শনিবার, অক্টোবর ১০, ২০২৬

গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামীকাল (২৫ মার্চ) সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল সোমবার বিকাল ২টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একাত্তরের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৭ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়।

গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, কিন্তু তা বন্ধে কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের (শাসক দল) মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

নজরুল ইসলাম বলেন, গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে নীরব অবস্থানের জন্য মানবাধিকার সংস্থাগুলোর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি এক ধরনের ভন্ডামি।

শেখ হাসিনা মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এটি করা উচিত মুসলিম উম্মাহর নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের জন্য।

এই প্রসঙ্গে তিনি ১৯৬৭ সালে গৃহীত প্রস্তাব অনুসরণ করতে বলেন, যাতে বলা হয়েছিল যে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে।

প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করে গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ হত্যাসহ ইসরায়েলি বাহিনীর হাসপাতালে হামলার নিন্দা করেন।
তিনি গাজায় মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে মিশরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জন্য দুই দফা ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

তিনি বলেন, ‘আমি যেখানেই সুযোগ পেয়েছি ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক ফোরামে সবসময় আওয়াজ তুলেছি।’ আওয়ামী লীগ শাসনামলে ১৯৯৭ সালে ইয়াসির আরাফাতের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিঃশর্ত সমর্থন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলার জন্য ধন্যবাদ জানান।

লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব বলেন, ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করা দরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ নেয়া।’

‘সেখানে খাদ্যের তীব্র সংকট বিরাজ করছে এবং মানুষ অনাহারে রয়েছে,’ উল্লেখ করে তিনি বলেন, জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন।

লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিই এই সংকট সমাধানের একমাত্র পথ।

আরব দেশগুলোতে ৪০০ মিলিয়ন মানুষ বসবাস করলেও তারা ঐক্যবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন-নিপীড়ন সহজেই বন্ধ হয়ে যাবে। আরব বিশ্বের শক্তি ও সম্পদ আছে, শুধু ঐক্যই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পারে।’

তিনি আরও বলেন, এই যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না। তিনি দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক বিচার আদালতে দৃঢ় ভূমিকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একটি চিঠিও হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ সময় উপস্থিত ছিলেন।

নাইজেরিয়ার অপহৃত স্কুল শিক্ষার্থীরা মুক্ত

এ মাসের গোড়ার দিকে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত আড়াইশর বেশি শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। রোববার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন।

গত ৭ মার্চ কাদুনা রাজ্যের কুরিগায় এ অপহরণ ছিল বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের সবচেয়ে বড় ঘটনাগুলোর অন্যতম। এ অপহরণের ঘটনায় নিরাপত্তাহীনতার প্রশ্নে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

কাদুনা রাজ্য গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেন, ‘অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।’ তবে তাদের অবস্থা কেমন ছিল সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

তিনি সেনাবাহিনী, প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং স্কুল শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রার্থনা করা নাইজেরিয়ার সকল নাগরিককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি সত্যিই আনন্দের দিন।’

এ অপহরণের জন্য স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত অপরাধী চক্রকে দায়ী করা হয়। মুক্তিপণের জন্য তারা প্রায় এ ধরনের কাজ করে থাকে।

এদিকে স্বজনরা জানান, অপহরণকারীরা শিক্ষার্থীদের ফেরত দেয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করে। কিন্তু প্রেসিডেন্ট টিনুবু বলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে অপহরণকারীদের কোন অর্থ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
খবর এএফপি

গাজার আল শিফা হাসপাতালে আরও অভিযানের আভাস ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার বলেছেন, শেষ জঙ্গি হাতের মুঠোয় না আসা পর্যন্ত গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে।

এ হাসপাতালে গত কয়েক দিনের তুমুল লড়াইয়ে ১৭০ ফিলিস্তিনি জঙ্গি নিহত এবং জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মেজর জেনারেল ইয়ারন ফিংকেলম্যান শনিবার এক মন্তব্যে বলেছেন, আমরা এ অভিযান অব্যাহত রাখছি। আমরা এ অভিযান তখনই শেষ করব, যখন জীবিত কিংবা মৃত যে কোনোভাবেই শেষ জঙ্গিটি আমাদের হাতে আসবে।

তিনি আরও বলেছেন, হাসপাতালে চিকিৎধীন অসুস্থ ও আহতদের হাসপাতালের নির্দিষ্ট ভবনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নির্মাণখাতে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষাসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন ফরাসি রাষ্ট্রদূত।

চলতি বছরের গত ৭-৮ মার্চ ফ্রান্সের প্যারিসে ৭০টি দেশের ১ হাজার ৪০০ প্রতিনিধি ‘বিল্ডিং এন্ড গ্লোবাল ফোরাম ২০২৪’-এ মিলিত হন। ফোরামে ফ্রান্স সরকারের আমন্ত্রণে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

