শনিবার, অক্টোবর ১০, ২০২৬

শেষ আটে লিভারপুল

প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও স্পার্তা প্রাহাকে গোল বন্যায় ভাসিয়েছে লিভারপুল। রাউন্ড অব সিক্সটিনের দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের বড় জয়ে ইউরোপা লিগের শেষ আটের টিকিট নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ইউরোপে লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে স্পার্তাকে ৬-১ গোলে হারিয়েছে অলরেডরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এদিন ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় মোহামেদ সালাহরা। যার ১২টিই ছিল গোলমুখে। বিপরীতে স্পার্তার নেয়া ৯ শটের মাত্র ২টি ছিল গোলমুখে।

ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই দলকে লিড এনে দেন ডারউইন নুনেজ। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে অরক্ষিত থাকা নুনেজের উদ্দেশে পাস দেন সোবোজলাই। ডান পায়ের নিঁখুত শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ান স্ট্রাইকার। পরের মিনিটেই ঘরের মাঠের সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দেন ববি ক্লার্ক। প্রতিপক্ষের রক্ষণে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল কেড়ে নিয়ে ডি-বক্সে পাস দেন সালাহ। এগিয়ে এসে জাল কাঁপান ক্লার্ক।

দুই মিনিট না যেতে এবার অ্যাসিস্টের ভূমিকায় ক্লার্ক আর গোল করেন সালাহ। এবারও ভুলের মাশুল দেয় স্পার্তা। ডিফেন্ডারদের থেকে বল কেড়ে নেন ক্লার্ক। বল দখলে নিয়ে বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান মিশরের ফরোয়ার্ড। ১৪তম মিনিটে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে সালাহ পাস দেন কোডি গাকপোকে। তার শট ঠেকাতে ব্যর্থ হন স্পার্তার গোলরক্ষক। ৪২তম মিনিটে প্রেসিয়াদোর পাস থেকে গোল করে ব্যবধান কমান ভেজকো বিরমানসেভিচ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও সালাহর ঝলক। ৪৮তম মিনিটে তার পাস দখলে নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান ডমিনিক সোবোজলাই। ছয় মিনিট পর ম্যাচে নিজের জোড়া গোল তুলে নেন গাকপো। বক্সের বাইরে থেকে ইলিয়টের নিচু শট আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি। বাকি সময়ে স্পার্তার জালে জড়ায়নি আর কোনো বল। তাতে ৬-১ ব্যবধানে জয় তুলে নেয় লিভারপুল।

এর আগে প্রথম লেগে ৫-১ গোলের জয় পেয়েছিল অলরেডরা। দুই লেগ মিলিয়ে ১১-২ ব্যবধানের বড় জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্লপের শিষ্যরা।

ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের

চলতি মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল সেলেসাওরা।

এবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। একই দল নিয়ে বেলজিয়ামের বিপক্ষেও খেলবে হ্যারি কেইন–জুড বেলিংহ্যামরা।

চারদিনের ব্যবধানে দুটি ম্যাচই ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মার্চ প্রথম ম্যাচে ভিনিদের মুখোমুখি হবে হ্যারি কেইনের দল। এরপর ২৬ মার্চ বেলজিয়ামের মোকাবিলা করবে ইংল্যান্ড।

ঘোষিত স্কোয়াডে প্রথমবারে ডাক পেয়েছেন এভারটনের হয়ে খেলা সেন্টারব্যাক জেরার্ড ব্রাথওয়েট ও নিউক্যাসলের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। অন্যদিকে তিন বছর পর দলে ফিরেছেন লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টোনি, ম্যানচেস্টার ইউনাইটেডের জন স্টোনস ও চেলসির বেন চিলওয়েল।

এদিকে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই দুটি ম্যাচ থেকে প্রাপ্ত অর্থই আলঝেইমার্স বা ডিমনেশিয়া রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। আর প্রীতি ম্যাচ হলেও আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই ম্যাচ দুটিকে দেখছে ইংলিশরা।

ব্রাজিল ও বেলজিয়াম ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াড :

গোলরক্ষক : স্যাম জনস্টোন, জর্ডন পিকফোর্ড ও অ্যারন র‌্যামসডেল

ডিফেন্ডার : জেরার্ড ব্রাথওয়েট, বেন চিলওয়েল, লুইস ডাঙ্ক, জো গোমেজ, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, কাইল ওয়াকার

মিডফিল্ডার : জুড বেলিংহ্যাম, কনর গ্যালাঘার, জর্ডন হ্যান্ডারসন, জেমস ম্যাডিসন ও ডেক্লান রাইস

ফরোয়ার্ড : জেরোড বোয়েন, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টোনি ও ওলি ওয়াটকিন্স।

সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প ব্যবস্থা নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণের আন্দোলনে নেই, জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। তার সততা, নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিব্রতকর কোনো বক্তব্য যে-ই দেবেন দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়েই কথা বলা সমীচীন। সরকারের জন্য বিব্রতকর এমন বক্তব্য থেকে আমাদের সব দায়িত্বশীলদের বিরত থাকা উচিত।

টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে পারেননি সরকার। সে ক্ষেত্রে আওয়ামী লীগ সিন্ডিকেটের কাছে জিম্মি নাকি ব্যর্থ? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থও না, জিম্মিও না। দেশটা অনেকের চেয়ে ভালো চলছে। সারা বিশ্বের যে অবস্থা, আজকে শুধু ডলারের দাম না…. সারা বিশ্বের যে টালমাটাল অবস্থা, আমি বার বার আপনাদের বলতে চেয়েছি সারা বিশ্বেই সমস্যা চলছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যেখানে আমরা আপনাদের খুব সুখে শান্তিতে রাখতে পারব। অন্যেরা ভালো নেই, আমরাও ভালো নেই। সবাই একযোগে ভালো থাকার চেষ্টা আন্তর্জাতিকভাবেও চলছে।

পরিবহনের চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পরিবহনের চাঁদাবাজি সারা জনম ধরে চলে আসছে। এটা নতুন নয়। তবে এ চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে। আইন প্রয়োগকারী লোকজনও তৎপর। প্রশাসন ও প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে। যাতে করে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়। একেবারে বন্ধ করা যাবে এ কথা আমি বলব না। এই কালচারটা হাঠাৎ করে বন্ধ করা যাবে না। নিয়ন্ত্রণ করা যাবে।

বাংলাদেশে পরিবহনের চাঁদাবাজি কবে নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনি কি বাংলাদেশকে আলাদা একটি স্বর্গরাজ্য ভাবেন?

ড.ই উনূসকে হয়রানি করা হচ্ছে বলে একজন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানিয়েছেন, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্টের সম্পর্ক আরও নিবিঢ় করার চেষ্টা চলছে। ড. ইউনুসকে হয়রানি করা হচ্ছে এ মর্মে মন্তব্য করেছেন কংগ্রেসম্যান। বলা হচ্ছে তার এমন মন্তব্য সম্পর্কে প্রভাব পড়বে, কেন প্রভাব পড়বে? আমার দেশের আইন, আমার দেশের বিচার ব্যবস্থায় কোনো ব্যক্তি যদি তার কৃত কর্মের জন্য শাস্তির মুখোমুখি হয়, বিচারের মুখোমুখি হয় সে অবস্থায় আমার দেশের বিচার ব্যবস্থার যে স্বাধীনতা সে স্বাধীনতার উপর বাইরের কারো তো কোন কিছু বলার অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টের ওপর এতগুলো চার্জ এনে তার বিরুদ্ধে মামলা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে। সেখানে ২০১৩ সাল থেকে মামলায় হাজির দিচ্ছেন তিনি। তো সেখানে রেজাল্ট কী হবে, রায় ঘোষণার আগে তো আমরা বলতে পারছি না। সেখানে সংক্ষুব্ধ শ্রমিকরা ড. ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে। সে মামলা চলছে। তাহলে এর মধ্যে বিচার ব্যবস্থা বন্ধুত্বের মধ্যে সম্পর্ক কী?

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সায়েম খান প্রমুখ।

এবার মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পেলেন না সাব্বির

আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই বৃষ্টি নামলো ঢাকায়। রাজধানীর অতি নিকটে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও ঝরলো বৃষ্টি। আর তাতেই খানিক বিঘ্নিত হলো আবাহনী আর গাজী গ্রুপ টায়ার্স ক্রিকেট একাডেমির ম্যাচ।

আবাহনীর ইনিংস ভালোয় ভালোয় শেষ হলেও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ইনিংসের এক পর্যায়ে বৃষ্টি চলে আসে। তখন গাজী টায়ার্স একাডেমির টার্গেট বেঁধে দেওয়া হয় ৪০ ওভারে ৩১০ রান। কিন্তু আবাহনীর মোসাদ্দেক হোসেন, খালেদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনদের সাঁড়াশি বোলিংয়ে ৪০ ওভারে ১৬৩-এর বেশি করতে পারেনি গাজী টায়ার্স একাডেমি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৪৩ রানের বড় পুঁজি গড়েছিল। আগের খেলায় ৭১ রানের ইনিংস খেলা আবাহনীর তরুণ ওপেনার সাব্বির হোসেন এদিন শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। মাত্র ২ রানের জন্য পারেননি।

