বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি নেপালে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২০ অক্টোবর) এ বিষয়ক আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আদেশে সেখানে বলা হয়েছে, পূনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। এরফলে, ২ বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হচ্ছেন, সালাহউদ্দীন নোমান। ডিসেম্বরে অবসরে যাচ্ছেন রাষ্ট্রদূত মুহিত।

এদিকে সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগী সংস্থা- ওআইসিতে স্থায়ী মিশন চালু করতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক এম জে এইচ জাবেদকে নিয়োগ দেয়া হয়েছে। এরইমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তিনিই হবেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত।

শুল্কায়ন জটিলতায় বেনাপোলে আটকে আছে দুই লাখ ডিম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ২ লাখ ৩১ হাজার মুরগির ডিমবোঝাই একটি ট্রাক দুই দিন ধরে আটকে আছে। শুল্কায়ন জটিলতায় পণ্যের চালানটি আটকে আছে। এ জন্য বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন আমদানিকারক।

আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ডিম আমদানির ক্ষেত্রে শুল্কহার ৩৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করেছে অর্থ মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। কিন্তু কাস্টমস কর্মকর্তারা আমদানিকারককে আগের নিয়মে শুল্ক পরিশোধের জন্য বলেন। এদিকে ডিমের চালানটি আটকে থাকায় প্রতিদিন পাঁচ হাজার টাকা করে মাশুল গুনতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামান বলেন, ‘শুল্কায়নের জটিলতার বিষয়টি আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট বা কাস্টমসের কোনো কর্মকর্তা আমাকে জানাননি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নতুন গেজেট অনুয়ায়ী শুল্কায়ন করে চালানটি ছেড়ে দেব।’

বেনাপোল বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ অক্টোবর) রাতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম আমদানি করে ঢাকার হাইড্রোল্যান্ড সল্যুশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। গতকাল রোববার বন্দরের কার্গো শাখায় চালানের নথিপত্র জমা দেয় আমদানিকারক প্রতিষ্ঠান। কিন্তু বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ আগের ৩৩ শতাংশ হারে শুল্ক পরিশোধের জন্য লিখিত আদেশ দিলে আমদানিকারক শুল্কায়ন বন্ধ রাখেন। আমদানিকারক নতুন গেজেট অনুযায়ী শুল্ক পরিশোধের জন্য কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। যে কারণে শুল্কায়ন জটিলতায় পণ্যের চালানটি বন্দরে আটকে আছে।

আমদানিকারক সূত্রে জানা গেছে, শুল্কায়নসহ প্রতিটি ডিমের আমদানি মূল্য আগে পড়ত ৯ টাকা ৯৭ পয়সা। নতুন গেজেট অনুযায়ী, যার দাম পড়বে ৮ টাকা ৪৭ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে পরিবহন, শ্রমিক ও ওয়েস্টেজ (নষ্ট) বাবদ খরচ। সব মিলিয়ে প্রতিটি ডিম ঢাকায় পৌঁছাতে সাড়ে ১০ টাকা মতো খরচ হবে। প্রতিটি ডিমে ২০ থেকে ৩০ পয়সা মুনাফা যোগ করে তা পাইকারিতে বিক্রি করা হবে।

এদিকে বাজারে ডিমের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় কয়েক দিন আগে হঠাৎ করে ডিমের দাম অনেকটা বেড়ে যায়। ঢাকার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিমের দাম বেড়ে দাঁড়ায় ১৯০ থেকে ২০০ টাকা। যদিও শুক্রবার থেকে দাম কমতে শুরু করে।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি ২০২৩–২৪ অর্থবছরে ৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে পৌনে ১০ লাখ ডিম আমদানি হয়েছে। একটি প্রতিষ্ঠানই এসব ডিম আমদানি করেছে। এর বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনো ডিম আমদানি করেনি।

এদিকে আটকে থাকা ডিমের চালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ।

পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার অধীনে ‘নির্বাচনি ব্যবস্থার সংস্কারের’ লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন নানা প্রস্তাবনা উপস্থাপন করছে। বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির দিকে নজর দিচ্ছে অনেক রাজনৈতিক দল, যেমন- জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টি। তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই রয়েছে তারা। নির্বাচনি বিশ্লেষকরা মনে করছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে। তবে বিএনপির আপত্তির কারণে এ নতুন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। যদি সব রাজনৈতিক দল একমত হয়, তবে বাংলাদেশ ধীরে ধীরে আনুপাতিক ভোটিংয়ের দিকে এগোতে পারে।

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।

উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোন দল মোট প্রদত্ত ভোটের শতকরা ১০ শতাংশ পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের ১০ শতাংশ বা ৩০টি আসন পাবেন।

পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ‘কোনো দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে, নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে তা সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এ পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে।

কারণ হিসেবে তিনি বলছেন, ‘অনেক সময় খুব সামান্য পার্থক্য থাকলেও অনেক দল সংসদে একটি আসনও পায় না। কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন হলে তাতে নূন্যতম ভোট পেলে সব রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব থাকার সুযোগ রয়েছে সংসদে।

প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে পার্থক্য কী?

বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় ৩০০টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো।

ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট চারজন প্রার্থী চারটি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ।

এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনজন প্রার্থীই ২০ শতাংশ করে ভোট পেল। আর চতুর্থ প্রার্থী পেলো ২৫ শতাংশ ভোট।

বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থীই এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন। আর ওই তিনটি দলের ৬০ শতাংশ ভোট তেমন কোন কাজে আসছে না।

একই ভাবে সারাদেশের অন্তত ২৯০ আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র ২৫ শতাংশ ভোট নিয়ে তারা সরকার গঠনসহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে।

অথচ বাকি তিন দল মিলে ৬০ শতাংশ ভোট পেলেও তাদের কোন প্রতিনিধিত্ব থাকলো না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না।

নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এ পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংকে কাজে লাগিয়ে বা স্থানীয় ইমেজ কাজে লাগিয়ে কেউ জিতে সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে অনেক সময় মেজরিটি ভোটারে মতের প্রতিফলন হয় না।

আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে ভোটের আগে প্রতিটি দল ক্রম ভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রতিটি রাজনৈতিক দল তার প্রাপ্ত ভোটের হার অনুসারে আসন সংখ্যা পাবে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে ১০ থেকে ১৫ শতাংশ ভোট পেলেও সংসদে তাদের কোন প্রতিনিধিত্ব থাকে না আসনভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে। এই পদ্ধতিতে ভোট হলে সে সব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে।

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

তাইওয়ানের চারপাশে বৃহৎ আকারের সামরিক মহড়ার পর এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

গত সপ্তাহে তিনি এই আহ্বান জানান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর এএফপির।

পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। খবর চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির।

তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই আহ্বান সামনে এলো।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে, সেনাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, সেনাদের অবশ্যই তাদের কৌশলগত দক্ষতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে। চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে থাকে এবং সাম্প্রতিক বছরগুলোতে স্বশাসিত এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে।

চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলেছেন, তারা তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবেন না।

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, এটিকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

সূত্র: এনডিটিভি।

ইরাকে সৌদির এমবিসি চ্যানেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হিজবুল্লাহ এবং ইরাকের মোবিলাইজেশন ফোর্সকে সন্ত্রাসী আখ্যা দেয়ায়, গতকাল ইরাকের বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা চালিয়েছে শত শত মানুষ।

এ ঘটনার পর সৌদি আরবের মালিকানাধীন এমবিসি চ্যানেলের ইরাকে প্রদর্শনের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় শনিবার, সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে ৪শ’ থেকে ৫শ’ মানুষ হামলা চালায়।

এ সময় উত্তেজিত জনতা টেলিভিশন চ্যানেলের ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ভাঙচুর ও নষ্ট করে এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়।

ষোড়শ সংশোধনী: রিভিউ আবেদনের শুনানি চলছে

বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারলের শুনানি শেষ হলে শুনানি শুরু করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

১৯৭২ সালে মূল সংবিধানে বিচারপতি অপসারণ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিলো। ৭৫ সালে এই ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেয়া হয় রাষ্ট্রপতির কাছে। জিয়াউর রহমানের আমলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি। কাউন্সিলের মাধ্যমের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো।

২০১৪ সালে আবারো এ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঐ বছরই এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। হাইকোর্ট সেই সংশোধনী বেআইনি ঘোষণা করেন।

আওয়ামী লীগ সরকার আপিল করলেও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে পুনরুজ্জীবিত হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করে তখনকার সরকার। ঐ রিভিউ পিটিশন গত আট বছরেও শুনানির উদ্যোগ নেয়া হয়নি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চ আদালতের বেশ কয়েক জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠায় তার তদন্ত ও ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ ছিল না। ফলে রিভিউ নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রিভিউ নিষ্পত্তি হলেই বিচারপতি অপসারণের পথ উন্মুক্ত হবে বলে জানান আইনজ্ঞরা।

