বুধবার, অক্টোবর ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে বরখাস্ত প্রায় ১০ হাজার কর্মী

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের মার্কিন আমলাতন্ত্রকে নতুনভাবে সাজিয়ে তলছে। কিন্তু এই পদেক্ষেপ নেওয়ার কারণে চাকরি হারাচ্ছে বহু মানুষ। এখন পর্যন্ত ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৯ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের তালিকায় মূলত সেসব কর্মীরাই রয়েছেন যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম।
রয়টার্স এবং অন্যান্য প্রধান মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মীবাহিনীর প্রায় ৩ শতাংশ।

ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে এবং প্রচুর অর্থ অপচয় ও জালিয়াতির জন্য নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।

কিন্তু কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন। এমনকি কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণকারী তার সহকর্মী রিপাবলিকানরা মূলত এই পদক্ষেপগুলোকে সমর্থন করেছেন।

সূত্র রয়টার্সকে জানিয়েছে, মাস্কের প্রচেষ্টার গতি এবং প্রশস্ততা সমন্বয়ের অভাবের কারণে ট্রাম্পের কিছু সহযোগীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যার মধ্যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসও রয়েছেন।

চাকরি থেকে কর্মিদের বরখাস্তের পাশাপাশি, ট্রাম্প এবং মাস্ক কর্মীদের জন্য সিভিল-সার্ভিস সুরক্ষা বন্ধ করার চেষ্টা করেছেন।
বেশিরভাগ মার্কিন বিদেশি সাহায্য স্থগিত করেছেন এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো সিএফপিবির মতো কিছু সরকারি সংস্থা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করার চেষ্টা করেছেন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রায় অর্ধেক প্রবেশনারি কর্মীকে জোরপূর্বক ছাঁটাই করা হচ্ছে, এই ছাঁটাইয়ের সঙ্গে পরিচিত সূত্র রয়টার্সকে জানিয়েছে।

পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা শুক্রবার জানিয়েছেন, মার্কিন বন পরিষেবা প্রায় ৩ হাজার ৪০০ জন সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত কর্মীকে ছাঁটাই করছে। অন্যদিকে জাতীয় উদ্যান পরিষেবা প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করছে।

বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি জানিয়েছেন, কর-সংগ্রহকারী অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা আগামী সপ্তাহে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে।
অন্যান্য ব্যয় হ্রাসও উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ এমন পদক্ষেপে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার এক মাস পরেও ফেডারেল সংস্থা ও কর্মসূচির আওতায় ঋতুকালীন
ফায়ার ফাইটার নিয়োগ বন্ধ করে দিয়েছে। এমনকি অগ্নি ঝুঁকি কমানোর জন্য বন থেকে মৃত গাছ অপসারণের কাজও বন্ধ।

সমালোচকরা ইলন মাস্কের এই কঠোর কৌশলের ব্যাপক সমালোচনা করছেন। বরখাস্ত হওয়া ফেডারেল কর্মচারীরা হতাশ হয়েছে। সেনাবাহিনীতে এবং প্রতিরক্ষা বিভাগে মোট ১৭ বছর কাজ করার পর ইউএসডিএর ইকোনমিক রিসার্চ সার্ভিসে যোগ দিয়েছিলেন নিক গিওয়া। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য অনেক কিছু করেছি এবং একজন ভেটেরান হিসেবে আমি মনে করি আমার দেশ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে!’

জ্বালানি বিভাগের ১ হাজার ২০০ থেকে ২ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছিল, যাদের মধ্যে ৩২৫ জন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তবে এই বরখাস্তের আদেশ ‘আংশিক প্রত্যাহার’ করা হয়েছে।

তবে শিগগিরই তালিকায় হাজারের অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারনাল রেভিন্যু সার্ভিস (আইআরএস) গতকাল শুক্রবার জানিয়েছে, সামনের সপ্তাহেই ১ হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে। আইআরএস যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সরকারি দপ্তর।

সূত্র: রয়টার্স

মেট্রোরেলে একদিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের রেকর্ড

একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন করে রেকর্ড করেছে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ডিএমটিসিএল পরিবার আনন্দের সাথে ঘোষণা করছে যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রী সেবায় প্রথমবারের মতো ৪ লক্ষ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদেরকে মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩ লাখ ৮২ হাজার যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে বলে সম্প্রতি জানিয়েছিলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি জানান, তাদের টার্গেট প্রতিদিন সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহন করা। টঙ্গী পর্যন্ত চালু হলে যাত্রী আরও বাড়বে বলেও জানান তিনি।

বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহন করছে।

ভারতীয় ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র

আমেরিকার ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরো জটিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ব্যাবসায়িক প্রয়োজনে যাওয়ার জন্য বি১ ভিসা প্রয়োজন হয় আর ঘুরতে যাওয়ার সময় লাগে বি২ ভিসা।
পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসার প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়।

এই ভিসা নবায়নের সময়সীমা এখন ১২ মাস করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। ২০২২ সালের নভেম্বরে ভারতে বি১, বি২ ভিসার আবেদন করলে অপেক্ষা করতে হতো ৯৯৯ দিন।
এরপর বি১, বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। দিল্লি এবং মুম্বাইয়ে এখন এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন, কলকাতায় ৪১৫ দিন।

