শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, রোববার আঘাতের শঙ্কা

গত বছরের ডিসেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড় ছিল মিগযাউম। অতঃপর পাঁচ মাস সাগর ছিল নিরুত্তাল। পুনরায় চোখ রাঙাচ্ছে বড় ঘূর্ণাবর্ত। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘রেমাল’ আগামীকাল শুক্রবারের পর তার গতিপথ চূড়ান্ত করতে পারে।
এটি বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড গতিতে আঘাত হানতে পারে বলে এখনই ধারণা করা হচ্ছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার; যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে, তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে আসছে। শক্তি বাড়িয়ে এটি কাল শুক্রবার শেষ রাতের দিকে নিম্নচাপ এবং শনিবার এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে। সেদিনই প্রবল সাইক্লোনে রূপ পরিগ্রহ করতে পারে। এর ব্যাপ্তি এবং স্থায়িত্ব অন্যান্য ঘূর্ণিঝড়ের থেকে প্রবল হতে পারে। গতকাল রাত ১০টায় লঘুচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, যা ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। আজ বৃহস্পতিবার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার পরদিন এটির গতি বাড়তে পারে ৭০ কিলোমিটারে। তবে লঘুচাপটি এখনো বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে এবং তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের কাছাকাছি থাকায় দেশের মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোর জন্য কোনো সতর্কতা নেই।

এদিকে জাপানের কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র থেকে মেঘের শীর্ষের তাপমাত্রা ও মেঘের গঠন বিশ্লেষণ করে কানাডার সাসকোচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, গতকাল বুধবার সকাল ৯টার পর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে (ব্লেয়ার বন্দরের দক্ষিণ-পশ্চিম দিকে) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল’ ২৬ মে সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে; চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করতে পারে সকাল ৬টার পর থেকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় ২৬ মে দুপুর ১২টার পর থেকে বিকাল ৬টার মধ্যে। ঘূর্ণিঝড় বৃত্তের পেছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে রাত ১২টা পর্যন্ত লেগে যেতে পারে। তিনি জানান, ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে, তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার; যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লিউএফ) জানিয়েছে, আজ বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আগামীকাল শুক্র বা শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, শনিবার ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে। লঘুচাপটির সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো মডেল বলছে, এটির গতিপথ হতে পারে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে। আবার কোনো কোনো মডেল বলছে, পশ্চিমবঙ্গে এটি আছড়ে পড়তে পারে। উপকূলে আসতে আঘাত করবে আগামী ২৬ মের দিকে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বর্তমান যে প্রেডিকশন, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই অঞ্চলের দিকেই এর গতিপথ। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। আজ বা কাল শুক্রবারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ২৪ মে রাতে বা ২৫ মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি বলেন, প্রতিনিয়ত এটার গতিপথ পরিবর্তিত হচ্ছে, রাতে একটা গতিপথ থাকছে, আবার সকালে আরেকটা হচ্ছে; অর্থাত যতক্ষণ পর্যন্ত না নিম্নচাপে রূপ নেয়, ততক্ষণ পর্যন্ত তার আগের সব গতিপথ পরিবর্তিত হবে। যখন নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তখন গতিপথ স্থির হবে। তখন স্পষ্টভাবে বলা যাবে, এটা কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে।

বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল

বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল। ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে চলমান ১০ম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের সাইডলাইনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সাথে নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচমন্ত্রী শক্তি বাহাদুর বাসনেত এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককালে নেপালের মন্ত্রী এ আগ্রহ প্রকাশ করে।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় নেপালের মন্ত্রী বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা ও ডিজিটাল পদ্ধতিতে সেচ প্রযুক্তির প্রশংসা করেন এবং এ প্রযুক্তিটি নেপালের কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, নেপালের একটি প্রতিনিধদল সম্প্রতি বরেন্দ্র অঞ্চলে সরেজমিনে প্রযুক্তিটি পরিদর্শন করেছে। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বিনিয়োগ কামনা করেন নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী শক্তি বাহাদুর বাসনেত এবং ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি। এসব বিষয়ে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

দক্ষ মানবসম্পদ তৈরিতে ইউসেফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেফ, বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ইউসেফ নামক কর্মজীবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা করেছিলেন।

