বুধবার, অক্টোবর ৭, ২০২৬

অগ্রিম টিকিটেই বাজিমাত আল্লু অর্জুনের পুষ্পা-২, বড় আয়ের আভাস

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পুষ্পা-২ মুক্তির আগেই বাজিমাত করেছে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়েই ঝুলিতে ৫০ কোটির ব্যবসা করেছে। ১০ লাখ টিকিট বিক্রিতে ‘পুষ্পা’ ঝড়ের শুরু ভারতজুড়ে। আবার এর মধ্যে ঘোষণা এসেছে আরও একটি সিক্যুয়েল আসছে।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, ‘পুষ্পা-২’ছবির তেলেগু টু ডি ভার্সন অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ১৭.১৬ কোটি রুপি। এবং হিন্দি ভার্সন অগ্রিম বুকিংয়ে তুলেছে ১২ কোটি রুপি। অন্যদিকে তামিল ভার্সনে ৮২.৪ লাখ এবং মালায়লাম ভার্সনে ১.২ কোটি রুপি অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে।

তবে চমক রয়েছে আরও। ‘পুষ্পা-২’ ছবির মুক্তির আগেই জানা গেল, খুব শিগগির আসবে ‘পুষ্পা-৩’। রেসুল পুকুট্টির একটি ছবি পোস্ট করার পরই এ খবর প্রকাশ্যে আসে। রেসুল যে ছবিটি পোস্ট করেছেন, তার ব্যাকগ্রাউন্ডেই স্পষ্ট হয়েছে ‘পুষ্পা-৩’-এর পোস্টার।

প্রসঙ্গত, ‘পুষ্পা-২’ বিশ্বের তিন হাজার স্থানে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা-২: দ্য রুল’, যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডেতেই কেজিএফ টু-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে।

৩ দিনের রিমান্ডে সাবেক কাউন্সিলর জামাল ও মহিলা লীগ নেতা রোকেয়া

পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে শাহবাগ থানার একটি মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়াও, পল্টন থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জানান, বার বার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। জামিন আসামির অধিকার। জামিন না দিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা সবাই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। তারা ছাত্র আন্দোলন দমাতে মাঠে ছিলো। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এতো মানুষ প্রাণ হারান। তাই তাদের জামিনের বিরোধিতা করা হয়েছে। আসামিদের হয়রানি করা লক্ষ্য নয়। হত্যার বিচার করাই বর্তমান সরকারের লক্ষ্য।

সাজেকে গোলাগুলি, ভ্রমণে বিধি নিষেধ দিয়েছে জেলা প্রশাসন

সাজেকে গোলাগুলির ঘটনায় পর্যকটরা ফিরতে পারেনি খাগড়াছড়ি। এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে বিধি নিষেধ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

খাগড়াছড়ি জীপগাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফত জানান, সকালে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গিয়েছে যাতে প্রায় ৪ শতাধিক পর্যটক রয়েছে।

তিনি জানান, দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকালে কোন পর্যটক গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি।

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেক ও মাচালং এর ৭নং ওয়ার্ডের শীপপাড়া নামক এলাকায় এই গোলাগুলিরর ঘটনা ঘটে। যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এই গোলাগুলির ঘটনার কারণে বিকালের প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। রাতে প্রায় ৫শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, এলাকা নিয়ন্ত্রণে বিগত কয়েকদিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমা জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফ দুই অঞ্চলিক দল দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া যায়। তবে এখনো হতাহতর কোন খবর পাওয়া যায়নি।

রাঙামটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে বিধি নিষেধ দেওয়া হয়ছে। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আছেন তাদের নিরাপদে আজ ফিরিয়ে আনা হবে।

ইরানের বিরুদ্ধে আবার বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আবার বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ৩৫ প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি— এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহণের জন্য ব্যবহৃত ছায়া বহরের অংশ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে— ১ অক্টোবর ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে দুই মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ছায়া বহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে।

ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য ইতোমধ্যেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না মার্কিনিরা।

অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যদি জ্বালানি যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্ব প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল হারাবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ।

সূত্র: আলজাজিরা

সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে

ইমারত হোসেন

জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকাল ৪টায়। পরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এর লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া।

