শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

শেষ মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন, বিমানবন্দরে হতাশা

বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন কয়েকশ মানুষ, যাদের বেশিরভাই ফ্লাইট ধরতে পারছেন না।

বিদেশে কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের জায়গা মালয়েশিয়ার শ্রমবাজার গতকাল শুক্রবার বন্ধ হয়ে গেছে। এর মধ্য দিয়ে ফুটে উঠেছে একটি সিন্ডিকেট বা চক্রের নির্মম দুর্নীতির চিত্র। তাদের মাধ্যমে দেশে ও বিদেশে প্রতারিত হয়েছেন হাজারো কর্মী, যার চিত্র গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে।

গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুমোদন পাওয়া প্রায় সাড়ে তিন হাজার কর্মীকে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে দেখা যায়।

গতকাল মালয়েশিয়া যেতে শেষবারের চেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত হন বঞ্চিত কর্মীরা। এসব কর্মীর মধ্যে বেশির ভাগই জমি বা শেষ সম্বলটুকু বেচে ও চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার টাকা জোগাড় করেন। নির্দিষ্ট সময় শেষে নিদারুণ স্বপ্নভঙ্গের মাধ্যমে তাঁদের সে আশা শূন্যে মিলিয়ে গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র বলছে, গতকাল বাংলাদেশ থেকে ১২টি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এসব ফ্লাইটে দুই হাজার থেকে আড়াই হাজার কর্মী মালয়েশিয়া গেছেন।

গতকাল সকাল থেকে বিমানবন্দরে প্রায় পাঁচ হাজার কর্মী অবস্থান করেন। কর্মীদের দাবি, এজেন্সিগুলো টিকিটের ব্যবস্থা করে দেবে বলে তাঁদের আশ্বাস দিয়েছে। কিন্তু সে টিকিট কখন দেবে, ওই নিশ্চয়তা দেওয়া হয়নি। এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকেন কর্মীরা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার সরকারের সঙ্গে অনুষ্ঠিত আজকের (গতকাল) অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ থেকে আজ রাত পর্যন্ত যত কর্মী যাবেন, সবাইকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে।

বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের হাহাকার:

কর্মীদের মধ্যে অনেকে তিন-চার দিন ধরে শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছিলেন। এই কয়েকটি দিন আশা-নিরাশার দোলাচলে সময় কেটেছে তাঁদের।

রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজের মাধ্যমে ২৪ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা। কিন্তু তিন দিন ধরে বিমানবন্দরে অবস্থান করেও তাঁরা টিকিটের দেখা পাননি।

গতকাল নওগাঁর বাসিন্দা মো. সাইফুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘মালয়েশিয়া যেতে না পারলে আর বাড়ি ফেরা হবে না। জমি বন্ধক রেখে, সুদে ও কিস্তিতে ঋণ করে ছয় লাখ টাকা জোগাড় করেছি। যদি মালয়েশিয়া না-ই যেতে পারি, না-ই কাজ করতে পারি, এই টাকা আমি দেব কোথা থেকে?’

জামালপুরের বাসিন্দা মো. রুবেল বলেন, ‘আজকে যেতে না পারলে তো পুরো নিঃস্ব হয়ে যাব। তারা টাকা ফেরত দেবে কি না, সঠিক জানি না। জমি বেচে, সুদে ও কিস্তিতে ঋণ করে ছয় লাখ টাকা জোগাড় করেছি। এখন যেতে না পারলে বাড়ি কিভাবে ফিরব জানি না। ’

একই জেলার বাসিন্দা সালমা বেগম বলেন, ‘তিন দিন ধরে শুধু বিমানবন্দরে ঘুরতে আছি। গত পরশু বাড়ি থেকে নিয়া আসছে। বলে—তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের টিকিট দেব। এখন টিকিটও পাই না, কিছু বলেও না। নদীর মাঝে ডুবে মানুষ যেমন হাবুডুবু খায়, আমাদের ওই রকম অবস্থা। ’

শুধু সাইফুল্লাহ, রুবেল বা সালমা বেগম নন, বিমানবন্দরজুড়ে এমন হাজারো কর্মীর মধ্যে এই হতাশা। পটুয়াখালী থেকে এসেছেন মো. শফিক শিকদারসহ পাঁচজন। কিন্তু টিকিটের সুরাহা হয়নি।

