বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

সৌদি বাদশাহর স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন প্রিন্স সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (৮ অক্টোবর) মন্ত্রিসভার এক অধিবেশনে নেতৃত্ব দেওয়ার সময় এ তথ্য জানান যুবরাজ সালমান। এ সময় তিনি যারা বাদশাহর স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর আনাদোলুর।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এসপির প্রতিবেদনে বলা হয়েছে, মহামান্য ক্রাউন প্রিন্স দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ানে স্বাস্থ্য সম্পর্কে সবাইকে আশ্বস্ত করেছেন। যারা বাদশার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে গত রোববার সৌদির রয়্যাল কোর্ট ঘোষণা করেন বাদশার ফুসফুসের প্রদাহের জন্য মেডিকেল পরীক্ষা করাবেন। এর আগে ২০২২ সালের মে মাসে রাজা এক কলোনোস্কোপি এবং অন্যান্য মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও তিনি ২০২০ সালে গলব্লাডার অপারেশনও করিয়েছিলেন।

বাদশা সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন, এর আগে তিনি দেড় বছরের জন্য ক্রাউন প্রিন্স হিসেবে ছিলেন।

দিল্লি জয়ে যে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে পাত্তা না পেলেও এ ম্যাচের আগে বাংলাদেশের প্রেরণার নাম দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। কেননা, এই মাঠেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র জয় আছে বাংলাদেশের। এ ম্যাচেও তাই জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বদল আসতে পারে একাদশেও।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটে-বলে হতশ্রী পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ১২৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর বল হাতে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ভারত ম্যাচ জিতেছে ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে। এমন ম্যাচের পর তাই একাদশে বদল আসার সম্ভাবনায় বেশি।

ধারণা করা হচ্ছে, ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় সুযোগ মিলতে পারে তানজিদ হাসান তামিমের। এছাড়া জাকের আলীর জায়গায় সুযোগ মিলতে পারে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদীর। পেস আক্রমণেও আসতে পারে পরিবর্তন। তাসকিনের পরিবর্তে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

পানি কমলেও চরম দুর্ভোগে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণার বানভাসীরা

বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণার বন্যা কবলিত এলাকায় পানি কিছুটা কমেছে। তবে দুর্ভোগ কাটছে না ওই এলাকার মানুষের। এতে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন বন্যাকবলিত এলাকার মানুষেরা।

শেরপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলে প্লাবিত এলাকার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। এছাড়া ত্রাণ নিয়ে রয়েছে হাহাকার। বুধবার (৯ অক্টোবর) সকালে সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়া চান্দের নগর এলাকার সমিরুদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ঢলের পানিতে শেরপুরে দশ জনের মৃত্যু হলো। জেলার পাঁচটি উপজেলা বন্যাকবলিত হয়ে ২৫ ইউনিয়নে দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও বেসরকারি সংস্থাগুলো।

পাচঁ দিন পর ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে পানি। তবে, নতুন করে পানি বেড়েছে ফুলপুর উপজেলার কিছু এলাকায়। আছে খাদ্য ও সুপেয় পানির সংকট। শুকনো খাবার খেয়ে দিন পার করছেন অনেকে। গোখাদ্য সংকটে গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন বানভাসিরা। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে সরকারি দফতরগুলো।

এদিকে, নেত্রকোণায়ও কমতে শুরু করেছে বন্যার পানি। কংস, সোমেশ্বরী, ধনুসহ সবকটি নদ-নদীর পানি নামছে। কলমাকান্দার উব্দাখালী নদীর পানির বিপৎসীমার ওপরে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ২৭টি ইউনিয়নে ১৩১টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। ১০টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৪৩টি পরিবার।

নেত্রকোণায় প্রায় ২০ হাজার হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত হইয়েছে। পাঠদান বন্ধ রাখা হয়েছে ২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের। ২১৫টি পুকুরের মাছ ভেসে গেছে। প্রায় ৩১০ কিলোমিটার গ্রামীণ সড়ক পানির নিচে রয়েছে।

নিজেই ডিজাইন করে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন জাকারবার্গ

স্ত্রীকে উপহার দেয়ার জন্য নিজে গাড়ির ডিজাইন করেছেন মার্ক জাকারবার্গ। তারপর সেই নকশা করা গাড়িটি তৈরি করেছে জনপ্রিয় মোটারগাড়ি নির্মাতা পোরশে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

তবে, স্ত্রীকে দেয়ার সাথে সাথে, নিজের জন্য-ও একটি পোরশে গাড়ি কিনেছেন মার্ক। সেটির ডিজাইন অবশ্য মার্কের নয়, পোরশে’র। দুটি গাড়ি পেছনে রেখে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন জাকারবার্গ।.

