বুধবার, অক্টোবর ৭, ২০২৬

সিনেমার লোভে নিজের শিকড় ভুলে গিয়েছেন রাশমিকা, অভিনেত্রীকে কটাক্ষ!

‘পুষ্পা’ মুক্তির পর ভারতের জাতীয় ক্রাশ বনে গেছেন রাশমিকা মান্দানা। দক্ষিণী সুন্দরীর কোথায় জন্ম, কোথায় পড়েছেন সবকিছুই অনুরাগীদের নখদর্পণে। রাশমিকা কর্ণাটকের বিরাজপেটের ভূমিকন্যা। তবে বড় হয়েছেন কুর্গে।
কন্নড় সিনে ইন্ডাস্ট্রির হাত ধরে অভিনয় জগতে পা রাখলেও তেলুগু বিনোদন দুনিয়ার সুবাদেই খ্যাতি লাভ করেন তিনি।

তার পর থেকে বিগত বছর খানেক ধরেই তার কন্নড় অনুরাগীদের অভিযোগ, তিনি নাকি ‘নিজের শিকড় ভুলে গিয়েছেন’। সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’র এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বললেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার নিজভূমের ভক্তরা। অতঃপর অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে বলতে শোনা যায়, “আমি তো আসলে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।”

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে ভরিয়ে দেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের।
যার জেরে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।

রাশমিকার উদ্দেশে তাদের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’, কারও রাগ, ‘কতটা স্বার্থান্বেষী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়!’ এমন নানা মন্তব্যের ভিড়ে সরগরম নেটপাড়া। রাশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি। তবে তার মন্তব্যে কন্নড়ে নিন্দার ঝড়।

প্রসঙ্গত, নিন্দুকরা যতই বলুক রাশমিকা কিন্তু তার জন্মভূমি কিংবা প্রাদেশিক সংস্কৃতি ভুলে যাননি।
বরং শিকড়ের টানেই তাকে একাধিকবার কোদাভা শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।

বর্তমানে ‘ছাবা’ সাফল্যে মাতোয়ারা দক্ষিণী সুন্দরী। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক থেকে দর্শকরা। এমন আবহেই শুধুমাত্র একটা মন্তব্যের জেরে এবার বিতর্কে জড়ালেন রাশমিকা।

করের আওতায় আসছেন গ্রামাঞ্চলের ব্যবসায়ী-চিকিৎসক-আইনজীবীরা

জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের যেসব ব্যবসায়ী ও চিকিৎসক পর্যাপ্ত আয় করেন তাঁদের করের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের যেসব ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু ট্যাক্স দেন না সেসব ব্যবসায়ী ও চিকিৎসকদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজ ডিসিরাই উত্থাপন করেছেন গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা অনেক আয় করেন।
তখন এনবিআর এ বিষয়টি নিয়ে ড্রাইভ দিতে বলেছে। আমাদের ট্যাক্সের আওতা না বাড়ালে তো হবে না। এমনিতেই তো দাবি থাকে ভ্যাট কমান-ট্যাক্স কমান। সুতরাং ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রেখে ট্যাক্স গ্রহণের পরিধিটা বাড়ানোর বিষয় নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ট্যাক্স নেটটা বাড়িয়ে রাজস্ব আরও বিস্তৃত করতে পারি। মোটকথা জোর করে করের পরিমাণ না বাড়িয়ে ট্যাক্সের নেট বাড়ানো হবে। আমাদের শিল্প প্রতিষ্ঠান আছে ৫০ থেকে ৬০ লাখ কিন্তু কর দেয় মাত্র পাঁচ লাখ।

তিনি আরো বলেন, দেশের চিকিৎসক-আইনজীবীরা সরাসরি ক্যাশ ট্রানজেকশন করেন।
এ কারণে তাদেরকে করের আওতায় আনা যায় না। চিকিৎসক এবং আইনজীবীদের ফি রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাফটা পুরস্কার উঠল যাদের হাতে

ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’। এ বছর বাফটার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এ বছর বাফটায় আলোচিত ‘দ্য ব্রুটালিস্ট’কে হারিয়ে সেরার শিরোপা ঘরে তুলেছে সিনেমাটি।

ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দ্য ব্রুটালিস্টের জন্য সেরা প্রধান অভিনেতার পুরস্কার ের সাথে অ্যাড্রিয়েন ব্রডি।
বাফটা আওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ সিনেমায় অসাধারণ অভিনয় করে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। এই সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন মাইকি।

বাফটায় এ বছর ‘এমিলিয়া পেরেজ’-এর জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা।
সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন কেরেন চালকিন। ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য এ পুরস্কার জেতেন তিনি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ব্র্যাডি করবেট। এমিলিয়া পেরেজের জন্য সেরা নন-ইংরেজি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যাক অডিয়ার্ড।

সেরা রাইজিং স্টার পুরস্কার জয় করেছেন ডেভিড জনসন। বাফটা ফেলোশিপ পুরস্কার দেওয়া হয়েছে ওয়ারউইক ডেভিসকে। এছাড়াও প্রায় ২৬টি ক্যাটাগরিতে বছরের সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার ।

