শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ইরানের পরবর্তী নেতা হওয়ার দৌড়ে খামেনির ছেলে মোজতবা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। রাইসির মৃত্যুর আগে থেকেই ইরানের সর্বোচ্চ নেতার ছেলেকে তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরির সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন- দ্য নিউ ইয়র্ক টাইমস।

৫৫ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের রাজনীতিতে অন্তরালের মানুষ হিসেবে পরিচিত। তবুও রাজনীতিতে মোজতবা খামেনির একটি শক্তিশালী প্রভাব রয়েছে। রাইসির মৃত্যুর আগে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার নামই বার বার উঠে এসেছিল। কিন্তু রাইসির আকস্মিক মৃত্যুর পর মোজতবা খামেনি ইরানের পরবর্তী নেতা হতে যাচ্ছেন সেই জল্পনা আরও বেড়েছে। তবে অনেক বিশ্লেষক বলেছেন, ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতার অবসর এবং তার জায়গায় নতুন উত্তরসূরি আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনেকেই মনে করছেন রাইসির মৃত্যু শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সূচনাই করবে না একইসাথে আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হওয়ার নির্বাচনকেও নতুন মোড় দেবে।

ক্লেমসন ইউনিভার্সিটির লেকচারার আরাশ আজিজি বলেন, ২০০৯ সালের দিকে মানুষ সর্বপ্রথম মোজতবা খামেনীকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসাবে কথা বলতে শুরু করে। তখন আমি এটিকে একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম। কিন্তু এখন আর তেমনটা নয়। এটা এখন খুব স্পষ্ট যে, মোজতবা খামেনী একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি অসাধারণ কারণ তিনি জনসাধারণের চোখে প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য ছিলেন।

আরাশ আজিজি আরও বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একটি ক্রমবর্ধমান অংশ প্রকাশ্যে মোজতবা খামেনীকে সমর্থন করতে শুরু করেছে।
মোজতবা খামেনি আয়াতুল্লাহর আলী খামেনীর ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি একজন রক্ষণশীল হার্ড-লাইনার হিসেবে পরিচিত। মোজতবা খামেনি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের করণিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে শক্তিশালী বিপ্লবী গার্ডের মধ্যে সম্পর্ক গড়ে তোলেন। এখন, তিনি তার বাবার অধিদপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করা হয়।

কিন্তু অনেক বিশ্লেষক আবার মনে করছেন খামেনি তার ছেলেকে উত্তরসূরী করবেন না। কারণ আয়াতুল্লাহ খামেনি নিজের ছেলেকে উত্তরসূরি করলে তাতে মনে হতে পারে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে গণতন্ত্র বজায় নেই এবং এখানে বংশানুক্রমিক ব্যবস্থা চালু হয়েছে।
মোজতবা খামেনি কোমে অবস্থিত ইরানের সবচেয়ে বড় সেমিনারিতে পড়ান। তবে রাজনৈতিক কৌশলে তিনি অনেক পারদর্শী বলে মনে করা হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপর তার বড় প্রভাব রয়েছে। এছাড়া ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গেও তার রয়েছে গভীর যোগাযোগ। সর্বপরী ইরানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে মোজতবা খামেনির উচ্চ-স্তরের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আয়াতুল্লাহ খামেনি তার ছেলেকে উত্তরাধিকার বিবেচনার তীব্র বিরোধী ছিলেন বলে বার্তা সংস্থা আইএলএনএকে বলেছেন সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলেম মাহমুদ মোহাম্মদী আরাঘি।

চলতি বছরের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার বিষয়ে আলোচনায় খামেনি এমন মনোভাব প্রকাশ করেন বলে জানান তিনি।

ইরানের নীতি অনুযায়ী, সর্বোচ্চ নেতার আসন শুন্য হলে বিশেষজ্ঞদের সমাবেশকে সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। ততদিন পর্যন্ত তারা দেশ পরিচালনার জন্য তিন বা পাঁচ সদস্যের নেতৃত্ব পরিষদ বেছে নিতে পারবে।

যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো

যমুনার বুকে এখন দৃশ্যমান ৪.৮ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরো কাঠামো। মোট ৫০টি পিলারের উপর বসানো হয়েছে ৪৯ টি স্প্যান। ইতোমধ্যে সেতুর উপর বসানো শুরু হয়েছে স্লিপারবিহীন রেল ট্র্যাক। পাশাপাশি সমান তালে এগিয়ে চলছে এপ্রোচ ডবল লাইনের রেলপথ বসানোর কাজও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, নিদিষ্ট সময়ের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

যমুনার বুকে দ্রুত এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে নদীর উপর দৃশ্যমান সেতুর ৪.৮ কিলোমিটারের মূল কাঠামোর পুরোটায়। মোট ৫০ টি পিলারের উপর বসানো হয়েছে ৪৯ টি স্প্যান। সেই সঙ্গে সেতুর স্প্যানে স্লিপার বিহীন রেললাইন বসানোর কাজও চলছে সমান তালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার ফেরদৌস ওয়াহেদ বলেন, দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুই পাড়ে চলছে এপ্রোচ ডাল লাইনের রেলপথ বসানোর কাজও। রাত দিন দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে প্রকল্পের নির্মাণ যজ্ঞ। ২৪ ঘণ্টায় দুই শিফটে রাত দিন চলছে সেতুর কাজ।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের (বাঁধ ও রেলপথ) প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, নদীর পূর্বপাড় টাঙ্গাইল অংশে থাকছে ৪ দশমিক ২ কিলোমিটার এপ্রোচ ডবল লাইন সুবিধা। আর নদীর পশ্চিম পাড় সিরাজগঞ্জ অংশে থাকছে ৩.৮ কিলোমিটার। এরই মধ্যে টাঙ্গাইল অংশে ৯০ শতাংশ আর সিরাজগঞ্জ অংশে ৮৫ শতাংশ এপ্রোচ রেলপথের কাজ শেষ হয়েছে।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, সেতুর পুরো কাজের অগ্রগতি বেশ সন্তোষজনক। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। নির্ধারিত সময় অর্থাৎ ডিসেম্বর ২০২৪ এর মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করার আশা রয়েছে বলে জানান তিনি।

প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা।

পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা নরওয়ের

স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে- তাহলে তাকে গ্রেফতার করা হবে।

নরওয়ে বলছে, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা ‘বাধ্য’।প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিলো।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু বুধবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ।

নরওয়ের একটি অনলাইন পোর্টালে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে গ্রেফতার করে প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পন করা হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে।

বার্থ এইডে আরো বলেন, কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে নরওয়ের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তর করে থাকে।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইতোমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে।

মূলত গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)।

আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন। করিম খান গত সোমবার জানান, তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের অন্য দুই নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন তিনি।

এখন হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে।

ইতালির নেপলসে ১৬০টিরও বেশি ভূমিকম্প!

১৬০টিরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির নেপলস। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই শহরে ও শহরের আশপাশে গত সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ভূমিকম্প রেকর্ড করা হয়।

এদিকে ভূমিকম্পের পর ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেখানকার বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইতালির নেপলসের আশপাশের এলাকায় একের পর এক ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এবং রাতে সেখানে ১৬০ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

বিবিসি বলছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি স্বীকার করেছেন, একের পর এক কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হতে পারেন। তবে তিনি বলেছেন, কর্মকর্তারা তাদের বিষয়ে দেখছেন।

এছাড়া ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। যদিও অন্য কিছু বাসিন্দা তাদের আত্মীয়দের সাথে থাকতে অন্যত্র চলে যান।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, গত কয়েক মাসে যে নিম্ন-স্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে। স্থানীয় একটি আউটলেট নেপলসের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

যদিও অবকাঠামোর কোনও উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পোজুলিতে মহিলাদের কারাগার সতর্কতা হিসাবে খালি করে দেওয়া হয়।

গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত আরও ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে আরও ৮৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার দেশটি।

বুধবার (২২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তঃসত্ত্বা এক নারী এবং তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থাটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা করা হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

ভোরে মধ্য গাজার জাওয়াইদা এলাকার আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছে। পশ্চিম রাফাহের তাল আস-সুলতান এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা করেছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল।

আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজার ৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ৮৫২ জন। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার রাফাহ শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে।

এমন হুঁশিয়ারির জবাবে পরদিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, কোনো ধরনের চাপই ইসরাইলকে গাজা গণহত্যা ও চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে। এমন অবস্থার মধ্যেই রাফায় অভিযান শুরু করে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার, যা বললেন শান্ত

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর স্থানে থাকা দলটির কাছে প্রথম ম্যাচেই হারের ইতিহাস গড়েছে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও তাওহিদ হৃদয়ের অর্ধশত রানে ভর করে ১৫৩ রান সংগ্রহ করে টাইগাররা। তবুও বোলারদের ব্যর্থতায় ম্যাচটিতে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এমন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন। পাশাপাশি ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুলেছেন উইকেটকেও।

নাজমুল শান্ত বলেন, আমরা ভালো ব্যাট করিনি, মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।

ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরম্যান্সে এমন দশা উল্লেখ করে শান্ত আরও বলেন, আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।

ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপও ঝরেছে অধিনায়ক শান্তর কণ্ঠে। তিনি বলেন, আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। সবশেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করছি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারের আল-জাজিরা টিভি এ কথা জানিয়েছে।

টিভি চ্যানেলের খবরে বলা হয়, ফিলিস্তিনি ভূ-খন্ডের উত্তরে জাবালিয়া এবং বেইত লাহিয়া শহরে বিমান হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরো অনেক আহত হয়েছেন।

আল-জাজিরা আরও জানিয়েছে, গাজা শহরের আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর গোলাবর্ষণে ১২ বেসামরিক লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকান্ডের প্রতিক্রিয়া হিসাবে হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ করে ভয়াবহ বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এতে গোটা গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। চলমান যুদ্ধে ৩৫ হাজারের বেশি নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু।

দুই সপ্তাহে গাজায় বাস্তুচ্যুত ৯ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বিগত দুই সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনের মুখে ফের বাস্তুচ্যুত হয়েছে ৯ লাখ মানুষ। জাতিসংঘের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণের ভিত্তিকে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চলতি মাসের শুরুতে রাফাহে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সময় তারা রাফাহে অবস্থানরত ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দেয়। মূলত রাফাহে চলমান ভয়াবহ যুদ্ধের কারণে প্রাণ বাঁচাতে শহরটির বাসিন্দা এবং সেখানে আগে থেকে আশ্রয় নেওয়া গাজার অন্যান্য অঞ্চলের বাসিন্দারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

জাতিসংঘ গতকাল সোমবার জানিয়েছে, গত ৬ মে থেকে শুরু করে গত ১৮ মে পর্যন্ত ১৩ দিনে রাফাহ থেকে প্রায় ৮ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় ১ লাখ মানুষ। সব মিলিয়ে গাজায় এই সময়ের মধ্যে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন—গাজায় কোনো ধরনের গণহত্যা চলছে না। এর মধ্য দিয়ে তিনি মূলত, ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের পক্ষেই কথা বললেন। গতকাল সোমবার তিনি হোয়াইট হাউসে ইহুদির একটি উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন। বাইডেন বলেন, ‘আমাকে স্পষ্ট করে বলতে দিন—আন্তর্জাতিক বিচার আদালতের ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে আমি বলতে চাই, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটি (এই অভিযোগ) প্রত্যাখ্যান করি।’

এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান কর্তৃক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও দুই ইসরায়েলি কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন, আমরা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আইসিসিতে করা আবেদন প্রত্যাখ্যান করছি।’