শফিক শিকদার সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন আমাদের বলছে যে আপনারা যদি টিকিট কাটতে পারেন, তাহলে কেটে চলে যান। এখন ব্যাপারটা যদি আমাদের ওপর ছেড়ে দেয়, তাহলে আমরা এদের কাছে কেন গেলাম? কেন তাহলে তখন বলল যে তারা সব কিছু করে দেবে। এখন আমাদের মাথার ওপর ভার চাপিয়ে তারা পালিয়ে যাচ্ছে। আমাদের কোনো ফ্লাইট পাওয়ার সুযোগ নেই। এখন শুধু অন্ধকার দেখছি। অনেক কষ্টে সুদের ওপর ঋণ করে টাকা নিয়ে আসছি। এই কিস্তির টাকা প্রতি সপ্তাহে দিতে হবে। এটা ঠিকমতো দিতে না পারলে আমার নামে মামলা করে দেবে তারা। ’

খুলনার বাসিন্দা শিহাব মোল্লা বলেন, ‘দালাল শুধু বলতাছে টিকিট আছে, দিচ্ছি, বিমানবন্দরে আসেন। এ রকম তিন দিন ধরে ঘোরাচ্ছে। প্রতিদিনই শুধু আসি আর যাই। এখন টাকা তো তাদের হাতে। আমরা তাদের কাছে জিম্মি। তারা যা করছে, আমাদের তা-ই মানতে হচ্ছে। এখন বলতাছে, আজকে হবে। কিন্তু কখন হবে, তা বলতাছে না। ’

এ বিষয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) যুগ্ম সম্পাদক টিপু সুলতান কালের কণ্ঠকে বলেন, ‘৩১ তারিখে বন্ধ হয়ে যাচ্ছে, এটা সবাই আগে থেকে জানত। আমরা সরকারকে বলেছিলাম, কূটনৈতিকভাবে আলাপ-আলোচনা করে যদি অধিকসংখ্যক চার্টার্ড ফ্লাইট করা যেত, তবে এ সমস্যা অনেক আগেই দূর করা যেত। আমরা মনে করি, সরকারের উদ্যোগের অভাব ছিল। এখনো সরকারই পারে যাঁরা ভিসা পেয়েছেন, কূটনৈতিকভাবে তাঁদের যাওয়ার ব্যবস্থা করতে। ’

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘কত মানুষ যাবে, কিভাবে যাবে, সেই তালিকা চেয়েছিলাম বায়রার কাছে। কিন্তু তারা কোনো তালিকা দিতে পারেনি। এর ফলে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। তবে এখন যাঁদের টিকিট কনফার্ম হয়েছে, তাঁদের পাঠানো হচ্ছে। অন্যদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাংলাদেশ থেকে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার শেষ সময় শুক্রবার রাত পর্যন্ত। এক মাস আগে থেকে এ তারিখ নির্ধারণ করা ছিল। বেঁধে দেওয়া শেষ তারিখের সুযোগ নিয়ে একটি চক্র টিকেটের দাম বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন কায়দায় বেশি টাকা আদায়ে বেপরোয়া হয়ে ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে।

বিমানবন্দরে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, এজেন্সিগুলো মালয়েশিয়া রুটে বিমান ভাড়া কয়েকগুণ বেশি নিয়েছ। ৩০ হাজার টাকার টিকেটের দাম ১ লাখ টাকা ছাড়িয়ে গেছে। তারপরও টিকেট মেলেনি।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, গত ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫ লাখ ২৩ হাজার ৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। ২১ মের পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও মন্ত্রণালয় আরও ১ হাজার ১১২ জনকে তা দিয়েছে।

অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৯৪৬ জন বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়া চলে গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭৪৫ জন।

বিএমইটির তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ থেকে মাত্র ১ হাজার ৫০০ জন মালয়েশিয়ায় যেতে পারবেন। তাই যদি হয়, তাহলে অনুমোদন পেয়েও ৩১ হাজার ৭০১ জনের মালায়েশিয়া যাওয়া হচ্ছে না।

দুই দিনের ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট শনিবার। তার আগে বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৫টায় শেষ পর্বের প্রচারণা শেষ হয়েছে। প্রচারণা শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছেন কন্যাকুমারী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন তিনি। শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানেই থাকার ঘোষণা দিয়েছেন মোদি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে রক মেমোরিয়ালের চারপাশে দুই হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনীও নজরদারি রাখবে।

মোদি এমন এক জায়গায় ধ্যানে বসেছেন যা ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরের মিলনস্থল। ১৮৯২ সালে এই স্থলেই ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানেই সমুদ্রের বুকে পাথরের টিলার ওপর ১৯৭০ সালে গড়ে তোলা হয় এক ধ্যানগৃহ।