স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। সাধারণত এমন গাড়ি পোরশে বানায় না।

শুধু জাকারবার্গের জন্যই, ‘ওয়েস্ট কোস্ট কাস্টমস’ নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি-৩। দুটি গাড়ির রংই ধূসর।

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এটিই সুপ্রিম কোর্টে সবচেয়ে বড় বিচারপতি নিয়োগের ঘটনা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম রাব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখ করা ২৩ জনকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হলো।

নিয়োগপ্রাপ্তরা হলেন– মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

এনআইডির তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকের বিরুদ্ধে মামলা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাইবার নিরাপত্তা আইনে করা এই মামলায় জয় ছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি।

মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন।

জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা। যে তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তথ্য বিক্রির প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় মামলায়।

মামলার বিষয়ে কাফরুল থানা পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে মামলায় আরও আসামি যোগ হতে পারে।

সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে ‘জয়ের তথ্য বিক্রির ফরমুলা’ শিরোনামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। এতে দেখানো হয় কীভাবে জাতিয় তথ্যভাণ্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে অন্য প্রতিষ্ঠানে বিক্রি করে কোটি কোটি টাকার ব্যবসা করা হয়েছে।

ভয়াবহ রূপ নিয়েছে হারিকেন ‘মিল্টন’

২৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা হারিকেন ‘মিল্টন’ ভয়াবহ রূপ নিয়েছে। এটি ক্যাটিগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, মিল্টন ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। এর ঝড়ো বাতাসের গতিবেগ ২৮৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। যার ফলে উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ক্রমবর্ধমান কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার বাসিন্দাদের বছরের মধ্যে সবচেয়ে বড় পরিসরে বাসিন্দাদের সরিয়ে আনার জন্য প্রস্তুতির কথা বলা হয়েছে। গভর্নর রন ডিস্যান্টিস এক সতর্কবার্তায় বলেন, লোকেদের সরিয়ে নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ধরে নিতে হবে এটি একটি দানবীয় ঘটনা হতে চলেছে।

এনএইচসি আরও জানিয়েছে, রোববার ভোরে এটি ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। পরে এটি প্রতি ঘণ্টায় সাত কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হচ্ছিল। এটি এখন ৯৫ কিলোমিটার বেগে ঘুরপাক খাচ্ছে।

হারিকেন ‘হেলেন’ মাত্র ১০ দিন আগে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে মার্কিন মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় এটি। এতে অন্তত ২২৫ জন মানুষ নিহত হন। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। শুধু ফ্লোরিডায় অন্তত ১৪ জন মারা গেছেন।

টি-টোয়েন্টি থেকে বিদায় জানাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজই হতে পারে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। দিল্লির দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়ার গুঞ্জন রয়েছে সাইলেন্ট কিলারের।

ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর নেয়া ছিল আরও আগেই। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে বিসিবির শীর্ষ পর্যায়কে জানালে তারাও স্বাগত জানিয়েছে সিদ্ধান্তকে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন রিয়াদ। ১১৭ দশমিক ৭৪ স্ট্রাইক রেটে প্রায় ২৩ গড়ে রান করেছেন ২ হাজার ৩৯৫। বল হাতে রয়েছে ৪০ উইকেট।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ১৬ ম্যাচে জয় পায় বাংলাদেশ। এরমধ্যে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ।

ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে ৫৪ মামলা, বিদ্যমান আইনে কি বিচার সম্ভব

২০০৯ সালে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই বিচারের উদ্যোগ নেয় তারা। ১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয় আইনটি। যদিও ২০১০’র আগে এই আইনে বিচার বা সাজা হয়নি কারও।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সংসদ অধিবেশনে একটি মৌখিক প্রস্তাবও পাশ হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করে কিছু সংশোধনী আনা হয় আইনে।

