শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

মিয়ানমারের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ প্রধান

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, তিনি মিয়ানমারে সামরিক শাসন বিরোধীদের সাথে লড়াইয়ে অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এবং দেশটিতে সহিংসতা বেড়েই চলায় ‘গভীরভাবে উদ্বেগ’ প্রকাশ করেছেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমারজুড়ে ক্রমবর্ধমান সহিংসতায় মহাসচিব গভীর উদ্বিগ্ন এবং তিনি দেশটিতে সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, রাখাইন রাজ্য এবং সাগাইং অঞ্চলসহ মিয়ানমারের বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর এসব হামলায় বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
খবর এএফপি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি এখনো আমাদের দেশে ৯ শতাংশের ঘরে রয়েছে।

আজ শুক্রবার (৭ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে স্বাগতিক বক্তব্যে তিনি এই কথা বলেন। বিকেল তিনটায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, আমাদের গৃহীত পদক্ষেপের জন্য মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।

অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ, এনবিআরের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

এর আগে গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিশাল অংকের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। করবহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। যদিও গত ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে রয়েছে। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ঠিক করেছে ৬ দশমিক ৭৫ শতাংশ। যা চলতি অর্থবছরে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। পরে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের এ আকার কমে বর্তমানে দাঁড়িয়েছে ৭ লাখ ১৪ হাজার ৭১৮ কোটি টাকা।

হামাস এখনো গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়া জানায়নি : কাতার

হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের জন্য প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন।

মাজেদ আল-আনসারি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাাবের বিষয়ে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাননি।’

হামাস ‘ইঙ্গিত দিয়েছে, তারা এখনো প্রস্তাবটি অধ্যয়ন করছে’ এ কথা উল্লেখ করে আনসারি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে।

কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিসরের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিস্তারিত বিষয়ে কয়েক মাস ধরে আলোচনায় যুক্ত রয়েছে।

কিন্তু নভেম্বরে শুরু হওয়া সাত দিনের বিরতি ছাড়া লড়াইয়ে কোনও বিরতি নেই। ওই বিরতির সময় ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল একটি নতুন তিন পর্যায়ের রোডম্যাপ প্রস্তাব করছে।

মিসর বৃহস্পতিবার বলেছে, তারা ইসরায়েলের সাথে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে উৎসাহজনক সংকেত পেয়েছে। একটি উচ্চ-স্তরের সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ এ কথা জানিয়েছে।

দোহায় হামাসের প্রতিনিধি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের মধ্যে বৈঠক শুরু হওয়ার একদিন পর এই মন্তব্য এসেছে।

কিন্তু বৈরুতভিত্তিক হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বর্ণিত কাঠামোর উপাদান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘কোনো প্রস্তাব নেই এগুলো কেবল একটি বক্তৃতায় দেয়া বাইডেনের বক্তব্য।’

ওসামা হামদান বলেন, বাইডেন তার বক্তৃতায় যা বলেছিলেন তার প্রতি তাদের প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমেরিকানরা এমন কিছু নথিভুক্ত বা লিখিত উপস্থাপন করেনি।

এ ছাড়া বৃহস্পতিবার, মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরি কায়রোতে বাইডেনের শীর্ষ মধ্যপ্রাচ্য উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কের সঙ্গে আলোচনা করেছেন।

‘ইউক্রেনে ন্যাটোর সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই’

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার এখানে বলেছেন, ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই।

ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা কীভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি’ তার ওপর গুরুত্ব দিচ্ছি।

এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিধ্বনি করে স্টাবও বলেন, ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে।

ওই সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরও উল্লেখ করেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোন সামরিক হুমকি দেখছেন না। এমনকি সংঘাত শেষ হওয়ার পরও না।
খবর সিনহুয়া

কিয়েভকে ফের ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রশাসন নতুন করে ইউক্রেন সরকারকে প্রায় ২২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে।

নতুন প্যাকেজের মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (এইচআইএমএআরএস) জন্য যুদ্ধাস্ত্র, এইচএডব্লিউকে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র, জ্যাভেলিন এবং এটি-৪ অ্যান্টি-আরমার সিস্টেম, ১৫৫ মিমি হাউইটজার, বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, ট্রেলার, টহল নৌকা এবং অন্যান্য খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে।

এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত বিলের একটি প্যাকেজ স্বাক্ষর করেন। প্যাকেজটি ছিল ৯,৫০০ কোটি ডলার মূল্যের। এই প্যাকেজে কিয়েভের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