তবে মোদির এই ধ্যান নিয়েও রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। এর আগে ২০১৯ সালেও লোকসভা ভোটের প্রচারণা শেষ হওয়ার পরদিনই তিনি হিমালয়ের তুষারতীর্থ কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন। আর সেই ছবি টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভারতের ঘরে ঘরে। এবারও তাই করতে চাইছেন তিনি।

মোদির এই প্রচারণা ঠেকাতে তাই নির্বাচন কমিশনের কাছে গিয়েছে বিভিন্ন দল। বুধবার কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, অভিষেক সিংভি ও সৈয়দ নাসির হুসেন নির্বাচন কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। সেখানে বলা হয়েছে, মোদি ধ্যানে বসলে দেশের সব টেলিভিশন, রেডিও ও প্রচারমাধ্যমে তা নিয়ে হৈচৈ করবে। প্রত্যক্ষ না হলেও সেটা হবে পরোক্ষ প্রচার। আর তাতে ভোটাররা প্রভাবিত হবেন। চিন্তা করার কোনো অবকাশই পাবেন না।
খবর এনডিটিভি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২৭১৯ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ মে) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত (৩১ মে রাত ২টা ৩০ মিনিট) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪০৩ জন হজযাত্রী। মোট ১৩১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৭ হাজার ৫৬৫ জন সৌদি গেছেন। শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হজ সম্পর্কিত হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৪টি, সৌদি এয়ারলাইনসের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ফ্লাইটের ৬২.২ শতাংশ ফ্লাইট আর মোট হাজীদের মধ্যে ৬২ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আটজন মারা গেছেন। সর্বশেষ গত রোববার ও সোমবার দুইজন মক্কায় মারা যান। এ ছাড়া মোট মারা যাওয়াদের মধ্যে মক্কায় ছয়জন ও মদিনায় দুজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামের এক হজযাত্রী মারা যান।

এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে এক হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী দেশের হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন। আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

২৬ জনের দলে নেই গোলরক্ষক জিকো

২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ৫ দিনের ব্যবধানে বাংলাদেশ দল খেলবে অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

এই দুটি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ২৬ সদস্যের এই দলে জায়গা পাননি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

তার পরিবর্তে দলে নতুন মুখ মোহামেডানের গোল রক্ষক সুজন হোসেন। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগে মোহামেডানের রানার্সআপের পেছনে দারুণ কৃতিত্ব এই গোলরক্ষকের।

সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে কারবেবার প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ৬ জন। বাদ পড়াদের তালিকায় আছেন গোল রক্ষক আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিম, হাসান মুরাদ, জায়েদ আহমেদ, আরমান ফয়সাল ও সুমন রেজা। অন্যদিকে

চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরছালিন ও তারিক কাজী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ ও মেহেদী হাসান।

ইনজুরি এবং কার্ড সমস্যার কথা মাথায় রেখে ২৬ জনের দল নির্বাচন করা হয়েছে বলে এক ভিডিও বার্তায় বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ – ‘আমার জন্য দল নির্বাচন করাটা বেশ কঠিনই ছিল এবার। খুব অল্প সময়ের মধ্যে দল নির্বাচন করতে হয়েছে। দলে চোট সমস্যা আছে। কয়েকজন কার্ডের কারণে খেলতে পারবে না। সবকিছু সমন্বয় করেই দল নির্বাচন করেছি।’

২৬ জনের দলে আছেন যারা:

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান, সুজন হোসেন। ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা। মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান, জামাল ভূঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি। ফরোয়ার্ড: শেখ মোরছালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকাটির রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ ফিলিস্তিনি। এ ছাড়া পৃথক তিনটি হামলায় গাজায় আরও ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার দক্ষিণ গাজার রাফাতে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসকরা জানিয়েছেন। এ ছাড়া উপকূলীয় এই ভূখণ্ডের আরও বেশ কয়েকটি এলাকায় লড়াই চলছে।

গাজা উপত্যকা ও মিসরের মধ্যে নিকটবর্তী সীমান্ত বরাবর একটি বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানানোর একদিন পর ইসরায়েল রাফাতে এই আক্রমণ চালাল। সীমান্ত বরাবর অবস্থিত এই বাফার জোন ফিলাডেলফি করিডোর নামে পরিচিত এবং এটি দখলে নেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের ওপর কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পেয়েছে ইসরায়েল।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনির সকলেই বেসামরিক নাগরিক। হামলায় আরও অনেক অনির্দিষ্ট সংখ্যক আহত হয়েছেন। রাফা শহরের কেন্দ্রস্থলে বেসামরিক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের চেষ্টা করার সময় ইসরায়েল এই বিমান হামলা চালায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে।