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে বার্সার পাশেই রিয়াল

স্প্যানিশ লা লিগায় এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গোলে ২-১ ব্যবধানে সেল্টা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৯ অক্টোবর) সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন সুইডিশ মিডফিল্ডার উইলিয়ট।

প্রতিপক্ষ রক্ষণভাগের ভুলের সুযোগে ম্যাচের ২০তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। নিজেদের সীমানায় সেল্টা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা। এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরে ষষ্ঠ গোল করেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে গোল হজম করে রিয়াল। ডান দিয়ে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ট।

ম্যাচের ৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে নামান আনচেলত্তি। মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে ফের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদ্রিচ। মাঝমাঠের কাছে বল পেয়ে অসাধারণ এক থ্রু পাস বাড়ান এ ক্রোয়েশিয়ান তারকা। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ভিনিসিয়ুস, গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়। খেলার শেষদিকে কিছুটা ভয় ছড়ালেও গোল দিতে ব্যর্থ হয় সেল্টা।

উল্লেখ্য, ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তালিকার দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টধারী বার্সেলোনার অবস্থান শীর্ষে।

১১ দিনের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ

টানা ১১ দিনের ছুটি শেষে আজ খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (২০ অক্টোবর) শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্ত ক্লাস ও একাডেমিক কার্যক্রম।

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) খোলে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নতুন পর্বে প্রবেশের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এই ঘোষণার রেশ না যেতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্রগোষ্ঠীটি।

কাতারভিত্তিক আল আরাবি টিভি জানিয়েছে, উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন দিয়ে গুলি ছুড়েছে হিজবুল্লাহ।

সামাজিকমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

এর আগে ৭ অক্টােবর গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে নেতানিয়াহু দাবি করেছিলেন, হিজবুল্লাহ বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তবে এই হামলা হিজবুল্লাহর সামর্থ্যের বড় প্রমাণ হিসেবে ভাবা হচ্ছে। কারণ হিজবুল্লাহ এর আগে ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবারই প্রথম তারা ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা করলো।

এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না: সামান্থা

বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থতার কথা নিজেই প্রকাশ্যে এনেছেন। ২০২২ সালে মায়োসাইটিস নামে এক রোগে আক্রান্ত হন তিনি। রোগ ধরা পড়ার পর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র শুটিং করছিলেন অভিনেত্রী। একদিন সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাকে কেউ হাসপাতালে নিয়ে যাওয়ারও ছিল না বলে জানান সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র কলাকুশলীদের নিয়ে এক সাক্ষাৎকারে সে কথা জানান অভিনেত্রী।

সামান্থা বলেন, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি যে, স্মৃতিভ্রম পর্যন্ত হয় তার। অভিনেত্রী বলেন, মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি সবার নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। মুহূর্তে সব যেন অচেনা লাগছিল। তিনি বলেন, এখন ভেবে দেখি— কেউ আমাকে একবারও হাসপাতালে পর্যন্ত নিয়ে যায়নি। এমনকি কেউ একবারও জিজ্ঞেসও করেননি আমাকে। হাসতে হাসতেই বলছিলেন সামান্থা।

সঙ্গে সঙ্গে ‘সিটাডেল’-এর লেখিকা সীতা মেনন বলেন, আমরা ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম। সামান্থা চিকিৎসকের নাম জানতে চান। উত্তরে সীতা বলেন, কনকাশনের জন্য তোমার কিছুই মনে ছিল না।

অভিনেত্রী রসিকতা করে বলেন, আমি তখন অচৈতন্য অবস্থায় পড়ি। তবে শুনতে পাচ্ছিলাম সবাই বলাবলি করছেন— একদিনের জন্যই এই শুটিং সেট নেওয়া হয়েছে। একদিনের মধ্যেই শুটিং শেষ করতে হবে। বিষয়টি মজা করে বললেও সামান্থা বলেন, শারীরিকভাবে সেই সময় ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি এ সিরিজ থেকে সরে যাওয়ার কথাও ভেবেছিলেন বলে জানান সামান্থা।

এ অভিনেত্রী বলেন, আমাকে ছাড়াই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম। ভেবেছিলাম, আমি কাজটা করতে পারব না। আমি নিশ্চিত ছিলাম, আমার দ্বারা হবে না। এমনকি অন্য কোনো অভিনেত্রীকে এই চরিত্রে নেওয়া যায়, সেটি নিয়েও আলোচনা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নির্মাতারা এই চরিত্র থেকে সামান্থাকে সরিয়ে দিতে রাজি হননি।