রাষ্ট্রপ্রধান এই বিলে স্বাক্ষর করার পরপরই পেন্টাগন ঘোষণা করে। তারা ইউক্রেনকে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। এরপর ওয়াশিংটন কিয়েভকে ৪০ কোটি ডলার মূল্যের অস্ত্রের পরবর্তী প্যাকেজ বরাদ্দ করে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আবারো বলেছেন, ইউক্রেনে আরো অস্ত্র প্রেরণ সেখানের যুদ্ধ পরিস্থিতির কোন পরিবর্তন আনবে না; বরং এতে সংঘাত আরও বাড়বে।
খবর তাস

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ দরকার : মেয়র আতিক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ দরকার বলে মন্তব্য করেছেন উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাব আয়োজিত জয় বাংলা ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা করেন।

তিনি বলেন, জাতির পিতার ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন সবার মাঝে তার আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মেধাবী ও সুস্থ মানুষ দরকার। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীর চর্চা আবশ্যক।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র ম্যারাথনে নিজে অংশ নিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। তিনি ৭ কিলোমিটার দীর্ঘ পুরো হাতিরঝিল এক রাউন্ড দৌড়ান।

ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।

ইসরায়েলি হামলায় গাজায় আরও এক মেয়র নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নুসেইরাতের মেয়র ইয়াদ আল-মাগারি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই হামলায় আল-মাগারির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা সূত্র। আল-মাগারির মরদেহ মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র।

আজ শুক্রবার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদুল নিহত মেয়র আল-মাগারিকে ‘গাজার অন্যতম সক্রিয় মেয়র’ হিসেবে অভিহিত করেছেন।

গাজার গণমাধ্যম দফতর নুসেইরাতের এই জনপ্রিয় মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা ইয়াদ আল-মাগারির হত্যাকাণ্ডকে ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সংঘটিত যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

এতে বলা হয়েছে, আল-মাগারি ছিলেন ‘নিজের দায়িত্ব ও কাজের প্রতি অনুগত ও নিবেদিত’ ব্যক্তি। যুদ্ধের শুরু থেকে পুরোটা সময় নুসেইরাত শরণার্থীশিবিরের লোকদের সহায়তায় নিযুক্ত ছিলেন আল-মাগারি।

এর আগে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় আজ-জাহরা এবং মধ্য গাজার মাগাজি পৌরসভার মেয়রও নিহত হয়েছিলেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজাজুড়ে বেশ কয়েকটি পৌরসভার সদর দফতরও ধ্বংস হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ হাজার ৬৫৪। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৩ হাজার ৩০৯।

বিএনপিসহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল বৃহস্পতিবার সংসদে প্রায় আট লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। প্রতিবার বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়। বলা হয় এই বাজেট গণবিরোধী, গরিব মারার বাজেট, এই বাজেটে কোন উপকার হবে না। বিএনপিসহ কিছু গোষ্ঠি আছে তারা চোখে ভালো কিছু দেখেন না। প্রকৃতপক্ষে গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭ শতাংশ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছান মামুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আবার যারা নিজেদের জ্ঞানী বলে মনে করেন, তারা কোনো কিছুতে ভুল না ধরলে উনি যে জ্ঞানী এটা তো বোঝানো যায় না। সেজন্য সবকিছুতে ভুল ধরা উনাদের অভ্যাস। সেজন্যই তারা বলেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। সবকিছুতে না বলার যে অপসংস্কৃতি এটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বাধা।

ড. হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭ শতাংশ। বাজেটের আকার গত ১৫ বছরে সাড়ে ১১গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় সাড়ে পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির আকার প্রায় ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে দারিদ্র সীমার নিচে থাকা জনগোষ্ঠি ছিল ৪১ শতাংশ। সেখান থেকে ১৮.৭ শতাংশে নেমেছে। অতি দারিদ্রতা ২২শতাংশ ছিল, সেখান থেকে সাড়ে ৫ শতাংশে নেমেছে।

তিনি বলেন, বাজেট যদি গরিবের উপকারে না আসত, তাহলে দরিদ্রতা ও অতি দরিদ্রতা কমত না। মানুষের আয় সাড়ে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে ডলারের অংকে। টাকার অংকে আরো বেশি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন সরকারের বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং সেই বাজেট বাস্তবায়নের কারণে।

সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ। সমাজকে পথ দেখায়। সমাজের অনুম্মোচিত বিষয়গুলো উম্মোচিত করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের ভুলত্রুটি তুলে ধরবেন, সেটিকে আমরা স্বাগত জানাই। কাজকে পরিশুদ্ধভাবে করার ক্ষেত্রে সেটি সহায়ক হয়। তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রতিবেদন এমনভাবে হয় সেগুলো দেশের জন্য ক্ষতিকারক।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বক্তব্য দেন।

রোমাঞ্চকর জয়ে ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে স্কটল্যান্ড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এলো স্কটল্যান্ড। এতে ইংল্যান্ডের জন্য সুপার এইটের যাত্রা কঠিন হয়ে দাঁড়াল।

বৃহস্পতিবার (৬ জুন) ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করে নামিবিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান করে জয় তুলে নেয় স্কটল্যান্ড।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ইরাসমাসের ৩১ বলে ৫২, গ্রিনের ২৭ বলে ২৮ ও নিকোলাস ডেভিনের ১২ বলে ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি পায় নামিবিয়া।

স্কটিশদের হয়ে ৪ ওভারে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্র্যাড হোয়েল, ১৬ রান খরচায় ২ উইকেট নেন ব্র্যাড কুরি। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন ক্রিস সোল, ক্রিস গ্রিভস ও লিস্ক।

জবাব দিতে নেমে ১৫ বলে ৭ রানে মানজে সাজঘরে ফেরার পর ২০ বলে ২৬ রানে মাইকেল জোন্স এবং ১৭ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ব্র্যান্ডন ম্যাকমুলেনে।

চতুর্থ উইকেটে অধিনায়ক বেরিংটন এবং মাইকেল লিস্কের দায়িত্বশীল ইনিংসে ৫ উইকেটের জয় তুলে নেয় স্কটিশরা। ৪ ছক্কায় ১৭ বলে ৩৫ রানে বেরিংটন এবং ২ ছক্কা ও ২ চারের মারে ৩৫ বলে ৪৭ রানে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাইকেল লিস্ক।

এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। অন্যদিকে এক ম্যাচে ২ পয়েন্টে তালিকার দুইয়ে অস্ট্রেলিয়া। আর এক ম্যাচে এক পয়েন্ট তালিকার চারে ইংল্যান্ড। এ ছাড়া এক জয়ের বিপরীতে এক পরাজয়ে তালিকার তিনে নামিবিয়া এবং টেবিলের একদম তলানিতে ওমান।

সিনেপ্লেক্স নির্মাণ করছেন ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন বেশকিছু সিনেপ্লেক্স নির্মাণের। তারই অংশ হিসেবে সিনেমা পাগল এই তারকা তার দুটি পুরনো হল এশিয়া ও পর্বত ভেঙে সিনেপ্লেক্স তৈরি করছেন।

সিনেপ্লেক্সগুলোতে যাতে সব শ্রেণির দর্শক সিনেমা দেখতে পারে, এ লক্ষ্য নিয়ে নির্মাণ করছেন বলে জানিয়েছেন ডিপজল।

এরই মধ্যে পর্বত ভেঙে নতুন ভবন নির্মাণাধীন। ভবনটিতে তিনটি স্ক্রিন নিয়ে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিপজল।

তিনি বলেন, আসন্ন ঈদের পর দ্রুত গতিতে কাজ এগিয়ে যাবে। যত দ্রুত সম্ভব সিনেপ্লেক্সের কাজ শেষ করব। এরপর এশিয়ার কাজ শুরু হবে। এখন ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। সামনে আরও ভালো সিনেমা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা দেখার আধুনিক চিন্তা থেকেই সিনেপ্লেক্স তৈরি করছি। শিল্পী সমিতিতে এসেছি শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার জন্য। এখান থেকে আমার কিছু নেওয়ার নেই। আমি দিতে এসেছি।

ডিপজল আরও বলেন, একটা জিনিসই শিখেছি, আর তা হচ্ছে ফিল্ম। এটা নিয়েই দর্শকের পাশে থাকতে চাই।

দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন, আপনাদের ভালোবাসা থাকলে আমাদের সিনেমা বানানোর আগ্রহ বাড়বে। এখন ভালো সিনেমা হচ্ছে। আপনারা সিনেমা দেখেন। আপনারা সিনেমা দেখলে আমাদের উৎসাহ বাড়বে। আরও বেশি সিনেমা নির্মাণ করতে পারব। আপনারা আমাদের পাশে থাকেন, আমরাও ভালো ভালো সিনেমা আপনাদের উপহার দেব।

বর্তমানে ডিপজলের বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে ঘোষণা দিয়েছিলেন বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা নির্মাণের। বর্তমানে সেগুলোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই অভিনেতা।