এবার নবায়নের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীর ভিড় আরো বৃদ্ধি পাবে।
যারা আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়নের আবেদন করেছিলেন, তারা এখন এক বছরের মধ্যে নবায়নের জন্য বাধ্য হবেন। ফলে ইন্টারভিউয়ের তারিখ পেতে আরো সমস্যা হবে। আরো বেশিদিন অপেক্ষা করতে হবে।

‘স্বর্ণভালুক’ হাতে গাজার প্রসঙ্গ তুললেন টিলডা সুইনটন

পর্দা উঠছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এ মর্যাদাপূর্ন উৎসব। ১৫০টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। এ আসরে ‌‘স্বর্ণভালুক’ পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মানসূচক ‘স্বর্ণভালুক’ প্রদাণ করা হয় ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটনকে।

বৃহস্পতিবার রাতে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানসূচক ‘স্বর্ণভালুক’ পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। পুরস্কার গ্রহণের সময় অভিনেত্রীর মুখে উঠে আসে গাজা প্রসঙ্গ। নাম উল্লেখ না করেই গাজার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের কড়া সমালোচনা করেন ৬৪ বছর বয়সী এ অভিনেত্রী।
টিলডা বলেন, ‘রাষ্ট্রীয় মদদে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গণহত্যা আমাদের দেখতে হচ্ছে।’

সম্প্রতি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশ মিসর ও জর্ডানে পাঠাতে চান। মনে করা হচ্ছে, বার্লিনে সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন টিলডা। এ ছাড়া বিশ্বজনীন উৎসবে পরিণত হওয়ার জন্য বার্লিনের প্রশংসা করেন অভিনেত্রী।

আলোচিত জার্মান নির্মাতা টম টাইকওয়ার পরিচালিত ‘দ্য লাইট’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। ‘রান লোলা রান’, ‘হেভেন’, ‘পারফিউম: দ্য স্টোরি অব আ মার্ডারার’ ইত্যাদি আলোচিত সিনেমা বানিয়েছেন টম। ‘ব্যাবিলন বার্লিন’-এর মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার টম বানিয়েছেন ‘দ্য লাইট’। জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
১৬২ মিনিটের ‘দ্য লাইট’ দিয়েই শুরু হলো ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবার মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ। এবারের উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসেবে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানোরামা বিভাগের বিচারক থাকবেন তিনি। এ ছাড়া উৎসবের বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ভারতীয় সিনেমা ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’)। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পাওয়া বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা তনুশ্রী দাস ও সৌম্যানন্দা সাহী। বার্লিন উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।

এবার ডিআর কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুতে পৌঁছেছে বিদ্রোহীরা

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বে অবস্থিত এম২৩ বিদ্রোহীরা পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভুতে প্রবেশ করেছে।
এম২৩ বিদ্রোহীদের অন্তর্ভুক্ত কঙ্গো নদী জোটের নেতা কর্নেইল নাঙ্গা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিদ্রোহীরা শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানীতে প্রবেশ করেছে এবং আজ শনিবারও তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও রুয়ান্ডা সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের অগ্রগতি ঘটেছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

গত মাসে প্রতিবেশী রুয়ান্ডার সমর্থিত তুতসি নেতৃত্বাধীন এম২৩ খনিজসমৃদ্ধ পূর্বের প্রধান শহর গোমা দখল করে। কঙ্গো সরকার রুয়ান্ডার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা তাদের সম্পদ থেকে সুবিধা নেওয়ার জন্য এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে রুয়ান্ডা তা অস্বীকার করেছে।

২০১২ সালে এম২৩ পূর্ববর্তী সংঘাতে গোমা সংক্ষিপ্তভাবে দখল করেছিল, কিন্তু দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দখল এই অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসে একটি নতুন পর্ব।
রুয়ান্ডার সীমান্তবর্তী এই শহরটি কিভু হ্রদের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং স্থানীয় খনিজ বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।

কিন্তু দক্ষিণ কিভুর ডেপুটি গভর্নর জিন এলেকানো বিবিসিকে জানিয়েছেন, বুকাভুর উপকণ্ঠে তীব্র সংঘর্ষ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আরো উত্তরে অবস্থিত মায়বা গ্রামে একটি গির্জায় ৭০টি মৃতদেহ পাওয়া গেছে।

উত্তর কিভুর স্থানীয় কমিউনিটি কো-অর্ডিনেটর ভিয়ান্নে ভিটসওয়াম্বা ডিআর কঙ্গো সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃতদেহগুলো বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের দোষ দেওয়া হয়েছে, তবে বিবিসি এই প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি।

বিবিসি বুকাভুর বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি রুয়ান্ডার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সহযোগিতায় বিদেশি স্বার্থের জন্য আমাদের কৌশলগত সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, তা আমরা আর সহ্য করব না।’ বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা।
তবে দেশটির পূর্ব ডিআর কঙ্গোতে নিজস্ব সেনা রয়েছে বলেও জানা গেছে। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে বলেছেন, তার দেশের অগ্রাধিকার হলো নিরাপত্তা।