এই বছরের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে লন্ডনের সাউথব্যাঙ্ক সেন্টারের রয়্যাল ফেস্টিভাল হলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডেভিড টেন্যান্ট।

ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো টি-শার্ট পোড়ালেন ফিলিস্তিনিরা

ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া টি-শার্ট পুড়িয়ে ফেলেছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। মুক্তি দেওয়ার আগে তাদের এসব টি-শার্ট পরিয়ে দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্টার অফ ডেভিড লোগো এবং আরবি ভাষায় ‘আমরা ভুলব না বা ক্ষমা করব না’ লেখা শার্ট পরতে বাধ্য করায় ইসরায়েলের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এটিকে ‘বর্ণবাদী অপরাধ’ বলে নিন্দা করা হয়েছে।

বন্দি বিনিময় প্রক্রিয়া পরিচালনাকারী আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সব পক্ষকে ‘সম্মানজনক’ বন্দি মুক্তির আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ভবিষ্যতে এই ধরনের বিনিময় আরো ভালোভাবে পরিচালনার জন্য সব পক্ষ, বিশেষ করে মধ্যস্থতাকারীদের পদক্ষেপ নেওয়া দরকার।’

কয়েকদিন ধরে টানা উত্তেজনাপূর্ণ আলোচনার পর গত শনিবার গাজায় তিন বন্দির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে ইসরায়েলের প্রিজন সার্ভিস বন্দিদের জোর করে এসব টি-শার্ট পরিয়ে ছবি প্রকাশ করে। ফিলিস্তিনিদের যখন ফেরত পাঠানো হচ্ছিল তখন তাদের মধ্যে কয়েকজন টি-শার্টে লেখা বার্তা ঢেকে রাখার চেষ্টা করেন।
জোর করে টি-শার্ট পরানোয় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আমাদের বীর বন্দিদের পিঠে বর্ণবাদী স্লোগান দেওয়া এবং তাদের সাথে নিষ্ঠুরতা ও সহিংস আচরণের মতো অপরাধের নিন্দা জানাই। এটা মানবিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ধারণ করা ফুটেজে দেখা যায়, গাজার খান ইউনিসে অবস্থিত ইউরোপিয়ান গাজা হাসপাতালে পৌঁছানোর পর কয়েকজন ফিলিস্তিনি তাদের ওই টি-শার্টগুলো আগুনে পুড়িয়ে দেন।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলেও এই ইউনিফর্ম নিয়ে সমালোচনা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের রাজনৈতিক মহল এই সিদ্ধান্ত সম্পর্কে আগে জানত না।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহামাদ এলমাসরি আল জাজিরাকে বলেন, এটি ফিলিস্তিনিদের ‘অমানবিকীকরণের’ আরেকটি কৌশল।

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত ২৪ জন ইসরায়েলি বন্দি এবং ৯৮৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা।

প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা, অমিতাভের জামাতার নামে মামলা

বচ্চন পরিবারের অশান্তি যেন থামছেই না। বেশ কয়েকমাস ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক জীবনের অস্থিরতা চলছে বলেই খবর রয়েছে মিডিয়ায়। এবার বচ্চন পরিবারের উপর আছড়ে পড়ল নতুন ঝড়! অমিতাভ বচ্চনের মেয়ের জামাই অর্থাৎ শ্বেতার স্বামী নিখিলের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। শুধু তাই নয়, তিনি আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ইটিভি ভারতের প্রতিবেদন অনুসারে, উত্তরপ্রদেশের বাদাউন জেলার দাতাগুঞ্জ থানার পুলিশ নিখিল ও ট্রাক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। আর আদালতের নির্দেশেই মামলা নথিভুক্ত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এই কেসটি দায়ের করা হয়েছে কোর্টের নির্দেশ সহ যেখানে নাম আছে এই কোম্পানির সিএমডি নিখিল নন্দা, কম্পানির ইউপির হেড , এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার, সহ আরও ৪ কর্তার নামে।
সেই অভিযোগে জানানো হয়েছে, এরা মিলে নাকি একজন ট্র্যাক্টর এজেন্সির মালিক জিতেন্দ্র সিংকে আত্মহত্যার প্ররোচনা এবং উস্কানি দিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, পাপড় হামজাপুর গ্রামের বাসিন্দা জীতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র সিং এই অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে জীতেন্দ্র ও তাঁর সহকারী লাল্লা বাবু ট্রাক্টর এজেন্সি সামলাতেন। কিন্তু, পার্টনারের জেল হওয়ার দরুণ পরে একটাই ব্যবসাটি দেখছিলেন।
সেই সময় নিখিল নন্দা ও তাঁর সংস্থার বেশ কিছু কর্মী তাঁকে সেলস বাড়ানোর জন্য চাপ দিতে থাকেন। ডিলারশিপ বাতিলের হুমকি পর্যন্ত দিতেন। সেলসের টার্গেট পূরণ করতে না পারলে বাড়ি-ঘর নিলামে তোলার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে জীবনের সেই হতাশা শেয়ার করতেন জীতেন্দ্র। ২০২৪ সালের ২১ নভেম্বর ফের তাঁর উপর চাপ বাড়ানো হয়।
ঠিক তার পরদিন অর্থাৎ ২২ নভেম্বর আত্মহত্যা করেন ওই ব্যক্তি। জীতেন্দ্রর পরিবারের দাবি, পুলিশ কোনও সাহায্য করেনি। আদালত নির্দেশ দেওয়ার পরই মামলা দায়ের হল।