আজ বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কনভেনশন হলে ইউসেফের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান ড. মো আলাউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ড. মো. আব্দুল করিম। ইউসেফ বোর্ড অফ গভর্নরস এর সাবেক চেয়ারম্যান পারভীন মাহমুদ, ইউসেফ অ্যাসোসিয়েশনের সদস্য জেবা রশীদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে কানাডার হাইকমিশনার লিলি নিকলস এবং বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও বিকাশের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে কাজ করে চলেছেন। যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে উদ্বুদ্ধ করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে হবে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সেই লক্ষ্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও সমান সুযোগ প্রদান করতে হবে।

তিনি বলেন, উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ প্রজন্ম নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে ইউসেফ প্রতিষ্ঠিত হয়েছিল। অস্বচ্ছল পরিবারের সুবিধা বঞ্চিত শিশুরা আজ কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন- এটাই ইউসেফের সফলতা।

এ সময় স্পিকার ইউসেফ এর শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন এবং ইউসেফের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

তদন্তের স্বার্থে আমরা সবকিছু বলতে পারছি না : ডিবিপ্রধান

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে পুলিশ সবকিছু বলতে পারছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েকজন আছে আমাদের কাছে, তাদের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা সবকিছু বলতে পারছি না।

আজ বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কী কারণে হত্যার ঘটনা ঘটেছে জানা গেছে কিনা —এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আসলে এটা কী কারণে ঘটেছে তা জানতে আমাদের তদন্ত চলছে। এটা পারিবারিক নাকি আর্থিক অথবা এলাকায় কোনো দুর্বৃত্তদের দমন করার কারণে এমন ঘটনা ঘটেছে কি না, সবকিছু আমরা তদন্তে বের করে আনব।

আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্যকে যেভাবে বাংলাদেশি অপরাধীরা নির্মমভাবে হত্যা করেছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব, বিচারের মুখোমুখি আনব। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না।

এ ঘটনায় নিহতের মেয়ে থানায় মামলা করবেন। আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছে বলেও জানান ডিবিপ্রধান।

হারুন বলেন, নিহত এমপির মেয়ে আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন। এরপর আর পাওয়া যায়নি। সেখানে কী ঘটেছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন। মামলা কীভাবে কোথায় করবেন, তা আমরা বলেছি। তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। আমরা তাকে বলেছি শেরে বাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছে। মামলাটি আজকের মধ্যেই হবে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে। মিডিয়া রিপোর্টে এই কথা বলা হয়েছে।

আয়ারল্যান্ড মাসের শেষ নাগাদ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ইঙ্গিত দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের নেতারা স্থানীয় সময় সকাল ৮টায় (০৭০০ জিএমটি) একটি সংবাদ সম্মেলন যোগ দেয়ার কথা রয়েছে।

জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিই এবং আইরিশ টাইমস উভয়ই রিপোর্ট করেছে যে, সিদ্ধান্তটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রন্ত্রনালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ আয়ারল্যান্ডকে উল্লেখ করে একটি ভিডিও বার্তা পোস্ট করে সতর্ক করে দিয়ে বলেছে, ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলে তা আপনাকে ইরান এবং হামাসের হাতে একটি দাবার গুটিতে পরিণত করার মতো ঝুঁকিপূর্ণ হবে।’ এতে আরও বলা হয়, এই পদক্ষেপ ‘কেবল চরমপন্থা এবং অস্থিতিশীলতাকে প্রজ্জ্বলিত করবে’।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত সপ্তাহে বলেছেন, তিনি বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তারিখ ঘোষণা করবেন। এরপরেই আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং মন্ত্রী ইমন রায়ানের প্রত্যাশিত ঘোষণাটি দেবেন বলে আশা করা হচ্ছে।

সানচেজ মার্চ মাসে বলেছিলেন, স্লোাভেনিয়া এবং মাল্টার সাথে স্পেন এবং আয়ারল্যান্ড ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দিকে তাদের প্রথম পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। তারা স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে অপরিহার্য মনে করে।

ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি স্বীকৃতির পরিকল্পনা একটি ‘সন্ত্রাসবাদের জন্য পুরস্কার’ যা গাজা যুদ্ধে একটি আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে।

কয়েক দশক ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ফিলিস্তিনিদের এবং তাদের ইসরায়েলি প্রতিবেশীদের মধ্যে শান্তি প্রক্রিয়ার শেষ প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও বেশির ভাগ পশ্চিম ইউরোপীয় দেশ বলেছে, তারা একদিন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইচ্ছুক। তবে চূড়ান্ত সীমানা এবং জেরুজালেমের অবস্থার (নিয়ন্ত্রন কিভাবে হবে) মতো কঠিন বিষয়ে চুক্তিতে পৌঁছানোর আগে নয়।

