শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাস আর লুটপাটের কারণে আতঙ্কে পাহাড়ি জনগোষ্ঠী। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাই সেখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, শনিবার (৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেখানে তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। শনিবার (৬ এপ্রিল) দুপুরে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফের সন্ত্রাসীরা। তারা স্থানীয় বৈদ্যুতিক সাব-স্টেশনটি বন্ধ করে দেয়। পরে স্থানীয় চা দোকানে থাকা ব্যাংক ক্যাশিয়ারের কাছ থেকে ভল্টের চাবি ছিনিয়ে নেয়। কিন্তু তারাবি নামাজের জন্য মসজিদে থাকা ব্যাংক ম্যানেজারের কাছ থেকে চাবির অপর গোছাটি না পেয়ে তাকে তুলে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা : যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র শঙ্কিত। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি সিএনএন’কে এ কথা বলেছেন।

ইসরায়েল ও ইরানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে টিভি উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এ ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন। আসলে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে একটি ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতি ইরানের এটি একেবারে প্রকাশ্য হুমকি।’

কিরবি আরও বলেন, ‘আমি মনে করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ইসরায়েলকে যে নিরাপত্তা সহায়তা করি তা শুধুমাত্র গাজার জন্য নয়। এ ধরনের একাধিক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে।’

এর আগে, ইসরায়েলের আই২৪ নিউজ’কে জানায়, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলার পর ইহুদি রাষ্ট্র সম্ভাব্য ইরানি হামলার জন্য প্রস্তুত ছিল।

১ এপ্রিল সিরিয়ার বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে। ইরানি মিডিয়া আউটলেটগুলো বলেছে, ইরানের কনস্যুলেট ভবনে এই হামলার লক্ষ্য ছিল। সেখানে হামলায় ১৩ জন নিহত হয়।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে’ হামলায় জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রাহিমিসহ সাতজন সামরিক উপদেষ্টা নিহত হন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তেহরান ইসরায়েলকে তাদের হামলার দাঁতভাঙ্গা জবাব দেবে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েল আইআরজিসির একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, কোন কূটনৈতিক মিশনে নয়।
খবর তাস

ইউরোপ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে শক্তিশালী : ন্যাটোপ্রধান

ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একে অপরের প্রয়োজন বলে মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’র প্রধান জেনস স্টলটেনবার্গ। এমনকি ইউরোপ এবং যুক্তরাষ্ট্র ‘একসাথে শক্তিশালী’ বলেও মন্তব্য করেছেন তিনি। ন্যাটোর ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্টলটেনবার্গ বলেন, ‘আমি একা আমেরিকায় বিশ্বাস করি না, একইভাবে একা ইউরোপেও বিশ্বাস রাখি না। আমি ন্যাটোতে ইউরোপ ও আমেরিকার একজোটে বিশ্বাস রাখি। কারণ, একসঙ্গে আমরা অধিক শক্তিশালী ও অধিক নিরাপদ।’

ন্যাটোপ্রধান আরও বলেন, ইউক্রেনকে আরও দীর্ঘ সময় ধরে সামরিক সহায়তা প্রদানের জন্য জোট থেকে পাঁচ বছরে মেয়াদে ১০০ বিলিয়ন ইউরোর একটি তহবিল গঠনের কথা বিবেচনা করা হচ্ছে। যাতে যুক্তরাষ্ট্র বা ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলোয় সরকার বা রাজনীতিতে পরিবর্তন আসলেও কিয়েভ যাতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকিতে না পড়ে।

বক্তৃতার সময় স্টলটেনবার্গ বলেন, ন্যাটো অবশ্যই ‘সঠিক কিছু করছে’, নিজেদের সূচনাকালে এই জোটটিতে ১২টি দেশ থাকলেও বর্তমানে তা ৩২টিতে উন্নীত হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে সুইডেন এবং ফিনল্যান্ড তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতা পরিত্যাগ করেছে এবং ন্যাটো জোটে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া এবং ন্যাটোর মধ্যকার সম্পর্ক ‘সরাসরি সংঘর্ষের পর্যায়ে চলে গেছে’। কারণ সামরিক এই জোটটি ইতিমধ্যেই ইউক্রেনের চারপাশে সংঘাতে ‘জড়িত’ রয়েছে।

যদিও ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, তারপরও পেসকভ অভিযোগ করেছেন, ‘সংঘাতের হাতিয়ার হিসাবে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র এই জোট গঠনের ধারণা সামনে এনেছিল। পরে জোটটি সজ্জিত করা, তৈরি এবং নিয়ন্ত্রণ করে আসছে যুক্তরাষ্ট্র’ এবং বর্তমানে এটি একটি ‘অস্থিতিশীল উপাদান’।