এদিকে, মৃতের বাবা জানিয়েছেন যে তাঁরা জানতেন না নিখিল নন্দার জড়িত থাকার কথা। তবে তাঁরও দাবি এই কোম্পানির লোকজনই তাঁর ছেলেকে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরি: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব তাড়াতাড়ি বৈঠকে বসবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কিনা? ট্রাম্প জানিয়েছেন, ‘কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে থুব তাড়াতাড়ি বৈাঠক হবে।’

ট্রাম্প বলেছেন, তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালাচ্ছে।
ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয়, পুতিন যুদ্ধ থামাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান।’

রাশিয়ার একটি সংবাদপত্র সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের রিয়াধে আলোচনা শুরু হবে। সেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাসকবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে যাচ্ছেন।

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুদ্ধবিরতির পর তিনি ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজি। ব্রিটেন ও ইউরোপের সুরক্ষার জন্যই তিনি এই কাজ করতে চান।

তিনি দ্য ডেইলি টেলিগ্রাফে লিখেছেন, ‘ইউক্রেনের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা ও দেশের নিরাপত্তার স্বার্থে তিনি যে কোনো ভূমিকা পালন করতে তৈরি।
’ সোমবার প্যারিসে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন স্টারমার।

তিনি বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করবেন। তিনি জানিয়েছেন, ইউরোপের নিরাপত্তার জন্য আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার একটা অভিনব দায়িত্ব যুক্তরাজ্যের আছে।

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

আগামী দুই মাস ৩০ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে। ৫০ লাখ পরিবার প্রতি কেজি ৩০ টাকা দরে ১৫ কেজি করে এই চাল পাবে।

সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির মাধ্যমে আরো ৫০ লাখ টন করে দুই মাসে চাল দেওয়া হবে। আরো এক লাখ টন যাবে ওএমএসের মাধ্যমে। এ ছাড়া ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে। এমন আরো কিছু কার্যক্রম রয়েছে।

উপদেষ্টা বলেন, এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে। কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা হবে জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। আরো নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি। আমরাও লোকজনকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। আশা করছি সেদিন বেশি দূরে নয়, যেদিন সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে।

ই-নামজারির পেন্ডিং আবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলমান। প্রতিনিয়ত আবেদন পড়ছে। বিষয়টি হলো সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কি না, আশা করছি সেটা ১০ মার্চের আগেই হয়ে যাবে।

এ সময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালে ভর্তি শাকিরা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। পাকস্থলির জটিলতা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী এ পপ তারকা।

রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন শাকিরা। অসুস্থতার কারণে রবিবার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে।

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান শাকিরা। রবিবার সকালে এক পোস্টে তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।’

শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই।
চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।

তবে যতই স্বাস্থ্য খারাপ হোক, হাসপাতালে চিকিৎসাধীন থাকুন না কেন, শাকিরা জানিয়েছেন যে তিনি শীগগিরই স্টেজে ফিরবেন। আশা করছেন যে সোমবারের (১৭ ফেব্রুয়ারি) মধ্যেই তিনি ছাড়া পেয়ে যাবেন।
তারপর আবার তিনি তাঁর এই সুরেলা সফর শুরু করে দেবেন। যদিও সবটা ঠিক থাকে তাহলে পুনর্নির্ধারিত সময়ই পেরুতে পারফর্ম করবেন। তারপর কলম্বিয়ায় যাবেন তাঁর পরবর্তী একাধিক শোয়ের জন্য।

প্রধান উপদেষ্টার পোস্টে ইলন মাস্কের কমেন্ট, যা বললেন

সম্প্রতি শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।এবার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামন্ডল স্টারলিংকের প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সেই পোস্টের মন্তব্য করেছেন স্টারলিংকের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মাস্ক।

শনিবার এক্স পোস্টে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, মি. ইলম মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।

সেই পোস্টের কিছুক্ষণ পরেই ড. ইউনূসকে উত্তর দেন ইলম মাস্ক।
মন্তব্যের ঘরে তিনি লেখেন, আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।

শনিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ড. মুহাম্মদ ইউনূসের পোস্ট ও ইলন মাস্কের কমেন্টের একটি স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন।

সাময়িক বরখাস্ত হলেন কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার

কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে (সাবেক পুলিশ সুপার কুষ্টিয়া) কুষ্টিয়া সদর থানার মামলায় গত ২৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়।
একই দিন আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (২) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।