কিন্তু হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানের পর কূটনীতিকরা বিতর্কিত ধারণাগুলো পুনর্বিবেচনা করছেন।

পশ্চিম ইউরোপে প্রথম ইইউ সদস্য হিসেবে সুইডেন ২০১৪ সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সুইডেনে একটি বৃহৎ ফিলিস্তিনি সম্প্রদায় রয়েছে।

এটি এর আগে ছয়টি ইউরোপীয় দেশ বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৫ হাজার ৬৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে।

এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপদে নির্ভীক চিত্তে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করছেন। সকল ধর্মের মানুষের মেলবন্ধনে আমাদের দেশে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে।

আইজিপি আজ বুধবার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আমরা আজ বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে উৎসবের আনন্দে মিলিত হতে এখানে এসেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে যেকোনো সময়ের তুলনায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ফলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘেœ পালন করছেন।

পরে উপস্থিত সংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ অফিসিয়ালি আমাদেরকে নিশ্চিতভাবে কিছু জানায়নি। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম,ডিএমপি কমিশনার হাবিবুর রহমান,ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড.খঃ মুহিদ উদ্দিন,বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত–নির্বিশেষে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করবেন।

প্রধান কৌঁসুলি করিম খান আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর এই কথা বলেছেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, ‘অত্যন্ত একরোখা এ সিদ্ধান্তের’ বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর। রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এমন মন্তব্য করলেন ব্লিঙ্কেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে।

এর আগে গত সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। ওই আবেদনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন।

মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। এতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান, যেসব দেশের বিচারব্যবস্থা স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক, তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে আইসিসিকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নে ব্লিঙ্কেন সমর্থন দেবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি উপযুক্ত পদক্ষেপ নির্ধারণের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। এমনটা করতে আমি বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘নিঃসন্দেহে একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নির্ধারণের জন্য আমাদের উদ্যোগী হতে হবে।’

ইতিমধ্যে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসে দুটি বিল উত্থাপন করা হয়েছে।
খবর বিবিসি

এমপি আজীম হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা আটক : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেখানে ঢুকেছিল, কিন্তু লাশ সেখানে পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। ডিবি তাদের আটক করেছে। কলকাতা পুলিশও দুইজনকে আটক করেছে।

তিনি বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে। আমরা কূটনৈতিক মিশনের মাধ্যমে খোঁজ রাখছি। সেই সঙ্গে মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

ড. হাছান মাহমুদ বলেন, আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে, দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এমপি আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা ও তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। মূলত ডাক্তার দেখানের উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে ভারতে যান তিনি। পরে ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। ওইদিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস।

চেলসি ছাড়লেন পচেত্তিনো

প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর চেলসি ছাড়লেন কোচ মাউরিসিও পচেত্তিনো। স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র এক মৌসুম কাটানোর পর ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড়াছাড়ি হয়ে গেছে এই আর্জেন্টাইনের।

গত ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। তখন যদিও দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৫২ বছর বয়সী কোচ। এমনকি চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগও ছিল। কিন্তু মাত্র এক মৌসুম শেষেই বিদায় নিতে হলো তাকে।

পচেত্তিনোর অধীন সদ্য সমাপ্ত মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি চেলসির। তবে শেষদিকে টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান নিশ্চিত করে ব্লুজরা। এ ছাড়া কারাবো কাপের রানার্সআপ হওয়ার পাশাপাশি এফএ কাপের সেমিফাইনালেও উঠেছিল তারা।

সবশেষ পাঁচ বছরে ছয়বার কোচ পাল্টেছে চেলসি। এর মধ্যে টমাস টুখেল ও গ্রাহাম পোটারকে বরখাস্ত করার পর ২০২২-২৩ মৌসুমের শেষদিকে সাময়িকভাবে দায়িত্ব নিয়েছিলেন ক্লাবের সাবেক অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যম্পার্ড। এরপর আনা হয় পচেত্তিনোকে।

পচেত্তিনো বিদায় নেওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই নতুন কোচের সন্ধানে নামবে চেলসি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ মে) সকাল ৬টা থেকে বুধবার (২২ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৫১৮টি ইয়াবা ট্যাবলেট, ৫৯১ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩২৯ বোতল ফেনসিডিল ও ১৬ গ্রাম আইস জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।