শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

‘ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সঙ্গে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ৬২’তে পাক-ভারত যুদ্ধে পূর্ববাংলার কোনো নিরাপত্তা ছিল না। ৬ দফা না হলে ৬৯’ এর গণ-অভ্যুত্থান হতো কি না।

তিনি বলেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শুক্রবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এই ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। ৭৫’ এর পর ৭ জুন, ৭ মার্চ- এসব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ জুন) সকাল ৭টা ২মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, দিবসটিকে কেন্দ্র করে দুপুর সাড়ে ৩টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণা। পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু ৬ দফা দাবি উত্থাপন করেন।

পরবর্তী সময়ে তিনি ঢাকায় ফিরে ৬ দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযানে নামেন এবং বাংলার আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের সামনে ৬ দফার গুরুত্ব তুলে ধরেন। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে ৬ দফা হয়ে ওঠে পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ।

১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা আদায়ে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।

৬ দফার প্রতি ব্যাপক জনসমর্থন এবং শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সামরিক জান্তা আইয়ুব খানের সরকার ১৯৬৬ সালের ৮ মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। তাতে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার রাজপথ। ৬ দফার সেই আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।

সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

টি-২০ বিশ্বকাপে রুদ্ধশ্বাস এক লড়াই দেখল ক্রিকেট বিশ্ব। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা। বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশকে সিরিজ হারিয়ে চমকে দেওয়া যুক্তরাষ্ট্র কানাডার পর এবার কাঁপিয়ে দিল পাকিস্তানকে।

বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের হারিয়ে তুলে নিয়েছে ঐতিহাসিক জয়।

সুপার ওভারে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে স্বাগতিকরা অঘটনই ঘটিয়েছে।

পাকিস্তানের করা ১৬০ রান তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রের শেষ বলে দরকার ছিল পাঁচ রান।

হারিস রউফের করা সেই বলে নিতিশ কুমার রাউন্ডারি মেরে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে। ভাগ্য নির্ধারণী মোহাম্মদ আমিরের ওভারে যুক্তরাষ্ট্র তুলে ১৮ রান। জবাব দিতে নেমে সৌরভ নেত্রাভালকারের করা ওভারে পাকিস্তান তুলতে পারে ১৩ রান। তাতে ৫ রানের জয়ের আনন্দে মাতোয়ারা হয় যুক্তরাষ্ট্র।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। পাওয়ার প্লের ৬ ওভারে তিন উইকেটে তাদের বোর্ডে যোগ হয় মাত্র ৩০ রান। ২৬ রানের মধ্যে মোহাম্মদ রিজওয়ান (৯), উসমান খান (৩) ও ফখর জামানকে (১১) হারিয়ে চাপে পড়ে যায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। নসথুশ কেনজিগে, আলী খান, সৌরভ নেত্রাভালকারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারছিল না পাকিস্তানের ব্যাটাররা। এরপর শাদাব খান ২৫ বলে তিন ছক্কা ও একটি চারে করেন ৪০ রান।

শূন্য রানে ফেরেন আজম খান। ধীরগতিতে ব্যাট করা বাবর আজম ৪৩ বলে করেন ৪৪ রান। শেষ দিকে শাহীন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ক্যামিওতে লড়াইয়ের পুজি পায় পাকিস্তান।

জবাব দিতে নেমে স্টেভেন টেইলরকে (১২) নাসিম শাহ ফেরালেও অধিনায়ক মোনাংক প্যাটেল ও আন্দ্রিয়েস গুসের ব্যাটে এগোতে থাকে। গুস (৩৫) ফেরার আগে দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৬৮ রান। দ্রুতই ফিরে ফিরে যান অধিনায়ক মোনাংক প্যাটেলও (৫০)। আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা অ্যারোন জোনস (৩৫) এদিনও আশা বাঁচিয়ে রাখেন। শেষ ওভারে ১৫ রান লাগলে যুক্তরাষ্ট্র তুলে ১৪ রান। তাতে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। সেখানেই বাজিমাত করে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশে জিডিপির নতুন রেকর্ড