এদিকে ৩২ সদস্যের এই জোট ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী সামরিক সহায়তার পরিকল্পনা শুরু করতে সম্মত হয়েছে। বেশ কয়েকটি দেশ শুধুমাত্র তত্ত্বগতভাবে এই উদ্যোগকে সমর্থন করেছে।

তবে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা হাঙ্গেরি সতর্ক করেছে, তারা ‘ন্যাটোর এমন কোনো প্রস্তাবকে সমর্থন করবে না যা জোটটিকে যুদ্ধের কাছাকাছি নিয়ে যেতে পারে বা এটিকে প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক জোটে রূপান্তরিত করতে পারে’।

এ ছাড়া হাঙ্গেরিয়ান সরকার দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে অর্থায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছে এবং কিছু সময়ের জন্য ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ প্রদানে ইইউয়ের পরিকল্পনাও অবরুদ্ধ করেছে।

স্টলটেনবার্গ স্বীকার করেছেন, (ইউক্রেনকে) সমর্থনের কাঠামোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা এই নীতিতে একমত হয়েছেন: ‘(তারা) কোনও ভুল করবেন না, ইউক্রেন এখন এবং দীর্ঘ সময়ের জন্য ন্যাটো সমর্থনের ওপর নির্ভর করতে পারে।’
খবর বিবিসি

টাকা লুট ও শক্তির জানান দিতেই কেএনএফের হামলা : র‌্যাব

টাকা লুট ও শক্তির জানান দিতেই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও হামলা করেছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার-পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খন্দকার মঈন বলেন, বান্দরবান জেলায় বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠতা, উত্তরসূরিদের অনুপ্রেরণা ও বিশ্বে তাদের সহযোগীদের সক্ষমতা জানান দিতেই এ ঘটনাটি কেএনএফ সশস্ত্র সদস্যরা ঘটিয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, এর আগেও কুকি-চিন সদস্যরা টাকার বিনিময়ে জঙ্গিদের অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ দেওয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে আজ থেকে সাঁড়াশি অভিযান চালানো হবে।

তিনি বলেন, সম্প্রতি যে হামলাগুলো হয়েছে, সেখানে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের বিষয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, রুমা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলা উদ্ধার করা না গেলেও র‌্যাব, সেনাবাহিনী, পুলিশসহ সবার প্রচেষ্টায় কোনোরূপ ঝুঁকি না নিয়ে কৌশল ব্যবহার করে অপহরণের শিকার রুমা সোনালী ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে গোপনীয়তার কারণে কোন কৌশল অবলম্বন এবং রুমার কোন স্থান থেকে ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে জানাননি তিনি। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান।

গাজায় ত্রাণ প্রবেশে আরও পথ খুলছে ইসরায়েল

ইসরায়েল বলেছে, তারা গাজায় ত্রাণ প্রবেশের জন্য দুটি পথ খোলার অনুমোদন দিয়েছে, যাতে সেখানে আরও সাহায্য পাঠানো যায়।

উত্তর গাজার ইরেজ গেট যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অস্থায়ীভাবে খোলা হবে এবং আশদোদ বন্দরও মানবিক সহায়তা প্রবেশের জন্য খুলে দেওয়া হবে।

জর্ডান থেকে আসা আরও ত্রাণ কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

গাজায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ শেষে ত্রাণ প্রবেশের নতুন পথ খোলার অনুমোদন এলো।

ফোনকলের রিডআউট অনুযায়ী, বাইডেন সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি মার্কিন সমর্থন বজায় রাখতে চায়, তবে বেসামরিক ক্ষতি এবং মানবিক দুর্ভোগ প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে।

এটি বোঝা যায় যে, নতুন করে করিডোর খোলার জন্য বাইডেন ফোনকলে বিশেষভাবে অনুরোধ করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইসরায়েলের ঘোষিত পদক্ষেপকে তারা স্বাগত জানায়। তবে পদক্ষেপ দ্রুত এবং পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইসরায়েল দিকে পরিবর্তন না দেখলে মার্কিন নীতির পরিবর্তন হবে।

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৩৩ হাজারের বেশি লোকের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
খবর বিবিসি

১১ মের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মূল পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। এবারও একই সময়সীমার মধ্যে ফল প্রকাশিত হবে। আমরা ১১ মের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর সময়সূচির প্রয়োজন।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন সদস্য ও একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ১২ মার্চ এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সেই হিসাবে ১২ মের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।

তিনি বলেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। পরীক্ষকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছে উত্তরপত্র মূল্যায়নের জন্য। তারা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাবেন। তারপর সম্ভাব্য তারিখ ঠিক করে ফল প্রকাশের জন্য প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেটা ১১ মের মধ্যেই হওয়ার সম্ভাবনা শতভাগ।