ওই আইনের ৩ এর ১-এ বলা আছে, মানবতাবিরোধী ও শান্তিবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যেকোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্রবাহিনীর বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এখন পর্যন্ত ৫৪টি অভিযোগ দায়ের হয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’-এর প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায়। এখন প্রশ্ন উঠেছে, বিদ্যমান সেই আইনের ক্ষমতায় কি ২০২৪-এর মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ এস এম শাহজাহান বলছেন, ৩৭ বছরে যে আইনে বিচার হয়েছে, তার ১৪ বছর পর এসেও বাধা নেই। কারণ ফৌজদারি কার্যবিধিগুলোও ব্রিটিশ আমলে প্রণীত।

আইনজীবী এস এম শাহজাহান বলেন, তদন্তকারী সংস্থা যদি তদন্ত শেষ করে তার দোষ পান এবং সেটি আদালতে উপস্থাপন করেন তবে বিচার কাজ শুরু করা সম্ভব। এই আইনেও অপরাধীকে সাজা দেয়া যাবে।

তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মনে করেন, এই আইনটি বিশেষায়িত কেবল ১৯৭১ এ সংঘঠিত অপরাধের বিচারের জন্য। এক্ষেত্রে সংশোধন কিংবা সংস্কার প্রযোজ্য নয়। তিনি বলেন, আইনটি তৈরি হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদরদের সাজা দেয়ার জন্য। আমি এই আইনে সাজা দেয়ার পক্ষে না।

তবে তার এমন মন্তব্য মানতে নারাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, ৭৩-এর আইনের মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা অনুসারে ২৪’র অপরাধও গণ্য।

আইনের তিন নম্বর ধারার ২ এর ‘ক’ উপধারা অনুযায়ী, হত্যা, নির্মূল, দাসত্ব, নির্বাসন, কারাবরণ, অপহরণ, বন্দিকরণ, নির্যাতন, ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। অর্থাৎ, আইনের তিন নম্বর ধারার ২ এর ‘ক’ উপধারায় উল্লিখিত মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই আইনের কোথায় সময়সীমা বলা নেই। বরং বলা হয়েছে, এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশের যেকোনো জায়গায় যদি এ ধরনের অপরাধ হয়, যেকোনো ব্যক্তি বা সংগঠন অপরাধ করলে তার বিচার করা যাবে।

কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেটির সাজা নির্ধারণ করা নেই আইনে। তবে এখতিয়ার আছে বিচারের। ফলে এটির সংস্কার চান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সবগুলো ধারাকে সমন্বয়ক করে এই আইনকে যথোপযুক্ত করা হবে যাতে কোনো প্রশ্ন না ওঠে।

প্রশ্নবিদ্ধতা এড়াতে এই ট্রাইব্যুনালে বিচার না করে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবিকে অপ্রাসঙ্গিক বলেও মনে করে রাষ্ট্রের এই কৌশুলী বলেন, বাংলাদেশের প্রচলিত আইনেই তার বিচার করা সম্ভব।

নতুন বাংলাদেশ গড়তে সচিবদের উদ্দেশে যে ২৫ নির্দেশনা প্রধান উপদেষ্টার

ইমারত হোসেন

নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এসব নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব ও সচিবদের উদ্দেশে এ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন সেগুলো নির্দেশনার চিঠিতে জানানো হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ?‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে। সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নিতে হবে। বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে।

বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে। নিজ কর্তব্যকর্মে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে। সেবা-প্রার্থীদের কেউ যেন কোনোরূপ ভোগান্তি, হয়রানি কিংবা কোনো কারণে দীর্ঘসূত্রতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করতে হবে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম নিতে হবে। জরুরি সরবরাহ নিশ্চিত করে তা অব্যাহত রাখতে হবে। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারকে জনবান্ধব সরকারে পরিণত করতে সমবেতভাবে কাজ করতে হবে।

মানবসম্পদ উন্নয়নে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণ কার্যক্রম যাচাই করে প্রয়োজনে সংস্কার করতে হবে। বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে তৎপর থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। খাদ্য সংগ্রহ, মজুত ও সরবরাহ সন্তোষজনক রাখতে হবে।

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। আমদানির বিকল্প উৎস বের করতে হবে। ভোগ্যপণ্যের বাজার নিয়মিত তদারকি করতে হবে। শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। চিঠিতে প্রধান উপদেষ্টার দেওয়া এসব নির্দেশনা ও সিদ্ধান্তগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সচিবদের একান্ত সহযোগিতা ও উদ্যোগ কামনা করা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সেই বিষয়ে অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর অনুরোধ জানানো হয়।