বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এক ফোরামে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কুরস্কে চলমান অভিযান নতুন পরিকল্পনারই অংশ। নতুন পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে বলে জানান জেলেনস্কি। বলেন, সেপ্টেম্বরে এটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। আসন্ন মার্কিন নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছেও পাঠানো হবে কপি।

রাশিয়াকে পরাজিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি জেলেনস্কির। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করবে বাস্তবায়ন ও সাফল্য। পশ্চিমাদের দেয়া ‘এফ-সিক্সটিন’ ফাইটার জেট ব্যবহার করে বড় ধরণের সাফল্য মিলছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। তবে, আরও যুদ্ধবিমান প্রয়োজন বলেও জানান তিনি।

আ.লীগের মতোই একরকম ঢালাও মামলা দিয়ে কি বিচার হবে?

বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় যেসব মামলা হচ্ছে তা নিয়ে এর মধ্যেই নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে যেভাবে ঢালাওভাবে বিভিন্ন মামলায় বিএনপির নেতাকর্মী এবং বিরোধী দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে সেই চর্চা এখনও চলছে বলে প্রশ্ন তুলছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা।

সরকার বিরোধী আন্দোলন চলার সময় মৃত্যুর সংখ্যা জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত সাড়ে ছয়শ জন। যদিও ওই সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে।

কোটা আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে জুলাই-অগাস্ট মাসে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তাকে ‘জুলাই গণহত্যা’ নামে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

কিন্তু এসব মৃত্যুর ঘটনায় যেসব হত্যা মামলা হয়েছে দেখা যাচ্ছে সেগুলোর এজাহারের ধরন প্রায় একই রকমের।

একইসাথে ঢালাওভাবে নাম উল্লেখ করে অসংখ্য আসামির পাশাপাশি প্রায় প্রতিটি মামলাতেই অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে।

ফলে এসব মামলা প্রমাণ করে বিচার কতটা নিশ্চিত করা যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে আইনজীবী ও মানবাধিকার কর্মীদের।

এছাড়া এসব মামলার তদন্ত নিয়েও শঙ্কা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।

পাঁচই অগাস্টের আগে থানায় করা মামলা প্রশ্নবিদ্ধ
জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ওই সময় নিহতের বেশ কিছু ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে থানায় অন্তত ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

জুলাই মাসে বিভিন্ন সময়ে থানায় যেসব মামলা করা হয়েছে সবগুলোর এজাহারেই কোটাবিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারী, জামায়াত – শিবির এবং বিএনপি কর্মীদের আসামি করা হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ই জুলাই সহিংসতায় নিউমার্কেট এলাকায় সংঘর্ষে এক শিক্ষার্থীসহ অন্তত দু’জন নিহত হন।

এ ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে নিউমার্কেট থানায় দু’টি হত্যা মামলা দায়ের করে। নিহত দু’জন হলেন শাহজাহান আলী এবং সবুজ আলী।

পৃথক ওই দু’টি মামলার অভিযোগেই বলা হয়েছে, ঘটনার দিন অজ্ঞাতনামা কোটাবিরোধী আন্দোলনকারীরা জামায়াত, শিবির ও বিএনপি নেতা-কর্মীরা এক হয়ে সায়েন্সল্যাব ক্রসিং থেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে লোহার রড, হকিস্টিক, লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্রসহ নিউমার্কেটের দিকে এগিয়ে আসে।

পরে অজ্ঞাতনামা কোটাবিরোধী আন্দোলনকারী, শিবির এবং বিএনপি নেতাকর্মীরা রড, লাঠি এবং অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমদের ওপর আক্রমণ করে বলে দুটি অভিযোগেই বলা হয়েছে।

অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে এসব অভিযোগে।

মামলার বাদী নিহত শাহজাহান আলীর মা আয়শা বেগম।

নিহত শাহজাহানের বাবা ইমাম হোসেন বিবিসি বাংলাকে বলেন, “ঘটনার সময় আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল। আমরা জানতাম না এজাহারে কি ছিল। ওইখান থেকে দিয়েছিল। পরে যখন জেনেছি আমরা থানায় গিয়ে ওইটা ঠিক করাইছি।”

সপ্তাহ দেড়েক আগে পূর্বের এজাহার পরিবর্তন করা হয় জানিয়ে মি. হোসেন বলেন, “বহুত গ্যাঞ্জাম হইছে এটা নিয়ে। প্রথমে এজাহার ঠিক করতে চায় নাই পুলিশ। পরে যখন বলি সংবাদ সম্মেলন করবো তখন তারা ঠিক করতে রাজি হয়।”

“বিএনপি-জামায়াত এটার সঙ্গে জড়িত ছিল না, কেন তাদের দিছেন এটা বলছি তাদের। পরে এজাহারে সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জিয়াউল হক জিয়াকে আসামি করা হইছে। ওই এজাহার আদালতে পাঠানো হয়েছে।”