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

ঈদের আগেই গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই

ইমাম মোয়াজ্জিন ও আলেমদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাই। এ শ্রেণির লোকদের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে দুবাই। তবে এ জন্য অভিজ্ঞতার শর্তারোপ করা হয়েছে। কেবল গোল্ডেন ভিসা নয়, দুবাইয়ের এসব ধর্মীয় বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা ইদুল ফিতর উপলক্ষে আর্থিক অনুদানও পাবেন। বার্ষিক সংস্কৃতির অংশ হিসেবে তাদের এ সুবিধা দেওয়া হবে।

যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামী বক্তা গত ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদের গোল্ডেন ভিসা দেওয়া হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন তারা।

দুবাইয়ের রাজ্য সরকার ‘দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অব দুবাই’র চেয়ারম্যান শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই ঘোষণা দিয়েছেন।

দুবাইয়ের গোল্ডেন ভিসার মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের হয়ে থাকে। অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই ভিসা অনেকটা সোনার হরিণের মতো।

গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী-সন্তানসহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাইয়ে আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরও অনেক সুবিধা পান। এক কথায় দুবাইয়ের গোল্ডেন ভিসাধারীরা সেখানকার সমাজের ‘ভিআইপি’।

এর আগে গত মাসে শেখ হামদান দুবাইয়ে ইমাম মোয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের অধীনে পরিচালিত সকল মসজিদে যারা কর্মরত রয়েছেন তাদের এ সুবিধা দেওয়ার কথা জানান তিনি।
খবর আর আরাবিয়া

শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার করতে দেশে ফিরেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক ধাপ নিচে নেমে গেলেন এই পেসার। টুর্নামেন্টটি শুরুর পর থেকেই সবার শীর্ষে ছিলেন টাইগার কাটার মাস্টার।

বৃস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মোস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত। যদিও এই সময়ের মধ্যে চেন্নাইয়ের কোনো ম্যাচ ছিল না।

আইপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি এই পেসার।

আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মোস্তাফিজকে পাচ্ছেন না পাঁচবারের চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে।

শুক্রবার ইরানের দিক থেকে হামলার আশঙ্কা করছে ইসরায়েল

যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কায় ইসরায়েলের ভেতরে বড় একটি অংশজুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

গত সোমবার সিরিয়ায় ইরানের কনস্যুলেট মিসাইল হামলায় অন্তত ১৩জন নিহত হবার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সে হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ঘোষণা দিয়েছে যে সেনাবাহিনীতে যেসব সৈন্য কমব্যাট ইউনিটে রয়েছে তাদের সব ছুটি স্থগিত করা হয়েছে।

ইসরায়েল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা অত্যাসন্ন। শুক্রবার এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছে।

কারণ এই দিনটিকে আল কুদস দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যেটি জুমাতুল বিদা হিসেবে পরিচিত। এই দিনটিতে ইরানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করা হয়।

বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরায়েল এ কাজ করেছে। কারণ, জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়।

তেল আবিব এবং জেরুজালেমের মতো বড় শহরগুলো থেকে অনেকে জানিয়েছেন যে, তারা জিপিএসের মাধ্যমে বিভিন্ন লোকেশন চিহ্নিত করতে পারছেন না।

বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি জেরুজালেমে অবস্থান করলেও তার জিপিএস সিস্টেমে লোকেশন কায়রোতে দেখাচ্ছে। আরো অনেকে সোশ্যাল মিডিয়াতে একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করছেন।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন যে ইসরায়েলের ভেতরে জিপিএস ব্লক করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিদের আহবান জানানো হয়েছে তারা যাতে তাদের মোবাইল ফোনের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে জিপিএস সেট করে। এর মাধ্যমে তারা যে কোন রকেট আক্রমণের সতর্কবার্তা আগে থেকে পাবে।

ইসরায়েল-লেবানন সীমান্তেও জিপিএস সিস্টেম বিঘ্নিত হচ্ছে। গত ছয় মাস যাবত এই সীমান্তে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের প্রতিনিয়ত গোলাগুলি হয়েছে।

এদিক ইসরায়েলি ডিফেন্স ফোর্স দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে, তারা যাতে ভীত হয়ে বাজার থেকে বেশি জিনিসপত্র ক্রয় না করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ প্লাটফর্মে আইডিএফ মুখপাত্র হাগারি লিখেছেন, জেনারেটর ও খাদ্য মজুত করার কোন প্রয়োজন নেই। তাছাড়া এটিএম বুথ থেকে বেশি অর্থ তোলার প্রয়োজন নেই।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি।

টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই : রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই। আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না।

আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। তারা খুব সহজেই এবার টিকিট পেয়েছেন। এবার মানুষের কোনো অভিযোগ নেই। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।