অবশ্য এর আগেই মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির একদল উগ্রবাদী জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনও দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা আগে কখনও হয়নি।

এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল না।

এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে চিরচেনা ভিড় নেই, অনেকের মনে শঙ্কা-সংশয়

আজ মঙ্গলবার বেলা পৌনে একটা। যশোরের বেনাপোল ইমিগ্রেশন ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল প্রায় ফাঁকা। যাত্রীদের চিরচেনা উপচেপড়া ভিড় নেই। ইমিগ্রেশনে অধিকাংশ কাউন্টারের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে আছেন। শ্রমিকদের তেমন ব্যস্ততা নেই। অনেকটা শঙ্কা-সংশয় নিয়ে ভারত থেকে যাত্রীরা ফিরছেন।

ছোট একটা ব্যাগ নিয়ে ভারত থেকে ফেরেন হীরালাল দাস। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শহরের বাসিন্দা তিনি। বেনাপোলে ফিরে হীরালাল দাস বলেন, ‘গতকাল ভারতের পেট্রাপোল সীমান্তে ব্যাপক আন্দোলন হয়েছে শুনে কোনো কিছু কেনাকাটা না করেই ফিরে এসেছি। জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে দেবে কি না—এই আশঙ্কায় পরনের পোশাক ছাড়া ব্যাগে কিছুই নিয়ে আসিনি। ১০ দিন আগে কলকাতার বারাসাতে আত্মীয়বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যাওয়ার দিনে বেনাপোল বন্দরে উপচেপড়া ভিড় ছিল। ইমিগ্রেশন করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লেগেছিল। কিন্তু আজ মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পেট্রাপোল ও বেনাপোলে ইমিগ্রেশন শেষ হয়েছে। যাত্রীর চাপ একদমই নেই বললে চলে।’

সদলবল ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন পশ্চিমবঙ্গের বনগাঁ ঢাকাপাড়ার বাসিন্দা বুদ্ধদেব বাগচি। তাঁরা আজ বেনাপোল দিয়ে ভারতে ফিরে যাচ্ছেন। বুদ্ধদেব বাগচি বলেন, ‘কয়েক দিন আগে বাংলাদেশে আত্মীয়বাড়িতে বেড়াতে এসেছিলাম। তখন বন্দরে খুব ভিড় ছিল। আজ অনেক ফাঁকা দেখছি। কেন এত ফাঁকা, বুঝতে পারছি না।’

বেনাপোল বন্দরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় পেট্রাপোল শূন্যরেখার ওপারে গেটের সামনে দাঁড়িয়ে দলটির নেতা-কর্মীরা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেন। তখন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। যাত্রী গমনাগমন বন্ধ ছিল। এক ঘণ্টা পর তাঁরা বিক্ষোভ শেষ করলে আবার আমদানি-রপ্তানি ও যাত্রী গমনাগমন শুরু হয়। সেই আন্দোলনের প্রভাবে আজ যাত্রী গমনাগমন ও পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কিছুটা কমেছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আজ বেলা একটা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দেড় হাজার মানুষ যাতায়াত করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গেছেন ৭৭৫ জন এবং ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন ৭৬৯ জন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত যাত্রী আসা-যাওয়া হলেও মূলত বেলা দুইটা পর্যন্ত যাত্রীর চাপ বেশি থাকে। সে অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত আরও ৩০০ থেকে ৪০০ যাত্রী যাতায়াত করতে পারেন বলে পুলিশ জানায়। গতকাল দুই দেশের মধ্যে প্রায় চার হাজার যাত্রী যাতায়াত করেছেন। যদিও ৫ আগস্টের আগে এই সংখ্যা ছিল প্রতিদিন সাত থেকে আট হাজারের মতো।

জুলাই মাসের পর থেকে ভারত সরকার বাংলাদেশের জনগণের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে। এর পর থেকে যাত্রীর সংখ্যা কমতে শুরু করে। ১৫ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ মানুষের ভিসার মেয়াদ রয়েছে। এর পর থেকে দুই দেশের মধ্যে গমনাগমন আরও কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত কমে যাওয়ার কারণ জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশ বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যাত্রী কমতে পারে। তা ছাড়া ১৫ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ যাত্রীর ভারতীয় ভিসার মেয়াদ রয়েছে। এখন থেকে প্রতিদিনই একটু একটু করে সংখ্যা কমতে থাকবে।’