গ্রোস ডমেস্টিক প্রডাক্ট (জিডিপি) বা মোট দেশজ উৎপাদনের আকারে রেকর্ড করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা। যা এ যাবত কালের সর্বোচ্চ।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় (বিবিএস) এ তথ্য তুলে ধরা হয়েছে।

অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে চলতি বাজার মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৮ তহাজার ২৭ কোটি টাকা, যা পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরের ১২.৪১ শতাংশ বেশি।

সমীক্ষায় বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু জিডিপি পূর্ববর্তী অর্থবছরের ২ লাখ ৬২ হাজার ৮৬৮ টাকা হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৪ হাজার ১৯১ টাকা। অপরদিকে, পূর্ববর্তী অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা হতে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা দাঁড়িয়েছে।

বিবিএস জানায়, মার্কিন ডলার হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জিডিপি পূর্ববর্তী অর্থবছরের মাথাপিছু জিডিপি ২৬৪৩ মার্কিন ডলার হতে সামান্য বৃদ্ধি পেয়ে ২৬৭৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার।

এদিকে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি দেশের ৫৩তম ও আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট। গতবারের তুলনায় ৩৬ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে। ‘সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।

এবারের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে ৪ দশমিক ৬ শতাংশ। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে।

বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

বিপাকে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা, দিল সতর্কবার্তা

বলিউডের সফল অভিনেতা শাহরুখ খান। পাশাপাশি সফল প্রযোজকও তিনি। ২০০২ সালে শাহরুখ এবং গৌরী খানের সহ-মালিকানায় তৈরি হয়েছিল প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। অসংখ্য হিট ছবি উপহার দিয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা।

যার মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হিট্‌ ‘জওয়ান’। এ ছাড়াও রয়েছে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ভিএফএক্স সংস্থা। এবার শাহরুখের এই সংস্থার নাম ভাঙিয়ে চাকরির বিজ্ঞাপন!

যদিও এই বিষয়ে কিছুই জানতেন না শাহরুখ কিংবা তাঁর সংস্থার কেউই। এই প্রতারণার খবর কানে যেতে সাধারণ মানুষকে সতর্ক করল শাহরুখের সংস্থা।

রেড চিলিজের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘আমরা জানতে পেরেছি যে, একাধিক সমাজমাধ্যমে আমাদের সংস্থার নাম ভাঙিয়ে বিভিন্ন ভুয়ো প্রস্তাব দেওয়া হচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে, তারা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাচ্ছি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনও রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনও ধরনের চাকরির সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মারফত দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন। ’’

যদিও এই প্রসঙ্গে শাহরুখের তরফ থেকে কোনও বিবৃতি এখনও মেলেনি।

শুল্কফাঁকি ঠেকাতে স্বর্ণালংকারের সংজ্ঞা নির্ধারণ করছে সরকার

কাস্টমস হয়ে শুল্কফাঁকির প্রবণতা রোধে ব্যাগেজ বিধিমালা সংশোধন ও যৌক্তিকীকরণের অংশ হিসেবে স্বর্ণের অলংকারের সংজ্ঞা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে।

২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালা ২০২৩-এর ২ ধারায় স্বর্ণের অলংকার ও গয়নার উপযুক্ত সংজ্ঞা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যাত্রীরা অল্প ডিজাইন করে ২৪ ক্যারেটের কাঁচা স্বর্ণকে গয়না হিসেবে লুকিয়ে আনার মাধ্যমে শুল্ক এড়ানোর চেষ্টা করেন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এ সমস্যার মোকাবিলায় তিনি স্বর্ণের অলংকার ও গয়নার উপযুক্ত সংজ্ঞা নির্ধারণের প্রস্তাব দেন। এছাড়া ব্যাগেজ বিধিমালার নতুন নিয়ম অনুসারে এখন থেকে যাত্রীদের সঙ্গে না থাকা (আনঅ্যাকোম্পানিড) ব্যাগেজ সংগ্রহে শুল্ককর দিতে হবে।