এ ছাড়া ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডের উত্তরে গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইসরায়েল দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর দিয়েছে কিন্তু রাফাতে প্রাণঘাতী হামলা চালানোর বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মূলত ইসরায়েলি হামলা থেকে বাঁচতে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এই শহরেই আশ্রয় নিয়েছেন।

ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি জাওয়া এক বিবৃতিতে জানিয়েছে, রাফা শহরে যোগাযোগ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলের হামলা ইতোমধ্যেই গাজার এই শহরে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। এছাড়া হামলার জেরে ভূখণ্ডের বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে মানবিক বিপর্যয় ও ব্যাপক ক্ষুধাও সৃষ্টি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা অবশ্যই রাফাতে হামাসের শেষ অবশিষ্ট ব্যাটালিয়নগুলোকে নির্মূল করবে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

এদিকে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বুরেইজ শরণার্থী শিবিরে আল-হুর পরিবারের বাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে চারজনকে হত্যা করেছে বলে স্থানীয় মিডিয়া রিপোর্ট করছে।

এ ছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী বুরেইজ শরণার্থী শিবিরে আল-সুস পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়ে নারী ও শিশুসহ পাঁচজনকে হত্যা করে। পরে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছায়।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত এবং আরও ৮১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব

বাংলাদেশ সময় রোববার থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’-তে সাকিব আল হাসান আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা বলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিল ২০০৭ সাল। সেই থেকে এখন পর্যন্ত সবকটি ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে খেলেছেন সাকিব। তার সঙ্গে এই কীর্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার। আরও একটি বিশ্বকাপ যদি সাকিব খেলতে পারেন আর রোহিত না খেলেন তবে নতুন একটি রেকর্ড গড়বেন।

আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছে সাকিব জানিয়েছেন হাসতে হাসতেই,‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

ভিডিওতে সাকিব উত্তর দিয়েছেন কাগজে লেখা কয়েকটি প্রশ্নের। সে প্রশ্নগুলোও নিজেই পড়ে শুনিয়েছেন। এর একটি ছিল এমন, ‘অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিবের “সেকেন্ড হোম” (দ্বিতীয় ঘর)। ঘরের সুবিধা কি পাবে দল?’ সাকিব হাসতে হাসতে এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা, এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থানের সমসাময়িক সাকিবের ক্যারিয়ার। তিনটি সংস্করণের মধ্যে টি-টোয়েন্টিই এখন সবচেয়ে জনপ্রিয়।

এই পরিবর্তন কীভাবে দেখেন সাকিব, এমন একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় এটা ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকেরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসই শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। যেকোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একইরকম হবে।’

গ্রুপপর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে পরের দুটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে কেমন সমর্থক পাবে বাংলাদেশ? সাকিব বললেন, ‘প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে। আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের। তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সমর্থ হব।’

এবারের বিশ্বকাপ সাকিবের ব্যক্তিগত কোন চাওয়া নেই। শুধু দেশের হয়ে ভাল কিছু করতে চান তিনি, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

জাতীয় দলকে বিদায় উরুগুয়ে কিংবদন্তির

উরুগুয়ের ইতিহাসে সেরা খেলোয়াড়দের একটা তালিকা করা হলে শীর্ষেই থাকবেন এডিনসন কাভানি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে এই তারকা ফুটবলার। অবশেষে জাতীয় দলকেই বিদায় বলে দিলেন ৩৭ বছর বয়সী কাভানি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অবসরের সিদ্ধান্ত জানান কাভানি।

২০১১ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। সেই দলের সদস্য ছিলেন কাভানি। আরেকটি কোপা আমেরিকা যখন দোরগোড়ায়, ঠিক তখনই সরে গেলেন উরুগুয়ের এই সেন্টার ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে ক্যাপশনে কাভানি লিখেছেন, ‘উরুগুয়ে দলের সঙ্গে ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।’

বিবৃতিতে কাভানির ভাষ্য ছিল, ‘আজ (কাল) আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনো আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।’

বর্তমানে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে খেলছেন কাভানি। ক্লাবটির সঙ্গে এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে কাভানির। জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলেই যে পুরোপুরি মনোনিবেশ করবেন, সেটাই ছিল তার ইচ্ছা।

বিবৃতিতে তিনি আরও লিখেন, ‘নিঃসন্দেহে (উরুগুয়ে দলের সঙ্গে কাটানো) সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে। তবে আজ ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’