৪০০ আসন না পেলেও জিতবে মোদির জোট : প্রশান্ত কিশোর

ভারতের চলমান ১৮ তম লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে ভারতে ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, এবারের নির্বাচনে বিজেপি ৩৭০টি আসন যেমন পাবে না তেমনি দলটির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও (এনডিএ) ৪০০ আসন পার করতে পারবে না। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্রশান্ত কিশোর বলেন, কখনো কখনো তাঁদের দলগুলোর আসন পাওয়ার বিষয়ে একটি সংখ্যা উল্লেখ করতে জোর করা হয়। কিন্তু তিনি যা বলেন, তা কেবলই অনুমান। কোন দল কটি আসন পাবে তা কেউ জানে না। তিনি বলেন, ‘যখন ভিন্ন মতাদর্শের দুটি দল নির্বাচনে লড়াই করে তখন কথার যুদ্ধ হবেই হয়। তবে বর্তমান পরিস্থিতিতে এমন কিছু দেখা যাচ্ছে না, যেখান থেকে বলা যায় আশ্চর্য কিছু ঘটবে।’

সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী দল দরকার। তিনি বলেন, ২০১৯—এর নির্বাচনে কোনো দলই ৫০ শতাংশ ভোট পায়নি। বিজেপি পেয়েছিল ৪০ শতাংশের মতো ভোট পেয়েছিল। তাঁর মতে, এনডিএ জোট ৪০০ আসন না জিতলেও এবারও তারাই ক্ষমতায় আসবে। কারণ বিরোধীরা ততটা কার্যকর ও বিশ্বাসযোগ্য নয়। এবার এনডিএ জোটের আসনসংখ্যা কমতে পারে বলেও ইঙ্গিত করেন তিনি।

চলমান লোকসভা নির্বাচনের প্রথম থেকে পঞ্চম দফার ভোটের পর কংগ্রেসসহ বিরোধী দলগুলো দাবি করেছে, বিজেপি হেরে যাচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলোকেই বলতে হবে, বিজেপি কোথায় কত আসন হারাচ্ছে।

লোকসভা নির্বাচনের প্রক্রিয়ার শুরু থেকেই দেখা যাচ্ছে বিজেপি ও নরেন্দ্র মোদী রাম মন্দির ও জাতীয়তাবাদের কথা বলছেন। কিন্তু তারপরও প্রশান্ত কিশোর মনে করেন, ভারতের অর্ধেকের বেশি হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছে না।

ভারতের এই ইলেকশন ইঞ্জিনিয়ার বলেন, ২০১৯ সালের নির্বাচনে মুসলিমরা ভোট না দিলেও বিজেপি সারা দেশে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি দেশের ৮০ শতাংশ হিন্দু জনসংখ্যার মধ্যে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। এর অর্থ হলো বিজেপি অর্ধেকেরও কম হিন্দুর ভোট পেয়েছে।

কোন কোন হিন্দু সম্প্রদায়ের লোক বিজেপিকে ভোট দিচ্ছে না—এই প্রশ্নের জবাবে প্রশান্ত কিশোর বলেন, হিন্দুদের মধ্যে যারা গান্ধীকে বিশ্বাস করেন, তাঁরা বিজেপির হিন্দুত্বে বিশ্বাস করেন না। যারা আম্বেদকরকে বিশ্বাস করেন, তারা বিজেপি আদর্শ মানতে প্রস্তুত নন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হিন্দুরা বিজেপিকে ভোট দিতে তৈরি নয়। এ ছাড়া সমাজতান্ত্রিক লোহিয়ার মতাদর্শে বিশ্বাসী হিন্দুরাও বিজেপির আদর্শ মানতে তৈরি নয় বলেও জানান তিনি।

প্রশান্ত কিশোরের মতে, বিজেপির বিরুদ্ধে জয়ী হতে চাইলে এই চার শ্রেণির ভোটারদের সঙ্গে বিরোধী দলগুলোর সংযোগ আরও বাড়াতে হবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযোগে গ্রেফতার ১২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ মে) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২১ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৩৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।