৮০ বলে ৪ ছক্কা আর ১০ বাউন্ডারিতে ৯৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হন সাব্বির। তার ওপেনিং পার্টনার নাইম শেখ ৭ রানে সাজঘরে ফিরলেও অপর দুই তরুণ মাহমুদুল হাসান জয় (১০৫ বলে ৭৩) আর জাকের আলি (৪৮ বলে ৫ ছক্কা ও তিন বাউন্ডারিতে ৭৬) ঝোড়ো ইনিংস উপহার দিলে আবাহনী সাড়ে তিনশোর দোরগোড়ায় পৌঁছে।

জবাবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ১৬৩ রানে থেমে যায়। গাজীর তানজিবুল সর্বোচ্চ ৫৮ রান করেন। আবাহনীর পক্ষে অফস্পিনার মোসাদ্দেক ও পেসার খালেদ ৩টি করে উইকেট দখল করেন।

সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ৩৪৩/৭ (নাইম শেখ ৭, সাব্বির হোসেন ৯৮, মাহমুদুল হাসান জয় ৭৩, আফিফ হোসেন ২৯, জাকের আলী ৭৬ অপরাজিত, মোসাদ্দেক হোসেন সৈকত ৫, মোহাম্মদ সাইফউদ্দিন ২৯; ইফতিখার ইফতি ২/৩৯, মারুফ মৃধা ২/৬৫, ইকবাল হাসান ইমন ২/১০৪, শামিম মিয়া ১/৪৪)

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি: ৪০ ওভারে ১৬৩/৯ (আশিকুর রহমান শিবলী ২৯, ইফতেখার হোসেন ইফতি ০, আশিক জামান ১৫, গাজী তানজিবুল ৫৮, সাঈদ সরকার ২৮; মোসাদ্দেক ৩/১৯, খালেদ ৩/২৩, সাইফউদ্দিন ১/২৮, নাহিদুল ১/১৯, তানভীর ১/৫০

ফল: আবাহনী ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সাব্বির হোসেন (আবাহনী)।

রমজানে গাজাবাসী অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে

গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা দরকার, রমজানে তারা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।

তিনি বলেন, ‘ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সমর্থন করা দেশগুলোর একটি বাংলাদেশ। গাজা যুদ্ধ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। বাংলাদেশের কাছে সহায়তা চেয়ে আমি অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রী সেই অনুরোধ গ্রহণ করেছেন। তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে সমন্বিত চেষ্টায় গাজা যুদ্ধের অবসান ঘটবে বলে আমি মনে করি। এখন গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা দরকার। রমজানের মধ্যে তারা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। কাজেই আরব বিশ্বসহ মুসলিম দেশগুলোর কাজ হচ্ছে ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসা।’

এসময় আবেগাপ্লুত কণ্ঠে ইউসুফ এসওয়াই রামাদান বলেন, ‘ফিলিস্তিনিরা বিশ্বাস করেন আল্লাহ তাদের পাশে আছেন। আল্লাহর ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।’

কিছু মুসলিম দেশ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আপনারা জানেন, আমাদের শত্রু খুবই শক্তিশালী। তারা বৈশ্বিক অর্থনীতি ও সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমাদেরও শক্তি আছে। আমাদের শক্তি হচ্ছে বিশ্বের মুসলমানরা। আপনারা ফিলিস্তিনিদের পরিত্যাগ করবেন না। তারা আপনাদের ভাই ও বোন। আশা করি, বিশ্বের সব শান্তিপ্রিয় মানুষ ফিলিস্তিনিদের পাশে রয়েছে।’

ঢাকা-মস্কো সরাসরি ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানাই: মন্ত্রী

বাংলাদেশের এভিয়েশন শিল্পের উন্নয়ন অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি রাশিয়ার এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন শিল্পের সঙ্গে আমরা একটি অংশীদারত্ব তৈরি করতে চাই। সেখানে কারিগরি সহায়তাসহ অন্য যেকোনো প্রকার সহায়তা প্রদানের জন্য রাশিয়া আগ্রহী।

এছাড়াও উভয় দেশের পর্যটকেরা যাতে সহজেই যাতায়াত করতে পারেন সেজন্য ঢাকা-মস্কো সরাসরি ফ্লাইট চলাচল শুরু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, প্রতি বছর রাশিয়ার বিপুলসংখ্যক পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে। সরাসরি ফ্লাইট চালু হলে রাশিয়ার যে সমস্ত পর্যটক এখন পার্শ্ববর্তী দেশসমূহে ভ্রমণ করেন তারা বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহী হবে। বাংলাদেশে রাশিয়ার পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেলে তা এ দেশের পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব আরও দৃঢ় করবে।