২০০৮ সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় কাভানির। জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ। তার উপরে আছেন কেবল ১৬১ ম্যাচ খেলা দিয়েগো গদিন। ৫৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও কাভানির অবস্থান দুইয়ে। তার ওপরে আছেন শুধু লুইস সুয়ারেজ (৬৮ গোল)।

এখন পর্যন্ত নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভ্যালেন্সিয়ার হয়ে মাঠ মাতিয়েছেন কাভানি। সাবেক এই ফরোয়ার্ড উরুগুয়ের হয়ে খেলেছেন ৪টি বিশ্বকাপ, ১টি ফিফা কনফেডারেশনস কাপ ও ৫টি কোপা আমেরিকা। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে উরুগুয়ের জার্সিতে দেখা গেছে কাভানিকে।

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব।

এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। এবার এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার (৪ জুন) পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ মনে করছেন, স্লোভেনিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি অনুমোদন পাবে না। সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, আমি আশা করি, স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট।

এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।

এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও। আর ফ্রান্স বলেছ— এই স্বীকৃতি দেওয়ার জন্য এখন সঠিক সময় নয়। অপর দিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির ভাষ্যমতে, একমাত্র আলোচনার মাধ্যমেই ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান সম্ভব।

উল্লেখ্য, এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সদস্য ১৪৭টি দেশ। এর মধ্যে চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালে সবশেষ স্বীকৃতি দিয়েছে, বাহামা, ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো, জামাইকা অ্যান্ড বারবাডোজ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।

পাকিস্তানকে উড়িয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

বিশ্বকাপের আগে নিজেদের ঠিক মেলে ধরতে পারলো না পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজে দলটি হেরেছে ২-০ ব্যবধানে। অপর দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার রাতে পাকিস্তান হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারও খেলতে পারেনি পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে মাত্র ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাটলারের দল। সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল পাকিস্তানের। পাওয়ার প্লেতে ৫৯ রান তুলে তারা। যদিও শেষ বলে হারায় বাবর আজমের উইকেট। পাকিস্তান অধিনায়ক ফেরেন ২২ বলে ৩৬ রান করে। চারবল পর তাকে অনুসরণ করেন রিজওয়ান, ১৬ বলে ২৩ রান করে ফেরেন এই ওপেনার। এরপরই হঠাৎ ছন্দপতন পাকদের। দ্রুত সময়ের মধ্যে ফখর জামান, শাদাব খান ও আজম খানকে হারিয়ে বিপদে পড়ে দলটি।

দলের বিপদে হাল ধরেন উসমান খান ও ইফতিখার আহমেদ। উসমান ২১ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। শেষদিকে ইফতিখার ১৮ বলে ২১ ও নাসিম শাহর ১৮ বলে ১৬ রান করলে দেড়শ পার করে পাকিস্তান। তবুও পারেনি পুরো বিশ ওভার খেলতে। অলআউট হয় এক বল আগেই। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট তুলে নেন মার্ক উড, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।

জবাব দিত নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভীত তৈরি করে ইংলিশরা। দলকে ঝড়ো শুরু এনে দেন ফিল সল্ট ও জস বাটলার। ৬ ওভারের দু’জনে তুলে নেন ৭৮ রান। দলীয় ৮২ রান্ব ২৪ বলে ৪৫ রান করে আউট হন সল্ট। বাটলার ফেরেন ২১ বলে ৩৯ রান করে। এই দুজনকেই ফেরান হারিস রউফ। অবশ্য ইংল্যান্ড ততক্ষণে পৌঁছে যায় শতরানে। এরপর আরও একটা উইকেট নেন হারিস, এবার ফেরান উইল জ্যাকসকে। ১৮ বলে ২০ রানে আউট হন উইল। তবে দলকে জিতিয়ে আনেন বেয়ারেস্টো ও হ্যারি ব্রুক মিলে।

তাদের দু’জনের ২৭ বলে ৪৬ রানের জুটি ১৫.৩ ওভারেই নিশ্চিত করে জয়৷ বেয়ারেস্টো ১৬ বলে ২৮ ও হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ১৪ বলে ১৭ রানে।

এই জয়ে বিশ্বকাপের ঠিক আগে ঘুম ভাঙলো ইংলিশদের। অবশেষে কাটলো তাদের টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের খরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতার পর থেকে এই ফরম্যাটে প্রথম কোনো সিরিজ জিতলো তারা। মাঝে সিরিজ খুইয়েছে বাংলাদেশের কাছেও!