারণ নির্বাচন ছাড়া পার্লামেন্ট রাজনীতিতে ক্ষমতা অদল বদলের আর কোনও সুযোগ নেই। বাংলাদেশে নির্বাচন না হলে এখানে অগণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার সুযোগ ছিল। আমি মনে করি আমরা দেশের মানুষের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক কাজ করেছি।

৭ তারিখের নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছেন, নাকি সরকারকে বাঁচিয়েছেন, নাকি নিজেদের অস্তিত্ব বাঁচিয়েছেন- এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আপনি যেভাবে নেন। আমরা মনে করি গণতন্ত্রকে বাঁচিয়েছি।

খাদিজাতুল আনোয়ারের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট

দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী খাদিজাতুল আনোয়ার সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ওই সংসদ সদস্য পদে আবার নির্বাচনের জন্য আর্জি জানানো হয়েছে রিট আবেদনে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ্ আলম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী হলফনামায় খেলাপি ঋণ-সংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ ৮ টি ব্যাংক ঋণের তথ্য গোপন করে প্রতারণামূলক ভাবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি। রোববার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র মোহাম্মদ শাহাজাহান পেয়েছেন ২৫৭ ভোট, মোমবাতি প্রতীকে মো. হামিদুল্লাহ ১ হাজার ৫২৫ ভোট, চেয়ার প্রতীকে মীর ফেরদৌস আলম ৫২৫ ভোট, ফুলকপি প্রতীকে রিয়াজ উদ্দিন চৌধুরী ৩১৩ ভোট এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. শফিউল আজম ২৫৫ ভোট পেয়েছেন। এ ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৪ দলীয় জোট নেতা ও এই আসনের বর্তমান সংসদ সদস্য ফুলের মালা প্রতীক প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২১৩ ভোট পেয়েছেন।

মাথায় বলের আঘাত লেগে হাসপাতালে মোস্তাফিজের

অনুশীলনের সময় মাথায় বল লেগেছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় লিটন দাসের শটে বল লাগলে মাথায় আঘাত পান তিনি। মোস্তাফিজ বোলিং করে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এ বিষয়ে জানতে ফোন করা হলেও ধরেননি কুমিল্লার ম্যানেজার।

আজ সকাল ১০টায় অনুশীলন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মোস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে যাচ্ছিলেন।

ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় মোস্তাফিজের মাথার পেছনের দিকে এসে বল লাগে। মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। পরে প্রাথমিক চিকিৎসা দিলেও সেরে উঠেননি মোস্তাফিজ। তাকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। তাকে অ্যাপোলো হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের প্রতি কেউই যেন এ দেশকে আবার স্বাধীনতা বিরোধীদের দেশে পরিণত করতে ও দেশকে পেছনের দিকে ঠেলে দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাতে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এই অগ্রগতি অব্যাহত থাকবে। দেশকে কেউ যেন পেছনের দিকে ঠেলে দিতে ও রাজাকারের দেশে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন।’

মিউনিখের হোটেল বার্গারহাউস গার্চিং-এ জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী দেশবাসীর ভাগ্য নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

শেখ হাসিনা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যেখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেতনায় আমরা জাতির পিতার বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট সোনার বাংলাদেশে রূপান্তরিত করব।

প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের ফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় বৃথা যেতে দেবেন না।

তিনি বলেছেন, ‘আমি কখনই ভাবি না আমার কী দরকার, বরং আমি ভাবি যে আমি দেশ এবং এর জনগণের উন্নতির জন্য কী করতে পারি।’

তিনি আরো বলেছেন, তার সন্তানরাও জনগণের কল্যাণে তাদের উৎসর্গ করেছে।

আাওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ মাতৃভাষা বাংলা ও দেশের স্বাধীনতাসহ সব কিছু পেয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শক্তি। আমাদের দল ক্ষমতায় থাকায় আমরা কোভিড-১৯ মহামারির মতো বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি।’

জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখনই সুযোগ পাই জনগণের কল্যাণে কাজ করি।’

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে কারণ তারা প্রয়োজনে দলকে সবসময় পাশে পায়।

দেশের সার্বিক উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করেছেন।

তিনি বলেন, আমাদের উন্নয়ন লক্ষ্য শুধু মেগা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, তৃণমূলেও অগ্রগতি করা।

বিএনপিকে লুটেরাদের দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দল জনগণের কল্যাণে কিছুই করে না, বরং নিজেদের ভাগ্য গড়ে তোলে।

তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, তারা গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে মারার কারণে পরাজয়ের ভয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি।

তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেয়নি কারণ তারা জানে যে জনগণ তাদের ভোট দেবে না। তিনি আরও বলেন, ‘একজন সামরিক স্বৈরশাসকের দ্বারা গঠিত দলটি সবসময় এজেন্সিতে বিশ্বাস করে এবং তাদের সাহায্য ছাড়া তারা কিছুই করতে পারে না।’

সরকার প্রধান বিএনপিকে হ্যাঁ/না ভোট এবং রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করার জন্য দায়ী করেছেন।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং কারচুপির মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

তবে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও সবচেয়ে বিশ্বাসযোগ্য। গত সংসদ নির্বাচনে দেশের মানুষ বিশেষ করে নারীরা অবাধে ভোট দিয়েছে।

তিনি বলেন, ‘এবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় না বসালে ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে আওয়ামী লীগ শাসনামলে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা নষ্ট হয়ে যেত। লুটেরা (বিএনপি) সব লুট করে নিতো।’

শেখ হাসিনা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তার সরকার সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে উল্লেখ করে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে বলেন।

প্রধানমন্ত্রী প্রবাসীদের নিজেদেরকে যোগ্য হিসেবে প্রস্তুত করতে বলেন, যাতে তারা নিজেদের, দেশ ও মানুষের সেবা করতে পারে।

তিনি বলেন, তার সরকার বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি এবং যার জন্য আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে।

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এবং মিউনিখের স্থানীয় মেয়র অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব।

নিহতরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

এ বিষয় গোপালপুর থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।

ড. ইউনূসের বিষয়ে সরকার হস্তক্ষেপ করছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের বাইরে আমরা কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালতের নির্দেশনা যেভাবে আসছে, সেভাবে কাজ হচ্ছে। এর বাইরে সরকার কিংবা পুলিশ কেউ কিছু করছে না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান জবরদখল ও পুলিশের কাছে প্রতিকার চেয়েও না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের সরকারি বাহিনীর পরিত্যক্ত অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হাতে আসছে, এ বিষয় দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মির কয়েকজন হয়তো দুই-চারটা পরিত্যক্ত অস্ত্র নিয়ে এসেছিল। তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারা সবাই ধরা পড়েছে। বিজিবি তাদের আটক করেছে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কেউ অস্ত্র নিয়ে ঢোকার অবস্থা নেই। আমরা সজাগ রয়েছি।

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে দু’জন নিহত প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর একটিই কথা ছিল- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। সেই নীতি অবলম্বন করছি আমরা। তারা যতই গোলাগুলি করুক, আমরা প্রতিবাদ করছি। বিজিবির জনবল বাড়িয়েছি। কোস্টগার্ড, নেভি ও পুলিশ সজাগ রয়েছে। কাজেই ওখান থেকে কেউ আসবে, সেটি হবে না।

বিএনপির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা আগেও ‘সরকার পতন হয়ে যাচ্ছে’ এবং ‘খালেদা জিয়া যা বলবে তাই হবে’ এসব কথা বলেছিল। দেশের মানুষ এসব কথা শুনে হাসছিল। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি সুনিশ্চিতভাবে বুঝে গেছে, বিদেশি প্রভুরা হস্তক্ষেপ করতে না পারলে তারা নির্বাচনে জিতবে না। এজন্য এবারও তারা নির্বাচনে আসেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দলের সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচন ছাড়া অন্য নির্বাচনে নৌকা প্রতীক আর ব্যবহার করব না। আমরা চাই, জনপ্রিয় মানুষ নির্বাচনে আসুক।

এ সময় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

রমজানে নিত্যপণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, আগামী রমজানে কোনো নিত্যপণ্যের সংকট হবে না। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহে আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে। সেই সঙ্গে খেজুরের ট্যাক্সও কমিয়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আহসানুল ইসলাম টিটুর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। আমরা আশা করছি ভারতসহ অন্যান্য পাশ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি তা আমরা কাজ করব। এ ছাড়া চালের কোনো সংকট নেই। আমাদের প্রায় ১৭ লাখ টনের ওপরে চালের মজুদ রয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো তাদের পণ্যটি সরাসরি তারা সারাদেশে সরবরাহ করতে পারতো। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দুই চারজন আছে। তারা যেনো এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে যে জন্য আমরা ব্যবস্থা করব।

তিনি বলেন, খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেনো পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা ব্যবস্থা করব। আমরা যেনো দুই, চার, পাঁচ দশটা কোম্পানি কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে। আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে।

সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।