ফোরামে কপ-২৮ সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ৯ দফা সিদ্ধান্ত সম্বলিত প্রস্তাব গৃহীত হয়।

এ ঘোষণার আলোকে ফ্রান্স ও বাংলাদেশ সরকারের পারস্পরিক সহযোগিতার বিষয়ে সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকায় কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য আটক

রাজধানীর মোহাম্মাদপুর ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ৫টি কিশোর গ্যাং এর ২৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শনিবার (২৩ মার্চ) রাতে তাদের আটক করে র‌্যাব-২ এর পৃথক দল।

পাঁচটি কিশোর গ্যাং হলো, আক্তার গ্রুপ, মাসুম গ্যাং, পিনিক গ্রুপ, বাপ্পী গ্রুপ ও লিমন গ্রুপ।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটি ‘কিশোর গ্যাং’ গ্রুপের সদস্যদের চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এছাড়া তাদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা হয়।

বিভিন্ন ‘কিশোর গ্যাং’ এর সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারে সংঘাতে জড়িয়ে মারামারি ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রবণতাও লক্ষ্য করা যায়।

অতি সম্প্রতি মোহাম্মদপুর ও ধানমন্ডির আশপাশের এলাকায় বেশ কয়েকটি চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেয়ে র‌্যাব টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে কিশোর গ্যাংয়ের ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানমন্ডি এলাকায় তারা চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। উল্লেখিত গ্রুপের সন্ত্রাসীরা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, বেড়িবাঁধ, আদাবর, মোহাম্মদপুরসহ এর পার্শ্ববর্তী এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।

গ্রেপ্তাররা দিনের বেলায় গাড়ির ড্রাইভার, হেলপার, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা পেশার আড়ালে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো বলে জানা যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।

মসজিদুল আকসায় লাখো মুসল্লির তারাবির নামাজ আদায়

ফিলিস্তিন অধিকৃত জেরুজালেম শহরের পবিত্র মসজিদুল আকসায় লাখো মুসল্লি তারাবির নামাজ পড়ছেন। গতকাল শনিবার (২৩ মার্চ) আল-আকসা চত্বরে অনুষ্ঠিত এশা ও তারাবির নামাজে অর্ধলক্ষাধিক মুসল্লি নামাজ পড়েছেন। অবশ্য মসজিদে প্রবেশে আগের মতো ইসরায়েলি পুলিশের কঠোর বাধাবিপত্তি অব্যাহত রয়েছে।

এর আগের দিন শুক্রবার (২২ মার্চ) রাতে লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে উপস্থিত ছিলেন।

একই দিন ইসরায়েলি বাধার মধ্যেও জুমার নামাজে অংশ নেন ১ লাখ ২০ হাজার মুসল্লি। রমজানের দ্বিতীয় জুমায় আগের চেয়ে মুসল্লির সংখ্যা বহুগুণ বেড়েছে।

গত সপ্তাহে রমজানের প্রথম জুমায় (১৫ মার্চ) অংশ নিয়েছিলেন মাত্র ৮০ হাজার মুসল্লি। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর এ সপ্তাহে সর্বোচ্চসংখ্যক মুসল্লি অংশ নিলেও গত বছরের রমজানের তুলনায় তা নিতান্ত কম।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের পরিচালক শায়খ আজ্জাম আল-খতিব জানান, মসজিদুল আকসায় এক লাখ ২০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন। তবে গত রমজানের মুসল্লির সংখ্যার তুলনায় এবারের অংশগ্রহণ খুবই কম। কারণ গত বছর একই সময়ে আড়াই লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছিলেন। তা ছাড়া এবারের রমজানে পশ্চিম তীরের বাসিন্দাদের মধ্যে শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর কাছ থেকে পূর্ব অনুমতি সংগ্রহে না থাকলেও মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না।

জেরুজালেমের পুরনো শহর এবং আল-আকসা মসজিদের সব গেটে মুসল্লিদের বাধা দিতে দখলদার ইসরায়েলি বাহিনীর উপস্থিতি আগের চেয়ে বহুগুণ বেড়েছে। একইসঙ্গে মুসল্লিদের পরিষেবা দেওয়া স্বেচ্ছ্বাসেবীদেরও মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রমজানের দ্বিতীয় জুমার দিনেও ইসরায়েলি দখলদার বাহিনী তাদের ক্রুদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি। তা ছাড়া মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা ও ফিল্ড ক্লিনিক প্রতিষ্ঠায় বাধা দেওয়া হয়। তা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বিবেচনা করা হয়।

