শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৮১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩৬ হাজার ৫০ জনে। আর আহত ফিলিস্তিনের সংখ্যা ৮১ হাজার ২৬ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী রাফার তাল আস-সুলতান, সৌদি, তাল জারুব এবং আল-হাশাশিন এলাকায় লক্ষ্যবস্তু করে গুলি চালিয়ে যাচ্ছে।

তারা রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে। এতে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী আগে জানিয়েছে যে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ক্যাম্পে হামলা চালিয়েছে।

ইসরায়েলের শীর্ষ সামরিক প্রসিকিউটর রাফাহ হামলাকে ‘খুব গুরুতর’ বলে বর্ণনা করেছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২ হাজারেরও বেশি মানুষ

ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনির একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় জীবিত সমাহিত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ। দেশটি জাতিসংঘকে এমন তথ্যই জানিয়েছে। মূলত দিন দুয়েক আগের ওই ভূমিধসে গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

আজ সোমবার (২৭ মে) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের একটি প্রত্যন্ত গ্রামে প্রবল ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক চাপা পড়েছে বলে পাপুয়া নিউ গিনি সোমবার জাতিসংঘকে অবহিত করেছে। মূলত একটি চিঠিতে দেশটি জাতিসংঘকে এই তথ্য জানায় এবং সেই চিঠির একটি অনুলিপি এএফপির হাতে এসেছে।

পাপুয়া নিউ গিনির জাতীয় দুর্যোগ কেন্দ্র রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত জাতিসংঘের অফিসকে বলেছে, ‘ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক জীবিত সমাহিত হয়েছে এবং এই ভূমিধস বড় ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম।

কাওকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় এই ভূমিধস ঘটেছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি।

দুর্যোগ অফিস বলেছে, ভূমিধসের ফলে ভবন, খাবারের গাছের বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনৈতিক লাইফলাইনে বড় ধরনের প্রভাব পড়েছে।

সোমবার সকালে জাতিসংঘের কর্মকর্তারা এই চিঠিটি পেয়েছেন। সেখানে আরও বলা হয়েছে, পোরগেরা মাইনে যাওয়ার প্রধান মহাসড়কটি ‘সম্পূর্ণভাবে অবরুদ্ধ’।

এতে বলা হয়েছে, পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়ে গেছে। কারণ ল্যান্ডস্লিপটি ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, আর এটি উদ্ধারকারী দল এবং বেঁচে থাকা বাসিন্দা উভয়ের জন্যই বিপজ্জনক।

বিএনপি নেতাকর্মীরা দুর্যোগে সহযোগিতার নামে ফটোসেশন করে : কাদের

বিএনপি নেতাকর্মীরা দুর্যোগে সহযোগিতার নামে ফটোসেশন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৭ মে) দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি। বেড়িবাঁধ ভেঙেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক লাইন, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপকূলবর্তী এলাকার দলীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অনেক এলাকা এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ঘূর্ণিঝড় রেমাল : বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে পিডিবি

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে দেশজুড়ে প্রায় লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

পিডিবির তথ্যমতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে পিডিবির জনসংযোগ কর্মকর্তা শামীম হাসান বলেন, ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে অনেক বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত খুলনা ও বরিশাল অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে তারা ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। গতকাল এই পরিমাণ ছিল ১২ হাজার মেগাওয়াটের বেশি।

উৎপাদন কমে যাওয়ার ফলে মধ্যরাত থেকে ঢাকার কিছু এলাকাসহ সারা দেশের অনেক উপজেলায় লোডশেডিং চলছে।

সৌদি আরব পৌঁছেছেন ৪৫০৪৩ জন হজযাত্রী

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত (২৭ মে রাত ২টা) সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী। মোট ১১৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪১ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ৭৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১১৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৪টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৭৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। এরমধ্যে ২৫ মে মক্কায় মারা যান মো. শাহজাহান। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন গাইড হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো খুব শিগগির পরিদর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৭ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন পরিদর্শনে যাবেন তখন দলের নেতাকর্মীরাও সেখানে যাবেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি।

মানবিক কাজে বিএনপিকে দেখা যায় না বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিরোধী দল হিসেবে বার বার ব্যর্থ হয়েছে। তারা সাহায্যের নামে ফটোসেশন করেন। মানবিক কাজে দাঁড়ায় না। তাদের কাজই ফটোসেশন করা। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখে না।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় সকাল থেকে বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। ফলে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে আজ সকাল ৭টার কিছু পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। হুট করে ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