প্রত্যুত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক বিমান চলাচল রুটের মধ্যে হওয়ায় আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার জন্য কাজ করছি। গত ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের এভিয়েশন শিল্পে রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রের উন্নয়ন অংশীদার হতে চাওয়া ও ঢাকা-মস্কো সরাসরি ফ্লাইট চালুর আগ্রহকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এ ব্যাপারে আন্তর্জাতিক রীতিনীতি মেনে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফারুক খান বলেন, বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। সারাদেশে পর্যটকদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করার কাজ চলমান রয়েছে। এরই মধ্যেই পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে যা এ বছরেই বাস্তবায়ন শুরু হবে। এছাড়াও আমরা বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের আরও বেশ কিছু জায়গায় নিবিড় পর্যটন অঞ্চল তৈরি করছি। রাশিয়ার পর্যটকদের আমরা বাংলাদেশে স্বাগত জানাতে প্রস্তুত। পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পে রাশিয়া বিনিয়োগ করলে তাদের সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

গাজায় এক হাজার মসজিদ ধ্বংস, রমজানে নামাজের জায়গার অভাব

পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। ইসরায়েলের হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও। ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছেন না গাজাবাসী।

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় অবস্থিত এক হাজার ২০০ মসজিদের মধ্যে অন্তত এক হাজার মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজসহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

গাজার বাসিন্দারা জানিয়েছেন, রমজান মাসের তারাবিহ নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলো ধ্বংস করা হয়েছে। এমনকি ওযু করার জন্যও মিলছে না পানি।

এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র বাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা শব্দের চেয়ে ৮ গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগার, এডেন উপ-সাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

নতুন নামের ব্যাপারে ব্যাংকগুলোই সিদ্ধান্ত নেবে: বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটির একটি সূত্র। এছাড়া পদ্মা ব্যাংকও এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে জানাবে।

তবে শরিয়াভিত্তিক এক্সিম ও গতানুগতিক পদ্মা ব্যাংক একীভূত হওয়ার পরে তাদের নাম কী হবে তা ব্যাংকগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, মার্জার প্রক্রিয়া বিশ্বে নতুন নয়, অন্য দেশেও হয়েছে। এ নিয়ে ব্যাংকগুলোকে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। তারা যাতে নিজেরাই মার্জারে যেতে পারে। ব্যাংকগুলো যদি একীভূত হওয়ায় সম্মত হয়ে সিদ্ধান্ত নিয়ে আসে বাংলাদেশ ব্যাংকে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর একীভূত হওয়ার পরে তাদের নাম কী হবে তা ব্যাংকগুলো সিদ্ধান্ত নেবে।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফিরোজ হোসেন বলেন, একীভূতকরণের বিষয়ে আলোচনা চলছে। আজ এ বিষয়ে মিটিং হবে এবং মিটিং শেষে সিদ্ধান্ত হবে। একীভূত হতে পারে। মিটিংয়ের পরেই জানা যাবে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক রিয়াজ খান বলেন, আমাদের মিটিং চলছে, বিকেলে মিটিং শেষে আনুষ্ঠানিক জানানো হবে।

শেয়ারবাজারে শুরুর উত্থান টিকলো না শেষে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখেয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। আর শেষ ২২ কার্যদিবসের মধ্যে ১৯ কার্যদিবসেই দরপতন দেখতে হলো বিনিয়োগকারীদের।

দিনের লেনদেন শেষে সবকটি মূল্যসূচক কমলেও এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের প্রথম আধাঘণ্টা বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে। ফলে লেনদেনের এক পর্যায়ে প্রায় আড়াই’শ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। আর ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৩৫ পয়েন্ট।

তবে লেনদেনের শেষদিকে দাম বাড়ার তালিকা থেকে বেশিকিছু প্রতিষ্ঠান দাম কামার তালিকায় চলে আসে। এতে দিনের লেনদেন শেষে দাম বাড়ার থেকে দাম কমার তালিকা বড় হয়। সেই সঙ্গে সবকটি মূল্যসূচক কমে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬৫টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৭১টি প্রতিষ্ঠানের। আর ৫৮টির দাম অপরিবর্তিত।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩৩ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে গোল্ডেন সনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিলের ২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, গোল্ডেন হার্ভেস্ট কেমিক্যাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কর্ণফুলি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৯টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ৭২ লাখ টাকা।

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’ অভিনেত্রী অলিভিয়া

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’খ্যাত অভিনেত্রী অলিভিয়া মুন। গেল ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে। তবে বিষয়টি এতদিন গোপন রেখেছেন তিনি। ১১ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর হাজির হয়েছিলেন অলিভিয়া। সেখানেও বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই অভিনেত্রী।

অবশেষে গতকাল বুধবার অলিভিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান। হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।’

অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এ সময়ে আমি ক্যানসার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’

প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন তিনি। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।