এদিকে পবিত্র রমজান মাসে সারা বিশ্বের মুসলিমদের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে। একাধিক ওমরাহ পালনের চেয়ে যুদ্ধাহত অসহায়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ সাদিক আল-গিরয়ানি। তিনি নফল আমলের অর্থ অসহায় বিপন্ন মুসলিমদের দান করার আহবান জানান।

তা ছাড়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান শায়খ ড. আলী আল-কারাহ দাগি নফল ওমরাহ বা নফল হজের অর্থ গাজা, ইয়েমেন, সিরিয়ার মতো অসহায় দুঃখীদের পেছনের ব্যয় করার তাগিদ দেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরের ৪৩৩ জন নিহত হনে এবং সাড়ে চার হাজারের বেশি লোক আহত হন। এদিকে গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৭২ হাজার ৫২৪ জন আহত হয়েছে।
খবর আনাদোলু এজেন্সি

‘ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি দেশের অর্জনকে ধ্বংস করতে চায়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায়।

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যানবাহন চলাচলের জন্য ৭টি ফ্লাইওভার উন্মুক্তকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাস রাপিড ট্রানজিট (বিআরটি, এয়ারপোর্ট-গাজীপুর) প্রকল্পের সওজ অংশের আওতায় এই ফ্লাইওভারগুলো নির্মিত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘পণ্য বর্জন এটা কি সম্ভব। বাংলাদেশ ও ভারতের যে অবস্থা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন, যে আদান-প্রদান হয়ে থাকে, তার মধ্যে এমন বর্জনের প্রস্তাব বাস্তব সম্মত কিনা! আসলে তারা ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের অর্জনকে ধ্বংস করতে চায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ব্যর্থতার জন্য তারা নিজেরাই ক্লান্ত, তাদের কর্মীরা হতাশ। নেতাদের কারো সাথে কারো কথার মিল আমরা দেখি না। মঈন খান ভারতের সহযোগিতা চান, রিজভী আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।

দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম-এর বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করার লোক পায় না, সামরিক প্রশিক্ষণ কাকে দেবে। এটি প্রতারণাপূর্ণএকটি কৌশল। আসলে দলটির নেতারা একেকজনে একেক কথা বলেন। এখন আমরা শুনতে চাই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেন? তিনিই দলের মহাসচিব।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মধ্যবর্তী নির্বাচনের চিন্তা সরকার কেন করবে? এর কোন যুক্তিও নেই, বাস্তবতাও নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোন কথা বলা নেই।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। সবাই যার যার কাজ নিষ্ঠার সঙ্গে পালন করবেন প্রত্যাশা করছি। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

ফ্লাইওভার যান চলাচলে উন্মুক্তকরণ অনুষ্ঠানে ঢাকা প্রান্তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল¬াহ নূরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিল

সিলেট টেস্টে প্রথম ইনিংসের শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন এই দুই লঙ্কান ব্যাটার। তৃতীয় দিনে ধানাঞ্জায়া ও কামিন্দুর ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। এরপর দিমুথ করুণারতেœ ও ধানাঞ্জায়া মিলে পরিস্থিতি সামাল দেন। তবে ফিফটি করে দলীয় ১১৩ রানে ১০১ বলে ৫২ রান করে আউট হন করুণারতেœ।

এরপর দ্রুতই সাজঘরে ফিরে যান বিশ্ব ফার্নান্দো। তার বিদায়ের পর ক্রিজে আসা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লঙ্কান অধিনায়ক। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে রানের চাকা সচল রাখেন এই দুই লঙ্কান ব্যাটার।

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নেন ধানাঞ্জায়া। এরপর দলীয় ২৯৯ রানে ১৭৯ বলে ১০৮ রান করে আউট হন এই লঙ্কান অধিনায়ক। তার বিদায়ের পর ক্রিজে আসা প্রবাথ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কামিন্দু।

ধানাঞ্জায়ার পর সেঞ্চুরির দেখা পান কামিন্দু। এরপর দলীয় ৩৬৬ রানে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রবাথ জয়সুরিয়া ৪৭ বলে ২৫ ও লাহিরু কুমারা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে দেড়শ রান পূর্ণ করেন কামিন্দু।

শেষ ব্যাটার হিসেবে ২৩৭ বলে ১৬৪ রান করে কামিন্দু আউট হলে ৪১৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫১০ রানের লিড পায় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ নেন ৪টি উইকেট।

৩ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়। এই সময় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) সকালে মিনিটে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারে প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে।

গত সপ্তাহের ব্যাপক পরিমাণ ট্রেন ডি-রেইল হয়েছে। ঈদে এমন হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে— জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতো ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ঈদযাত্রা নির্ভিগ্নে হবে আশা করছি।