বর্তমানে বিদেশ থেকে যাত্রীরা শুল্কছাড়া দুটি নতুন মোবাইল ফোন আনতে পারলেও নতুন নিয়মে কেবল একটি আনার সুবিধা দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাটিতে পাত্তা পায়নি বাংলাদেশ। সেই ম্যাচে ৭-০ গোলের ব্যবধানে হেরেছিল জামাল-তপুরা। তবে দ্বিতীয় লিগে নিজেদের মাঠে লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু গোল না পাওয়ায় ২-০ গোলের ব্যবধানে হেরেছে স্বাগকিতরা।

বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় রেফারি বাঁশি বাজার পর থেকেই আক্রমণ শানাতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু মেহেদী মিঠুর আত্মঘাতী গোল না হলে প্রথমার্ধের স্কোরলাইনটা হতো গোলশূন্য। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে প্রায় ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে প্রায় বোতল বন্দী করে রেখেছিল স্বাগতিকরা।

রক্ষণ সামলে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করেছিল কয়েকবার। তবে প্রথমার্ধে অনটার্গেট শট নিতে পারেনি একটিও। সেই হতাশার সময়টা আসে ২৯ মিনিটে। । প্রায় ৩০ গজ দূর থেকে অ্যাজড্রিন রুস্টিকের শট মেহেদী মিঠুর পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।

সেখানে কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার। যদি মেহেদী মিঠুর গায়ে বল না লাগতো সেক্ষেত্রে ভিন্ন চিত্র হতে পারত। কারণ, বলের শটের লাইনেই ছিলেন মিতুল।

৩৩ মিনিটে বাংলাদেশ বলার মতো সুযোগ পায়। রাকিব হোসেন বক্সের বাইরে থেকে এমন এক শট নিলেন, তা পোস্টের অনেক দূর দিয়ে গিয়ে সবাইকে হতাশ করে। গোলকিপারের কোনও পরীক্ষাই হলো না। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৫১ মিনিটে মোহাম্মদ সোহেল রানার জায়গায় জামাল মাঠে নামেন। গ্যালারিতে উল্লাস। দুই মিনিট পর জামালের ক্রসে সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মোরসালিন পাওয়ার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। ৫৭ মিনিটে ইরানকুন্ডার শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। জর্দান বসের কর্নারে কুসিনি ইয়েংগি লাফিয়ে উঠে গোলকিপারের ডান দিক দিয়ে জড়িয়ে দেন জালে। ইয়েংগিকে মার্কিংয়ে রাখা মেহেদী মিঠু আগেই লুটিয়ে পড়লে লক্ষ্যে হেড নিতে সহজ হয়।

৭১ মিনিটে আদাম টাগার্টের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে স্কোরলাইন বাড়েনি। ৮৮ মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এক দর্শক মাঠে ঢুকে হ্যারি সটারকে জড়িয়ে ধরার চেষ্টা করে তার সামনেই পড়ে যান। সটার আবার লেস্টার সিটিতে হামজা চৌধুরীর সতীর্থ।

তবে নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। মাঝে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন হয়। তারপরও প্রতি আক্রমণ থেকে অস্ট্রেলিয়ার গোলকিপারকে কোনও পরীক্ষাই নিতে পারেনি স্বাগতিকরা। ২-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সৌদি পৌঁছেছেন ৬৩,১৪১ জন, নারী হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে একজন নারী বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বুধবার (৫ জুন) হজযাত্রী মমতাজ বেগম (৬৩) মক্কায় মারা যান। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন।

বুধবার রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন।

বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৬২টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী। মক্কায় ৮ এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

এবারের বাজেট জীবনযাত্রা সহজ করবে : অর্থমন্ত্রী

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট উত্থাপনের আগে তিনি বলেছেন, শুধু শুধু অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে বাজেট বড় করে লাভ নাই। এজন্য আমরা বাজেটের আকার কমিয়ে এনেছি। এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে।

বৃহস্পতিবার (৬ জুন) নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

স্বাধীন বাংলাদেশের ৫৩তম এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এবারের ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে।

বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখছেন দেশের ১৮তম অর্থমন্ত্রী। যেখানে আড়াই লাখ কোটি টাকারও বেশি বাজেট ঘাটতি পূরণে দেশি-বিদেশি ঋণের বিকল্প খুঁজে পাননি তিনি। বরাবরের মতো ব্যর্থতার পরও এনবিআরের কাঁধেই চাপালেন বাজেটের ৬০ শতাংশের বেশি অর্থ যোগানের দায়িত্ব।