সূত্র : বিবিসি

আজ আরো ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আমেরিকা থেকে দ্বিতীয় দফায় ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে আসছে মার্কিন বিমান। শনিবার রাতে তা অমৃতসরে নামার কথা রয়েছে। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল ১০৪ জনকে।

তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
তার অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকাফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন।

শনিবার রাত ১০টা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে নামার কথা আমেরিকার বিমানের।
ওই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া গুজরাটের আটজন, উত্তরপ্রদেশের তিনজন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরো একটি বিমানের ভারতে আসার কথা।
তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনো জানায়নি আমেরিকা।

ডিসি সম্মেলন শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এ দিন সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হবে এ সম্মেলন। আজ শনিবার সচিবালয়ে এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ মোট ৩৪টি কার্য ও অধিবেশন থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন।
ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠ পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।

উল্লেখ্য, সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব মিলিয়ে থাকছে ৩৪টি কার্য-অধিবেশন।

ঈদে আসছে অপূর্ব-ফারিণের হাউ সুইট

নাটকের মতো ওটিটি মাধ্যমেও সফল কাজল আরেফিন অমি। ইউটিউবে যেমন ঝড় তুলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’সহ বিভিন্ন নাটক দিয়ে তেমনই ‘হোটেল রিল্যাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ দিয়ে কাঁপিয়েছেন ওটিটি। এরপর অমি ঘোষণা দেন তার নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুখ অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

জানা গিয়েছিল, ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম বঙ্গে ছবিটি মুক্তি পাবে। তবে ১২ ফেব্রুয়ারি অমি জানালেন, ভালোবাসা দিবসে নয়, ঈদে মুক্তি পাবে ‘হাউ সুইট’।

সামাজিক মাধ্যম ফেসবুকে অমি লিখেছেন, ‘সবাইকে দারুণ একটি অভিজ্ঞতা উপহার দিতে আমরা ঈদুল ফিতরে ‘হাউ সুইট’ মুক্তি দিচ্ছি। ওয়েব ফিল্মটি নির্মাণে কিছুটা বেশি সময় লেগেছে।
তবে এই সময়ে আমাদের সঙ্গে থাকায় আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নির্মাতা জানিয়েছেন, ‘হাউ সুইটে’র পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় একটু বেশি সময় লাগছে।

আজ মুক্তি পাবে ইসরায়েলি তিন জিম্মি ও ৩৬৯ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ শনিবার আরো তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। এর বদলে দখলদার ইসরায়েল ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। খবর আলজাজিরার।

মুক্তিপ্রাপ্ত জিমিরা হলেন— আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ।
এদের সবাই-ই পুরুষ।

গত সপ্তাহে হঠাৎ করে এই জিম্মিদের মুক্তি স্থগিত ঘোষণা করেছিল হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে।

হামাস ওই সময় জানায়, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না ভারী সরঞ্জাম।
যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। এ ছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও ইসরায়েল বাধা প্রদান করছিল বলে জানায় হামাস। তারা জিম্মি মুক্তি স্থগিত করায় ওই সময় যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, শনিবার জিম্মিদের মুক্তি না দেওয়া হলে এদিন থেকেই গাজায় আবার তীব্র হামলা চালানো শুরু করবেন তারা।
যদিও তাদের চুক্তি ভঙ্গের কারণেই হামাস ওই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় হামাস আবারও জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়।

শেষ মুহূর্তে পুড়ল সিয়ার্সের কপালও

সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ক্রিকেটারদের চোটের মিছিল বাড়ছে। ইতিমধ্যেই চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বড় বড় তারকারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এবার সেই মিছিল দীর্ঘ করলেন বেন সিয়ার্স।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্ট শুরু না হতেই শেষ হয়েছে সিয়ার্সের।
তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা বেনের মনের অবস্থা বুঝতে পারছি। একদম শেষ মুহূর্তে মেজর টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা ভীষণ কষ্টের। প্রথম আইসিসি ইভেন্ট হওয়ায় বেনের জন্য এটা আরো কষ্টের।
সিয়ার্সের কপাল পোড়ায় চ্যাম্পিয়ন ট্রফির দরজা খুলেছে জ্যাকব ডাফির। তার বদলে দলে জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার। ২৭ বছর বয়সী পেসার ছিটকে গেলেও রাচিন রবীন্দ্রর বিষয়ে সুসংবাদ পেয়েছে কিউইরা। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে কপালে আঘাত পাওয়া বাঁহাতি অলরাউন্ডার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।
তবে পুরোপুরি এখনো সুস্থ হননি। কিউইরা আশা করছে, কনকাশন পরীক্ষায় পাস করে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন তিনি।

এর আগে চোটের কারণে বাদ পড়েছেন- জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, মিচেল মার্শ, জ্যাকব বেথেল, সাইম আইয়ুবের মতো তারকা ক্রিকেটাররা। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে সিয়ার্সেরই দল নিউজিল্যান্ড।