১৭ ঘণ্টা পর চালু শাহ আমানত বিমানবন্দর

১৭ ঘণ্টা পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়।

ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এয়ারফিল্ড এবং রানওয়ের সব ন্যাভিগেশন সাপোর্টসহ দৃঢ়ভাবে সক্রিয় রয়েছে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।

প্রিমিয়ার লিগে ফিরলো সাউদাম্পটন

মাত্র এক মৌসুম পরই ইংলিশ ফুটবলের শীর্ষস্তর প্রিমিয়ার লিগে ফিরলো সাউদাম্পটন এফসি। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল দলটি। টানা ১১ বছর প্রিমিয়ার লিগে থাকার পর ২০২২-২৩ মৌসুমে অবনমন হয়েছিল ক্লাবটির। খেলতে হয়েছিলো দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে।

রোববার (২৬ মে) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিডসকে ১-০ গোলে হারায় সাউদাম্পটন। ম্যাচের ২৪ তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং। লিড নিয়ে বিরতিতে যায় সাউদাম্পটন। বিরতির পর দুদলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় পক্ষই। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যাম্পশায়ার প্রদেশের ক্লাবটি।

নিয়ম অনুযায়ী ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হিসেবে লেস্টার সিটি ও রানার্সআপ হয়ে ইপ্সউইচ টাউন আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে ওঠে আগেই। বাকি ছিলো তৃতীয় দল হিসেবে কারা উঠবে প্রিমিয়ার লিগে সেই হিসাব।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নশিপ টেবিলের তিন ও চার নম্বরে ছিল লিডস এবং সাউদাম্পটন। তারা প্লে-অফের সেমিফাইনালে লড়াই করে টেবিলের ছয় ও পাঁচে থাকা যথাক্রমে নরউইচ সিটি ও ওয়েস্ট ব্রমের বিপক্ষে। স্ব স্ব ম্যাচ জিতে চূড়ান্ত প্লে অফে মুখোমুখি হয় তারা।

জয় দিয়েই বার্সা অধ্যায় শেষ করলো জাভি

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার শেষ ম্যাচডে তে জয় দিয়ে এবারের মৌসুমের ইতি টানলো বার্সেলোনা। সেইসাথে ক্লাবটির সদ্যবিদায়ী কোচ জাভি হার্নান্দেজও তার দায়িত্ব শেষ করলেন। শেষবারের মতো বার্সার ডাগআউটে দেখা গেলো তাকে। রোববার (২৬ মে) দিবাগত রাতে লিগের শেষ ম্যাচে সেভিয়ার মুখোমুখি হয় বার্সা। ২-১ ব্যবধানে ম্যাচ জেতে কাতালানরা।

সেভিয়ার মাঠ রামন সানচেজ স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। তবে সেভিয়া সেই গোল শোধ করে দেয় প্রথমার্ধেই। ম্যাচের ৩১ মিনিটে ইউসুফ এন-নেসিরি গোল করে ম্যাচে সমতায় ফেরান। ৫৯ তম মিনিটে বার্সেলোনার হয়ে ফের্মিন লোপেজ গোল করলে লিড পায় বার্সা। লোপেজের এই গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

চলতি বছরের জানুয়ারিতে হুট করেই মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন বার্সা কোচ জাভি। কোনোভাবেই নিজের সিদ্ধান্তে পরিবর্তন না করার কথা বললেও এপ্রিলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বদলে যায় তার ভাবনা। চুক্তির আরেকটি মৌসুম থেকে যাওয়ার কথা নিশ্চিতও করেন তিনি। কিন্তু নাটকীয় পালাবদলে এক মাস পরই তাকে চাকরিচ্যুত করে কাতালান ক্লাবটি। বার্সার আর্থিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করায় বোর্ডের পক্ষ থেকে দায়িত্ব ছাড়তে বলা হয় জাভিকে।

উল্লেখ্য, সেভিয়ার বিপক্ষে এই ম্যাচ দিয়েই শেষ হলো দলটিতে জাভির আড়াই বছরের ডাগআউট অধ্যায়। বার্সার নতুন দায়িত্বে সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।