অতীতের রেকর্ড ভেঙ্গে বাজেটের প্রায় ৬৪ শতাংশ অর্থ পরিচালন ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে এবার। একরকম বাধ্য হয়েই আরও ১৪ শতাংশ অর্থ ব্যয় করছেন ঋণের সুদ পরিশোধে। ফলে উন্নয়ন বরাদ্দে অর্থের বরাদ্দ নেমে এসেছে ৩০ শতাংশের আশেপাশে।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম- ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নাইডু-নীতিশের

ভারতের লোকসভা নির্বাচনে একক দল হিসেবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা ধরে রাখতে এনডিএ জোটের শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দুই দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও সংযুক্ত জনতা দলের (জেডিইউ) নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার মোদীকে লিখিত সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩ আসনে জয় পেয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন পার করে গেছে। কিন্তু বিজেপি এককভাবে পেয়েছে ২৪০ আসন, ফলে তৃতীয়বারের মতো মোদীর নেতৃত্বে সরকার গঠনের জন্য দলটির জোট শরিকদের ওপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই।

সরকার গঠনের জন্য বিজেপির দরকার আরও ৩২ আসন। টিডিপি ও জেডিইউ, এই দুই দলের হাতে আছে ২৮ আসন আর অন্যান্য শরিকদের সর্মথনে মোদী ভালোভাবেই ২৭২ এর বৈতরণী পার হয়ে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার নয়া দিল্লিতে এনডিএ জোটের নেতারা মোদীর বাসভবনে নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য মিলিত হয়েছিলেন। ওই বৈঠকে মোদীকে সর্বসম্মতভাবে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এনডিএ জোটের নেতারা মোদীকে তার ‘নেতৃত্বের’ জন্য ও ‘তার অধীনে দেশ এগিয়ে যাওয়ার জন্য’ অভিনন্দন জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে এনডিএ জোট শনিবার নতুন সরকার গঠন করবে আর নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এনডিএ অংশীদাররা মোদীর কঠোর পরিশ্রম ও জাতি গঠনের করার প্রচেষ্টার প্রশংসা করে তার ‘ উন্নত ভারত’ দর্শন রয়েছে বলে উল্লেখ করেছেন। বিজেপির মিত্র ওই নেতারা জানিয়েছেন, তারা মোদীর এই লক্ষ্যের অংশীদার হয়ে থাকবেন। তারা বিশ্বে ভারতের মর্যাদা বৃদ্ধিতে মোদীর ভূমিকার প্রশংসা করেছেন।

এ বৈঠকের পর বিজেপির ও তাদের এনডিএ অংশীদার দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত প্রতিনিধি দলের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ক্ষমতা দাবি করার কথা ছিল।

জানা গেছে, এখন এনডিএ জোটের অন্য দলের নেতারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিজেদের অংশীদারিত্ব নিয়ে কঠিন দরকষাকষি শুরু করেছেন। চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার বুধবারের বৈঠকেই তাদের দাবিদাওয়া তুলে ধরেছেন। তারা কী দাবি করেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, কিন্তু সেসব নিয়ে জোর আলোচনা চলছে।

অন্ধ্রপ্রদেশের বিধানসভায় জয় পাওয়া ও লোকসভায় ১৬টি আসন জেতা নাইডুর টিডিপি অর্থ প্রতিমন্ত্রী ও লোকসভার স্পিকারের পদসহ পাঁচটি মন্ত্রী পদ দাবি করেছে বলে জানা গেছে।

লোকসভায় ১২টি আসন জয়ী নীতিশের জেডিইউ মন্ত্রিসভার দুটি পদ দাবি করেছে বলে বিভিন্ন মাধ্যম জানিয়েছে।এদের পাশাপাশি এনডিএ জোটের অপর শরিক দল লোকসভায় সাতটি আসন জেতা একনাথ শিন্ডের শিব সেনা ও পাঁচটি আসন জেতা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) চিরাগ পাসোয়ানকেও সন্তুষ্ট করতে হবে বিজেপির।