৬০০ ট্রাক পণ্য বাংলাদেশের প্রবেশের অপেক্ষায়
পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়েছে। বেলা দুইটা পর্যন্ত বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোলে পণ্য নিয়ে ৬০০টি ট্রাক দাঁড়িয়ে আছে।
বেনাপোল আমদানি-রপ্তানি স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি কমে গেছে। তবে পেট্রাপোলে আন্দোলনের তেমন প্রভাব পড়েনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের ওপারে পণ্যবোঝাই ৬০০টি ট্রাক দাঁড়িয়ে আছে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটা পর্যন্ত ভারত থেকে ১০৫ ট্রাক পণ্য আমদানি ও ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। যেখানে গতকাল আমদানি হয় ২৪৩ ট্রাক ও রপ্তানি হয় ২০১ ট্রাক পণ্য।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির বলেন, ‘দুপুরের পর থেকে রাত আটটা পর্যন্ত আমদানি-রপ্তানি পণ্যের ট্রাক বেশি যাতায়াত করে। দুপুর পর্যন্ত চিত্র দেখে এই চিত্র বোঝা যাবে না। তবে আমদানি-রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি বলে মনে হচ্ছে।’

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

গতকাল সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ওই হামলা হয়। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর নিন্দনীয় ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ঘটনায় জড়িত সাতজনকে আটক এবং নির্লিপ্ততার জন্য পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। স্মরণ করা যায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ওই ক্ষোভ-বিক্ষোভের জন্ম। এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবাদ জানাতে বাংলাদেশের সুতারকান্দি স্থলসীমান্ত দিয়ে উগ্র প্রতিবাদকারীরা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার মধ্যেই আগরতলায় হামলার ঘটনা ঘটে।

জাতীয় ঐক্য নিয়ে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ইমারত হোসেন

জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বসবেন তিনি। আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এর পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ হাইকমিশনে হামলা ও অবমাননাকর বক্তব্যের নিন্দা প্রতিবাদ

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতের হিন্দু সংঘ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, উচ্ছৃঙ্খল মবটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সহিংস ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত অবস্থান উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। বিগত ২৮ নভেম্বরে কলকাতায়ও একই ধরণের সহিংস ঘটনা ঘটেছে, যা একটি বিপজ্জনক পরম্পরা হিসেবে আবির্ভূত হয়েছে।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতীয় রাজনৈতিক নেতাদের দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় ভারতে অবস্থানরত বাংলাদেশী কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা প্রদান, আজকের ঘটনার যথাযথ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকার ও রাজনীতিকদের প্রতি আহবান জানান।

যে কাজ সমাজ–জীবনে বিপর্যয় সৃষ্টি করে

সুরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সুরা। হুজুরাত মানে অন্দরমহল। সুরাটি মদিনায় অবতীর্ণ। এর ২ রুকু, ১৮ আয়াত। এই সুরার তিন অংশ: ১. রাসুলের সঙ্গে বিশ্বাসীদের ব্যবহার, ২. মুমিনদের বৈশিষ্ট্য, এবং ৩. আল্লাহর রাসুল (সা.)–কে প্রকৃত মর্যাদা প্রদান।

সুরাটির প্রথম অংশে রাসুলের প্রতি মুমিনদের আচরণ কেমন হওয়া উচিত এবং না করলে তার দুর্ভাগ্যজনক পরিণামের বর্ণনা করা হয়েছে। আবার রাসুলের প্রতি যথাযোগ্য আচরণের সুফলের বর্ণনাও এতে করা হয়েছে।

সুরার দ্বিতীয় অংশে মুমিনদের বৈশিষ্ট্য এবং অন্য মুমিন ও মানুষের সঙ্গে মুমিনদের আচরণ, আর তা না করার পরিণাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

তৃতীয় অংশে এসে সুরাটি পরিণতিতে পোঁছেছে। আল্লাহর রাসুল (সা.)–কে প্রকৃত মর্যাদা দিয়ে আর তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করে মুমিনদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আল্লাহর পুরস্কারের কথা এসেছে। সুরাটি শেষ হয়েছে আল্লাহর মহত্ব প্রকাশ করে।