অথচ এ মামলার এজাহারে আসামি কোটা সংস্কার আন্দোলনকারী, জামায়াত–শিবির এবং বিএনপি কর্মীরা আসামি হলেও সালমান এফ রহমান, আনিসুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে ১৪ই অগাস্ট রিমান্ডেও নেয়া হয় তাদের।

কিন্তু পরবর্তীতে সপ্তাহ খানেক আগে এ মামলায় সংশোধিত এজাহার আদালতে জমা দেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সজীব মিয়া বিবিসি বাংলাকে বলেন, “মামলার বাদী এজাহারে সংশোধনী দিয়েছেন। সংশোধনী এজাহার থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।”

ড. ইউনূস-এরদোগান ফোনালাপ, দেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার (২৭ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপকালে এ কথা বলেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে তিনি বলেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। এছাড়া, ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি। ড. ইউনূস সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার কথাও জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তুরস্কের রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে বলেন, তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য।

ড. ইউনূস দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের বেশকয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। তাছাড়া, প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। এ সময়, এরদোগান প্রস্তাবটি গ্রহণ করেন।

ফেনীতে বন্যার পানি কমলেও চরমে খাদ্য সংকট

ফেনীতে বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। তবে কোথাও ভোগান্তি কমেনি। অধিকাংশ আশ্রয়কেন্দ্রে এখনও মানুষ রয়েছে। সোনাগাজীর চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের বেশকিছু গ্রামে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নে পাওয়ার ট্রলি, ট্রাক এসব বাহন দিয়েও খাবার পৌঁছানো যাচ্ছে না। ফলে চরম খাদ্য সংকটে ভুগছে এসব এলাকার মানুষ। একই অবস্থা ফেনী সদরের ধলিয়া মোটবী, পাঁছগাছিয়া, লেমুয়া ইউনিয়নের বেশ কিছু গ্রামে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, ফেনী শহরের প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও নাগরিক সুবিধার একদম কিছুই চালু হয়নি। এক সপ্তাহ পরও নেই বিদ্যৎ, ইন্টারনেট, গ্যাস সংযোগ। শুধু পানির পরিমাণ কমেছে। নিরুপায় হয়ে আটকে থাকা মানুষ অন্যত্র চলে যাচ্ছে। ফেনী শহরের পূর্ব উকিল পাড়া, পশ্চিম উকিল পাড়া, পেট্রোবাংলা, পাঠানবাড়ি, একাডেমিসহ এখনও বহু এলাকার মানুষ এখনও পানিবন্দি। এদের অনেকে কোনো ধরনের ত্রাণ সুবিধা না পাওয়ার অভিযোগ করছেন।

অন্যদিকে, শুরুতে প্লাবিত হওয়া ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া উপজেলায় কোথাও কোথাও এখনও পানি রয়েছে। যেখানে পানি নেমেছে সেখানে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। বর্তমানে ছাগলনাইয়া উপজেলার বেশকিছু গ্রামে এখনও কোমর সমান পানি রয়েছে।

এ বিষয়ে ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, ফেনীতে ১০ লাখ মানুষ পানিবন্দি ছিল। বর্তমানে সেখান থেকে কিছুটা কমেছে। এরমধ্যে দেড় লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। বানভাসী মানুষের কাছে খাবার পৌঁছানো হচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেলায় একটি ও এবং ৬ উপজেলায় ৬টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বেসরকারি ৭টি হাসপাতালে মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।

ঢাবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।

আজ সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন।

ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য।

অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে চাপের মুখে ১০ আগস্ট পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। ড. নিয়াজ আহমেদ খান তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে পৃথক দুটি কনসার্ট মঙ্গলবার

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে পৃথক দুটি কনসার্টের আয়োজন করা হয়েছে। একটি হবে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক অ্যাম্ফিথিয়েটারে এবং অন্যটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে জবির বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

আর একই দিনে দুপুর ২টায় ‘রিশকা এইড কনসার্ট’ নামে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে আরেকটি কনসার্ট। এটির আয়োজনে রয়েছে ‘রিশকা কানেক্টস’। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

জবির কনসার্টে বিনা পারশ্রমিকে গান গাইবে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ কে রাহুল এ্যান্ড ব্ল্যাক জ্যাং ব্যান্ডদল।

অন্যদিকে, শাহাবুদ্দিন আহমদ পার্কে বিনা পারিশ্রমিকে গাইবে অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, আফটারম্যাথ, ওউনড, কনক্লুশন, ড্যাডস ইন দা পার্ক, অ্যানজেল নূর, এ কে রাহুল এ্যান্ড ব্ল্যাক জ্যাং ব্যান্ডদল।

জানা গেছে, যত দ্রুত সম্ভব বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোই এই কনসার্টের মুখ্য উদ্দেশ্য। সেই লক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে অনুদানে উৎসাহিত করা হচ্ছে দর্শকদের।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন সূর্যকুমার যাদব

টেস্ট খেলেছেন মাত্র ১টি। ওয়ানডে ক্যারিয়ারও যেমন-তেমন, খেলেছেন ৩৭টি ম্যাচ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় আর দলে সুযোগও পাননি। এরপরও ক্রিকেট মহলে আলোচিত একটি নাম সূর্যকুমার যাদব। সেটা শুধু টি-টোয়েন্টি খেলেই। মাত্র একটি সংস্করণ খেলে এত আলোচনা খুব বেশ ক্রিকেটারকে নিয়ে হয়নি। অবশ্য এই আলোচনটা হয় টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের কারণে।

সম্প্রতি জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, পেয়েছেন ভারতের অধিনায়কত্বও। টি-টোয়েন্টি খেলে এত কিছু পাওয়ার পরও সূর্যর টেস্টের প্রতি ভালোবাসা কমেনি। বরং ৩৩ বছর বয়সেও আবার টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন। লড়াই করছেন।

টেস্টে খেলার জন্য চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের লাল বলের টুর্নামেন্টগুলোয় বাড়তি গুরুত্বও দিচ্ছেন সূর্যকুমার। মুম্বাইয়ের হয়ে বুচিবাবু আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টেও খেলছেন।

এই টুর্নামেন্ট খেলতে এসে স্পোর্টস স্টারকে সূর্য বলেছেন, ‘লাল বলের ক্রিকেটকে আমি সব সময় অগ্রাধিকার দিয়ে এসেছি। মুম্বাইয়ের ময়দানে যখন বেড়ে উঠেছি, অনেক লোকাল ক্রিকেট খেলেছি, শুরুটা হয়েছিল লাল বল দিয়েই। দীর্ঘ সংস্করণের ক্রিকেটের প্রতি ভালোবাসা তখনই তৈরি হয়েছে, সেটা এখনো আছে। ১০ বছর ধরে প্রথম শ্রেণির টুর্নামেন্টে অংশ নিয়েছি, এখনো এই সংস্করণ খেলার স্বপ্ন লালন করছি। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সে কারণেই দুলীপ ট্রফির আগে আমি এখানে খেলছি।’

আজ মুম্বাইয়ের হয়ে জম্মু-কাশ্মীরের বিপক্ষে মাঠে নেমেছেন সূর্য। এর আগে টেস্ট দলে জায়গা ফিরে পেতে লড়াই করার কথা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘মুম্বাইয়ের হয়ে খেলার জন্য আমি সব সময় সুযোগ খুঁজি, সেটা প্রথম শ্রেণির ক্রিকেট হোক কিংবা বুচি বাবু টুর্নামেন্টের মতো কিছু হোক। দেশের হয়ে খেলার আগে অনেক আন্তর্জাতিক খেলোয়াড়ই এই প্রতিযোগিতায় খেলেছে। অনেকেই (টেস্ট দলে) জায়গা অর্জনের জন্য অনেক কষ্ট করছে। আমিও ওই জায়গাটা আবারও পেতে চাই। টেস্টে ভারতের হয়ে অভিষেক হয়েছে আমার। এরপর আমি চোটে পড়েছিলাম। অনেক ক্রিকেটারই সুযোগ পেয়ে ভালো করেছে। এখন সুযোগটা তাদেরই প্রাপ্য।’

তিনি যোগ করে বলেছেন, ‘আমাকে প্রয়োজন হলে, আমাকে তখন খেলতেই হবে। এটা তো আমার হাতে নেই। আমার নিয়ন্ত্রণে আছে বুচিবাবু টুর্নামেন্টে খেলা, এরপর দুলীপ ট্রফি খেলা, এরপর দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, আমি অপেক্ষা করছি। সামনে ১০টি টেস্ট ম্যাচের সূচি আছে, অবশ্যই আমি লাল বলের মজা নেওয়ার জন্য রোমাঞ্চিত।’

গত বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এক ইনিংস ব্যাটিং করে সূর্য রান করেছিলেন ৮। সূর্যকুমার যাদব এরপর দল থেকে বাদ পড়েন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সূর্যকে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটার হিসেবেই ধরে নিয়েছেন সবাই।

পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল, ২৪ জেলায় নতুন এসপি

পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল হয়েছে। এর মধ্যে ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। আর এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে ঢাকা, রংপুর, গাজীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী জেলায়।

এছাড়া, আরেক প্রজ্ঞাপনে ডিএমপির আট কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তারকে ঢাকার শিল্পাঞ্চল ‍পুলিশের ডিআইজি পদে, ড. খ. মহিদ উদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে ঢাকায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সকে ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপপুলিশ কমিশনার ফারুক আহমেদ, ইসরাইল হাওলাদার, খোন্দকার নজমুল হাসান, মাসুদ করিম ও মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

হত্যা মামলায় গোলাপ ৭, শাকিল-রুপার ৫ দিন রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ, সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে এর শুনানি চলে। গোলাপেরও একই আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত গোলাপের সাত দিন এবং শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত রোববার (২৫ আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করা হয়। এরপর আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ২১ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এরপর রুবেল হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।